📄 সুন্নাহ অনুসরণ, বিদআত বর্জন
সুন্নাহ হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। বিপরীতে বিদআত হলো দ্বীনের মাঝে নিজের পক্ষ থেকে মনগড়া জিনিস উদ্ভাবন। মুসলিম জীবনে বিশুদ্ধ ঈমান ও তাওহিদ চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো সুন্নাহর অনুসরণ, বিদআত বর্জন। কারণ, সুন্নাহ দ্বীনকে সুরক্ষিত রাখে, জীবন্ত রাখে। বিপরীতে বিদআত দ্বীনকে দুর্বল করে ফেলে, নিষ্প্রাণ করে দেয়। যখনই মুসলিম উম্মাহর মাঝে একটা বিদআতের প্রচলন ঘটে, তাদের থেকে একটি সুন্নাহ উঠে যায়। বিদআত ভালো নিয়তে করলেও সেগুলো মানুষকে আল্লাহর কাছে নেয় না, বরং আল্লাহ ও তাঁর দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়। তাই প্রত্যেক মুসলিমের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, বিদআত বর্জন করতে হবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে সুন্নাহ অনুসরণের গুরুত্ব বর্ণনা করেছেন এবং বিদআত থেকে সতর্ক করেছেন। যেমন: একটি হাদিসে তিনি বলেন, 'তোমাদের ভিতর যারা বেঁচে থাকবে, তারা অতি শীঘ্রই অনেক মতভেদ দেখতে পাবে। সুতরাং তোমাদের কর্তব্য হলো, আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশেদিনের সুন্নাহ আঁকড়ে ধরা। এটাকে তোমরা মজবুতভাবে ধরে রেখো, এটার সঙ্গে দাঁত কামড়ে পড়ে থেকো। আর তোমরা নব উদ্ভাবিত বিষয় থেকে সাবধান থাকো। কারণ, প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় বিদআত; আর প্রত্যেক বিদআত গোমরাহি; আর প্রত্যেক গোমরাহির পরিণতি জাহান্নাম।'¹
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, 'যে ব্যক্তি এমন কোনো কাজ করল যা আমাদের নয়, সেটা প্রত্যাখ্যাত।'² উলামায়ে কেরাম উক্ত হাদিসকে বিদআতের সংজ্ঞা হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং আল্লাহ তায়ালার নৈকট্য ও পুণ্য লাভের উদ্দেশ্যে এমন কোনো ইবাদত করা, যা কুরআন ও সুন্নাহর মূলনীতির আলোকে উত্তীর্ণ নয়, সেটা বিদআত হিসেবে গণ্য হবে। এমন কাজ কাউকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে না, বরং দূরে সরিয়ে দেয়। এমন কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে পুণ্য মেলে না, বরং অসন্তোষ ও শাস্তি অবধারিত হয়।
অনেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম করে এমন অনেক কাজ করেন, যেগুলো কুরআন-সুন্নাহ ও সালাফের আমলে নেই। এগুলো তারা বেশ আবেগ, আগ্রহ, নিষ্ঠা ও মহব্বতের সঙ্গেই করে থাকেন। কিন্তু তাতে কি আল্লাহর রাসুলের ভালোবাসা আদৌ অর্জিত হয়? কাউকে ভালোবাসার অর্থ আমার যেভাবে মনে চায় সেভাবে ভালোবাসা নয়, বরং যাকে ভালোবাসছি তার ভালোলাগা-মন্দলাগা দেখা। সেটা না দেখে যদি নিজের মতো করে ভালোবাসতে যাই, তাতে হিতে বিপরীত হবে। রাসুলুল্লাহর ক্ষেত্রেও একই কথা। আল্লাহর রাসুলকে ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ হলো তাঁকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করা, জীবনের সর্বত্র সবসময় তার আদর্শ অনুসরণ করা, তার আদেশ-নিষেধ মেনে চলা। এটা প্রকৃত ভালোবাসা। এতেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন। সেটা না করে নিজের ইচ্ছামতো প্রথা-পার্বণ আবিষ্কার করা, আল্লাহর রাসুলের সুন্নাহ ছেড়ে বিদআতে লিপ্ত হওয়া রাসুলের ভালোবাসা নয়, তার অসন্তোষের কারণ।
তা ছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে বিভিন্ন প্রথা-পার্বণে নিজেকে জড়ানোর আগে সালাফ তথা সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে-তাবেয়িনের জীবনের প্রতিও আমাদের একটু নজর বুলিয়ে নেওয়া উচিত। তারা হলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, উম্মাহর সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। সালাফে সালেহিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ভালোবেসেছেন, সেটা পৃথিবীর আর কোনো প্রজন্মের পক্ষে সম্ভব নয়। তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত উত্তমভাবে অনুসরণ করেছেন, সেটা পৃথিবীর আর কারও পক্ষে সম্ভব নয়। বরং তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে কোনো ত্রুটি করেননি। এমন কোনো ক্ষুদ্র আমলও বাদ দেননি যার মাধ্যমে রাসুলুল্লাহকে ভালোবাসা যায়, তাকে অনুসরণ করা যায়। সুতরাং আমরা আমাদের জীবনের প্রত্যেকটি আমল করার সময় দেখব সালাফ সেটা করেছেন কি না। কারণ, সালাফ যে কাজ করেননি, সে কাজ সুন্নাহ হতে পারে না। সালাফ যে পথে হাঁটেননি, সে পথে আল্লাহ ও রাসুলকে পাওয়া যেতে পারে না। যদি সত্যিই এসব কাজের মাধ্যমে আল্লাহ ও রাসুলকে পাওয়া যেত, তবে সালাফ আমাদের আগে করতেন। তারা যেহেতু এগুলো থেকে বিরত থেকেছেন, আমাদেরও বিরত থাকতে হবে।
আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি. বলেন, 'তোমাদের ভিতর যে-কেউ অনুসরণ করতে চায়, তবে যেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অনুসরণ করে। কারণ, তারা এই উম্মতের সবচেয়ে পবিত্র হৃদয়ের অধিকারী, সর্বাপেক্ষা গভীর জ্ঞানের অধিকারী, লৌকিকতা থেকে সবচেয়ে দূরে, সবচেয়ে বেশি হিদায়াতপ্রাপ্ত, সর্বাপেক্ষা ভালো অবস্থার উপর প্রতিষ্ঠিত। তারা সেই সম্প্রদায় আল্লাহ তায়ালা যাদের তাঁর নবির সোহবতের জন্য মনোনীত করেছেন। সুতরাং তোমরা তাদের শ্রেষ্ঠত্বের কথা মনে রেখো। তাদের পদাঙ্ক অনুসরণ করো। কারণ, তারা সিরাতে মুস্তাকিমের উপর অটল ছিলেন।' রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'ইহুদিরা একাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে। খ্রিষ্টানরা বাহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে। আমার উম্মত তিয়াত্তর ফিরকায় বিভক্ত হবে। সবগুলো ফিরকা জাহান্নামে যাবে, কেবল একটি জান্নাতে যাবে।' জিজ্ঞাসা করা হলো, 'তারা কারা, হে আল্লাহর রাসুল?' তিনি বললেন, 'যারা আমি ও আমার সাহাবাদের পথে থাকবে।' কোথাও কোথাও উক্ত হাদিসের অংশবিশেষ উল্লেখ করা হয়েছে, 'অতি শীঘ্রই আমার উম্মতের মাঝে এমন সম্প্রদায় বের হবে, প্রবৃত্তি তাদের সেভাবে তাড়িয়ে বেড়াবে যেভাবে জলাতঙ্ক রোগ আক্রান্ত ব্যক্তিকে তাড়িয়ে বেড়ায়।'
টিকাঃ
১. আবু দাউদ (৪৬০৭); তিরমিজি (২৬৭৬); ইবন মাজা (৪৩); ইবনে হিব্বান (৫)।
২. বুখারি (৭৩৫০); মুসলিম (১৭১৮)।
📄 মুসলমানদের ঐক্যের আবশ্যকতা
ঐক্য এমন একটি বিষয় যা মুসলিম জাতির স্থিতি, বিকাশ ও সংহতি বজায় রাখে, মুসলমানদের জন্য দ্বীন ও দুনিয়ার যাবতীয় কল্যাণ বয়ে আনে। ঐক্য যেমন মুসলমানদের ঈমান-আকিদাকে সুরক্ষিত রাখে, পার্থিব জগতেও মুসলমানদের শক্তিশালী করে, সমৃদ্ধ করে, মুসলিম উম্মাহকে মজবুত ও বিজয়ী করে। এ কারণে আকিদার কিতাবগুলোতে আহলে সুন্নাতের ঐক্যের উপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন,
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا.
অর্থ: 'তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তোমরা সে নেয়ামতের কথা স্মরণ করো, যা আল্লাহ তোমাদের দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে এখন তোমরা তাঁর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেছ।' [আলে ইমরান: ১০৩] অনৈক্য মুসমানদের পার্থিবভাবে কীভাবে ক্ষতি করে এবং তাদের দুর্বল করে দেয় সে প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন,
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ.
অর্থ: 'আর তোমরা আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশ মান্য করো। পরস্পরে বিবাদে লিপ্ত হয়ো না। তাতে তোমরা ব্যর্থ হবে এবং তোমাদের প্রভাব চলে যাবে।' [আনফাল: ৪৬] আজকে মুসলিম জাতি গোটা পৃথিবীর তাবৎ জাতির সামনে বিড়ালের মতো হয়ে থাকার অন্যতম একটি কারণ হলো তাদের অভ্যন্তরীণ কোলাহল, হানাহানি ও অন্তর্দ্বন্দ্ব। অথচ সবাই এক ধর্মের অনুসারী, এক তাওহিদের সাক্ষ্যদাতা, এক কুরআন-সুন্নাহর মানুষ। অনৈক্য কেবল দুনিয়া নয়, মুসলমানদের ঈমানকেও ক্ষতিগ্রস্ত করে। ফলে এটাকে পার্থিব বিষয় কিংবা ছোট করে দেখার সুযোগ নেই। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِينَ نُوَلِهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ মَصِيْرًا.
অর্থ: 'যে ব্যক্তি সরল পথ স্পষ্ট হওয়ার পরেও রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুসলমানের অনুসৃত পথ ছেড়ে অন্য পথে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাব, যে দিকে সে গিয়েছে (অর্থাৎ বক্র করে দেবো)। আর তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সেটা কতই না নিকৃষ্টতর গন্তব্য!' [নিসা: ১১৫] অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, شَرَعَ لَكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصَّى بِهِ نُوْحًا وَ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيْمَ وَمُوْسَى وَعِيْسَى أَنْ أَقِيْمُوا الدِّيْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِيْهِ.
অর্থ: 'তিনি তোমাদের জন্য সেই দ্বীন নির্ধারণ করেছেন, যার আদেশ দিয়েছিলেন নুহকে। আর যা আমি ওহি করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইবরাহিম, মুসা ও ঈসার প্রতি এ মর্মে যে, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো এবং তাতে মতভেদ করো না। [শুরা: ১৩] রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'আল্লাহ তায়ালা আমার উম্মতকে কখনোই গোমরাহির উপর ঐক্যবদ্ধ করবেন না।' এরপর দুই হাত উঁচু করে দেখিয়ে-বললেন, 'জামাতের উপর আল্লাহর হাত রয়েছে। সুতরাং যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।'¹
টিকাঃ
১. তিরমিজি (২১৬৭); মুসতাদরাকে হাকেম (৭৯৩)।
📄 ঐক্য বিনষ্টের কৌশল
মুসলমানদের ঐক্য ধরে রাখার সর্বোত্তম উপায় হলো শাখাগত বিষয় নিয়ে মতভেদ পরিহার করা। উম্মাহর কোটি কোটি সদস্য সব বিষয়ে একমত থাকা সম্ভব নয়। প্রাকৃতিক নিয়মও এর সঙ্গে যায় না। স্বয়ং সাহাবাগণ বিভিন্ন বিষয়ে মতভেদ করেছেন। কিন্তু তারা জানতেন কোন বিষয়ে মতভেদ করা যাবে আর কোন বিষয়ে মতভেদ করা যাবে না, কতটুকু মতভেদ করা যাবে কতটুকু করা যাবে না। এ কারণে তাদের মাঝে মতবিরোধ থাকলেও বিচ্ছিন্নতা ও হানাহানি ছিল না। তারা উম্মাহর বৃহত্তর ইসুর সামনে নিজেদের ক্ষুদ্র মতভেদগুলোর প্রতি ভ্রুক্ষেপই করতেন না। কিন্তু আজকের মুসলিম উম্মাহ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে মতভেদের সামনে উম্মাহর বৃহত্তর সর্বসম্মত বিষয়গুলো খেয়ালই করে না। ঈমানের ক্ষেত্রে, কুফরের ক্ষেত্রে, ফরজ ও ওয়াজিবের ক্ষেত্রে—সব জায়গায় আহলে সুন্নাত একমত। বরং দ্বীনের প্রায় পঁচানব্বই ভাগের বেশি বিষয়ে আহলে সুন্নাতের সকল মুসলিম একমত। কিন্তু আফসোসের বিষয় এই, সর্বসম্মত পঁচানব্বই ভাগ বিষয়ের চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো মতভেদপূর্ণ পাঁচ ভাগ, যেগুলোর বেশিরভাগই অগুরুত্বপূর্ণ। ফলে নফল, মুস্তাহাব, মাকরুহ ও মুবাহের মতো বিষয়গুলো নিয়ে তাদের মাঝে যুদ্ধ যুদ্ধ রব লেগে যায়। এসব বিষয় নিয়ে তারা একদল আরেক দলকে একটু ছাড় দিতে চায় না।
মসজিদ, মাদরাসা, সেমিনার—সর্বত্র কেবল এগুলো নিয়েই আলোচনা। তাদের দেখলে মনে হবে, এগুলোই ইসলামের মূল বাণী, এগুলোর জন্যই আল্লাহ কুরআন পাঠিয়েছেন। প্রায়শই বিভিন্ন ইসুকে কেন্দ্র করে তাদের পরস্পরের বিরুদ্ধে খড়গহস্ত দেখবেন; দেখবেন কীভাবে একদল আরেক দলের মসজিদ-মাদরাসা ভেঙে দিচ্ছে, জান ও মালের ক্ষতি করছে, পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করছে, নিজেরা মারামারি করে জাহিল ও ধর্মহীন লোকদের কাছে বিচারের জন্য যাচ্ছে। এর চেয়ে বড় লাঞ্ছনার কথা আর কী হতে পারে? মুস্তাহাব ও নফল নিয়ে নিজেদের এসব মারামারির ভিড়ে দ্বীন ও উম্মাহর পিঠ কখন দুশমনের জন্য উদোম হয়ে গেছে, সেটা খবর রাখারও সময় পায় না আজকের মুসলমানরা। সামান্য মতপার্থক্যের কারণে এক মুসলিম তার অপর মুসলিম ভাইকে ইহুদি-খ্রিষ্টান ও মুশরিকদের চেয়েও বড় দুশমন মনে করে। আহলে সুন্নাতের একজন আরেকজনকে ততটুকু ছাড় দেয় না, যতটা ছাড় তারা খ্রিষ্টান মিশনারি, শিয়া, কাদিয়ানি, হিন্দু ও নাস্তিকদের দেয়।
তাই সুন্নাত ও জামাত দুটো রক্ষার জন্য ছাড় দিতে হবে। মতভেদপূর্ণ বিষয়গুলোর পরিবর্তে সর্বসম্মত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জোর দিতে হবে। দ্বীন ও উম্মাহর অভিন্ন শত্রুদের প্রতি অধিকতর মনোযোগ দিতে হবে। যেসব বিষয়ে কোনো অঞ্চলে উম্মাহ একটি সুন্নাতের উপর থাকে, জামাতের সুরক্ষার জন্য সেখানে নতুন একটি বিপরীত মত সৃষ্টি অনুচিত। যেমন: কোনো অঞ্চলে মুসলিম উম্মাহ বুকের নিচে হাত বাঁধে। ফিতনার আশঙ্কা থাকলে সেখানে বুকের উপরে হাত বাঁধা অনুচিত। কোনো স্থানের মুসলিমরা তারাবি বিশ রাকাত পড়ে। বিশৃঙ্খলার ভয় থাকলে সেখানে আট রাকাতের মতাদর্শ প্রচার করা অসঠিক। কারণ, তাতে উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে, জামাত নষ্ট হবে; অথচ সুন্নাত ও জামাত দুটোই দরকার। বরং মুসলমানদের প্রচলিত একটি সুন্নাতকে অপর একটি সুন্নাতের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষেত্রে দ্বীনের চেয়ে নিজেকে ফোকাসের উদ্দেশ্য ও লৌকিকতার শিকার হওয়ার আশঙ্কা বেশি। তাই এ-জাতীয় কাজ বর্জনীয়। আমার উদ্দেশ্য যদি দ্বীনই হয়, তবে মুসলমানরা তো দ্বীনের উপর আছেনই, তা হলে কেন বিশৃঙ্খলা তৈরি করব? এমনকি যদি আমার আমলটি প্রচলিত আমলের চেয়ে উত্তম হয়, তবুও ফিতনার আশঙ্কা থাকলে আমি তাদের বিরোধিতা করব না। একটু উত্তম আমল প্রতিষ্ঠিত করতে গিয়ে মুসলমানদের মাঝে বিভেদের আগুন ছড়িয়ে দেওয়া, মুসলমানদের জামাত তথা ঐক্য ধ্বংস করে দেওয়া ইসলামের কাজ নয়। এমন উত্তমের চেয়ে অনুত্তমের উপর থাকা ঢের মঙ্গজজনক। হ্যাঁ, সংঘাতটা যদি উত্তম-অনুত্তমের পরিবর্তে ঈমান ও কুফরের, সুন্নাত ও বিদআতের হয়, তখন ঈমান ও সুন্নাহর শিবিরে থেকে কুফর ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করা অপরিহার্য।
আল্লাহ অনৈক্যকে মুশরিকদের কাজ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ. অর্থ: 'আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং দলে-দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত।' [রুম: ৩১-৩২] রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'হিদায়াতপ্রাপ্তির পরে কোনো সম্প্রদায় ততক্ষণ পর্যন্ত গোমরাহ হয় না, যতক্ষণ না বিবাদ-বিতর্কে জড়ায়। এরপর তিনি কুরআনের এই আয়াত তিলাওয়াত করলেন, مَا ضَرَبُوْهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ অর্থ: 'তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে, তা কেবল বিতর্কের জন্যই করে।'¹
টিকাঃ
১. তিরমিজি (৩২৫৩); ইবনে মাজা (৪৮); মুসনাদে আহমদ (২২৫৯৪)।
📄 আল্লাহর জন্য ভালোবাসা ও শত্রুতা
মহব্বত তথা ভালোবাসা প্রাকৃতিক বিষয়। আল্লাহ তায়ালা কেবল মানুষ নয়, পৃথিবীর সকল সৃষ্টির হৃদয়ে ভালোবাসা ঢেলে দিয়েছেন। এই ভালোবাসা ও হৃদ্যতার উপরই পৃথিবী দাঁড়িয়ে আছে। যদি সৃষ্টির ভিতরে পারস্পারিক ভালোবাসা না থাকত, তবে সর্বত্র বিশৃঙ্খলা তৈরি হতো, পৃথিবীতে সৃষ্টির বিকাশ ব্যাহত হতো। ভালোবাসা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন: প্রাকৃতিক ভালোবাসা। এগুলোতে মৌলিকভাবে পাপ-পুণ্য নেই। পণ্যের জায়গাতে ব্যবহার করলে পুণ্য, পাপের ক্ষেত্রে ব্যবহার করলে পাপ। যেমন: সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা, বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। স্বামী-স্ত্রী, ভাই-বোন ও অন্য আত্মীয়দের পারস্পরিক ভালোবাসা। এগুলো আল্লাহর জন্য হলে তাতে পুণ্য আছে, কিন্তু অপাত্রে হলে তাতে পাপও রয়েছে। একইভাবে জাগতিক বিভিন্ন বিষয়, যেমন: খাবার, পোশাক, স্থান ও সময়ের প্রতি মানুষের ভালোবাসা; এগুলোও ভালো হলে তাতে পুণ্য রয়েছে, খারাপ হলে তাতে পাপ রয়েছে।
তবে এসব ভালোবাসা প্রাকৃতিক ও বৈষয়িক। মানুষের প্রকৃতি ও প্রবৃত্তির তাতে বেশ প্রভাব রয়েছে। ফলে এগুলো কখনও স্বার্থপূর্ণ, আবার কখনও নিঃস্বার্থ হয়ে থাকে। তাই এটা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা নয়। বরং সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। যে সত্তা আপনাকে সৃষ্টি করেছেন, অস্তিত্বে এনেছেন, আপনাকে সুন্দর রূপ ও দেহাবয়ব দিয়েছেন, হাজারও অনুগ্রহে আপনার জীবন সমৃদ্ধ করেছেন, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে আপনি যার মুখাপেক্ষী, যিনি আপনাকে সুরক্ষিত রাখেন, আপনার সকল প্রয়োজন পূর্ণ করেন, তিনি আপনার ভালোবাসার সবচেয়ে বেশি উপযুক্ত। ফলে প্রত্যেক মুমিনের জন্য আল্লাহকে ভালোবাসা অপরিহার্য। এই ভালোবাসা জগতের সকল ভালোবাসার উর্ধ্বে। এই ভালোবাসার সামনে জগতের সবার ভালোবাসা, সকল ভালোবাসা ম্লান। কুরআনে আল্লাহর ভালোবাসাকে ঈমান ও কুফরের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّখِذُ مِنْ دُوْنِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّوْنَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّهِ অর্থ: 'আর এমন কিছু লোক রয়েছে, যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে, যেমন ভালোবাসা আল্লাহর প্রতি হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি।' [বাকারা: ১৬৫] মুমিনদের এই ভালোবাসার কারণে আল্লাহ তাদেরও ভালোবাসেন, মহব্বত করেন। পরকালে তিনি তাদের জান্নাত দান করবেন। দিদারের সৌভাগ্য ও সুযোগ দেবেন। বিপরীতে কাফেররা যেসব মূর্তি ও ব্যক্তিকে ভালোবাসে, যাদের পূজা করে, কিয়ামতের দিন সবাই তাদের অস্বীকার করবে। আল্লাহ বলেন, وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوْا بِعِبَادَتِهِمْ كَفِرِينَ. অর্থ: 'যখন মানুষকে হাশরে একত্র করা হবে, তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদত অস্বীকার করবে।' [আহকাফ: ৬] অন্য আয়াতে বলেন, وَقَالَ إِنَّمَا اتَّخَذْتُمْ مِنْ دُوْنِ اللَّهِ أَوْثَانًا مَّوَدَّةَ بَيْنِكُمْ فِي الْحَيُوةِ الدُّنْيَا ثُمَّ يَوْمَ الْقِيمَةِ يَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَ يَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا وَمَأْوَنَكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ تُصِرِينَ. অর্থ: 'তিনি বললেন, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ। এর পর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে লানত করবে। তোমাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না।' [আনকাবুত: ২৫]
এই ভালোবাসা আপনাকে এবং আপনার অন্য সকল ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে। আপনি আল্লাহকে ভালোবাসলে আল্লাহ যা ভালোবাসেন আপনিও তা-ই ভালোবাসবেন, আল্লাহ যা ঘৃণা করেন আপনিও তা ঘৃণা করবেন, আল্লাহ যাকে ভালোবাসতে বলেন আপনি তাকে ভালোবাসবেন, আল্লাহ যার থেকে দূরে থাকতে বলেন আপনি তার থেকে দূরে থাকবেন, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। এটাকে বলা হয় আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা রাখা। ফলে আপনার ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে মুমিনগণ, আর আপনার ঘৃণার পাত্র হবে কাফেররা। তাওহিদবাদীদের ইমাম ইবরাহিম আলাইহিস সালাম এখানেও আমাদের আদর্শ। তিনি আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতার বিরল নজির স্থাপন করেছেন। আল্লাহ বলেন, قَدْ كَانَتْ لَكُمْ أَسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَءُوا مِنْكُمْ وَمِنَا تَعْبُدُونَ مِنْ دُوْنِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَ بَدَا بَيْنَنَا وَ بَيْنَكُمُ الْعَدَاوَةُ وَ الْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَةً. অর্থ: 'তোমাদের জন্য ইবরাহিম ও তাঁর সঙ্গীদের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের অস্বীকার করলাম। তোমাদের ও আমাদের মাঝে শুরু হলো চিরশত্রুতা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে।' [মুমতাহিনা: ৪]
মুমিনদের প্রতি কীভাবে ভালোবাসা রাখতে হয় আল্লাহ আমাদের সে দোয়া শিখিয়ে দিয়েছেন, وَ الَّذِينَ جَاءُوْ مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوْبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَّحِيمٌ . অর্থ: 'আর যারা তাদের পরে আগমন করেছে তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের এবং ভ্রাতাদের যারা আমাদের অগ্রে ঈমান এনেছে, ক্ষমা করুন। আর ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।' [হাশর: ১০] কাফেরদের ঘৃণার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُوْনَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ অর্থ: 'হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ যে সত্য তোমাদের কাছে আগমন করেছে, তারা তা অস্বীকার করেছে।' [মুমতাহিনা: ১] অন্য এক আয়াতে কাফেরদের প্রতি বিদ্বেষ মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করে বলেন, لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُوْনَ بِاللَّهِ وَالْيَوْমِ الْآখِرِ يُوَادُّوْنَ مَنْ حَاذَ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيْرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوْبِهِمُ الْإِيْمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحِ مِنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهُرُ خُلِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ * أُولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُوْনَ. অর্থ: 'যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাদের আপনি আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধাচরণকারীদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা নিকটাত্মীয় হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদের শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রেখো, আল্লাহর দলই সফলকাম হবে।' [মুজাদালাহ: ২২]
এ ভালোবাসাটা স্রেফ ইহকালের নয়, বরং পরকালের সঙ্গেও সম্পৃক্ত। পরকালে শুধু এই ভালোবাসাই কাজে আসবে। পার্থিব স্বার্থের জন্য পৃথিবীতে যারা একে অপরকে ভালোবেসেছে, সেখানে তারা শত্রু হয়ে যাবে। আর যারা ঈমানের ভিত্তিতে একে অপরকে ভালোবেসেছে, তাদের বন্ধন অটুট থাকবে, তারা একে অপরের উপকারে আসবে। আল্লাহ কিয়ামতের দিন মুমিন ও কাফেরদের বন্ধুত্বের ব্যাপারে বলেন, الْآخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ. অর্থ: 'বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিগণ নয়।' [জুখরুফ: ৬৭] অপরদিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ভালোবাসার সুফল সম্পর্কে বলেন, 'আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন, তারা কোথায় যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে? তাদের আজ আমার ছায়ায় ছায়া দান করব যেদিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই।'¹ আরেক হাদিসে এসেছে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, যাদের জন্য কিয়ামতের দিন নুরের মিম্বার প্রস্তুত করা হবে, অথচ তারা নবি নন শহিদও নন; বরং নবি ও শহিদগণ তাদের দেখে ঈর্ষা করবেন।' সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, 'তারা কারা?' তিনি বললেন, 'যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে।'² অন্য একটি হাদিসে বলেছেন, 'সাত ব্যক্তিকে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার ছায়ায় ছায়া দেবেন যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না: এক. ন্যায়পরায়ণ শাসক। দুই. সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে বেড়ে উঠেছে। তিন. সেই লোক যার হৃদয় সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকত। চার. সেই দুজন মানুষ যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আল্লাহর জন্য তারা মিলিত হয়েছে, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়েছে। পাঁচ. সেই লোক যাকে সুন্দরী ও সম্ভ্রান্ত কোন নারী ডেকেছে, কিন্তু সে জবাবে বলেছে, আমি আল্লাহকে ভয় করি। ছয়. সেই ব্যক্তি যে আল্লাহর জন্য এমনভাবে দান করেছে যে, তার বাম হাত জানতে পারেনি ডান হাত কী দান করেছে। সাত. সেই ব্যক্তি যে আল্লাহকে নির্জনে ডেকেছে আর যাতে তার চোখের অশ্রু ঝরেছে।'³ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তিনটি বিষয় যার মাঝে থাকবে, সে ঈমানের স্বাদ আস্বাদন করবে: যে আল্লাহ ও তাঁর রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ফলে তার কাছে তাদের দুজনের চেয়ে আর কেউ প্রিয় হবে না। যে অন্যকে কেবল আল্লাহর জন্য ভালোবাসবে। আর যাকে আল্লাহ কুফর থেকে রক্ষা করার পরে সেখানে ফিরে যাওয়াকে ততটা অপছন্দ করবে, যতটা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে।'⁴
টিকাঃ
১. মুসনাদে আহমদ (১৮৮২১); তয়ালিসি (৭৮৩); মুসান্নাফে ইবনে আবি শাইবা (৩১০৬০)।
২. নাসায়ী (৪১৮৮)।
৩. আল-মুজামুল কাবির, তাবারানি (৩৪৩৪); তিরমিজি (২৩৯০); মুসনাদে আহমদ (২২৫০৬)।
৪. বুখারি (৬৬০, ১৪২৩); মুসলিম (১০৩১)।
৫. বুখারি (১৬, ২১); মুসলিম (৪৩)।