📄 পিতা-মাতার প্রতিদান
৬- অনুচ্ছেদ : পিতা-মাতার প্রতিদান।
১০। আবু হুরায়ারা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ সন্তানের পক্ষে তার পিতার প্রতিদান শোধ করা সম্ভব নয়। তবে সে তাকে দাসরূপে পেয়ে ক্রয় করে দাসত্বমুক্ত করে দিলে তার প্রতিদান হতে পারে (মু, দা, ই, তি, হি, তহা)।
১১। আবু বুরদা (র) বলেন, তিনি ইবনে উমার (রা)-এর সাথে ছিলেন। ইয়ামনের এক ব্যক্তি তার মাকে তার পিঠে বহন করে বাইতুল্লাহ তাওয়াফ করছিল আর বলছিল, "আমি তার জন্য তার অনুগত উটতুল্য+আমি তার পাদানিতে আঘাতপ্রাপ্ত হলেও নিরুদ্বেগে তা সহ্য করি।" অতঃপর সে ইবনে উমার (রা)-কে বললো, আমি কি আমার মাতার প্রতিদান দিতে পেরেছি বলে আপনি মনে করেন? তিনি বলেন, না, তার একটি দীর্ঘশ্বাসের প্রতিদানও হয়নি। অতঃপর ইবনে উমার (রা) তাওয়াফ করলেন। তিনি মাকামে ইবরাহীমে পৌছে দুই রাকআত নামায পড়ার পর বলেন, হে আবু মূসার পুত্র! প্রতি দুই রাকআত নামায পূর্ববর্তী পাপের কাফফারা (বায়হাকী, কানযুল উম্মাল)।
১২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। মারওয়ান তাকে তার স্থলাভিষিক্ত করেছিল এবং তিনি তখন যুল-হুলায়ফা নামক স্থানে অবস্থান করতেন। তিনি একটি ঘরে বাস করতেন এবং তার মা আর একটি ঘরে বাস করতেন। যখন তিনি ঘর থেকে বের হতেন তখন তার মায়ের দরজায় দাঁড়িয়ে বলতেন, "আসসালামু আলাইকে ইয়া উম্মাতাহ ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" (মা! আপনার প্রতি শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক)। তার মা বলতেন, "ওয়া আলাইকা ইয়া বুনাইয়্যা ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" (হে পুত্র! তোমার উপরও শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক)। তিনি পুনরায় বলতেন, আল্লাহ "আপনার প্রতি দয়া করুন যেভাবে আপনি আমার শৈশবকালে আমাকে লালন-পালন করেছেন"। তার মা বলতেন, "আল্লাহ তোমার প্রতিও দয়া করুন যেরূপ আমার বার্ধক্যে তুমি আমার প্রতি সদ্ব্যবহার করছো"। অতঃপর তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখনও অনুরূপ বলতেন (আ)।
১৩। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, হিজরতের উদ্দেশ্যে বায়আত হওয়ার জন্য এক ব্যক্তি তার পিতা-মাতাকে কান্নারত অবস্থায় ত্যাগ করে নবী (স)-এর নিকট উপস্থিত হলো। তিনি বলেনঃ তুমি তাদের নিকট ফিরে যাও এবং তাদেরকে যেমন কাঁদিয়ে এসেছো তেমনি তাদের মুখে গিয়ে হাসি ফুটাও (বু, মু, দা, না, ই)।
১৪। আবু তালিব কন্যা উম্মে হানী (রা)-র মুক্তদাস আবু মুররা (র) অবহিত করেন যে, তিনি আকীক নামক স্থানে অবস্থিত আবু হুরায়রা (রা)-র সাথে তার খামার বাড়ীতে একই বাহনে চড়ে গমন করেন। তিনি তার বাড়িতে পৌছে উচ্চস্বরে বলেন, আলাইকিস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উম্মাতাহ্। তার মা বলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আবু হুরায়রা (রা) বলেন, রহিমাকিল্লাহ্ কামা রব্বায়তানী সাগীরা। তার মা বলেন, ইয়া বুনাইয়্যা ওয়া আনতা জাযাকাল্লাহু খায়রান ওয়া রাদিয়া আনকা কামা বারারতানী কাবীরা (বা)।
📄 পিতা-মাতার অবাধ্য হওয়ার পরিণতি
৭- অনুচ্ছেদ : পিতা-মাতার অবাধ্য হওয়ার পরিণতি। ১৫। আবু বাকরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বললেনঃ আমি কি তোমাদেরকে কবীরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মকগুলি সম্পর্কে তোমাদের অবহিত করবো না? কথাটি তিনি তিনবার বলেন। সাহাবাগণ বলেন, হাঁ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেন: আল্লাহ্র সাথে শরীক করা (শিরক) এবং পিতা-মাতার অবাধ্যাচরণ। তিনি হেলান দেয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে বলেনঃ এবং মিথ্যা বলা। তিনি এ কথাটি বারবার বলছিলেন। আমি মনে মনে বললাম, আহা! তিনি যদি ক্ষান্ত হতেন (বু. মু. তি)। ১৬। মুগীরা ইবনে শোব্য (রা)-র সচিব ওয়াররাদ বলেন, মুয়াবিয়া (রা) তাকে পত্র লিখলেন, রাসূলুল্লাহ (স)-এর মুখে তুমি যা শুনেছো তা আমাকে লিখে পাঠাও। ওয়াররাদ বলেন, মুগীরা (রা) আমার দ্বারাই লিখালেন এবং আমি স্বহস্তে লিখলাম। আমি তাঁকে "বেশী যাঞ্চা করতে, অর্থের অপচয় করতে এবং গুজবে কান দিতে নিষেধ করতে শুনেছি" (বু, মু, দা)।
📄 যে ব্যক্তি পিতা-মাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেন
- ১৭ عَنْ أَبِي الطَّفَيْلِ قَالَ سُئِلَ عَلِيٌّ هَلْ خَصَّكُمُ النَّبِيُّ ﷺ بِشَيْءٍ لَمْ يَخُصُّ بِهِ النَّاسَ كَافَّةً قَالَ مَا خَصَّنَا رَسُولُ اللهِ ﷺ بِشَيْءٍ لَمْ يَخْصُ بِهِ النَّاسَ إِلَّا مَا فِي قِرَابِ سَيْفِي ثُمَّ أَخْرَجَ صَحِيفَةً فَإِذَا فِيهَا مَكْتُوبٌ لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ لَعَنَ اللهُ مَنْ سَرَقَ مَنَارَ الْأَرْضِ لَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ لَعَنَ اللَّهُ مَنْ آوَي مُحْدِثًا .
১৭। আবু তোফাইল (র) বলেন, আলী (রা)-কে জিজ্ঞেস করা হলো, নবী (স) কি কোন বিশেষ ব্যাপার আপনাকে বলেছেন, যা সর্বসাধারণকে বলেননি? তিনি বলেন, রাসূলুল্লাহ (স) অন্য কাউকে বলেননি এমন কোন বিশেষ কথা একান্তভাবে আমাকে বলেননি। অবশ্য আমার তরবারির খাপের মধ্যে যা আছে ততটুকুই। অতঃপর তিনি একখানি লিপি বের করলেন। তাতে লেখা ছিলঃ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অপর কারো নামে পশু জবাই করে তার প্রতি আল্লাহ্র অভিশাপ। যে ব্যক্তি জমির সীমানা চিহ্ন চুরি করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি তার পিতা-মাতাকে অভিসম্পাত করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি বেদাতীকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ (মু,না,আ)।
📄 পাপাচার ব্যতীত অন্য সকল ব্যাপারে পিতা-মাতার অনুগত থাকা
- بَابُ يَبُرُّ وَالِدَيْهِ مَا لَمْ يَكُنْ مَعْصِيَةٌ
১৮ - عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ أَوْصَانِي رَسُولُ اللهِ ﷺ بِتِسْعِ لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُطَعْتَ أَوْ حُرِّقْتَ وَلَا تَتْرُكَنَّ الصَّلاةَ المَكْتُوبَةَ مُتَعَمِّداً وَمَنْ تَرَكَهَا مُتَعَمِّدًا بَرِئَتْ مِنْهُ الدِّمَّةُ وَلَا تَشْرَبَنَّ الْخَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ وَأَطِعْ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ دُنْيَاكَ فَاخْرُجْ لَهُمَا وَلَا تَنَازِعَنَّ عَنْ وُلاةِ الْأَمْرِ وَإِنْ رَأَيْتَ أَنَّكَ أَنْتَ وَلَا تَفْرِرْ مِنَ الزَّحْفِ وَإِنْ هَلَكْتَ وَفَرَّ أَصْحَابُكَ وَانْفِقْ مِنْ طَوْلِكَ عَلَى أَهْلِكَ وَلَا تَرْفَعْ عَصَاكَ عَلَيْ أَهْلِكَ وَآخِفْهُمْ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ .
১৮। আবু দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে নয়টি ব্যাপারে ওসিয়াত করেছেন: (১) আল্লাহর সাথে কিছু শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা অগ্নিদগ্ধ করা হয়। (২) ইচ্ছাকৃতভাবে ফরয নামায ত্যাগ করো না, যে ব্যক্তি স্বেচ্ছায় ফরয নামায ত্যাগ করবে তার সম্পর্কে আমার কোন দায়িত্ব নাই। (৩) মদ্যপান করো না, কেননা তা সকল অনাচারের চাবি। (৪) তোমার পিতা-মাতার আনুগত্য করবে, তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে। (৫) শাসকদের সাথে বিবাদে জড়াবে না, যদিও দেখো যে, তুমিই তুমি। (৬) যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না, যদিও তুমি ধ্বংস হও এবং তোমার সঙ্গীরা পলায়ন করে। (৭) তোমার সামর্থ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করো। (৮) তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না এবং (৯) তাদের মধ্যে মহামহিম আল্লাহ্ ভয় জাগ্রত রাখবে।
১৯ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ جَاءَ رَجُلٌ إِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ جِئْتُ أَبَايِعُكَ عَلَي الهِجْرَةِ وَتَرَكْتُ أَبَوَيْ يَبْكِيَانِ قَالَ ارْجِعْ إِلَيْهِمَا فَأَضْحِكْهُمَا كَمَا أَبْكَيْتَهُمَا .
১৯। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, এক ব্যক্তি নবী (স)-এর নিকট উপস্থিত হয়ে বললো, আমি হিজরত করার জন্য আমার পিতা-মাতাকে কান্নারত রেখে আপনার নিকট বায়আত হতে এসেছি। তিনি বলেন: তুমি তাদের নিকট ফিরে যাও এবং তাদেরকে যেভাবে কাঁদিয়েছো সেভাবে তাদের মুখে হাসি ফোটাও (মু,না,দা,তি)।
٢٠ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ يُرِيدُ الْجِهَادَ فَقَالَ أَحَيُّ وَالِدَاكَ قَالَ نَعَمْ فَقَالَ فَفِيْهِمَا فَجَاهِدٌ.
২০। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, এক ব্যক্তি জিহাদে যাত্রার উদ্দেশ্যে নবী (স)-এর নিকট উপস্থিত হলো। তিনি জিজ্ঞেস করেনঃ তোমার পিতা-মাতা কি জীবিত আছেন? সে বললো, হাঁ। তিনি বলেন: যাও, তাদের মধ্যে (সেবাযত্নের) জিহাদে প্রবৃত্ত হও (বু, মু, দা, না, তি)।