📄 দোয়া কবুলের মালিক আল্লাহ তায়ালা
দোয়া কবুলের মালিক আল্লাহ তায়ালা: পিছনে বলা হয়েছে, জীবিত ব্যক্তিদের দোয়া মৃতদের উপকার করে। কিন্তু এর অর্থ এমন নয় যে, দোয়া নিজে নিজেই উপকার করে কিংবা জীবিতরা মৃতদের কিছু করার ক্ষমতা রাখে; বরং আল্লাহ দোয়া কবুল করেন; আল্লাহ উপকার করেন; আল্লাহ প্রয়োজন পূর্ণ করেন; আল্লাহ ক্ষমা করেন। মানুষ কেবল দোয়াই করতে পারে, এর বাইরে আর কিছু করার সক্ষমতা রাখে না। আল্লাহকে দোয়া কবুলের জন্য বাধ্য করতে পারে না; বরং কবুল করা-না করা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার।
কিন্তু আল্লাহ নিজ অনুগ্রহে মুমিনদের দোয়া কবুলের সুসংবাদ দিয়েছেন। সুতরাং যদি কোনো অন্যায় কিংবা অন্যায্য দোয়া না হয়, দোয়াতে সীমালঙ্ঘন না থাকে, তবে আল্লাহ বান্দার দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, وَقَالَ رَبِّكُمُ ادْعُوْنِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْনَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دْخِرِينَ. অর্থ: 'তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আর যারা আমার ইবাদত থেকে অহংকার করে, তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।' [গাফের: ৬০] অন্যত্র বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. অর্থ: 'আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, বস্তুত আমি রয়েছি সন্নিকটেই। যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর ঈমান আনে। এতে তারা সুপথপ্রাপ্ত হবে।' [বাকারা: ১৮৬] অসহায়ের সহায় একমাত্র আল্লাহ। তিনি বলেন, أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْশِفُ السُّوءَ অর্থ: 'বলো তো কে অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন?' [নামল: ৬২] আল্লাহ ছাড়া আর কেউ দোয়া কবুলের ক্ষমতা রাখে না। ফলে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা শিরক। আল্লাহ বলেন, إِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوا لَكُمْ وَ يَوْمَ الْقِيمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ . অর্থ: 'তোমরা তাদের ডাকলে তারা তোমাদের ডাক শোনে না। শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে।' [ফাতির: ১৪] অন্য আয়াতে বলেন, قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُوْنِ اللهِ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاتِ وَلَا فِي الْأَرْضِ وَ مَا لَهُمْ فِيهِمَا مِنْ شِرْلٍ وَমَا لَهُ مِنْهُمْ مِنْ ظَهِيْرٍ . অর্থ: 'বলুন, তোমরা তাদের আহ্বান করো যাদের উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত। তারা নভোমণ্ডল ও ভূমণ্ডলের অণু পরিমাণ কোনোকিছুর মালিক নয়। এতে তাদের কোনো অংশ নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয়।' [সাবা: ২২]
📄 দোয়া কেন কবুল হয় না?
দোয়া কেন কবুল হয় না? স্বাভাবিকভাবে আল্লাহ মুমিনের সকল দোয়া কবুল করেন। তবে দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, কিছু আদাব রয়েছে; কবুলের পথে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। যদি শর্ত ও আদাবগুলো পূর্ণ করা হয়, প্রতিবন্ধকতাগুলো থেকে বেঁচে থাকা যায়, তবে সেই দোয়া কবুলের ব্যাপারে আল্লাহর উপরে প্রদত্ত প্রতিশ্রুতিগুলো প্রযোজ্য। আর যদি শর্তগুলো লঙ্ঘিত হয়, প্রতিবন্ধকতা দাঁড়িয়ে থাকে, তবে সেসব দোয়া কবুল হয় না। তাই দোয়ার পাশাপাশি সেগুলোর দিকেও লক্ষ রাখতে হবে। কারণ দোয়া হলো তরবারির মতো। কিন্তু তরবারি থাকলেই কাটা যায় না। তরবারিতে ধার থাকতে হয়, জায়গামতো আঘাত করতে হয়। সেটা না করতে পারলে তরবারি কোনো কাজে আসে না। দোয়া কবুলের কিছু প্রতিবন্ধকতা হলো:
এক. দোয়া কবুলের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো দোয়ায় ইখলাস তথা নিষ্ঠা না থাকা। মানুষকে দেখানোর জন্য দোয়ায় সুন্দর সুন্দর শব্দ চয়ন করা, অথচ দোয়াকারীর অন্তর সেগুলোর মর্ম থেকে গাফেল। শুধু শুধু অতিরিক্ত কান্নার ভান করা অথবা অযথা জোরে জোরে চ্যাঁচামেচি করা, অথচ সেখানে কান্না নিষ্প্রয়োজন কিংবা হৃদয়ের কান্না অনুপস্থিত। আল্লাহ বলেন, اُدْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ. অর্থ: 'তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতিমিনতি করে এবং সংগোপনে। তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।' [আরাফ: ৫৫]
দুই. দোয়ায় সীমালঙ্ঘন করা। অর্থাৎ এমন দোয়া করা, যেগুলো অন্যায় তথা কুরআন-সুন্নাহে আসা মূলনীতিবিরুদ্ধ। যেমন: কোনো গুনাহ করার তাওফিক কামনা করা, আরেকজনের স্ত্রী/সম্পদকে নিজের করতে চাওয়া, অন্যের সর্বনাশের দোয়া করা, পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য দোয়া করা, কাফেরের জন্য ক্ষমা চাওয়া আর মুসলমানের জন্য চিরস্থায়ী জাহান্নামের দোয়া করা, সবার আগে জান্নাতে প্রবেশের দোয়া করা (কারণ রাসুলুল্লাহ সবার আগে প্রবেশ করবেন) ইত্যাদি।
তিন. গাফেল হয়ে দোয়া করা; ফলে কী দোয়া করছে নিজেও জানে না। অমুখাপেক্ষী হয়ে এমনভাবে দোয়া করা, যেন নিজের কোনো প্রয়োজনই নেই। এমন দোয়া কবুলের কোনো সম্ভাবনা নেই। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দোয়া করো, তখন এভাবে দোয়া করো না, 'হে আল্লাহ, আপনি চাইলে ক্ষমা করুন, আপনি চাইলে দান করুন।' বরং মিনতি সহকারে এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করো। কারণ, আল্লাহকে বাধ্য করার কেউ নেই।¹ আরেকটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'আল্লাহর কাছে দোয়া কবুলের দৃঢ় ইয়াকিন রেখে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ গাফেল ও উদাসীন হৃদয়ের দোয়া কবুল করেন না।'²
চার. আল্লাহর সঙ্গে দোয়ার আদব রক্ষা না করা। অর্থাৎ এমনভাবে দোয়া করা, যাতে মনে হয় আল্লাহর কাছে প্রার্থনা নয়, আল্লাহকে নির্দেশ দেওয়া হচ্ছে। বিশেষত সংঘবদ্ধ দোয়ায় অনেককে জোরে জোরে মাইকে হাঁক ছাড়তে দেখা যায়। বোঝা যায় না দোয়া করছে নাকি ধমক দিচ্ছে; অথচ দোয়া কবুলের ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে বিনয় ও নিজেদের প্রয়োজন প্রকাশ, আল্লাহকে নির্দেশ নয়।
পাঁচ. হারাম সম্পদ ভক্ষণ করা। এটা দোয়া কবুলের পথে অন্যতম বড় প্রতিবন্ধক। সুতরাং হারাম কামাই, হারাম চাকুরির হারাম বেতন, সেসব বেতনে গড়া বাড়িতে বসে, সেই বেতনে কেনা খাবার পেটে রেখে, সেই বেতনে কেনা জামা ও টুপি গায়ে জড়িয়ে যত দোয়া করা হোক, সেগুলো কবুল হবে না। কারণ, হারাম সবকিছু অপবিত্র। আর আল্লাহ নিজে পবিত্র। তাই তিনি অপবিত্রকে গ্রহণ করেন না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে হালাল ভক্ষণের নির্দেশ-সম্পর্কিত কয়েকটি আয়াত পড়ে বলেন, 'ধুলোমলিন এলোকেশী দীর্ঘ পথে ভ্রমণ করা এক মুসাফির দুই হাত আকাশের দিকে তুলে বলে, হে আমার রব, হে আমার রব; অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার শরীর হারামে গড়া। এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে?'³
ছয়. দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া করা। দোয়া করার সঙ্গে সঙ্গেই সেটা কবুলের জন্য অপেক্ষা করা, কবুলের কোনো আলামত না দেখা গেলে বিরক্ত হওয়া বা ভেঙে পড়া ইত্যাদি। কয়েকবার দোয়া করে কবুল হওয়ার লক্ষণ দেখা না গেলে দোয়া ছেড়ে দেওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের দোয়া কবুল করা হতে থাকে যতক্ষণ না কেউ বলে, 'আমি দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল করা হয়নি'।”⁴ আরেকটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'আল্লাহ বিরক্ত হন না। বিরক্ত তো তোমরা হও।'⁵
টিকাঃ
১. বুখারি (৬৩৩৮); মুসলিম (২৬৭৯)।
২. তিরমিজি (৩৪৭৯); মুসতাদরাকে হাকেম (১৮২৩); বাজ্জার (১০০৬১)।
৩. মুসলিম (১০১৫); তিরমিজি (২৯৮৯); দারেমি (২৭৫৯)।
৪. বুখারি (৬৩৪০); মুসলিম (২৭৩৫)।
৫. বুখারি (৪৩, ১১৫১); মুসলিম (৭৮২, ৭৮৫)।
📄 দোয়া কবুলের উপায়
দোয়া কবুলের উপায়: যেসব বিষয় দোয়া কবুলের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
এক. ইখলাস তথা নিষ্ঠার সঙ্গে দোয়া করা। আল্লাহ কুরআনের একাধিক আয়াতে সুস্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, فَادْعُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكُفِرُوْনَ অর্থ: 'তোমরা আল্লাহর জন্য দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে তাঁকে ডাকো।' [গাফের: ১৪] সুতরাং দোয়ার সময় মনে রাখতে হবে, আল্লাহ দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আমি দোয়া করছি। আল্লাহ ছাড়া আর কেউ দোয়া কবুল করার, প্রয়োজন পূর্ণ করার কিংবা কোনো উপকার করার সামর্থ্য রাখে না। আল্লাহই একমাত্র দোয়া কবুলকারী। তা ছাড়া দোয়ার মাঝে সব ধরনের লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে। লোকদেখানো দোয়া করা যাবে না।
দুই. বিনয় ও নম্রতার সঙ্গে দোয়া করা, আল্লাহর কাছে আশা ও ভয় নিয়ে দোয়া করা, আল্লাহকে দোয়া কবুলের জন্য বাধ্য মনে না করা। আল্লাহ বলেন, ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ. অর্থ: 'তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতিমিনতি করে এবং সংগোপনে। তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।' [আরাফ: ৫৫] নবিদের বড় একটি বৈশিষ্ট্য ছিল বিনয়-নম্রতা ও মিনতির সঙ্গে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ বলেন, إِنَّهُمْ كَانُوْا يُسْرِعُوْনَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُوْنَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خُشِعِينَ. অর্থ: 'তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত। আশা ও ভীতি সহকারে আমার কাছে দোয়া করত। আর তারা ছিল আমার কাছে বিনীত।' [আম্বিয়া: ৯০]
তিন. আগ্রহ নিয়ে বারবার দোয়া করা, একই দোয়া একাধিকবার পুনরাবৃত্তি করা; বিরক্ত, অতিষ্ঠ না হওয়া; নিজের অভাব ও মুখাপেক্ষিতা প্রকাশ করা। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে দোয়া করা, তিন বার করে ইস্তিগফার করা পছন্দ করতেন।¹
চার. নিরাশ না হওয়া; বরং বিভিন্নভাবে নিজের মুখাপেক্ষিতা ও দুর্বলতা তুলে ধরা। কুরআনে জাকারিয়া আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে দোয়া করার যে চিত্র এসেছে, তা প্রত্যেক মুমিনের জন্য বেশ আশা জাগানিয়া। তিনি সারা জীবন নিঃসন্তান ছিলেন। তার স্ত্রী বন্ধ্যা ছিলেন। জীবনের সকল বসন্ত পার করার পরে যখন যৌবন পশ্চিমাকাশে ঢলে পড়ে, তখন তার হৃদয় সন্তানের জন্য বেচাইন হয়ে ওঠে। তিনি আল্লাহর কাছে দোয়া করেন। নিভৃতে, লোকচক্ষুর অন্তরালে। শুরু করেন এমন কিছু বাক্য দিয়ে, যাতে দুনিয়ার সকল বিনয় ও মিনতি ঢেলে দেওয়া হয়েছে। ফলে আল্লাহ তার দোয়া কবুলও করেন। তার দোয়ার সূচনা ছিল এমন:
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا . قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَ اشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا . وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَاعِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِنْ لَدُنْكَ وَلِيًّا. يَرِثُنِي وَيَرِথُ مِنْ آلِ يَعْقُوْبَ وَ اجْعَلْهُ رَبِّ رَضِيًّا . يزَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَمِ اسْمُهُ يَحْيَى لَمْ نَজْعَلْ لَهُ مِنْ قَبْلُ سَمِيًّا . قَالَ رَبِّ أَنِّي يَكُونُ لِي غُلْمٌ وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا وَ قَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا . قَالَ كَذلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَى هَيِّنٌ وَ قَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْئًا .
অর্থ: 'এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা জাকারিয়ার প্রতি, যখন তিনি তাঁর পালনকর্তাকে আহ্বান করেছিলেন নিভৃতে। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমার অস্থি দুর্বল হয়ে গেছে; বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে; হে আমার পালনকর্তা, তবুও আপনার কাছে দোয়া করা থেকে আমি কখনও নিরাশ হইনি। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্র নিয়ে এবং আমার স্ত্রী বন্ধ্যা; তাই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন সন্তান দান করুন, যে ইয়াকুব বংশে আমার স্থলাভিষিক্ত হবে এবং হে আমার পালনকর্তা, তাকে করুন সন্তোষজনক। (আল্লাহ বলেন) হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। ইতঃপূর্বে এই নামে আমি কারও নামকরণ করিনি। তিনি বললেন, হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে, অথচ আমার স্ত্রী বন্ধ্যা আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত? তিনি বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো ইতঃপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, অথচ তুমি কিছুই ছিলে না।' [মারইয়াম: ২-৯]
আমাদের সমাজের নিঃসন্তান দম্পতিগুলোর জন্য জাকারিয়া আলাইহিস সালাম হতে পারেন উত্তম আদর্শ। তাবিজ কবচ না ঝুলিয়ে, নিয়মিত চিকিৎসা ও দোয়া অব্যাহত রাখলে আশি বছর বয়সে, শূন্যগর্ভ নারীকেও আল্লাহ সন্তান দিতে পারেন, কারণ এটা তাঁর জন্য সহজ।
পাঁচ. সুখে-দুঃখে সর্বাবস্থায় দোয়া করা। এমন যেন না হয় যে, কেবল দুঃখের সময় দোয়া করব আর সুখের সময় তাকে ভুলে যাব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুখের সময় আল্লাহর সঙ্গে পরিচিত থাকো (তার বিধান মানার মধ্য দিয়ে), তা হলে দুঃখের সময় তিনি তোমাকে চিনবেন।²
ছয়. আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণের উসিলায় দোয়া করা। যেমন: হে রহমান, আপনি পরম করুণাময় দয়ালু মালিক। আমাদের দয়া করুন। কুরআনে আল্লাহ তার নামগুলোর মাধ্যমে দোয়ার নির্দেশ দিয়ে বলেন, وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوْهُ بِهَا " 'আর আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেসব নামে তাকে ডাকো।' [আরাফ: ১৮০]
সাত. কিবলামুখী হয়ে পবিত্রাবস্থায় দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা, আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করা, রাসুলুল্লাহর উপর সালাম পাঠ করা। সেসব সময়ে দোয়া করা, যেগুলোতে দোয়া কবুলের বিশেষ সম্ভাবনা রয়েছে। যেমন: রাতের শেষ তৃতীয়াংশে, সাহরি ও ইফতারের সময়, বৃষ্টি বর্ষণের সময়, আজান ও ইকামতের মাঝে, সিজদার মাঝে, জুমার দিন শেষ বিকেলে, প্রত্যেক ফরজ নামাজের পরে ইত্যাদি। পাশাপাশি রোজাদার, মজলুম ব্যক্তির দোয়া, অন্যের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুলের বিশেষ ওয়াদা রয়েছে। ফলে সেসব অবস্থায় দোয়া করা। পাশাপাশি সেসব স্থানে দোয়ার চেষ্টা করা, যেখানে দোয়া কবুলের বিশেষ সম্ভাবনা রয়েছে। যেমন: মসজিদে দোয়া করা। আল্লাহর নাম ও গুণাবলি, নেক আমল, নবি-রাসুল ও পুণ্যবান ব্যক্তিদের উসিলা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। পিছনে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
টিকাঃ
১. আবু দাঊদ (১৫২৪); ইবনে হিব্বান (৯২৩); সুনানে কুবরা, নাসায়ি (১০২১৮)।
২. মুসতাদরাকে হাকেম (৬৩৫৯); মুসনাদে আহমদ (২৮৩১)।
📄 বিশেষ দ্রষ্টব্য: মুমিনের কোনো দোয়া বৃথা যায় না
বিশেষ দ্রষ্টব্য: মুমিনের কোনো দোয়া বৃথা যায় না। তাই অন্তরকে সর্বদা আল্লাহমুখী করে রাখা এবং সবসময়, বিশেষত প্রত্যেক নামাজের পরে, আল্লাহর কাছে কিছু-না-কিছু চাওয়া উচিত। কারণ, মানুষ যা-কিছু চাচ্ছে, সেগুলো লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। বৃথা যাওয়ার কোনো সুযোগ নেই। অতঃপর আল্লাহর সিদ্ধান্ত তিনি কীভাবে কবুল করবেন। কখনও কখনও মুমিন যা চায়, আল্লাহ দ্রুত সেটাই তাকে দিয়ে দেন।
এই একটি ক্ষেত্রে মানুষ বুঝতে পারে যে, তার দোয়া কবুল হয়েছে। অথচ দোয়া কবুল শুধু এই একভাবে হয় না, বরং আল্লাহ অনেক সময় একটি দোয়া করলে সেটার পরিবর্তে অন্য দোয়া কবুল করেন। অর্থাৎ তার মঙ্গলের জন্য তাকে প্রত্যাশিত বস্তু না দিয়ে এমন বস্তু দেন যা সে দোয়াই করেনি। কখনও কখনও দোয়ার মাঝে সরাসরি প্রার্থিত বস্তু না দিয়ে তাকে বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা করেন। কখনও তার চেয়েও উত্তম বস্তু দান করেন, কখনও তার গুনাহ ক্ষমা করেন, কখনও দোয়াগুলো পরকালের জন্য সংরক্ষণ করেন; অথচ এগুলো সম্পর্কে বান্দার কোনো ধারণাই থাকে না। ফলে দেখা যায়, জীবনের অধিকাংশ সময় সে এমন অনেক বস্তু পেয়ে যায়, যার জন্য কখনও দোয়াই করেনি। সে ভাবে এমনিতেই চলে এসেছে; অথচ হতে পারে আল্লাহ তার ভিন্ন কোনো দোয়ার কারণে সেটা দিয়েছেন। মোট কথা, মুমিনের কোনো দোয়া বিফলে যায় না। তাই দোয়া যত বেশি করা যায়, তত উত্তম। এখানে বিরক্তি কিংবা হতাশা বৈধ নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল করা হয়—হয়তো তাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, নয়তো পরকালের জন্য রেখে দেওয়া হয়, অথবা তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়...।'¹ এ জন্য ইমাম তহাবিও লিখেছেন, 'এক মুহূর্তও তাঁর অমুখাপেক্ষী হওয়া যায় না। যে ব্যক্তি নিজেকে এক মুহূর্তও আল্লাহ থেকে অমুখাপেক্ষী ভাববে, সে কাফের এবং ক্ষতিগ্রস্ত হবে।'
প্রশ্ন আসতে পারে, মসজিদে মসজিদে জুমার দিন ও বিভিন্ন নামাজের পরে মুসলিম উম্মাহর জন্য কোটি কোটি মানুষ দোয়া করে, কিন্তু তাদের দোয়া কোথায় যায়? কোনো দোয়া তো কবুল হতে দেখা যায় না। এর পূর্ণ উত্তর লম্বা আলোচনাসাপেক্ষ। তবে আমাদের মূলনীতি মনে রাখতে হবে। সেটা হলো, দোয়ার শর্তসমূহ পূর্ণ করা। আজ আমাদের সমাজের কতজন মুসলিম নিজের মাঝে এসব শর্ত পূরণের ভ্রুক্ষেপ করেন? তা হলে দোয়া কবুল হবে কী করে? তা ছাড়া দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হতাশ না হওয়া। অনেক মুসলিম এসব দোয়াকে অর্থহীন মনে করে সামাজিকতা কিংবা নিছক লোক দেখানোর জন্য হাত তোলেন। এমন দোয়াও কবুল হওয়ার নয়। অনেকে হাত তুলে গাফেল থাকেন। এমন দোয়াও কবুল হওয়ার নয়। যিনি দোয়া করছেন, তিনি অনেক সময় লৌকিকতায় আক্রান্ত থাকেন। ফলে এমন দোয়াও কবুলের আশা করা যায় না। এমন বিভিন্ন প্রতিবন্ধকতায় মুসলিমদের দোয়া আটকে যাচ্ছে। তা ছাড়া দোয়ার পাশাপাশি দাওয়া তথা কর্মও জরুরি। মুসলমানরা অহর্নিশ দুনিয়ার জন্য কাফেরদের চেয়েও অধিকতর প্রতিযোগিতায় লিপ্ত থাকবে, কেবল শুক্রবার কিংবা ঈদের দিন মসজিদে এসে মুসলিম উম্মাহ ও ইসলামের বিজয়ের জন্য দোয়া করবে, আর সাথে সাথে মুসলানদের বিজয় চলে আসবে—এটা একধরনের উপহাস। এমন হলে সাহাবাগণ মসজিদে নববি ছেড়ে পুরা দুনিয়াতে ছড়িয়ে পড়তেন না। পৃথিবীর পথে পথে বেরিয়ে প্রত্যন্ত অঞ্চলের শুষ্ক মাটি নিজেদের ঘাম ও খুনে রঙিন করতেন না। সবাই মসজিদে নববির রিয়াজুল জান্নাহতে বসে দিনরাত মানুষের হিদায়াত ও উম্মাহর বিজয় কামনা করে নিরাপদেই জীবন কাটাতেন। তা ছাড়া সকল শর্ত পূরণের পরেও বাহ্যিকভাবে সরাসরি দোয়া কবুল হওয়া শর্ত নয়; বরং আল্লাহ এসব দোয়ার পরিবর্তে তাদের অন্যভাবেও সহায়তা করতে পারেন, যা পিছনে উল্লেখ করা হয়েছে।
মোট কথা, কোনো যুক্তিতেই দোয়ার গুরুত্বকে হালকা করা যাবে না। নিরবচ্ছিন্নভাবে দোয়া অব্যাহত রাখতে হবে, পাশাপাশি কাজও করতে হবে। বাহ্যিকভাব দোয়া কবুল না হলে মনে কোনো হতাশার স্থান দেওয়া যাবে না। কারণ, দোয়া কবুল না হলে বান্দার কিছু করার আছে? আল্লাহ ছাড়া সে অন্য কারও কাছে যেতে পারবে? আল্লাহর গড়া পৃথিবী ছাড়া অন্য কোনো পৃথিবীতে যেতে পারবে? ইমাম তহাবি বলেন, 'এক মুহূর্তও তাঁর অমুখাপেক্ষী হওয়া যায় না। যে ব্যক্তি নিজেকে এক মুহূর্তও আল্লাহ থেকে অমুখাপেক্ষী ভাববে, সে কাফের এবং ক্ষতিগ্রস্ত হবে।' ফলে দোয়া কবুল হোক বা না হোক, চালিয়েই যেতে হবে। একদিন-না-একদিন আল্লাহর পক্ষ থেকে সাড়া আসবে, ইনশাআল্লাহ।
টিকাঃ
১. তিরমিজি (৩৬০৪); মুসনাদে আবু ইয়ালা (১০১৯); দেখুন: আল-ইসতিজকার, ইবনে আবদুল বার (১০/২৯৭); কাশফুল মুশকিল, ইবনুল জাওজি (৩/৪০১)।