📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 জিহাদ সবসময় চলমান থাকবে

📄 জিহাদ সবসময় চলমান থাকবে


জিহাদ সবসময় চলমান থাকবে: প্রশ্ন হতে পারে, ইমাম তহাবির 'জিহাদ অব্যাহত থাকবে' বক্তব্যের অর্থ কী? তা ছাড়া একাধিক হাদিসে এসেছে, উম্মতের একটি দল সবসময় আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকবে। যেমন: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'আমার নবুওতপ্রাপ্তি থেকে শুরু করে উম্মতের সর্বশেষ দলের দাজ্জালের বিরুদ্ধে কিতাল পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। কোনো জালেমের জুলুম, আদিলের আদল এটাকে বাতিল করতে পারবে না।'¹ মুসলিম শাসকদের অধীনে বর্তমানে যেহেতু ইকদামি জিহাদ করা সম্ভব নয়, আবার বিভিন্ন দেশ পারস্পরিক চুক্তিবদ্ধ থাকায় দিফায়ি জিহাদেরও প্রয়োজন হচ্ছে না, কিংবা প্রয়োজন হলেও উম্মাহর দুর্বলতা ও গাফিলতির কারণে বাস্তবায়িত হচ্ছে না, তা হলে জিহাদ কোথায়? মুহাক্কিক আলিমদের মতে হাদিসের অর্থ হলো, কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে। জিহাদ কখনও রহিত (মানসুখ) হবে না।² প্রয়োজন হলে এবং শর্তাবলি বিদ্যমান থাকলে মুসলিম উম্মাহ জিহাদ করবে। শর্ত বিদ্যমান না থাকলে অপেক্ষা করবে। এ জন্যই আকিদার কিতাবে হজ ও জিহাদকে একত্রে উল্লেখ করা হয়। অথচ হজ প্রতিদিন প্রতি মুহূর্তে পালিত হয় না, বরং নির্দিষ্ট সময়ে, শর্তের ভিত্তিতেই পালিত হয়। একই কথা জিহাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

টিকাঃ
১. আবু দাউদ (২৫৩২); সুনানে সাইদ ইবনে মানসুর (২৩৬৭)।
২. মিরকাত, আলি কারি (৬/২৪৫৩)।

ফন্ট সাইজ
15px
17px