📄 বন্ধুকে এমনভাবে সম্মান দেখাবে না যাতে সে অস্বস্তি বোধ করে
১৫৮ - بَابُ لَا تُكْرِمْ صَدِيقَكَ بِمَا يَشُقُّ عَلَيْهِ
১৫৮-অনুচ্ছেদ: বন্ধুকে এমনভাবে সম্মান দেখাবে না যাতে সে অস্বস্তি বোধ করে।
৩৪৪- عَنْ مُحَمَّدٍ قَالَ كَانُوا يَقُولُونَ لا تُكْرِمْ صَدِيقَكَ بِمَا يَشُقُّ عَلَيْهِ.
৩৪৪। মুহাম্মাদ (র) বলেন, প্রবীণগণ বলতেন, তুমি তোমার বন্ধুকে এমনভাবে সম্মান দেখাবে না যা তার জন্য কষ্টকর বা অস্বস্তিকর হতে পারে।
📄 দেখা-সাক্ষাত করতে যাওয়া
১৫৯ - بَابُ الزِّيَارَة
১৫৯-অনুচ্ছেদ: দেখা-সাক্ষাত করতে যাওয়া।
৩৪৫- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا عَادَ الرَّجُلُ أَخَاهُ وَزَارَهُ قَالَ اللَّهُ لَهُ طبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّاتَ مَنْزِلاً فِي الْجَنَّةِ.
৩৪৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ কোন ব্যক্তি তার (রুগ্ন) ভাইকে দেখতে গেলে বা তার সাথে সাক্ষাত করতে গেলে আল্লাহ তাকে বলেন, তুমি উত্তম, তোমার পদচারণা কল্যাণময় হোক এবং তুমি তোমার স্থান জান্নাতে নির্ধারিত করে নিয়েছো (তি, ই, আ, হি)।
৩৪৬- عَنْ أُمِّ الدَّرْدَاءِ قَالَتْ زَارَنَا سَلْمَانُ مِنَ الْمَدَائِنِ إِلَى الشَّامِ مَاشِيًا وَعَلَيْهِ كِسَاءُ وَانْدَرُورُهُ (قَالَ يَعْنِي سَرَاوِيْلَ مُشَمَّرَةٌ) قَالَ ابْنُ شَوْذَبٍ رُؤْيَ سَلْمَانُ وَعَلَيْهِ كِسَاءٌ مَطْمُومُ الرَّأْسِ سَاقِطُ الْأَذْنَيْنِ يَعْنِي أَنَّهُ كَانَ أَرْفَشَ فَقِيلَ لَهُ شَوَهْتَ نَفْسَكَ قَالَ إِنَّ الْخَيْرَ خَيْرَ الْآخِرَةِ.
৩৪৬। উম্মু দারদা (রা) বলেন, সালমান (রা) মাদায়েন থেকে পদব্রজে সিরিয়া এসে আমাদের সাথে সাক্ষাত করেন। তখন তার পরনে ছিল পাজামা। ইবনে শাওযাব (র) বলেন, সালমান (রা)-কে দেখা গেলো যে, তার গায়ে চাদর জড়ানো, তার মাথা মুণ্ডিত এবং কান প্রশস্ত। তাকে বলা হলো, আপনি নিজেকে কদাকার করে ফেলেছেন। তিনি বলেন: নিশ্চয় আখেরাতের কল্যাণই প্রকৃত কল্যাণ।
📄 কেউ কোন সম্প্রদায়ের সাথে সাক্ষাত করতে গিয়ে তাদের সাথে তার আহার গ্রহণ
১৬০ - بَابُ مَنْ زَارَ قَوْمًا فَطَعِمَ عِنْدَهُمْ
১৬০-অনুচ্ছেদ: কেউ কোন সম্প্রদায়ের সাথে সাক্ষাত করতে গিয়ে তাদের সাথে তার আহার গ্রহণ।
৩৪৭- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ زَارَ أَهْلَ بَيْتٍ مِّنَ الْأَنْصَارِ فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا فَلَمَّا خَرَجَ أَمَرَ بِمَكَانٍ مِّنَ الْبَيْتِ فَنَضَحَ لَهُ عَلَي بِسَاطِ فَصَلُّي عَلَيْهِ وَدَعَا لَهُمْ.
৩৪৭। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) এক আনসারীর বাড়িতে দেখা-সাক্ষাত করতে গেলেন এবং সেখানে তাদের সাথে আহার করলেন। তিনি রওয়ানা হওয়ার সময় আদেশ করলে ঘরের একটি স্থানে পানি ছিটিয়ে বিছানা পেতে দেয়া হলো। তিনি সেখানে নামায পড়লেন এবং তাদের জন্য দোয়া করলেন (বু ৫৬৪২)।
৩৪৮- عَنْ أَبِي خَلَدَةَ قَالَ جَاءَ عَبْدُ الْكَرِيمِ أَبُو أُمَيَّةَ إِلى أَبِي الْعَالِيَةِ وَعَلَيْهِ ثِيَابُ صُوفٌ فَقَالَ لَهُ أَبُو الْعَالِيَةِ إِنَّمَا هَذِهِ ثِيَابُ الرُّهْبَانِ إِنْ كَانَ الْمُسْلِمُونَ اذا تَزَاوَرُوا تَجَمَّلُوا .
৩৪৮। আবু খালদা (র) বলেন, আবু উমাইয়্যা আবদুল করীম (র) মোটা পশমী কাপড় পরিহিত অবস্থায় আবুল আলিয়ার সাথে সাক্ষাত করতে আসেন। আবুল আলিয়া (র) তাকে বলেন, এটা তো খৃস্টান সন্যাসীদের পোশাক। মুসলমানগণ পরস্পরের সাথে দেখা-সাক্ষাত করতে গেলে উত্তম পোশাক পরতেন।
৩৪৯- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ مَوْلَى أَسْمَاءَ قَالَ أَخْرَجَتْ إِلَيَّ أَسْمَاءُ جُبَّةً مِنْ طَيَالِسَةٍ عَلَيْهَا لِبْنَةٌ شِبْرٌ مِنْ دِيبَاجٍ وَإِنَّ فَرْجَيْهَا مَكْفُوفَانِ بِهِ فَقَالَتْ هَذِهِ جُبَّةُ رَسُولِ اللَّهِ ﷺ كَانَ يَلْبَسُهَا لِلْوُفُودِ وَيَوْمَ الْجُمُعَةِ.
৩৪৯। আসমা (রা)-এর মুক্তদাস আবদুল্লাহ (র) বলেন, আসমা (রা) আমার সামনে একটি তায়ালিসী জুব্বা বের করলেন। তাতে এক বিঘৎ পরিমাণ এক টুকরা রেশমী কাপড় লাগানো ছিল, যা দ্বারা জুব্বার দুইটি কিনারা মোড়ানো ছিল। তিনি বলেন, এটা রাসূলুল্লাহ (স)-এর জুব্বা। তিনি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে এবং জুমুআর দিন তা পরতেন (মু, দা, তহা)।
৩৫০- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ وَجَدَ عُمَرُ حُلَّةً اسْتَبْرَقٍ فَأَتَى بِهَا النَّبِيَّ ﷺ فَقَالَ اشْتَرِ هَذِهِ وَالْبَسْهَا عِنْدَ الْجُمُعَةِ أَوْ حِينَ تَقَدَّمَ عَلَيْكَ الْوُفُودُ فَقَالَ إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ وَأُتِيَ رَسُولُ اللَّهِ ﷺ بِحُلَلٍ فَأَرْسَلَ إِلَى عُمَرَ بِحُلَّةٍ وَلِأُسَامَةَ بِحُلَّةٍ وَلِعَلِيٍّ بِحُلَّةٍ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ أَرْسَلْتَ بِهَا إِلَيَّ لَقَدْ سَمِعْتُكَ تَقُولُ فِيهَا مَا قُلْتَ فَقَالَ النَّبِيُّ ﷺ تَبِيعُهَا أَوْ تَقْضِي بِهَا حَاجَتَكَ.
৩৫০। আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, উমার (রা) একটি রেশমী চাদর পেলেন। তিনি তা নবী (স)-এর নিকট নিয়ে গিয়ে বলেন, আপনি এটি ক্রয় করুন এবং তা জুমুআর দিন অথবা যখন বিভিন্ন প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাত করতে আসবে তখন পরবেন। নবী (স) বলেনঃ যার আখেরাতে কোন প্রাপ্য নাই কেবল সে এটা পরতে পারে। রাসূলুল্লাহ (স)-এর নিকট অনুরূপ কয়েকটি রেশমী চাদর আসলো। তিনি তার একটি চাদর উমার (রা)-এর জন্য, একটি চাদর উসামা (রা)-এর জন্য এবং একটি চাদর আলী (রা)-এর জন্য পাঠান। উমার (রা) বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি এটা আমার জন্য পাঠিয়েছেন। অথচ আপনি এ সম্পর্কে যা বলেছেন তা তো আমি শুনেছি। নবী (স) বলেনঃ তুমি এটা বিক্রি করো অথবা এটা দ্বারা তোমার কোন প্রয়োজন পূরণ করো (বু, মু)।
📄 পারস্পরিক সাক্ষাতের ফযীলাত
১৬১ - باب فضل الزيارة
১৬১- অনুচ্ছেদ: পারস্পরিক সাক্ষাতের ফযীলাত।
৩৫১- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ زَارَ رَجُلٌ أَخًا لَهُ فِي قَرْيَةٍ فَأَرْصَدَ اللَّهُ لَهُ مَلَكًا عَلَى مَدْرَجَتِهِ فَقَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ فَقَالَ هَلْ لَهُ عَلَيْكَ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لَا إِنِّي أُحِبُّهُ فِي اللَّهِ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ إِنَّ اللَّهَ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ.
৩৫১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ এক ব্যক্তি তার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য তার গ্রামে গেলো। আল্লাহ তার পথে একজন ফেরেশতাকে মোতায়েন করেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যেতে চান? সে বললো, এই গ্রামে আমার এক ভাইয়ের সাথে দেখা করতে। ফেরেশতা বলেন, আপনার উপর কি তার কোন অনুগ্রহ আছে, যার কারণে আপনি যাচ্ছেন? সে বললো, না, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। ফেরেশতা বলেন, আমি আল্লাহ্ দূতরূপে আপনার নিকট এসেছি। আপনি যেমন ঐ ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ্ও তদ্রূপ আপনাকে ভালোবাসেন (মু, আ, হি)।