📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 তালহা বিন উবাইদুল্লাহ রাজি

📄 তালহা বিন উবাইদুল্লাহ রাজি


তালহা বিন উবাইদুল্লাহ রাজি. (মৃ. ৩৬ হি.): জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন। ইসলামের একেবারে শুরুর দিকে আবু বকর রাজি.-এর দাওয়াতে আল্লাহর দ্বীনে প্রবেশ করেন, হিজরত করেন, আল্লাহর রাসুলের সঙ্গে অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে কাফেরদের তিরের আঘাতে তার হাত প্যারালাইজড হয়ে যায় এবং আমৃত্যু তেমন থাকে। কাফেরদের আঘাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলে তিনি তাঁর সামনে পিঠ পেতে দেন। রাসুল তার পিঠে আরোহণ করে নিরাপদ জায়গায় পৌঁছান। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, 'যার কোনো জীবিত শহিদ দেখতে মনে চায় সে যেন তালহাকে দেখে।'¹ তালহা রাজি. ছিলেন অঢেল সম্পদের অধিকারী, কিন্তু তিনি তা ইসলাম ও মুসলমানদের জন্য বিলিয়ে দেন। উমর রাজি. ওফাতের সময় যখন শীর্ষস্থানীয় সাহাবাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেন, তিনি ছিলেন পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য। উসমান রাজি.-এর শাহাদাতের পরে সৃষ্ট জটিলতায় তিনিও জড়িয়ে পড়েন এবং উসমান রাজি.-এর হত্যার বিচারের দাবিতে আলি রাজি.-এর সঙ্গে জামাল যুদ্ধে অংশগ্রহণ করেন। সেখানেই তিনি শাহাদাত বরণ করেন।

টিকাঃ
১. বুখারি (৩৭২৪); তিরমিজি (৩৭৩৯); ইবনে মাজা (১২৫); মুসনাদে আহমদ (১৪৩৪)।
২. হাকেম (৫৬৫০); আল-মুজামুল কাবির, তাবারানি (১৯৭)।
৩. আল-বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির (৭/২৭৩)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 জুবাইর ইবনুল আউয়াম রাজি

📄 জুবাইর ইবনুল আউয়াম রাজি


জুবাইর ইবনুল আউয়াম রাজি. (মৃ. ৩৬ হি.): তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের একজন। আলি রাজি.-এর মতো তিনিও কিশোর বয়সে ইসলাম গ্রহণ করেন।¹ প্রথমে হাবশায় হিজরত করেন, পরে দ্বিতীয়বার মদিনাতে হিজরত করেন। তিনি আসমা বিনতে আবু বকর রাজি.-এর স্বামী এবং আবদুল্লাহ বিন জুবাইর রাজি.-এর পিতা। আবদুল্লাহ বিন জুবাইর ছিলেন মদিনায় মুসলমানদের প্রথম সন্তান।² রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাজি.-এর ব্যাপারে বলেছেন, 'প্রত্যেক নবির একজন হাওয়ারি (সাহায্যকারী বন্ধু) থাকে; আর আমার হাওয়ারি জুবাইর।'³ তিনি সাহসী যোদ্ধা ছিলেন। রাসুলুল্লাহর সঙ্গে সকল জিহাদে অংশগ্রহণ করেছেন। রাসুলুল্লাহর পরে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, মিশর বিজয়-সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি উমর রাজি.-এর উপদেষ্টা পরিষদের একজন। তালহা রাজি.-এর মতো তিনিও উসমানের রক্তের দাবিতে জামাল যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের পরে কয়েকজন গাদ্দার তাকে পিছনের দিক থেকে আক্রমণ করে শহিদ করে দেয়।

টিকাঃ
১. হাকেম (৫৫৯৩); আল-মুজামুল কাবির; তাবারানি (২৩৯)।
২. বুখারি (৩৯০৯); মুসলিম (২১৪৬)।
৩. বুখারি (৩৭১৯); মুসলিম (২৪১৫)।
৪. সিয়ারু আলামিন নুবালা (৩/৪৫)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 সাদ বিন আবি ওয়াক্কাস রাজি

📄 সাদ বিন আবি ওয়াক্কাস রাজি


সাদ বিন আবি ওয়াক্কাস রাজি. (মৃ. ৫৫ হি.): প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের একজন। সম্পর্কে তিনি রাসুলুল্লাহর (চাচাতো) মামা ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গর্ব করে বলতেন, 'এই আমার মামা। কার এমন মামা আছে?'¹ তিনি ছিলেন বীর যোদ্ধা। রাসুলুল্লাহর সঙ্গে সকল যুদ্ধে অংশগ্রহণ করে তাঁর সুরক্ষা নিশ্চিত করতেন। উহুদ যুদ্ধের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্বুদ্ধ করে বলেন, 'তুমি তির ছোড়ো। আমার পিতা-মাতা তোমার উপর কুরবান।'² রাসুলুল্লাহর পরে পারস্যদের বিরুদ্ধে বিখ্যাত কাদেসিয়্যার যুদ্ধে তিনি সর্বাধিনায়কের ভূমিকা পালন করেন, মাদায়েন ও ইরাক জয় করেন। উমর রাজি.-এর গঠিত উপদেষ্টা পরিষদের তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। ৫৫ হিজরিতে ওফাত লাভ করেন।³ রাসুলুল্লাহর দোয়ার বরকতে তিনি ‘মুস্তাজাবুদ-দাওয়াহ’ হিসেবে প্রসিদ্ধ ছিলেন।⁴

টিকাঃ
১. তিরমিজি (৩৭৫২)।
২. বুখারি (২৯০৫); মুসলিম (২৪১১)।
৩. হিলইয়াতুল আউলিয়া, আবু নুআইম (১/৯২)।
৪. তিরমিজি (৩৭৫১); ইবনে হিব্বান (৬৯৯০)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 সাইদ বিন জায়দ রাজি

📄 সাইদ বিন জায়দ রাজি


সাইদ বিন জায়দ রাজি. (মৃ. ৫১ হি.): প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী সাহাবাদের একজন। তার পিতা জায়দ ইবনে আমর ইবনে নুফাইল জাহেলি যুগেও একত্ববাদের উপর প্রতিষ্ঠিত ছিলেন। ফলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, ‘তিনি একাই এক উম্মত হিসেবে পুনরুত্থিত হবেন।’¹ সাইদ রাজি. ছিলেন উমর রাজি.-এর ভগিনীপতি। রাসুলুল্লাহর সঙ্গে অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করেন। রোমানদের বিপক্ষে ইয়ারমুকের ময়দানে যুদ্ধ করেন। সাইদ বিন জায়দ রাজি. ‘মুসতাজাবুদ দাওয়াহ’ এবং দুনিয়াবিমুখ সাহাবি ছিলেন।² ৫১ হিজরিতে তিনি ওফাত লাভ করেন। আবদুল্লাহ ইবনে উমর রাজি. তার জানাজা আদায় করেন।

টিকাঃ
১. সুনানে কুবরা, নাসায়ি (৮১৩১); বাজ্জার (১৩০১)।
২. মুসলিম (১৬১০)।

ফন্ট সাইজ
15px
17px