📄 অন্যান্য ধর্মগ্রন্থ পড়ার বিধান
অন্য ধর্মের গ্রন্থ অধ্যয়নের ক্ষেত্রে ইসলাম বিশেষ কোনো মূলনীতি বেঁধে দেয়নি। বরং যে কোনো সাধারণ গ্রন্থ পড়ার ক্ষেত্রে যে মূলনীতি, এখানেও সেটা প্রযোজ্য। সাধারণ গ্রন্থ পড়ার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো, ভালো বিষয়বস্তুর বই পড়া যাবে, মন্দ বিষয়বস্তুর বই পড়া যাবে না। যেহেতু পৃথিবীতে শিরকের চেয়ে মন্দ কোনো কিছু নেই; আর ধর্মীয় গ্রন্থ হিসেবে প্রচলিত সেসব গ্রন্থে যেহেতু প্রচুর শিরকি কথা-বার্তা বিদ্যমান, তাই ওগুলো এই দৃষ্টিকোণ থেকে ভালো বিষয়বস্তুর বই নয়। ফলে ওগুলো পড়াও উচিত নয়। বিশেষত সাধারণ মানুষের ওসব গ্রন্থ পড়ে বিভ্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি থাকে। উপরন্তু জ্ঞানের জন্য ওগুলোর চেয়ে ভালো বই আছে। দুঃখজনকভাবে তথাকথিত উচ্চশিক্ষিত অনেক মুসলিম দাবিদার নিয়মিত স্রেফ কৌতূহল কিংবা স্টাইল হিসেবে বেদ-বাইবেল পড়েন, কিন্তু কুরআন খুলে দেখার সুযোগ পান না। এটা সুস্পষ্ট গোমরাহি ও দুর্ভাগ্যের লক্ষণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাবের হাতে ইহুদিদের কিতাবের কিছু অংশ দেখে প্রচণ্ড ক্রুদ্ধ হন, তাঁর চেহারা বিবর্ণ হয়ে যায় এবং এগুলো পড়তে বারণ করে দেন।১ তাহলে সাধারণ মানুষ এগুলো পড়তে পারে কী করে? ইবনে আব্বাসও আহলে কিতাব তথা ইহুদি-খ্রিষ্টানদের গ্রন্থ পড়া কিংবা তাদের কাছে ধর্মীয় বিষয় জানতে চাওয়া কঠোরভাবে বারণ করতেন।২
হ্যাঁ, আলিম ও দাঈগণ দাওয়াতের উদ্দেশ্যে, খণ্ডনের উদ্দেশ্যে, সেসব গ্রন্থের অনুসারীদের সামনে সেগুলোর বাস্তবতা তুলে ধরে তাদের কুরআনের দিকে আহ্বানের লক্ষ্যে সেগুলো পড়তে পারেন, অধ্যয়ন করতে পারেন, গবেষণা করতে পারেন। তবে এর আগে কুরআন-সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন এবং নিজের ঈমানের উপর ব্যাপক আস্থা তৈরি করে তবেই শুরু করা যেতে পারে। পাশাপাশি দিনরাত সেগুলো নিয়ে পড়ে থাকলে ঈমানের ক্ষতি হতে পারে। তাই কুরআন-সুন্নাহকে মূল রেখে প্রয়োজন অনুপাতে দেখার সুযোগ থাকবে।৩
টিকাঃ
১. মুসনাদে আহমদ (১৫৩৮৮); মুসান্নাফে ইবনে আবি শাইবা (২৬৯৪৯)।
২. বুখারি (২৬৮৫, ৭৩৬৩)।
৩. দেখুন: ফাতহুল বারি, ইবনে হাজার (১৩/৫২৫)।