📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা > 📄 আল্লাহর কিছু প্রয়োজন নেই

📄 আল্লাহর কিছু প্রয়োজন নেই


আল্লাহর কিছু প্রয়োজন নেই: কারণ তিনি পরিপূর্ণ সত্তা। আর প্রয়োজন হয় তাদেরই, যাদের ভিতরে অপূর্ণতা রয়েছে। ফলে আল্লাহ সকল প্রয়োজনের উর্ধ্বে। আল্লাহ তায়ালা বলেন,
وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعُلَمِينَ.
অর্থ: 'নিশ্চয়ই আল্লাহ গোটা জগৎবাসী থেকে অমুখাপেক্ষী।' [আলে ইমরান: ৯৭]
ফলে আল্লাহকে মানুষের মতো কল্পনা করে আল্লাহর জন্য দেহ ও শরীর সাব্যস্ত করা, তাঁর আরশে বসার কথা বলা ভয়ংকর ব্যাপার, যা কোনো কোনো সম্প্রদায় 'সিফাত' সাব্যস্তের নামে করে থাকে। অথচ সিফাত সাব্যস্ত করার সঙ্গে দেহবাদিতার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তায়ালা তাঁর নিজের জন্য সিফাত সাব্যস্ত করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করেছেন, কিন্তু কেউ দেহ সাব্যস্ত করেননি। ফলে সিফাত সাব্যস্ত করার নামে আল্লাহকে মানুষের মতো ভেবে তাঁর জন্য দেহ কিংবা মানুষের মতো যেকোনো অঙ্গপ্রত্যঙ্গ সাব্যস্ত করা গোমরাহি। কারণ, আল্লাহর কিছুর প্রয়োজন নেই। মানুষের কথা বলতে, চলতে, শুনতে, ধরতে, দেখতে ও ভাবতে যা দরকার হয়, আল্লাহর এমন কিছুরই প্রয়োজন নেই।১ সামনে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা আসবে। আল্লাহ তায়ালা বলেন,
فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
অর্থ: 'অতএব, তোমরা আল্লাহর কোনো সদৃশ সাব্যস্ত করো না। নিশ্চয়ই আল্লাহ জানেন এবং তোমরা জানো না।' [নাহল: ৭৪]

টিকাঃ
১. তাফসিরে ইবনে কাসির (৩/৩৮৩)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00