📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 নবী সাহাবাদের মর্যাদার তারতম্য

📄 নবী সাহাবাদের মর্যাদার তারতম্য


নারী সাহাবাদের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের (স্ত্রী-কন্যা) মর্যাদা অন্য সকল নারীর উপরে। এক আয়াতে আল্লাহ তায়ালা রাসুলুল্লাহর পরিবারকে অন্য সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করে বলেন, ‘হে নবিপত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাই পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। তাতে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে। বরং তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।’ [আহজাব: ৩২] ইবনে আব্বাস রাজি. উক্ত আয়াতের তাফসিরে বলেন, 'অর্থাৎ আমার কাছে তোমাদের মর্যাদা অন্য পুণ্যবতী নারীদের মতো নয়; তোমরা আমার কাছে তাদের চেয়ে অধিকতর মর্যাদাময় এবং অধিকতর পুণ্যের অধিকারী।'
তাই আহলে সুন্নাতের সর্বসম্মতিক্রমে রাসুলের পরিবারবর্গ সাধারণভাবে সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ। তাদের মাঝে খাদিজা, আয়েশা ও ফাতিমা রাজি. সর্বশ্রেষ্ঠ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মারইয়াম বিনতে ইমরান (ঈসা আলাইহিস সালামের মাতা)।¹ উক্ত হাদিসটিতে খাদিজা রাজি.-এর মর্যাদা সুস্পষ্ট। বুখারির এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আলি রাজি.।
আয়েশা রাজি.-এর ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারিদ যেমন সকল খাবারের মাঝে শ্রেষ্ঠ, আয়েশা রাজি. তেমন সকল নারীর মাঝে শ্রেষ্ঠ।² অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? তিনি বললেন, আয়েশা।³ এগুলো ছাড়াও অসংখ্য হাদিসে আয়েশা রাজি.-এর মর্যাদা ফুটে ওঠে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিনগুলো তাঁর এই প্রিয়তমা স্ত্রীর ঘরেই কাটিয়েছেন। তাঁর বুকে মাথা রেখেই রাসুলুল্লাহ স্বীয় বন্ধুর পানে যাত্রা শুরু করেন।⁴ অপরদিকে ফাতিমার শ্রেষ্ঠত্বও অনেক হাদিসের মাধ্যমে ফুটে ওঠে।
ফাতিমা রাজি.-কে লক্ষ্য করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জান্নাতে নারীদের সর্দার হতে চাও না? অথবা এই উম্মতের নারীদের সর্দার হতে চাও না?⁵ এর মাধ্যমে ফাতিমা রাজি.-এর শ্রেষ্ঠত্ব স্পষ্ট হয়। অপর বর্ণনায় এসেছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ নারীরা হলো খাদিজা, ফাতিমা, মারইয়াম ও আসিয়া।⁶
তবে প্রথম তিনজনের মাঝে খাদিজা এবং ফাতিমা শ্রেষ্ঠ। অর্থাৎ সর্বপ্রথম খাদিজা রাজি., অতঃপর তার মেয়ে ফাতিমা রাজি., অতঃপর আয়েশা রাজি.। কারণ, খাদিজা ও ফাতিমার শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাসুলুল্লাহর বক্তব্য সুস্পষ্ট। বিপরীতে আয়েশাকে নারীদের মাঝে শ্রেষ্ঠ বলা হয়েছে তুলনার ভিত্তিতে, সার্বিকভাবে নয়। ইবনে হাজার আসকালানি এটাকেই অগ্রাধিকার দিয়েছেন।⁷ বাগদাদি এটাকে ইমাম শাফেয়ি ও আবুল হাসান আশআরি-সহ অন্যান্য ইমামের মত হিসেবে অভিহিত করেছেন। অতঃপর বাগদাদি লিখেন: খাদিজা, ফাতিমা ও আয়েশার পরে শ্রেষ্ঠ হচ্ছেন উম্মে সালামা, অতঃপর হাফসা বিনতে উমর, অতঃপর অন্য স্ত্রীগণ। কারও কারও মতে, নবিদের কন্যাগণ তাদের স্ত্রীদের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু সেটা সঠিক হওয়া জরুরি নয়। খাদিজা রাজি. নবির স্ত্রী: অথচ তিনি তার মেয়ে ফাতিমার চেয়ে শ্রেষ্ঠ। আয়েশা রাজি. নবিজির অন্যান্য কন্যার চেয়ে শ্রেষ্ঠ। তবে এগুলো একান্তই ইজতিহাদি বক্তব্য, সুনিশ্চিত নয়। কিংবা এগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দ্বীনের কোনো মৌলিক বিষয়ও নয়। তাই এ ব্যাপারে নীরব থাকাই উত্তম।

টিকাঃ
১. বুখারি (৩৪৩০); মুসলিম (২৪৩০); তিরমিজি (৩৮৭৭)।
২. বুখারি (৩৪১১); মুসলিম (২৪৩১); তিরমিজি (৩৮৮৭)।
৩. বুখারি (৩৬৬২); মুসলিম (২৩৮৪); তিরিমজি (৩৮৮৫)।
৪. বুখারি (১৩৮৯); মুসলিম (২৪৪৩)।
৫. বুখারি (৬২৮৫); মুসলিম (২৪৫০); ইবনে মাজা (১৬২১)।
৬. ইবনে হিব্বান (৭০১০); হাকেম (৩৮৫৭); মুসনাদে আবদ ইবনে হুমাইদ (৫৯৭); মুসনাদে আহমদ (২৭১২)।
৭. ফাতহুল বারি, ইবনে হাজার (৭/১০৭)।
৮. উসুলুদ্দিন, বাগদাদি (৩০৬)।
৯. ফাতহুল বারি (৭/১৩৯); শরহুল ফিকহিল আকবার, আলি কারি (৩৪৮)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 বিশেষ কোনো সাহাবির ভালোবাসায় বাড়াবাড়ি না করা

📄 বিশেষ কোনো সাহাবির ভালোবাসায় বাড়াবাড়ি না করা


ইমাম তহাবির উক্ত বক্তব্য শিয়াদের খণ্ডনে। যেহেতু সাহাবায়ে কেরামের স্তরভেদ সুস্পষ্ট এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকাও বিভিন্ন পর্যায়ে, ফলে সাহাবাদের প্রতি ভালোবাসায়ও তারতম্য হবে—এটাই স্বাভাবিক। উদাহরণস্বরূপ আবু বকর, উমর, উসমান, আলি রাজি.-এর প্রতি যে ভালোবাসা ও সম্মান থাকবে, সেটা অন্যদের প্রতি নাও থাকতে পারে। কারণ, ইসলামে তাদের অবদান সবচেয়ে বেশি। একইভাবে আহলে বাইত তথা রাসুলুল্লাহর পরিবার, স্ত্রী-কন্যা ও দৌহিত্রদের প্রতি যতটা আগ্রহ থাকবে, অন্যান্য সাহাবার পরিবারের প্রতি ততটা আগ্রহ থাকবে না—এটা স্বাভাবিক। এটা প্রাকৃতিক এবং শরিয়তবিরুদ্ধ নয়। তবে শরিয়তবিরুদ্ধ হলো বিশেষ কোনো সাহাবির ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, বিশেষ কাউকে শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে সীমালঙ্ঘন করা। কারণ, সেটা তার চেয়ে শ্রেষ্ঠ যারা তাদের অবমাননার শামিল, কুরআন-সন্নাহর আলোকে সাহাবাদের মর্যাদাগত তফাতকে অস্বীকারের অন্তর্ভুক্ত। বরং এটাই যুগে যুগে ফিরকাবাজির জন্ম দিয়েছে; দু-একজন সাহাবি বাদ দিয়ে অন্য সকলের প্রতি বিদ্বেষ রাখার পথ সুগম করেছে। এটা ভয়ংকর ফাঁদ। শিয়ারা এ ফাঁদেই আটকে গেছে।
আহলে সুন্নাতের সর্বসম্মত মত অনুযায়ী উসমান রাজি. তৃতীয় এবং চুতর্থ স্থানে থাকেন আলি রাজি.; কিন্তু তারা সবাই মুসলিম উম্মাহর সামগ্রিক ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র। কেউ যদি আলি রাজি.-কে উসমান রাজি.-এর চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তবে সে সংখ্যাগরিষ্ঠ সালাফের বিরোধিতা করল। কিন্তু এ জন্য তাকে আমরা বিদআতি বা শিয়া বলব না, যেহেতু সালাফের কারও কারও থেকে এমন বক্তব্য পাওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহি. থেকে বর্ণিত আছে, তিনি এমন বক্তব্য ঘৃণা করতেন, তথাপি এমন ব্যক্তিকে বিদআতি বলতেন না। জাহাবি লিখেন, আলি রাজি.-কে উসমান রাজি.-এর চেয়ে শ্রেষ্ঠ বললে সে বিদআতি বা রাফেজি হবে না। কারণ, অনেকে এমন কথা বলেছেন। তারা দুজনই সম্মান ও শ্রেষ্ঠত্বের অধিকারী। ইলম ও মর্যাদার ক্ষেত্রে দুজন কাছাকাছি। হতে পারে আখিরাতে তারা দুজন বরাবর থাকবেন। দুজনেই শহিদদের প্রথম সারিতে থাকবেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সালাফ উসমান রাজি.-কে আলি রাজি.-এর চেয়ে অগ্রে রাখেন; আমরাও তা-ই করি।
তিন খলিফাকে এড়িয়ে সারা দিন আলিকে নিয়ে পড়ে থাকা, আবু বকর ও উমরের নাম দায়সারাভাবে উচ্চারণ করে আলির নামের শুরুতে 'মাওলা' লাগানো, শেষে 'আলাইহিস সালাম' লাগানো, সারা দিন 'মাওলা আলি', 'আলি মাওলা' জপা আর 'ইয়া আলি' লেখা টুপি পরে ঘুরে বেড়ানো ইত্যাদি আহলে সুন্নাতের আকিদা ও রীতি নয়। এগুলো হচ্ছে দ্বীনের নামে বাড়াবাড়ি। এগুলো ভ্রান্ত শিয়া সম্প্রদায়ের আকিদা ও প্রথা, যারা কুরআন-সুন্নাহ ছুড়ে ফেলে তাদের প্রবৃত্তিকে দ্বীন বানিয়ে নিয়েছে। কারণ, তাদের প্রকৃত ভালোবাসা যদি আল্লাহর রাসুল, তাঁর সাহাবি এবং পরিবারকেন্দ্রিক হতো, তবে প্রথম তিনজন বাদ দিয়ে চতুর্থ জনকে নিয়ে এত বাড়াবাড়ি করত না; নবিপরিবারের সকল স্ত্রী ও অন্য কন্যাদের বাদ দিয়ে কেবল ফাতিমা ও হুসাইন রাজি.-কে নিয়ে বাড়াবাড়ি করত না। আমরা পিছনে বলে এসেছি, কোনো সাহাবিকে বিশেষভাবে ভালোবাসা নিষেধ নয়, কিন্তু বাড়াবাড়ি নিষেধ। আহলে সুন্নাতের চৌদ্দশো বছরের ইতিহাসে কেউ আলি রাজি., ফাতিমা ও হুসাইন রাজি.-কে নিয়ে এভাবে বাড়াবাড়ি করেনি যা শিয়ারা করেছে। দুঃখজনকভাবে এখন আহলে সুন্নাতের অনেকের মাঝেও তাদের নিয়ে বাড়াবাড়ি একটা ফ্যাশনে পরিণত হয়েছে। এগুলোর কারণে তাদের শিয়া বলা যায় না। তবে এই বাড়াবাড়ির পরিণতি শিয়াদের ফাঁদে ফেঁসে যাওয়া।

টিকাঃ
১. তুর্কিস্তানি (১৭০); আকহাসারি (২৩৯)।
২. আস-সুন্নাহ, খাল্লাল (২/৩৮১)।
৩. সিয়ারু আলামিন নুবালা (১/৭৬)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 সাহাবাবিদ্বেষ কুফর ও নিফাক

📄 সাহাবাবিদ্বেষ কুফর ও নিফাক


আহলে বাইতকে নিয়ে শিয়াদের অতিরঞ্জনের স্বাভাবিক ফলাফল ছিল রাসুলুল্লাহর অন্যান্য সাহাবির প্রতি বিদ্বেষ রাখা। এ কারণে শিয়াদের অসংখ্য সম্প্রদায় কয়েকজন সাহাবি বাদ দিয়ে বাকি সবাইকে কাফের মনে করে। অনেকে কাফের মনে না করলেও নিশ্চিতভাবে ফাসেক মনে করে। সাহাবাদের মাঝে নবিপরিবারের সদস্যদের সঙ্গে যাদের রাজনৈতিক জটিলতা ও বিভিন্ন কারণে মনোমালিন্য তৈরি হয়েছিল, সেসব সাহাবাকে তারা মুরতাদ মনে করে। এ কারণেই আহলে সুন্নাতের ইমামগণ সাহাবাবিদ্বেষকে কুফর ও নিফাক আখ্যা দিয়েছেন। এটা দ্বারা তারা খারেজি-নাসেবি-সহ অনেক সম্প্রদায় উদ্দেশ্য নিলেও মূলত শিয়ারাই প্রধান উদ্দেশ্য। তারাই আহলে বাইতের ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করে অন্যান্য সাহাবার প্রতি বিদ্বেষ রাখে।
ইমাম তহাবি যেন এখানে ভ্রান্ত শিয়াদেরই খণ্ডন করেছেন। তার বক্তব্য দেখুন: 'আমরা রাসুলুল্লাহর সকল সাহাবাকে ভালোবাসি। কারও ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করি না। কারও থেকে নিজেদের মুক্ত ঘোষণা করি না। যারা তাদের প্রতি বিদ্বেষ রাখে, তাদের মন্দ আলোচনা করে, আমরা তাদের প্রতি বিদ্বেষ রাখি। আমরা তাদের কেবল উত্তম পন্থায় স্মরণ করি। তাদের ভালোবাসাকে দ্বীন, ঈমান ও ইহসান আর তাদের প্রতি বিদ্বেষ রাখাকে কুফর, নিফাক ও সীমালঙ্ঘন মনে করি।' ইমাম তহাবি রাহি. বেশ সচেতনভাবেই সাহাবাদের ভালোবাসার পরে কারও প্রতি ভালোবাসায় বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, যা শিয়ারা আহলে বাইতের ক্ষেত্রে করে। এর পরই অন্য কোনো সাহাবি থেকে নিজেদের মুক্ত ঘোষণা করতে, তাদের মন্দ আলোচনা করতে এবং তাদের প্রতি বিদ্বেষ রাখতে নিষেধ করেছেন, যা শিয়া মতবাদের গুরুত্বপূর্ণ ভিত্তি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যখন আমার সাহাবাদের আলোচনা আসে, তখন (তাদের সমালোচনা থেকে) বিরত থাকো।'¹ আরেক হাদিসে বলেছেন, 'আনসারদের কেবল মুমিনরাই ভালোবাসে, আর তাদের কেবল মুনাফিকরাই ঘৃণা করে। যে ব্যক্তি তাদের ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহ তার প্রতি বিদ্বেষ রাখবেন।'² অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'যে ব্যক্তি আমার সাহাবাদের গালি দেবে, তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ।'³
আবু হুরাইরা থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তোমরা আমার সাহাবাদের গালি দিয়ো না। আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ! যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও আল্লাহর পথে ব্যয় করে, তবে তাদের এক মুষ্টি কিংবা অর্ধেক মুষ্টি সমান পুণ্যও লাভ করতে পারবে না।'⁴ ইমাম নববি উক্ত অধ্যায়ের শিরোনাম লিখেছেন, 'সাহাবাদের গালি দেওয়া হারাম'।
আরেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'সাবধান! আমি আমার সাহাবাদের ব্যাপারে তোমাদের সাবধান করছি। আমার পরে তাদের তোমরা (আক্রমণের) লক্ষ্যস্থল হিসেবে স্থির করো না। যে তাদের ভালোবাসবে, সে আমার ভালোবাসার কারণেই তাদের ভালোবাসবে; আর যে তাদের প্রতি বিদ্বেষ রাখবে, আমার প্রতি বিদ্বেষের কারণেই সে তাদের প্রতি বিদ্বেষ রাখবে; আর যে তাদের কষ্ট দিলো, সে যেন আমাকে কষ্ট দিলো; আর যে আমাকে কষ্ট দিলো, সে যেন আল্লাহকে কষ্ট দিলো; আর যে আল্লাহ কষ্ট দেবে, আল্লাহ তাকে পাকড়াও করবেন।'⁵

টিকাঃ
১. আল-মুজামুল কাবির, তাবারানি (১৪২৭, ১০৪৪৮)।
২. বুখারি (৩৭৮৩); মুসলিম (৭৫)।
৩. মুসন্নাফে ইবনে আবি শাইবা (৩৩০৮৬); আল-মুজামুল কাবির, তাবারানি (১২৭০৯); বাজ্জার (৫৭৫৩)।
৪. বুখারি (৩৬৭৩); মুসলিম (২৫৪০); তিরমিজি (৩৮৬১); আবু দাউদ (৪৬৫৮)।
৫. তিরমিজি (৩৮৬২); ইবনে হিব্বান (৭২৫৬); মুসনাদে আহমদ (২০৮৭৯)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 সাহাবাদের প্রতি বিদ্বেষ কেন?

📄 সাহাবাদের প্রতি বিদ্বেষ কেন?


এক. সাহাবাগণ কুরআন সংরক্ষণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সাহাবাগণ সুন্নাহ সংরক্ষণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ফলে সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখা মূলত কুরআন-সুন্নাহর প্রতি বিদ্বেষ রাখা; তাদের সন্দেহ করা মূলত কুরআন-সুন্নাহর মাঝে সন্দেহ করা। কারণ, তারাই কুরআন-সুন্নাহর ধারক-বাহক। তাদের প্রতি বিদ্বেষ রেখে কুরআন-সুন্নাহকে ভালোবাসা যায় না। দুই. তারা রাসুলুল্লাহর সঙ্গী, তাঁর মেহনত ও মুজাহাদার প্রথম ফল ও ফসল। ফলে তাদের প্রতি বিদ্বেষ রাখা মূলত রাসুলুল্লাহ ও তাঁর দাওয়াতের প্রতি বিদ্বেষ রাখা। স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন আনসারদের ভালোবাসে, কেবল মুনাফিক তাদের প্রতি বিদ্বেষ রাখে।¹ তিন. কুরআন-সুন্নাহে সাহাবায়ে কেরামের সকলের প্রতি আল্লাহর সন্তুষ্টির ঘোষণা এসেছে। সুতরাং সকল সাহাবার প্রতি বিদ্বেষ রাখা মানে কুরআনের সেসব আয়াত এবং সেসব সুন্নাহকে প্রত্যাখ্যান করা। আর এটা সুস্পষ্ট কুফর। চার. সাহাবাদের ত্যাগ, কুরবানি এবং কুরআন-সুন্নাহে তাদের এত প্রশংসা দেখার পরে কোনো মুমিন সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখতে পারে না। ফলে যে ব্যক্তি সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখবে, বোঝা যায়, সে মূলত ইসলামের প্রতি বিদ্বেষ রাখে, রাসুলুল্লাহর প্রতি বিদ্বেষ রাখে। কিন্তু ইসলাম বা রাসুলুল্লাহর প্রতি বিদ্বেষ যেহেতু মুখে প্রকাশ করার সাহস পায় না, তাই সাহাবাদের সমালোচনা করে, যাতে স্বয়ং কুরআন-সুন্নাহর সমালোচনার পথ উন্মুক্ত হয়। কারণ, সাহাবায়ে কেরামের 'আদালত' নষ্ট হয়ে গেলে কুরআন-সুন্নাহ প্রশ্নবিদ্ধ হয়, ইসলামি শরিয়ত্-এর ভিত ভেঙে যায়। আর এমন হলে তখন কুরআন-সুন্নাহ নিয়ে যা ইচ্ছা তা-ই বলা সম্ভব হয়। ফলে সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখা একদিকে কুফর, অন্যদিকে নিফাক। কুফর কারণ সে মনে মনে ইসলামের প্রতি বিদ্বেষ রাখে। নিফাক এ জন্য যে, মুখে সেটা প্রকাশ করে না। এ জন্য ইমাম তহাবি সাহাবাদের প্রতি বিদ্বেষকে কুফর ও নিফাক দুটোই বলেছেন।
ইমাম আবু জরআ বলেন, 'যখন কোনো ব্যক্তিকে আল্লাহর রাসুলের কোনো সাহাবির সমালোচনা করতে দেখবে, তখন বুঝবে সে একটা জিন্দিক। কারণ, আল্লাহর রাসুল আমাদের কাছে সত্য, কুরআন সত্য; কিন্তু তা আমাদের কাছে পৌঁছেছে সাহাবাদের মাধ্যমে। তারা আল্লাহর রাসুলের সাহাবাদের সমালোচনা করে মূলত কুরআন ও সুন্নাহকে বাতিল করার জন্য; অথচ সেসব সমালোচক অধিক সমালোচনার উপযুক্ত। তারা জিন্দিক।'² ইমাম আহমদ বিন হাম্বল বলেন, 'যদি কাউকে রাসুলের কোনো সাহাবির সমালোচনা করতে দেখো, তবে তার ইসলাম নিয়ে প্রশ্ন করার অধিকার আছে তোমার।'³

টিকাঃ
১. বুখারি (৩৭৮৩); মুসলিম (৭৫)।
২. আল-কিফায়াহ, খতিবে বাগদাদি (৪৯)।
৩. শরহুস সুন্নাহ, লালাকায়ি (৭/১৩২৬)।

ফন্ট সাইজ
15px
17px