📘 আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা > 📄 ব্যাখ্যাকারকের সংক্ষিপ্ত জীবনী

📄 ব্যাখ্যাকারকের সংক্ষিপ্ত জীবনী


আল্লামা আহমাদ বিন ইয়াহইয়া আন-নাজমি রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট মুহাদ্দিস, ফাকিহ, মুসনিদ এবং দক্ষিণ সৌদি আরবের মুফতি ছিলেন। তিনি ১৩৪৬ হিজরি মোতাবেক ১৯২৮ খ্রিষ্টাব্দে সৌদি আরবের জাজান অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকজন শিক্ষক হলেন-ইমাম আব্দুল্লাহ আল-কারআবি, ইমাম হাফিজ বিন আহমাদ আল-হাকামি, ইমাম মুহাম্মাদ বিন ইবরাহিম আলুশ শাইখ, ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুমুল্লাহ। তাঁর উল্লেখযোগ্য কয়েকজন ছাত্র হলেন-আল্লামা রাবি বিন হাদি আল-মাদখালি, আল্লামা জাইদ আল-মাদখালি, আল্লামা আলি বিন নাসির আল-ফাকিহি প্রমুখ।
বড়ো বড়ো আলিমের নিকট তাঁর উচ্চ মর্যাদা ও অবস্থান ছিল। ইমাম সালিহ আল-ফাওজান হাফিজাহুল্লাহ (জ. ১৩৫৪ হি.) বলেছেন, “আমরা মহান আল্লাহর কাছে আমাদের ভাই, আমাদের প্রিয়জন শাইখ আহমাদ আন-নাজমির জন্য সুস্থতা ও নিরাময় কামনা করছি।”¹⁸
মদিনার মুহাদ্দিস আল্লামা রাবি আল-মাদখালি হাফিজাহুল্লাহ (জ. ১৩৫১ হি.) বলেছেন, “আমাদের শাইখ, জাজান প্রোভিন্সে হাদিস, তাওহিদ ও সুন্নাহর ঝাণ্ডাবাহী, আল-আল্লামা, আশ-শাইখ আহমাদ আন-নাজমি তাঁর অনবদ্য গ্রন্থ 'আল-মাওরিদুল আজবুজ জুলাল ফিমা উনতুকিদা আলা বাদিল মানাহিজিদ দাআউয়িয়্যা মিনাল আকায়িদি ওয়াল আমাল'- এ যা লিখেছেন, তা পড়লাম। নিশ্চিতভাবেই আমাদের শাইখ সুন্দর ও ভালো লিখেছেন।”¹⁹
মদিনার আরেক মুহাদ্দিস আল্লামা মুহাম্মাদ বিন হাদি আল-মাদখালি হাফিজাহুল্লাহ (জ. ১৩৮৬ হি.) শাইখ নাজমির পরিচয় দিতে যেয়ে বলেছেন, “তিনি হলেন আমাদের সম্মাননীয় শাইখ, আল-আল্লামা, আল-মুহাদ্দিস, আল-মুসনিদ, আল-ফাকিহ, জাজান প্রোভিন্সের বর্তমান মুফতি, জাজান অঞ্চলে সুন্নাহ ও হাদিসের ঝাণ্ডাধারী, শাইখ আহমাদ বিন ইয়াহইয়া বিন মুহাম্মাদ বিন শিব্বির আন-নাজমি।”²⁰
শাইখ নাজমি রাহিমাহুল্লাহ বিভিন্ন বিষয়ে অনেক কিতাব রচনা করেছেন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো-আল-মাওরিদুল আজবুজ জুলাল ফিমা উনতুকিদা আলা বাদিল মানাহিজিদ দাআউয়িয়‍্যা মিনাল আকায়িদি ওয়াল আমাল, তাসিসুল আহকাম শারহু উমদাতিল আহকাম, আল-ইরশাদ ইলা বায়ানিল হাক্কি ফিল জিহাদ, আল-ফাতাওয়াল জালিয়্যা আনিল মানাহিজিদ দাআউয়িয়্যা প্রভৃতি।
এই মহান আলিম ১৪২৯ হিজরি মোতাবেক ২০০৮ খ্রিষ্টাব্দে মারা যান। আল্লাহ তাঁর ওপর রহম করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন। আমিন।²¹

টিকাঃ
১৮ সালিহ আল-ফাওজান, “কালামুশ শাইখ সালিহ আল-ফাওজান হাওলাল আল্লামা আহমাদ আন-নাজমি রাহিমাহুল্লাহ”, ইউটিউবে প্রকাশকারী চ্যানেল : أبو عبد الله يونس المغربي, ভিডিয়ো আপলোডের তারিখ : ১৩ই জুন, ২০১৩ খ্রি., এডুকেশনাল ভিডিয়ো, https://m.youtube.com/watch?v=MOMBqy_w3Xci
১৯ আহমাদ বিন ইয়াহইয়া আন-নাজমি, আল-মাওরিদুল আজবুজ জুলাল ফিমা উনতুকিদা আলা বাদিল মানাহিজিদ দাআউয়িয়‍্যা মিনাল আকায়িদি ওয়াল আমাল (অন্তর্জালিক সংস্করণ, তাবি), পৃ. ১৫।
২০ আন-নাজমি, আল-মাওরিদুল আজবুজ জুলাল, পৃ. ৪।
২১ জীবনীসূত্র : আন-নাজমি, আল-মাওরিদুল আজবুজ জুলাল, পৃ. ৩-১৫।

📘 আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা > 📄 আকিদা লামিয়্যার মূলপাঠ

📄 আকিদা লামিয়্যার মূলপাঠ


بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।
يَا سَائِلِي عَنْ مَذْهَبِي وَعَقِيدَتِي ... رُزِقَ الهُدَى مَنْ لِلْهِدَايَةِ يَسْأَلُ
ওহে আমার মতাদর্শ ও আকিদা সম্পর্কে জিজ্ঞাসাকারী, যে ব্যক্তি হেদায়েত সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন।
اسْمَعْ كَلامَ مُحَقَّقٍ فِي قَولِه ... لَا يَنْتَنِي عَنْهُ وَلَا يَتَبَدَّلُ
আপন মতাদর্শের ক্ষেত্রে সুদৃঢ় গবেষক আকিদাধারীর কথা শুনুন; যিনি নিজের মতাদর্শ (আকিদা) থেকে সরে আসেন না এবং (সালাফদের মতাদর্শ পরিবর্তন করে) আদর্শের ক্ষেত্রে পরিবর্তিতও হন না।
حُبُّ الصَّحَابَةِ كَلِّهِمْ لِي مَذْهَبٌ ... وَمَوَدَّةُ الْقُرْبَى بِهَا أَتَوَسَلُ
সমুদয় সাহাবিকে ভালোবাসা আমার আদর্শ। আর নবিপরিবারকে ভালোবাসার অসিলায় আমি আল্লাহর কাছে প্রার্থনাও করি।
وَلِكُلِّهِمْ قَدْرٌ عَلا وَفَضَائِلٌ ... لَكِنَّمَا الصِّدِّيقُ مِنْهُمْ أَفْضَلُ
আর তাঁদের (সাহাবিবর্গের) প্রত্যেকেরই সুউন্নত সম্মান ও মর্যাদা আছে। কিন্তু তাঁদের মধ্যে সর্বোত্তম হলেন আস-সিদ্দিক (রাদিয়াল্লাহু আনহু)।
وَأَقُولُ فِي القُرْآنِ مَا جَاءَتْ بِهِ ... آيَاتُهُ فَهُوَ الْكَرِيمُ الْمُنزَلُ
কুরআনের আয়াতসমূহ যা আনয়ন করেছে, কুরআনের ব্যাপারে আমি সেটাই বলি। বস্তুত কুরআন মহিমান্বিত নাজিলপ্রাপ্ত কিতাব।
وَأَقُولُ قَالَ اللهُ جَلَّ جَلالُهُ ... وَالْمُصْطَفَى الْهَادِي وَلَا أَتَأَوَّلُ
আমি বলি, 'মহান আল্লাহ বলেছেন, আর সুপথপ্রদর্শক মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন।' (এর বাইরে গিয়ে) আমি (তাঁদের কথার) তাবিল বা ভিন্নার্থ করি না।
وَجَمِيعُ آيَاتِ الصَّفَاتِ أُمِيُّهَا ... حَقًّا كَمَا نَقَلَ الطَّرَازُ الأَوَّلُ
আল্লাহর গুণাবলি সংক্রান্ত সকল আয়াত আমি সত্যসত্যই সেভাবে সাব্যস্ত করি (ও ইমান রাখি), যেভাবে বর্ণনা করেছেন (এই উম্মতের) প্রথম প্রজন্ম।
وأَرُدُّ عُهْدَتَها إِلَى نُقَالِهَا ... وَأَصُونُها عَنْ كُلِّ مَا يُتَخَيَّلُ
আমি এই আকিদার জিম্মাদারি প্রত্যার্পণ করি উক্ত আকিদার বর্ণনাকারীদের (সালাফদের) কাছে। আর উক্ত আকিদাকে আমি হেফাজত করি যাবতীয় কল্পনাপ্রসূত বিষয় থেকে।
قُبْحاً لِمَنْ نَبَذَ القُرَانَ وَرَاءَهُ ... وَإِذَا اسْتَدَلَّ يَقُولُ قَالَ الأَخْطَلُ
সুতরাং ধিক সেই ব্যক্তির প্রতি, যে কুরআনকে নিজের পেছনে ছুঁড়ে ফেলে। আর দলিল পেশ করার সময় বলে বসে, “আখতাল বলেছেন এই কথা।”
وَالْمُؤْمِنُونَ يَرَوْنَ حَقًّا رَبَّهُمْ ... وَ إِلَى السَّمَاءِ بِغَيْرِ كَيْفَ يَنْزِلُ
মুমিনগণ সত্যিকারার্থেই তাঁদের রবকে দেখবেন। যিনি (মহান আল্লাহ) আসমানে নেমে আসেন; যার ধরন আমাদের অজানা।
وأُقِرُ بِالْمِيزَانِ وَالْحَوضِ الَّذِي ... أَرجُو بِأَنِّي مِنْهُ رَيَّا أَنْهَلُ
আমি আল-মিজান (দাঁড়িপাল্লা) সাব্যস্ত করি; এবং সাব্যস্ত করি হাওজকেও, যেই হাওজের ব্যাপারে আশা রাখি, তৃষ্ণা নিবারণের জন্য আমি সেখান থেকে পানি পান করব।
وَكَذَا الصِّراطُ يُمَدُّ فَوْقَ جَهَنَّمٍ ... فَمُسَلَّمْ نَاجٍ وَآخَرَ مُهْمَلُ
তদ্রুপ (স্বীকৃতি দিই), জাহান্নামের ওপরে বিস্তৃত পুলসিরাত থাকবে; কেউ কেউ সেখান থেকে নিরাপদে পরিত্রাণ পাবে, আবার কেউ কেউ হবে পরিত্যাক্ত।
والنَّارُ يَصْلاهَا الشَّقِيُّ بِحِكْمَةٍ ... وَكَذَا التَّقِيُّ إِلَى الجِنَانِ سَيَدْخُلُ
আল্লাহর হিকমা (প্রজ্ঞা) অনুযায়ী হতভাগা ব্যক্তি প্রবেশ করবে জাহান্নামে। তদ্রুপ মুত্তাকি বান্দাও প্রবেশ করবে জান্নাতে।
ولِكُلِّ حَيَّ عَاقِلٍ فِي قَبْرِهِ ... عَمَلٌ يُقَارِنُهُ هُنَاكَ وَيُسْأَلُ
প্রত্যেক বিবেকবান জীবিত ব্যক্তির কবরে (পার্থিব জীবনের) আমলই হবে তার সঙ্গী। আর সেখানে তাকে জিজ্ঞাসাবাদও করা হবে।
هذا اعْتِقَادُ الشَّافِعِي وَمَالِكٍ ... وَأَبِي حَنِيفَةَ ثُمَّ أَحْمَدَ يُنْقَلُ
এটাই শাফিয়ি, মালিক, আবু হানিফা ও আহমাদ থেকে বর্ণিত আকিদা।
فَإِنِ اتَّبَعْتَ سَبِيلَهُمْ فَمُوَفِّقٌ ... وَإِنِ ابْتَدَعْتَ فَمَا عَلَيْكَ مُعَوَّلُ
সুতরাং আপনি যদি তাঁদের পথ অনুসরণ করেন, তাহলে তৌফিকপ্রাপ্ত হবেন। আর যদি বিদাত করেন, তাহলে আপনার ওপর নির্ভর করা হবে না।

📘 আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা > 📄 ব্যাখ্যাকারকের ভূমিকা

📄 ব্যাখ্যাকারকের ভূমিকা


আল্লাহর নামে আরম্ভ করছি। সালাত ও সালাম ধার্য হোক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
বক্ষ্যমাণ পুস্তিকা শাইখুল ইসলাম আহমাদ বিন আব্দুল হালিম বিন আব্দুস সালাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বিরচিত 'লামিয়‍্যা' কবিতার সংক্ষিপ্ত ব্যাখ্যা।

📘 আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা > 📄 হেদায়েত সম্পর্কে জিজ্ঞাসা

📄 হেদায়েত সম্পর্কে জিজ্ঞাসা


মূলপাঠ :
يَا سَائِلِي عَنْ مَذْهَبِي وَعَقِيدَتِي ... رُزِقَ الهُدَى مَنْ لِلْهِدَايَةِ يَسْأَلُ
ওহে আমার মতাদর্শ ও আকিদা সম্পর্কে জিজ্ঞাসাকারী, যে ব্যক্তি হেদায়েত সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ তাকে হেদায়েত দান করুন।
ব্যাখ্যা : এখানে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহু তাআলা (তাঁর আকিদা সম্পর্কে) জিজ্ঞাসাকারী ব্যক্তির জন্য দোয়া করেছেন, যেন আল্লাহ তাঁকে হেদায়েত দান করেন। কেননা যে ব্যক্তি এ ধরনের প্রশ্ন করে, সে অবশ্যই দুজনের একজন হবে :
• হয়তো সে পরীক্ষাকারী; জিজ্ঞাসিত ব্যক্তির আকিদা জানতে চায় এবং উক্ত আকিদা অনুযায়ীই তার সাথে (যথোপযুক্ত) আচরণ করতে চায়।
• আর নয়তো সে একজন প্রাথমিক জ্ঞানান্বেষণকারী; যে জিজ্ঞাসিত ব্যক্তির মাঝে হেদায়েতের আলামত প্রত্যক্ষ করার ফলে তাঁকে সম্মান করে এবং মর্যাদা দেয়। এ ধরনের জিজ্ঞাসায় অধিকাংশ ক্ষেত্রেই জিজ্ঞাসাকারীর অবস্থা এমন হয়ে থাকে। আর আল্লাহই তৌফিকদাতা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00