📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 ইমান কি বাড়ে-কমে?

📄 ইমান কি বাড়ে-কমে?


এটা মূলত পিছনের মাসআলা অর্থাৎ ঈমানের সংজ্ঞার সঙ্গে সম্পৃক্ত একটি মাসআলা। ফলে ওখানে যে মতানৈক্য ছিল, এখানেও একই মতানৈক্য দেখা যাবে। জমহুর সালাফ, ইমাম আশআরি এবং অনেক আশআরিগণ মনে করেন, ঈমান বাড়ে ও কমে। যেমন: সুফিয়ান ইবনে উয়াইনাহ, ফুজাইল ইবনে ইয়াজ, হাফস ইবনে গিয়াস, ওয়াকি, আবদুল্লাহ ইবনুল মুবারক, ইয়াজিদ ইবনে হারুন, আবদুর রহমান ইবনে মাহদি, বুখারি, মুসলিম, আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, হুমাইদি, শাফেয়ি, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহাওয়াই প্রমুখ।৪ সহিহ মুসলিমের একটি অধ্যায়ের শিরোনামই এমন: 'ঈমান বাড়ে ও কমে'।৫ বরং সুনানে ইবনে মাজাতে এটা ইবনে আব্বাস, আবু হুরাইরা ও আবুদ দারদার বক্তব্য বলা হয়েছে।৬ ইবনে হাজার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে, বড় বড় ইমামদের মতামত উল্লেখ করে জমহুরের মতামতকে অগ্রাধিকার দিয়েছেন।৭

এক্ষেত্রে তাদের দলিল কুরআনের বিভিন্ন আয়াত ও বিভিন্ন হাদিসের বাহ্যিক অর্থ। যেমন,

ওয়া ইজা মা উনজিলাত সুরাতুন ফামিনহুম মাই ইয়াকুলু আইয়্যুকুম যাদাতহু হাজিহি ইমানা... [তাওবা: ১২৪]

অন্যত্র বলেন:

হুওয়াল্লাজি আনযালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিইয়াযদাদু ইমানাম মাআ ইমানিহিম। [ফাতহ: ৪]

অন্য জায়গায় বলেন,

আল্লাজিনা ক্বলা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ইমানা... [আলে ইমরান: ১৭৩]

অন্যত্র বলেন,

ইন্নামাল মুমিনুনাল্লাজিনা ইজা জুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম... [আনফাল: ২]

হাদিসের ক্ষেত্রে তারা সেসব হাদিস দিয়ে দলিল পেশ করেন, যেসব হাদিসে হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান থাকার কথা বলা হয়েছে। তাদের যুক্তি হলো, এক সরষেদানা পরিমাণ থাকার অর্থ হলো, এভাবে ঈমান কমে গিয়েছে। আর যে বস্তু কমে, তা বাড়েও। যেমন: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরষেদানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আর যার অন্তরে সরষেদানা পরিমাণ ঈমান থাকবে, সে জাহান্নামে প্রবেশ করবে না।'১ শাফায়াত-সংক্রান্ত লম্বা হাদিসে এসেছে, যখন আল্লাহর রাসুল এক শ্রেণির এমন মুমিনের জন্য সুপারিশ করবেন, যাদের আল্লাহ তায়ালা ইতোমধ্যে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আল্লাহ তাকে বলবেন, ঠিক আছে, যান। আপনি সেখান থেকে যার হৃদয়ে বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান আছে, তাকেও বের করে নিয়ে আসুন।১ প্রসিদ্ধ হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ কোনো অন্যায় দেখে, তখন সেটা যেন হাত দ্বারা প্রতিহত করে। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারে, তবে যেন মুখ দিয়ে প্রতিহত করে। আর যদি তাও না পারে, তবে যেন হৃদয় দিয়ে প্রতিবাদ করে। আর এটাই হল সর্বনিম্ন ঈমান।২

অপরদিকে ইমাম আবু হানিফা, মাতুরিদি ও কিছু আশআরি মনে করেন, মূল ঈমান কমা-বাড়ার সুযোগ নেই।৩ মুমিনের আমল ও তাকওয়ার ভিত্তিতে তাদের মর্যাদা, আল্লাহর নৈকট্য কমে-বাড়ে; কিন্তু মূল ঈমান কমে-বাড়ে না। তাদের দলিল: কারণ ন্যূনতম যেসব বিষয়ে ঈমান আনা অপরিহার্য, যেসব বিষয়ে ঈমান না আনলে কাউকে মুমিন বলা যায় না এবং যেসব বিষয়ে ঈমান আনামাত্রই কাউকে মুমিন বলা যায়, সেসব বিষয়ে একজন নবির যেমন ঈমান আনতে হয়, একজন সাধারণ মানুষেরও ঈমান আনতে হয়; আর তা হলো কালিমা বা ঈমানের ছয় রুকন।

হ্যাঁ, সাক্ষ্যের মান ও গভীরতা তো সমান হবে না। ফলে ঈমানের মূল বিষয়ে সব মানুষ সমান হলেও শক্তি-সামর্থ্য ও নুরের ক্ষেত্রে সমান নয়। রাসুলদের ঈমানের ধারেকাছেও সাধারণ মানুষের ঈমান পৌঁছতে পারে না। ইবাদত, আনুগত্য ও তাকওয়ার ভিত্তিতে মুমিনদের মর্যাদা কমেবাড়ে। এটাকেই ইমাম তহাবি বলেছেন, 'ঈমান একটি একক। মূল ঈমানের ক্ষেত্রে সকল মুমিন অভিন্ন স্তরে। তবে তাদের মাঝে স্তরভেদ ঘটে আল্লাহর ভয়, তাকওয়া, প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম এবং সর্বাবস্থায় উত্তম পন্থা অবলম্বনের মাধ্যমে।'

এই মতভেদের ফলাফল কী? প্রকৃতপক্ষে এটাও প্রথম মতভেদের মতো শাব্দিক, মৌলিক মতভেদ নয়। জমহুর উলামায়ে কেরাম ঈমানকে শরীরী বস্তু মনে করেন না; বরং এটা বিমূর্ত ও অশরীরী অবস্থা। ফলে ঈমান বাড়া ও কমার যে ব্যাখ্যা তারা দেন, সেটার মাঝে আর আশআরি-মাতুরিদিদের ব্যাখ্যার মাঝে মৌলিক তফাত নেই। সাহাবি উমাইর ইবনে হাবিব ইবনে খুমাশা রাজি. ঈমান বাড়াকমার ব্যাখ্যায় বলেছেন, যখন আমরা আল্লাহর জিকির করি, তাকে ভয় পাই, সেটাকে ঈমান বাড়া বলে। আর যখন তাকে ভুলে যাই, গাফেল থাকি, সেটাকে ঈমান কমা বলে।৩ ইবনে মাসউদ-সহ কয়েকজন সাহাবি থেকে বর্ণিত আছে, তারা দোয়া করতেন-হে আল্লাহ, আমার ঈমান বাড়িয়ে দিন।৪

ইমাম আবু হানিফা বলেন, বিশ্বের সকল মুমিন ঈমান ও তাওহিদের ক্ষেত্রে এক। তাদের মাঝে পার্থক্য আমলের ক্ষেত্রে।'১ মোল্লা আলি কারিও এটাকে ইমাম রাজির উদ্ধৃতি দিয়ে শাব্দিক মতপার্থক্য বলেছেন।২ জফর আহমদ উসমানিও একই কথা বলেন।৩ কাশ্মীরি বলেন, উভয় পক্ষের বক্তব্যই নিজস্ব জায়গায় সঠিক। কিন্তু ইখতিলাফ-পাগল মানুষজন এসে দুই দলকে দুই প্রান্তে নিয়ে যায় এবং বিভেদ ঘটায়।৪ শাব্বির আহমদ উসমানি বলেন, ন্যায়নিষ্ঠ মুহাক্কিকমাত্রই উক্ত মাসআলাতে গভীর দৃষ্টি দিলে অনুভব করবেন, তাতে বিবাদের পরিমাণটা বেশি নয় এবং সেটাও শাব্দিক।৫

টিকাঃ
৪. সুনানে কুবরা, বাইহাকি (২০৯৫০); মুসনাদে হুমাইদি (উসুলুস সুন্নাহ; ১৩৩৩); আল ইবানাহ, আশআরি (২৭)।
৫. সহিহ মুসলিম (৪৯)।
৬. সুনানে ইবনে মাজা (৭৪, ৭৫)।
৭. ফাতহুল বারি (১/৪৭)।
১. আবু দাউদ (৪০৯১)।
১. বুখারি (৭৫১০)।
২. মুসলিম (৪৯); ইবনে হিব্বান (৩০৬)।
৩. গুনাইমি (৯৯-১০০)।
৩. মুসন্নাফে ইবনে আবি শাইবা (৩০৯৬৩)।
৪. মুসান্নাফে আবদুর রাজ্জাক (৬৬৬২); ইবনে আবিল ইজ (৩২৭)।
১. ফিকহুল আকবার (৫৫)।
২. শরহে ফিকহিল আকবার, আলি কারি (২৫৭-২৫৮)।
৩. ইলাউস সুনান (১৯/২৩৫)।
৪. ফয়জুল বারি (১/১৩৮-১৪০)।
৫. ফাতহুল মুলহিম (১/৪০৩)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 হাদিস অস্বীকারকারী সম্প্রদায়ের ব্যাপারে সতর্কবাণী

📄 হাদিস অস্বীকারকারী সম্প্রদায়ের ব্যাপারে সতর্কবাণী


মুসলিম বিশ্বে সম্প্রতি একটি ভ্রান্ত সম্প্রদায়ের প্রাদুর্ভাব ঘটেছে, যারা আল্লাহর রাসুলের সুন্নাহ অস্বীকার করে, কিন্তু মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কুরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে। অর্থাৎ মুসলমানরা যেহেতু সুন্নাহকে ছেড়ে দেওয়ার কথা বললে তাদের প্রত্যাখ্যান করবে, এ জন্য তারা সুন্নাহকে সরাসরি নিশানা বানায় না, বরং কুরআন আঁকড়ে ধরার প্রতি গুরুত্ব দেয়। অথচ সুন্নাহ ছাড়া কেবল কুরআনের মাধ্যমে ইসলাম দাঁড়িয়ে থাকতে পারবে না। কারণ, কুরআন ও সুন্নাহ দুটোই আল্লাহর ওহি। কুরআন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে,

ওয়া মা ইয়ানতিক্বু আনিল হাওয়া... [নাজম: ৩]

কুরআনের অপর আয়াতে এসেছে,

ওয়া মা আতাকুমুর রাসুলু ফাখুজুহু... [হাশর: ৭]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অস্বীকারকারীদের ব্যাপারে সতর্ক করে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেন, 'মনে রেখো, আমাকে কুরআন দেওয়া হয়েছে এবং কুরআনের সঙ্গে সমপরিমাণ দেওয়া হয়েছে। সাবধান! অতি শীঘ্রই এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, যারা পেট পুরে খেয়ে চেয়ারে চিত হয়ে বলবে, তোমাদের জন্য কুরআনই যথেষ্ট।'১ এ কারণে ইমাম তহাবি তাদের খণ্ডনে বলেছেন, 'হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত বক্তব্য ও বিধি-বিধান বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, সবকিছুই সত্য।' এগুলোকে অস্বীকার করা যাবে না।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এ সম্প্রদায় অসংখ্য মানুষকে গোমরাহ করছে। তারা কুরআন মানে, অথচ কুরআন তাদের কাছে অবতীর্ণ হয়নি, আল্লাহর রাসুলের মাধ্যমেই এসেছে। একটাকে গ্রহণ করে আরেকটা অস্বীকার করার মানে কী? কুরআন আকাশ থেকে ছাপা হয়ে আসেনি। সাহাবায়ে কেরাম কুরআন সংকলন করেছেন। হাদিসও তারা বর্ণনা করেছেন। একটাকে স্বীকার করে আরেকটা অস্বীকার করা বৈপরীত্য। আল্লাহ তাদের হিদায়াতের আলো দিন। কুরআন ও সুন্নাহ দুটোকেই গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজপথে ওঠার তাওফিক দিন।

টিকাঃ
১. আবু দাউদ (৪৬০৪); মুসনাদে আহমদ (১৭৪৪৯)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 খবরে ওয়াহেদ হাদিস কি আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য?

📄 খবরে ওয়াহেদ হাদিস কি আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য?


এখানে আরেকটি বিষয়ের দিকেও ইঙ্গিত করা জরুরি। তা হলো, কোন ধরনের হাদিস আকিদার ক্ষেত্রে দলিল হতে পারে? একদল আলিমের মতে, সব ধরনের বিশুদ্ধ হাদিস। সুতরাং শর্ত হলো হাদিসটি বিশুদ্ধ হওয়া। এর পর সেটা মুতাওয়াতির (অনেকের বর্ণনা) কিংবা ওয়াহিদ (এক/দুই ব্যক্তির বর্ণনা) হোক, তাতে কিছু যায়-আসে না।১ আরেক দল আলিমের মতে, কেবল মুতাওয়াতির হাদিস আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য, খবরে ওয়াহিদ আকিদার ক্ষেত্রে দলিল নয়। কারণ, এটা ‘ইলমে ইয়াকিন’ (তথা সুনিশ্চিত জ্ঞান)-এর পর্যায়ে নয়।২

টিকাঃ
১. এগুলোর সংখ্যা অনুপাতে আবার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। বিস্তারিত দেখতে পারেন: তাইসিরু মুসতালাহিল হাদিস, ড. মাহমুদ তহহান।
২. উসুলুল বাজদাবি (কাশফুল আসরারের মাতন) (২/৩৭০)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 সকল মুমিন আল্লাহর ওলি

📄 সকল মুমিন আল্লাহর ওলি


সকল মুমিন তার ঈমানের কারণে আল্লাহর বন্ধু, প্রিয় ও অনুগ্রহভাজন। ঈমানের তারতম্যের কারণে আল্লাহর সঙ্গে সম্পর্কে তারতম্য ঘটে। কিন্তু ঈমানের বদৌলতে কুরআন-হাদিসে মুমিনদের সামগ্রিকভাবে আল্লাহর বন্ধু বলা হয়েছে। আল্লাহ বলেন,

আলা ইন্না আউলিয়াআল্লাহি লা খাউফুন আলাইহিম... [ইউনুস: ৬২-৬৪]

আল্লাহ বলেন,

ওয়ামা লাহুম আল্লা ইউআজ্জিবাহুমুল্লাহু... [আনফাল: ৩৪]

অন্য আয়াতে বলেন,

ইন্না অলিয়্যিয়াল্লাহুল্লাজি নাযযালা কিতাবা... [আরাফ: ১৯৬]

অন্য আয়াতে বলেন,

আল্লাহু অলিয়্যুল্লাজিনা আমানু... [বাকারা: ২৫৭]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, 'যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ফরজের চেয়ে আর কোনো বিষয়ের মাধ্যমে বান্দা আমার অধিক নিকটবর্তী হতে পারে না...।'১

প্রমাণিত হলো, যারাই আল্লাহকে ভয় করবে, শরিয়তের বিধি-নিষেধ মেনে চলবে, তারাই আল্লাহর ওলি। ইসলামে সবাই সরাসরি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। স্রেফ কুরআন-সুন্নাহ মানা, আল্লাহর নির্দেশ পালন করাই বেলায়াতের পথ। প্রত্যেক মুমিন আল্লাহর ওলি হতে পারে। কারামত-সম্পর্কিত অধ্যায়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আসবে, ইনশাআল্লাহ।

টিকাঃ
১. বুখারি (৬৫০২); বাইহাকি (সুনানে কুবরা) (৬৪৮৬); মুসনাদে আবু ইয়ালা (৭০৮৭)।
২. ফাতহুল বারি (১১/৩৪২)।

ফন্ট সাইজ
15px
17px