📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ কোন সম্প্রদায়ের সাথে সাক্ষাত করতে গিয়ে তাদের সাথে তার আহার গ্রহণ

📄 কেউ কোন সম্প্রদায়ের সাথে সাক্ষাত করতে গিয়ে তাদের সাথে তার আহার গ্রহণ


১৬০ - بَابُ مَنْ زَارَ قَوْمًا فَطَعِمَ عِنْدَهُمْ
১৬০-অনুচ্ছেদ: কেউ কোন সম্প্রদায়ের সাথে সাক্ষাত করতে গিয়ে তাদের সাথে তার আহার গ্রহণ।
৩৪৭- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ زَارَ أَهْلَ بَيْتٍ مِّنَ الْأَنْصَارِ فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا فَلَمَّا خَرَجَ أَمَرَ بِمَكَانٍ مِّنَ الْبَيْتِ فَنَضَحَ لَهُ عَلَي بِسَاطِ فَصَلُّي عَلَيْهِ وَدَعَا لَهُمْ.
৩৪৭। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) এক আনসারীর বাড়িতে দেখা-সাক্ষাত করতে গেলেন এবং সেখানে তাদের সাথে আহার করলেন। তিনি রওয়ানা হওয়ার সময় আদেশ করলে ঘরের একটি স্থানে পানি ছিটিয়ে বিছানা পেতে দেয়া হলো। তিনি সেখানে নামায পড়লেন এবং তাদের জন্য দোয়া করলেন (বু ৫৬৪২)।
৩৪৮- عَنْ أَبِي خَلَدَةَ قَالَ جَاءَ عَبْدُ الْكَرِيمِ أَبُو أُمَيَّةَ إِلى أَبِي الْعَالِيَةِ وَعَلَيْهِ ثِيَابُ صُوفٌ فَقَالَ لَهُ أَبُو الْعَالِيَةِ إِنَّمَا هَذِهِ ثِيَابُ الرُّهْبَانِ إِنْ كَانَ الْمُسْلِمُونَ اذا تَزَاوَرُوا تَجَمَّلُوا .
৩৪৮। আবু খালদা (র) বলেন, আবু উমাইয়্যা আবদুল করীম (র) মোটা পশমী কাপড় পরিহিত অবস্থায় আবুল আলিয়ার সাথে সাক্ষাত করতে আসেন। আবুল আলিয়া (র) তাকে বলেন, এটা তো খৃস্টান সন্যাসীদের পোশাক। মুসলমানগণ পরস্পরের সাথে দেখা-সাক্ষাত করতে গেলে উত্তম পোশাক পরতেন।
৩৪৯- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ مَوْلَى أَسْمَاءَ قَالَ أَخْرَجَتْ إِلَيَّ أَسْمَاءُ جُبَّةً مِنْ طَيَالِسَةٍ عَلَيْهَا لِبْنَةٌ شِبْرٌ مِنْ دِيبَاجٍ وَإِنَّ فَرْجَيْهَا مَكْفُوفَانِ بِهِ فَقَالَتْ هَذِهِ جُبَّةُ رَسُولِ اللَّهِ ﷺ كَانَ يَلْبَسُهَا لِلْوُفُودِ وَيَوْمَ الْجُمُعَةِ.
৩৪৯। আসমা (রা)-এর মুক্তদাস আবদুল্লাহ (র) বলেন, আসমা (রা) আমার সামনে একটি তায়ালিসী জুব্বা বের করলেন। তাতে এক বিঘৎ পরিমাণ এক টুকরা রেশমী কাপড় লাগানো ছিল, যা দ্বারা জুব্বার দুইটি কিনারা মোড়ানো ছিল। তিনি বলেন, এটা রাসূলুল্লাহ (স)-এর জুব্বা। তিনি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে এবং জুমুআর দিন তা পরতেন (মু, দা, তহা)।
৩৫০- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ وَجَدَ عُمَرُ حُلَّةً اسْتَبْرَقٍ فَأَتَى بِهَا النَّبِيَّ ﷺ فَقَالَ اشْتَرِ هَذِهِ وَالْبَسْهَا عِنْدَ الْجُمُعَةِ أَوْ حِينَ تَقَدَّمَ عَلَيْكَ الْوُفُودُ فَقَالَ إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ وَأُتِيَ رَسُولُ اللَّهِ ﷺ بِحُلَلٍ فَأَرْسَلَ إِلَى عُمَرَ بِحُلَّةٍ وَلِأُسَامَةَ بِحُلَّةٍ وَلِعَلِيٍّ بِحُلَّةٍ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ أَرْسَلْتَ بِهَا إِلَيَّ لَقَدْ سَمِعْتُكَ تَقُولُ فِيهَا مَا قُلْتَ فَقَالَ النَّبِيُّ ﷺ تَبِيعُهَا أَوْ تَقْضِي بِهَا حَاجَتَكَ.
৩৫০। আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, উমার (রা) একটি রেশমী চাদর পেলেন। তিনি তা নবী (স)-এর নিকট নিয়ে গিয়ে বলেন, আপনি এটি ক্রয় করুন এবং তা জুমুআর দিন অথবা যখন বিভিন্ন প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাত করতে আসবে তখন পরবেন। নবী (স) বলেনঃ যার আখেরাতে কোন প্রাপ্য নাই কেবল সে এটা পরতে পারে। রাসূলুল্লাহ (স)-এর নিকট অনুরূপ কয়েকটি রেশমী চাদর আসলো। তিনি তার একটি চাদর উমার (রা)-এর জন্য, একটি চাদর উসামা (রা)-এর জন্য এবং একটি চাদর আলী (রা)-এর জন্য পাঠান। উমার (রা) বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি এটা আমার জন্য পাঠিয়েছেন। অথচ আপনি এ সম্পর্কে যা বলেছেন তা তো আমি শুনেছি। নবী (স) বলেনঃ তুমি এটা বিক্রি করো অথবা এটা দ্বারা তোমার কোন প্রয়োজন পূরণ করো (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 পারস্পরিক সাক্ষাতের ফযীলাত

📄 পারস্পরিক সাক্ষাতের ফযীলাত


১৬১ - باب فضل الزيارة
১৬১- অনুচ্ছেদ: পারস্পরিক সাক্ষাতের ফযীলাত।
৩৫১- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ زَارَ رَجُلٌ أَخًا لَهُ فِي قَرْيَةٍ فَأَرْصَدَ اللَّهُ لَهُ مَلَكًا عَلَى مَدْرَجَتِهِ فَقَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ فَقَالَ هَلْ لَهُ عَلَيْكَ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لَا إِنِّي أُحِبُّهُ فِي اللَّهِ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ إِنَّ اللَّهَ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ.
৩৫১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ এক ব্যক্তি তার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য তার গ্রামে গেলো। আল্লাহ তার পথে একজন ফেরেশতাকে মোতায়েন করেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যেতে চান? সে বললো, এই গ্রামে আমার এক ভাইয়ের সাথে দেখা করতে। ফেরেশতা বলেন, আপনার উপর কি তার কোন অনুগ্রহ আছে, যার কারণে আপনি যাচ্ছেন? সে বললো, না, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। ফেরেশতা বলেন, আমি আল্লাহ্‌ দূতরূপে আপনার নিকট এসেছি। আপনি যেমন ঐ ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ্‌ও তদ্রূপ আপনাকে ভালোবাসেন (মু, আ, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হতে পারছে না

📄 যে ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হতে পারছে না


১৬২ - بَابُ الرَّجُلِ يُحِبُّ قَوْمًا وَلَمَّا يَلْحَقُ بِهِمْ
১৬২ - অনুচ্ছেদ : যে ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হতে পারছে না।
৩৫২- عَنْ أَبِي ذَرِّ قُلْتُ يَا رَسُولَ اللهِ الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلَا يَسْتَطِيعُ أَنْ يَلْحَقَ بِعَمَلِهِمْ قَالَ أَنْتَ يَا أَبَا ذَرِّ مَعَ مَنْ أَحْبَبْتَ قُلْتُ إِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولُهُ قَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ يَا أَبَا ذَر.৩৫২। আবু যার (রা) থেকে বর্ণিত। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এক ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু কার্যত তাদের সাথে মিলিত হতে পারছে না। তিনি বলেনঃ হে আবু যার! তুমি যাকে ভালোবাসো তারই সাথে হবে। আমি বললাম, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তিনি বলেনঃ হে আবু যার! তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে (দা, আ, দার, হি)।
৩৫৩- عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً سَالَ النَّبِيِّ ﷺ فَقَالَ يَا نَبِيُّ اللَّهِ مَتَي السَّاعَةُ فَقَالَ وَمَا أَعْدَدْتُ لَهَا قَالَ مَا أَعْدَدْتُ مِنْ كَبِيرٍ إِلا إِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولُهُ فَقَالَ الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ قَالَ أَنَسٌ فَمَا رَأَيْتُ الْمُسْلِمِينَ فَرِحُوا بَعْدَ الْإِسْلَامِ أَشَدُّ مِمَّا فَرِحُوا يَوْمَئِذٍ.৩৫৩। আনাস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (স)-কে জিজ্ঞেস করে বললো, হে আল্লাহ্‌ নবী! কিয়ামত কখন হবে? তিনি বলেনঃ তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বললো, আমি ব্যাপক কিছু প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তিনি বলেনঃ যে ব্যক্তি যাকে ভালোবাসে, সে তার সাথেই থাকবে। আনাস (রা) বলেন, ইসলাম গ্রহণের পর থেকে সেদিন মুসলমানরা যতো অধিক খুশি হয়েছে, আর কোন দিন আমি তাদেরকে এতো খুশি হতে দেখিনি (দা, তি, না)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 প্রবীণদের মর্যাদা

📄 প্রবীণদের মর্যাদা


১৬৩ - বَابُ فَضْلِ الْكَبِيرِ
১৬৩-অনুচ্ছেদ: প্রবীণদের মর্যাদা।
৩৫৪- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا .
৩৫৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে লোক আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়োদের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
৩৫৫- عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ يَبْلُغُ بِهِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ لَّمْ يَرْحَمْ صغيرنَا وَيَعْرِفْ حَقٌّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا .
৩৫৫। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়োদের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয় (দা, তি, আ. হা)।
৩৫৬- عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَيْسَ مِنَّا مَنْ لَّمْ يَعْرِفْ حَقَّ كَبِيرِنَا وَيَرْحَمْ صَغِيرَنَا .
৩৫৬। আমর ইবনে শোয়াইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে ব্যক্তি আমাদের বড়োদের অধিকার মানে না এবং আমাদের ছোটদের স্নেহ করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
৩৫৭- عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ لَّمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَجِلْ كَبِيرَنَا فَلَيْسَ منَّا .
৩৫৭। আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না এবং বড়োদের সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00