📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 ফেরেশতাদের স্বরূপ

📄 ফেরেশতাদের স্বরূপ


ফেরেশতারা আল্লাহর অনুমতিতে নিজস্ব রূপ বদলাতে এবং বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম। যেমন: জিবরাইল আলাইহিস সালাম মারইয়ামের কাছে আগমন করেন [মারইয়াম: ১৭]; ইবরাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতাদের একটি দল সুন্দর যুবকের রূপ ধরে আগমন করেন; জিবরাইল আলাইহিস সালাম নিয়মিতই রাসুলের কাছে মানুষের রূপ ধারণ করে আগমন করতেন। তবে তাদের প্রকৃত রূপ কেমন, সেটা আল্লাহ ভালো জানেন। কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিস দেখলে বোঝা যায়, ফেরেশতারা মানুষ-সহ আমাদের পরিচিত অন্যান্য সৃষ্টিজীবের তুলনায় আলাদা। তবে তারা সুদৃশ্য ও সুন্দর। আল্লাহ তায়ালা জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বলেন,

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ... [নাজম: ৫-৬]

কুরআনের আয়াত দেখলে বোঝা যায়, ফেরেশতাদের দুটি, তিনটি ও চারটি করে ডানা রয়েছে। আল্লাহ তায়ালা বলেন,

আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি... [ফাতির: ১]

আয়াতের শেষাংশ দ্বারা বোঝা যায়, কারও কারও এর বেশি থাকতে পারে। যেমন: একটি হাদিসে ফেরেশতা জিবরাইলের ব্যাপারে বর্ণিত আছে যে, তাঁর ছয়শো ডানা রয়েছে। একেকটি ডানা পুরো দিগন্তকে ঢেকে দেওয়ার মতো প্রকাণ্ড। ১ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আরশ বহনকারী আট জন ফেরেশতার একজনের আকৃতি বর্ণনা-প্রসঙ্গে বলেন, তাঁর কানের লতি থেকে কাঁধ পর্যন্ত সাত শত বছরের দূরত্ব। ২

সুতরাং তাদের রূপ ও স্বরূপ কেমন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর দুর্বলতম সৃষ্টি মানুষ ফেরেশতাদের নিজস্ব আকৃতিতে দেখার সামর্থ্য রাখে না। তাই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে মানুষের কাছে আসেন, যেমন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসুলের কাছে আসতেন। জীবনে মাত্র দুইবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজস্ব আকৃতিতে দেখেছেন। প্রথমবার মক্কার উপকণ্ঠে। তখন তিনি তাকে দেখে বেহুঁশ হয়ে যান। দ্বিতীয়বার মিরাজের রাতে সিদরাতুল মুনতাহার কাছে দেখেন। আল্লাহ তায়ালা এ সম্পর্কে বলেন,

আল্লামাহু শাদিদুল কুওয়া... [নাজম: ৫-১৮]

এ ছাড়া সবসময় তিনি তাকে মানুষের আকৃতিতে দেখেছেন। অধিকাংশ সময়ই জিবরাইল আলাইহিস সালাম সাহাবি দিহইয়া কালবির রূপ ধারণ করে রাসুলের কাছে আসতেন।

টিকাঃ
১. মুসলিম (১৭৪); মুসনাদে আহমদ (৩৮২৫); আল-বিদায়া ওয়ান নিহায়া (১/৪৬)।
২. আবু দাউদ (৪৭২৭)।
৩. বুখারি (৪৮৫৫); ইবনে হিব্বান (৬০); মুসনাদে আহমদ (৩০১৩)।
১. বুখারি (৩৬৩৪); মুসলিম (১৬৭); সালেহ ফাওজান (১০২)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 ফেরেশতাদের দায়িত্ব

📄 ফেরেশতাদের দায়িত্ব


আল্লাহ তাদের সৃষ্টি করেছেন ইবাদত ও সৃষ্টির মাঝে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য। তাদের মাঝে কেউ মানুষের কাছে ওহি নিয়ে আসার দায়িত্বে নিয়োজিত, যেমন জিবরাইল আলাইহিস সালাম। আবার কেউ বৃষ্টিবর্ষণ ও ফসল ফলানোর দায়িত্বে নিয়োজিত, যেমন মিকাইল আলাইহিস সালাম। কেউ সৃষ্টিকে মৃত্যুদানের দায়িত্বে নিয়োজিত, যেমন মালাকুল মউত আলাইহিস সালাম। [সাজদা: ১১] আবার কেউ শিঙায় ফুঁক দেওয়ার দায়িত্বে নিয়োজিত, যেমন ইসরাফিল আলাইহিস সালাম। একদল জান্নাতের পাহারাদার হিসেবে নিয়োজিত। [জুমার: ৭৩] আরেক দল জাহান্নামের পাহারাদার হিসেবে নিয়োজিত ‘জাবানিয়্যাহ’ হিসেবে পরিচিত ফেরেশতার দল। তাদের সর্দার মালেক। [জুখরুফ: ৭৭, জুমার: ৭১, আলাক: ১৭-১৮] আরেক দল মানুষকে সার্বিক সুরক্ষাদানের দায়িত্বে নিয়োজিত (হাফাজাহ ও মুআক্কিবাত), তারা মানুষের সামনে-পিছনে থেকে রক্ষা করেন। [রাদ: ১১] অনেক সময় মানুষ হঠাৎ বড় ধরনের বিপদাপদ কিংবা এক্সিডেন্ট থেকে অল্পের জন্য রক্ষা পায়। ভাবে, কাকতালীয়ভাবে রক্ষা পেয়েছে। অথচ আল্লাহ তাকে সেই ফেরেশতাদের মাধ্যমে রক্ষা করেছেন, এটা ভুলে যায়। এসব ফেরেশতাকে ‘হে আল্লাহর বান্দা, আমাকে সাহায্য করুন’ বলে ডাকলে তারা মানুষকে পথ দেখান, সাহায্য করেন। ২ কেউ কেউ দুনিয়াতে মানুষকে পরীক্ষার জন্য আগমন করেন, যেমন বনি ইসরাইলের তিন ব্যক্তিকে পরীক্ষা করা: ১ বাবেল শহরে হারুত ও মারুত নামক দুই ফেরেশতা অবতীর্ণের ঘটনা। ৩ আরেক দল মাতৃগর্ভে মানবসন্তানের ভ্রূণের দায়িত্বে নিয়োজিত। ১ আরেক দল মানুষের আমলনামা লেখার দায়িত্বে নিয়োজিত (কিরামান কাতিবিন)। [ইনফিতার: ১০-১১, ক্বাফ: ১৭-১৮] আরেক দল কবরে প্রশ্নের দায়িত্বে নিযুক্ত (মুনকার-নাকির)। ২ আবার অনেক ফেরেশতা পৃথিবীতে ভ্রমণ করতে থাকেন। বিভিন্ন জিকির ও দ্বীনি মজলিসে তারা অংশগ্রহণ করেন। ৩

টিকাঃ
১. আবু হুরাইরা রাজি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছিল। একজন কুষ্ঠ রোগাক্রান্ত, দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করার ইচ্ছা করলেন। তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন... [মুসলিম: ২৯৬৪); বুখারি (৬৬৫৩)।
২. তাবারানি, আল-মু'জামুল কাবির (২৯০)।
৩. কুরআনের মাত্র একটি আয়াতে বাবেল শহরে এই দুই ফেরেশতা অবতরণের ঘটনা রয়েছে... তবে তাদের ব্যাপারে যেসব গালগল্প প্রচলিত... এগুলো সব ইসরাইলি পুরাকাহিনী।
১. বুখারি (৩২০৮); মুসলিম (২৬৪৩)।
২. তিরমিজি (১০৭১); ইবনে হিব্বান (৩১১৭)।
৩. বুখারি (৬৪০৮)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 ফেরেশতার অস্তিত্ব নিয়ে সন্দেহ কুফর

📄 ফেরেশতার অস্তিত্ব নিয়ে সন্দেহ কুফর


কুরআন-সুন্নাহে এমন স্পষ্ট বর্ণনা থাকার পরও মুসলমানদের কিছু সম্প্রদায় ফেরেশতা-কেন্দ্রিক আকিদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে। যেমনটা পূর্বে বলা হয়েছে, ফেরেশতারা কোনো আধ্যাত্মিক বা অদৃশ্য শক্তি নয়; বরং তারা আল্লাহর সৃষ্টি এবং শারীরিকভাবে বিদ্যমান, যদিও তাদের আমরা দেখতে পাই না। কিন্তু আফসোসের বিষয়, কিছু সম্প্রদায় তাদের বাস্তবিক ও শারীরিকভাবে বিদ্যমান থাকা অস্বীকার করে এবং তারা মনে করে, ফেরেশতারা আকাশের তারকা। আবার কেউ কেউ আধ্যাত্মিক শক্তি বলে মনে করে, বাস্তবে যাদের অস্তিত্ব নেই। আবার নিজেদের প্রগতিশীল ও পণ্ডিত ভাবা অনেক অতিবুদ্ধিমান লোক ফেরেশতার অস্তিত্ব অস্বীকার করে। তারা মনে করে, যেহেতু ফেরেশতা দেখা যায় না, সুতরাং ফেরেশতা বলতে কোনো কিছু নেই। অদৃশ্যের প্রতি মানুষের কাল্পনিক ভয় ও ভালোবাসা ইত্যাদি থেকে ফেরেশতার ধারণার সূত্রপাত। ইসলাম ফেরেশতার ধারণা আরবদের কল্পিত বিশ্বাস ও অন্যান্য ধর্মের মিথ থেকে গ্রহণ করেছে ইত্যাদি। এসব কথাবার্তাকে শরিয়তের পরিভাষায় বলা হয় ‘জানদাকাহ’ তথা মুনাফেকি। যদি কেউ জেনেবুঝে এসব কথা বলে, তবে সে মুরতাদ হিসেবে গণ্য হবে।

আবার অনেকে অজ্ঞতার কারণে ফেরেশতাদের অন্যান্য ধর্মে বিদ্যমান ফেরেশতার বিকৃত ধারণার সঙ্গে গুলিয়ে ফেলেন। কেউ কেউ ফেরেশতাদের জিনদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এগুলো সবই অজ্ঞতা। ইসলামে ভূত-প্রেত, রাক্ষস-ডাইনি-পরি ইত্যাদি বলতে কোনো কিছু নেই। মানুষের বাইরে ইসলাম কেবল দুটো অদৃশ্য শক্তির স্বীকৃতি দেয়: এক. নূরের তৈরি ফেরেশতা, দুই. আগুনের তৈরি জিন ও শয়তান। আগেকার যুগের মানুষ জিনদের নারী-পুরুষকে ভূত-প্রেত ও পরি ইত্যাদি মনে করত। বর্তমানেও এমন অনেক বিশ্বাস রয়েছে। বাস্তবে এমন ভিন্ন কিছুর অস্তিত্ব নেই। ওগুলো জিনই।

ইহুদি ও খ্রিষ্টানরা ফেরেশতাতে বিশ্বাস করে। কারণ, তাদের ধর্ম মূলত ইসলাম ধর্মই ছিল। শরিয়ত আলাদা হলেও আকিদা এক ও অভিন্ন ছিল। ফলে মুসলমানদের মতো তারাও বিশ্বাস করে—ফেরেশতারা নূরের তৈরি, এবং তারা মানুষ অপেক্ষা অধিক শক্তিশালী। তাদের অসুস্থতা নেই, ক্লান্তি নেই, ঘুম নেই, মৃত্যু নেই। তারা বিয়ে-শাদি করে না। মুসলমানদের মতো ইহুদি-খ্রিষ্টানরাও বিশ্বাস করে—জিবরাইল আলাইহিস সালাম প্রধান ফেরেশতা। কিন্তু তাঁর ব্যাপারে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে বলা হয় ‘রুহুল কুদুস’। কিন্তু খ্রিষ্টানরা সেটাকে আল্লাহ মনে করে ট্রিনিটির একজন সদস্য বানিয়ে দিয়েছে। ফলে তাদের কাছে জিবরাইল আর রুহুল কুদুস ভিন্ন সত্তা। এভাবে তাদের ধর্ম বিকৃত হয়ে যাওয়ার ফলে ফেরেশতাদের ক্ষেত্রে তারা অনেক ভিত্তিহীন ও বিকৃত আকিদা লালন করে।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 ফেরেশতারা রোবট নন

📄 ফেরেশতারা রোবট নন


ফেরেশতারা দ্বীনের প্রতি গাইরতসম্পন্ন মুমিন সম্প্রদায়। ফলে তারা ঈমান ও আনুগত্যকে ভালোবাসেন। নবি-রাসুল ও মুমিনদের মহব্বত করেন, সাহায্য করেন; কুফরকে ঘৃণা করেন; কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তাদের শাস্তি দেন, শায়েস্তা করেন। এ কথার মাধ্যমে সেসব লোকের বিভ্রান্তি স্পষ্ট হয়, যারা ফেরেশতাদের কেবল রোবটের মতো মনে করে। তাদের ধারণা—আল্লাহ ফেরেশতাদের যে কাজ করতে বলেন সেটাই করেন, সুতরাং তাদের নিজস্ব পছন্দ, ভালোলাগা, নিষ্ঠা বলতে কোনো কিছু নেই। এগুলো ভিত্তিহীন ধারণা। হ্যাঁ, তারা আল্লাহর নির্দেশ মান্য করেন, কিন্তু তার অর্থ এই নয় যে, ঈমান ও মুমিনদের প্রতি তাদের ভালোবাসা নেই, তারা রোবটের মতো। আমরা কুরআনে দেখি ফেরেশতারা নবিদের সঙ্গে কথা বলেন, তাদের দুশমনদের বিরুদ্ধে অভয় দেন। আল্লাহ তায়ালা লুত আলাইহিস সালাম ও ফেরেশতাদের মাঝে কথোপকথন সম্পর্কে কুরআনে বলেন,

ওয়া লাম্মা জাতাত রুসুলুনা লুত্বান... [হুদ: ৭৭-৮১]

বদর, খন্দক-সহ একাধিক যুদ্ধে ফেরেশতারা সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন [আলে ইমরান: ১২৩-১২৫, আনফাল: ৯-১২, আহজাব: ৯]। ১ অন্যান্য মুজাহিদের সঙ্গেও ফেরেশতারা জিহাদে অংশগ্রহণ করেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করতে থাকবেন।

বরং ফেরেশতা কর্তৃক মুমিনদের ভালোবাসার সুস্পষ্ট বর্ণনা হাদিসে পাওয়া যায়। আবু হুরাইরা রাজি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইলকে ডেকে বলেন, আল্লাহ তায়ালা অমুককে ভালোবাসেন, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল তাকে ভালোবাসেন। অতঃপর জিবরাইল আকাশের অধিবাসীদের মাঝে ঘোষণা করেন, আল্লাহ তায়ালা অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে। অতঃপর পৃথিবীর মানুষের অন্তরে তার ভালোবাসা ও গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়’। ২

ফেরেশতারা মুমিনদের জন্য দোয়া করেন। আলিমদের জন্য দোয়া করেন। ৩ দ্বীনি শিক্ষায় রত ছাত্রদের জন্য ডানা বিছিয়ে দেন। ৪ প্রথম দিকের কাতারগুলোতে যারা নামাজ আদায় করে, তাদের জন্য দোয়া করেন। ৫ যারা রোজার সাহরি খায়, তাদের জন্য দোয়া করেন। ৬ যারা রোগী দেখতে যায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া ও ক্ষমাপ্রার্থনা করেন। ৭ বরং পুণ্যবান কেউ মারা গেলে ফেরেশতারা তার জানাজাতেও অংশগ্রহণ করেন। ৮ তাকে জান্নাতের সুসংবাদ দেন [ফুসসিলাত: ৩০-৩১]।।

বিপরীতে কুরআন ও হাদিসের বিভিন্ন জায়গাতে বিভিন্ন গুনাহগার ও অপরাধীদের উপর ফেরেশতাদের অভিসম্পাত করতে দেখা যায়। কারণ তারা ওগুলো পছন্দ করেন না [বাকারা: ১৬১, আলে ইমরান: ৮৬-৮৭]। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাঁর সাহাবাদের গালি দেবে, ফেরেশতারা তাদের উপর অভিসম্পাত করেন। ১ যারা আল্লাহর শরিয়তের বিধি-বিধান, হুদুদ-কিসাস ইত্যাদি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফেরেশতারা তাদের লানত করেন। ২ এভাবে মানুষের অস্তিত্বের শুরু থেকে জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত সর্বত্রই ফেরেশতারা মানুষের সঙ্গে লেগে থাকেন। ভালো হলে তার সঙ্গে ভালো আচরণ করেন, দোয়া করেন, সাহায্য করেন। মন্দ হলে অসন্তুষ্ট হন, বদদোয়া করেন, শাস্তি দেন।

টিকাঃ
১. বুখারি (৩৯৯২)।
২. বুখারি (৩২০৯); মুসলিম (২৬৩৭)।
৩. তিরমিজি (২৬৮৫)।
৪. সহিহ ইবনে হিব্বান (১৩২১)।
৫. আবু দাউদ (৬৬৪); সহিহ ইবনে খুজাইমা (১৫৫৭)।
৬. সহিহ ইবনে হিব্বান (৩৪৬৭); মুসনাদে আহমদ (১১২৫৫)।
৭. আবু দাউদ (৩০৯৮)।
৮. সুনানে কুবরা, নাসায়ী (২১৯৩)।
১. আল-মুজামুল কাবির, তাবারানি (১২৭০৯)।
২. আবু দাউদ (৪৫৯১); সুনানে কুবরা, নাসায়ি (৬৯৬৫)।

ফন্ট সাইজ
15px
17px