📘 আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টি 📄 আলেয়া

📄 আলেয়া


মহান আল্লাহর নির্দেশনা, নিজেদের স্বাভাবিক আত্মমর্যাদা এবং লজ্জাশীলতা ভুলে যে সাময়িক যৌনতৃপ্তির পেছনে এই সভ্যতা আমাদের ছুটে যেতে শেখাচ্ছে, সেই যৌনতার বাস্তবতাটা আসলে কেমন?

অনেকেই মনে করে প্রেমিকের সাথে শুয়ে পড়া মানে হলো ভালোবাসার প্রমাণ দেওয়া। একটা প্রেমের সম্পর্ক পরিপূর্ণ হয় সেক্স করার মাধ্যমে। এর মাধ্যমে এমন এক বন্ধন তৈরি হয় যার ফলে তারা চিরদিনের জন্য একে অপরের হয়ে যায়। বিচ্ছেদ হবার সম্ভাবনা থাকে না। কিন্তু বাস্তবতা আসলে উল্টো।
নাইজেরিয়ার কয়েকজন পিএইচডি গবেষক বলছেন,
'বিয়ের আগে সেক্স করা কাপলরা একে অপরের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। বাতাসে কুটিল সন্দেহ ভেসে বেড়ায়। সন্দেহ, অবিশ্বাস, হিংসা, নজরদারি বিয়ের পরে সম্পর্কটাকে বিষিয়ে তোলে—সে তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বিয়ের আগেই তো সে আমার সাথে শুয়ে পড়েছিল, এখন অন্য ছেলে বা অন্য মেয়ের সাথেও তো শুয়ে পড়তে পারে...এমন চিন্তাভাবনা চলতে থাকে দুজনেরই মাথায়। এভাবে একটা সুস্থ সম্পর্ক চলতে পারে না।

যেদিন থেকে প্রেমিক-প্রেমিকা শরীরের স্বাদ পেয়ে যায় সেদিন থেকে কমতে থাকে তাদের মধ্যকার আকর্ষণ। কমতে থাকে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাসও। প্রেমের ক্ষেত্রে, সেক্সের আগে একে অপরের শরীরের প্রতি একটা কৌতূহল থাকে, রহস্য থাকে। সেক্স হয়ে গেলে সব রহস্য, সব কৌতূহল মিটে যায়। নিজেরা একসাথে থাকার রসদ হারিয়ে ফেলে। বিয়ের আগের সেক্সে নিছক শরীরের সুখ আর সাময়িক মোহ ছাড়া আর কিছু থাকে না। এটি স্রেফ কামনা, একে অপরকে ভোগ করা। বিশ্বাস, নির্ভরতা, মমতা, সম্মান, দায়িত্ব, পরিবারের বন্ধন—কিছুই এতে থাকে না।

তাই যিনা করা ছেলেরাও বিয়ের জন্য সতী নারী খোঁজে। ভারতের মতো অশ্লীল সভ্যতার ধারক দেশেরও শতকরা ৬৩ ভাগ তরুণ বলছে—যদিও তারা যিনা করাটাকে স্বাভাবিক মনে করে কিন্তু বিয়ের জন্য ভার্জিন পাত্রী পছন্দ করে। অস্ট্রেলিয়ার মতো দেশের প্রতি ৩ জন পুরুষের ১ জন বিয়ের জন্য ভার্জিন মেয়েকে বেশি পছন্দ করে।

নিকোলাস উলফিঙ্গার হলেন ইউনিভার্সিটি অফ উটাহ'র একজন সমাজবিদ। তিনি গবেষণা করে দেখেন—যেসব অ্যামেরিকান শুধু তাদের স্বামী বা স্ত্রীর সাথে অন্তরঙ্গ হয়, তারা বিবাহিত জীবনে বেশি সুখী হয়।
এখন তুমিই চিন্তা করে দেখো, তুমি কী চাও। ৫ মিনিটের সস্তা সুখ নাকি হাতে হাত রেখে বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেবার রসদ?

অনেকে ক্ষেত্রেই যিনার পরিণতি হলো পড়াশোনা, ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়া, তীব্র হতাশা, আত্মগ্লানি, মাদক ব্যবহার। এ নিয়ে এরই মধ্যে আমরা আলোচনা করেছি।
ড. মুসা আব্দুল্লাহি এবং আব্দুল্লাহ উমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর গবেষণা চালিয়ে দেখেন—অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৪৩ জন বলছে সেক্স করার কারণে তারা তীব্র আত্মগ্লানি ও আফসোসে ভোগে। ৩২ জন বলছেন বিয়ের পূর্বের যৌনতা মাদকের দিকে নিয়ে যায়। অনেকে বিছানায় পারফরম্যান্স ভালো করার জন্য ড্রাগ নেয়। আবার অনেকেই সেক্স করার কারণে জন্ম নেওয়া গ্লানি, আফসোস, অবসাদ ভোলার জন্য বা ব্রেকআপের পর কষ্ট ভোলার জন্য ড্রাগ নেয়। শতকরা ৫৭ জন বিশ্বাস করে এটা আত্মসম্মান নষ্ট করে দেয়।

অসংখ্য গবেষণায় এটা উঠে এসেছে, অধিকাংশ ক্ষেত্রে বিয়ের আগে সেক্সের ফলাফল হলো—হতাশা, আত্মসম্মান, আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলা, মাদক ব্যবহার, অস্থিরতা, আত্মহত্যা, রেসাল্ট খারাপ, প্রেগন্যান্সি। দৈহিক ইনজুরি, জীবন ধ্বংসকারী বিভিন্ন যৌনবাহিত রোগ, সহিংসতা, যৌনতা সম্পর্কে অস্বাভাবিক ধ্যানধারণা, অস্বাভাবিক যৌন আচরণ, নেগেটিভ বডি ইমেজ, বাবা-মা'র সমর্থন হারিয়ে করুণ অবস্থায় দিন কাটানো।

সাময়িক সুখের নেশায় এতো এতো ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি নেওয়া কি কোনো স্মার্ট, বুদ্ধিমান মানুষের কাজ?

যিনা করার প্রক্রিয়াটার সাথেও জড়িয়ে থাকে অনেক ঝামেলা এবং অনেক ক্ষেত্রে বিপদ। যিনা করার জায়গা কোথায় পাবো, যেখানে যাবো সেটা কি সেইফ, এতো টাকা কীভাবে ম্যানেজ করবো, বাসায় কী গল্প সাজাবো? কেউ জেনে ফেলবে না তো? কেউ দেখে ফেলবে না তো? জানলে কী হবে? প্রেগন্যান্ট হয়ে যাবে না তো? প্রেগন্যান্ট হয়ে গেলে কী হবে...সবসময় একটা অস্থিরতাবোধ, একটা টেনশন কাজ করতে থাকে।
পাশাপাশি পার্কের চিপায়, ঝোপে-ঝাড়ে, বনে জঙ্গলে, পাটক্ষেতে কিংবা আবাসিক হোটেলে ধরা পড়ে অন্য মানুষের লালসায় পরিণত হওয়া খুব সাধারণ ঘটনা। বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে বা তাড়িয়ে দিয়ে গার্লফ্রেন্ডকে রেইপ করার সংবাদ পত্রিকা খুললেই পাওয়া যায়। এমন অনেক ঘটনার আলোচনা আমরা আগেই করেছি। তাছাড়া, অনেক সময়ই হোটেল রুমের সিসিটিভি ক্যামেরায় যিনার ফুটেজ থেকে যায়। বয়ফ্রেন্ডের বন্ধুরা যিনার দৃশ্য ধারণ করে বন্ধুর গার্লফ্রেন্ডকে ভোগ করে।

ব্ল্যাকমেইল যে শুধু অন্য মানুষ করে এমন না। তথাকথিত ভালোবাসার মানুষরাই অনেক সময় যৌনতার ভিডিও করে রাখে। কখনো গোপনে, কখনো প্রকাশ্যেই। এই ভিডিও বা ইনবক্সে ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য দেওয়া নগ্ন, অর্ধনগ্ন ছবি দেখিয়ে যৌন দাস/দাসীতে পরিণত করে। যখন যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ডাকলেই শরীর ব্যবহার করতে দিতে হয়। টাকাপয়সাও হাতিয়ে নেয় এভাবে অনেকেই।
অন্য কারো সাথে বিয়ে হলে এই ছবি ভাইরাল করে প্রতিশোধ নেয়। বিয়ের পরেও স্বামী বা স্ত্রীকে ধোঁকা দিয়ে তার সাথে শুতে বাধ্য করে, ব্ল্যাকমেইল করে। কথা মতো কাজ না করলে এইসব ফুটেজ ভাইরাল হয়ে যায় অনলাইনে। আপলোড হয় পর্ন সাইটে। নিজের, সাথে পরিবারেরও মানসম্মান ধুলোয় মিশে যায়। মুখ দেখানোর উপায় থাকে না। মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয় না। আত্মহত্যাও করে বসে অনেকে। কী অসম্মান এবং অপমানকর এক জীবন! এর সাথে তুলনা করো স্বামী-স্ত্রীর মধ্যকার সম্মান ও মর্যাদার সম্পর্কের।

আবার এসব কিছুর সাথে যুক্ত হয় পর্নোগ্রাফি নামের কুৎসিত, আধুনিক প্লেগের প্রভাব। পর্ন মুভি থেকে যৌনতা সম্পর্কে মিথ্যা, অতিরঞ্জিত, অতিকল্পিত ধারণা নিয়ে বড় হওয়া প্রজন্ম যৌনতায় আগ্রাসন প্রদর্শন, খিস্তি খেউড় করা, সঙ্গীকে মারধর করা, অ্যানাল সেক্স, ওরাল সেক্সের মতো বিকৃত আচরণগুলোকেও স্বাভাবিক মনে করে। ব্রেইনওয়াশড প্রজন্ম এই বিকৃত আচরণগুলো বাস্তবায়ন করে নিজের সঙ্গী/সঙ্গিনীর উপর। এই বিকৃত যৌনাচারের কারণে ঘটে দিহান-আনুশকার মতো ঘটনা।

গবেষকদের মতে, ছেলেদের উপর প্রভাব পড়লেও নারীদের উপর এ ধরনের আচরণের প্রভাব হয় ভয়াবহ। সঙ্গীর এমন আচরণে তাদের হৃদয় ভেঙে যায়। শিকার হয় ট্রমার। সঙ্গীর বা ব্ল্যাকমেইলের শিকার হয়ে অন্য মানুষের যৌনদাসী হয়ে যাওয়ার ফলে নিজেকে আর মানুষ মনে হয় না। মনে হয় ভোগের একদলা মাংসপিণ্ড। আত্মবিশ্বাস, আত্মসম্মান বলে কিছু থাকে না। অনেকের মনে ক্ষত হয়ে যায় সারাজীবনের মতো। বিকৃত যৌনতার মুখোমুখি হয়ে যৌনতা সম্পর্কে তাদের তীব্র নেতিবাচক ধারণা চলে আসে। পরবর্তীতে বিয়ে হলে স্বামীর সাথেও অন্তরঙ্গ হওয়াটাকে তাদের অনেকের কাছে বিভীষিকার মতো মনে হয়। সুস্থ অন্তরঙ্গতার অভাবে স্বামীর ভালোবাসায় ভাটা পড়ে। সংসারে অশান্তি নেমে আসে। সারাজীবন এর ঘানি টানতে হয়। নষ্ট জ্যোৎস্নায় ঘরে ঘরে আগুন জ্বলে।

যে যৌনতার জন্য এতো কিছু সেই যৌনতাতেও কি আসলে তৃপ্তি পাওয়া যায়? নিশ্চয়তা পাওয়া যায়? একজন গার্লফ্রেন্ড যতোটা অনিশ্চয়তা নিয়ে ভাবে, 'ও কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু আমার শরীরকে ভালোবাসে,' একজন স্ত্রী তাঁর স্বামীর হাত ধরতে পারে ততোটাই আস্থা আর বিশ্বাসের সাথে। একজন গার্লফ্রেন্ড যতোটা অনিশ্চয়তা, প্রতারণার ভয় আর আত্মসম্মানের হুমকি নিয়ে একজন বয়ফ্রেন্ডের সাথে অবৈধ শারীরিক সম্পর্কের দিকে যায়, একজন স্ত্রী ঠিক ততোটাই আস্থা আর আত্মবিশ্বাস নিয়ে ভাবতে পারে তার স্বামী তার পবিত্রতার সঙ্গী, তার অনাগত সন্তানের বাবা।

বিয়ের আগে সেক্স করে ফেললে ভবিষ্যৎ সম্পর্কের বিচ্ছেদের হার বহুগুণে বেড়ে যায়। অ্যামেরিকার শিকাগো ইউনিভার্সিটিতে বেশ মানসম্মত ও বড় আকারের গবেষণা চালান একদল গবেষক। গবেষণা শেষে তারা বলেন, 'ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমরা দেখেছি বিয়ের পূর্বে সেক্স করেনি এমন ছেলে ও মেয়েদের বিয়ে নাটকীয়ভাবে স্থায়ী। এদের বিচ্ছেদ বা ডিভোর্সের হার খুবই কম'।
এরকম অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে বিয়ের আগে সেক্স না করলে যেমন বিয়ের পর চমৎকার একটা দাম্পত্য জীবন পাওয়া যায়, সম্পর্কে বিশ্বস্ততা থাকে, যৌন সন্তুষ্টি থাকে, তেমনি বিয়ের আগে সেক্স করলে দাম্পত্য সম্পর্ক বিষিয়ে যায়, ডিভোর্সের হার বেড়ে যায়।

সমস্যা এখানেই শেষ না। হৈমন্তী গল্পে রবীন্দ্রনাথ বলেছিল — 'আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদবেগ থাকে না। নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া উঠে। অবস্থা যেমনি ও বয়স যতোই হউক, স্ত্রীর অভাব ঘটিবামাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না।'

কথা অতিশয় সত্য। যৌনতার স্বাদ পাবার আগে নিজেকে সামলানো যতোটা সহজ, যৌনতার স্বাদ পাবার পরে নিজেকে সামলানো ততোটাই কঠিন। আখিরাত ও জীবন ধ্বংসকারী একটা রিলেশন থেকে যে করেই হোক মুক্তি পেলেও তুমি সিংগেল থাকতে পারবে না। শরীরের লোভে আবারো রিলেশনে জড়াবে। এবং মিথ্যা বলে হোক, জোর করে হোক, ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক, কিংবা ব্যক্তিগত ছবি, ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে হোক—তার সাথে যিনা করবেই। আত্মনিয়ন্ত্রণ, সততা, চারিত্রিক শুদ্ধতা, অপরকে সম্মান করা, কেয়ার করার মতো উন্নত মহান চারিত্রিক গুণাবলি তোমাকে বিদায় জানাবে।

এক রিলেশন ভাঙলে অন্য রিলেশনে যাবে। আবার যিনা করবে। এভাবে যিনা করে যাবে। যিনা করতে না পারলে পাগলের মতো হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে এমন হয় যে যিনা করার জন্য গার্লফ্রেন্ড না পেলে পতিতালয়ে যায়।
ইবনুল জাওযী (রহ.) যেমনটা বলেছেন, 'প্রেমিকরা সাধারণত যৌন কামনা থেকে নিজেদের মন-মগজকে সংযত করতে না পারার ক্ষেত্রে জানোয়ারদের সীমাও ছাড়িয়ে যায়। তাদের যৌন উত্তেজনা কখনও প্রশমিত হয় না, পরিতৃপ্তির বদলে সর্বদা অতৃপ্তিই থেকে যায়, ফলে তা আরো বৃদ্ধি পায়। তারা কুকর্মের লাঞ্ছনায় জড়িয়ে পড়ে আরো ঘৃণিত হয়ে যায়।
যিনাকে মহিমান্বিত করা এই তথাকথিত প্রগতিশীল বিশ্বব্যবস্থা কখনোই তোমাকে যিনার এসব দিক দেখায় না। আল্লাহর দেওয়া মাথাটা একটু কাজে লাগাও! কোনটা সত্য আর কোনটা মিথ্যা একটু যাচাই বাছাই করে নাও। মুখোশ দেখে প্রতারিত হয়ো না।

টিকাঃ
[১১২] Adama, T., & Ejih, S. (2021). The Effects of Premarital Sex Among Adolescents in Igala Land. Sapientia Glob J Arts, Humanit Dev Stud, 4(3).
[১১৩] কামনার আলোচনায় এগুলো আমরা দেখে এসেছি
[১১৪] Abdullahi, M., & Umar, A. (2013). Consequences of pre-marital sex among the youth a study of University of Maiduguri. IOSR Journal of Humanities and Social Science, 10(1), 10-17. Adama & Ejih (2021).
[১১৫] Third of men still want virgins, The Sunday Morning Herald, June 1, 2008- tinyurl.com/yckv25km
63% want to marry virgins, but majority approve of premarital sex, hindustantimes. com,Sep 03, 2015- tinyurl.com/a64a4b33
[১১৬] Fewer Sex Partners Means a Happier Marriage, theatlantic.com, October 22, 2018- tinyurl.com/4ee8takz
[১১৭] Graves, K. L., & Leigh, B. C. (1995). The relationship of substance use to sexual activity among young adults in the United States. Family Planning Perspectives, 18-33.
[১১৮] Abdullahi & Umar (2013)
[১১৯] প্রেগন্যান্ট হওয়া থেকে বাঁচার জন্য জন্ম নিরোধক পিল ব্যবহার করা হয়। আর এর ফলে হতাশা, মাসল পেইন, যৌনক্ষমতা কমে যাওয়া এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে।
The pill: From sexual revolution to cancer and depression links, independent. co.uk, November 02, 2016- tinyurl.com/2p8uukww
[১২০] The Negative Effects of Teenage Dating, studymoose.com- tinyurl.com/5yx8ytsh
[১২১] Abdullahi & Umars (2013) Teen Dating, courses, lumenlearning.com- tinyurl.com/322s7x4y
Shrestha, R. B. (2019). Premarital sexual behaviour and its impact on health among adolescents. Journal of Health Promotion, 7, 43-52.
[১২২] অনেক সময় প্রেমিকই বন্ধুদের ভোগ করার জন্য প্রেমিকাকে তার হাতে তুলে দেয়- tinyurl.com/5bw9yz95
[১২৩] নগ্ন ছবি দেখিয়ে প্রেমিকার ব্ল্যাকমেইল, প্রেমিকের আত্মহত্যা!, কালের কণ্ঠ অনলাইন, জুলাই ২৫, ২০১৮- tinyurl.com/28yc6rhs
প্রথমে প্রেমের অভিনয়, পরে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল চট্টগ্রামে দর্জি গ্রেফতার, ইত্তেফাক, মে ১৯ ২০২২- tinyurl.com/muk3dcdv প্রেমিকাকে ধর্ষণ করে প্রেমিক, ভিডিও করে বন্ধুরা, দৈনিক যুগান্তর, মে ০৩, ২০২১- tinyurl.com/mryj7hzy
[১২৪] 'প্রেমিকা'র নগ্ন ছবি ও ভিডিও স্বামীকে হোয়াটসঅ্যাপ প্রেমিকের, ব্ল্যাকমেইল! zeenews. india.com, ডিসেম্বর ৩,২০২০- tinyurl.com/ydvkj53u অশ্লীল ছবি তুলে ব্যাংক কর্মকর্তাকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩, হাজারিকা প্রতিদিন, নভেম্বর ১৪,২০১৯- tinyurl.com/4wnsbc3a
[১২৫] Ryu, E. (2005). Spousal use of pornography and its clinical significance for Asian-American women: Korean women as an illustration. Journal of Feminist Family Therapy, 16(4), 75-89. Shope, J. H. (2004). When words are not enough: The search for the effect of pornography on abused women. Violence Against Women, 10(1), 56-72. Teenage girls pressured into 'painful and coercive' anal sex because of porn, metro. co.uk, Jul 18, 2017 - https://goo.gl/Uitete
[১২৬] Pornography has changed the landscape of adolescence beyond all recognition, telegraph.co.uk, April 22,2015 - https://goo.gl/4hccVw বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়াটাই হতাশা, ঝগড়া, বিচ্ছেদ, সম্মান কমে যাওয়ার অন্যতম কারণ। বিস্তারিত গবেষণার জন্য দেখো, মুক্ত বাতাসের খোঁজে -tinyurl.com/eyxxndzs
[১২৭] Abdullahi & Umar (2013)
[১২৮] Laumann, Gagnon, Michael, & Michaels, S. (2000). The social organization of sexuality: Sexual practices in the United States. p. 503
[১২৯] Premarital Sex and Greater Risk of Divorce, focusonthefamily.com, August 16, 2011-tinyurl.com/yfca7hts
Kahn, J. R., & London, K. A. (1991). Premarital sex and the risk of divorce. Journal of Marriage and the Family, 845-855.
Does Sexual History Affect Marital Happiness? Institute for Family Studies, October 22, 2018-tinyurl.com/5e2ks4ax
Olamijuwon, E., & Odimegwu, C. (2022). Saving sex for marriage: An analysis of lay attitudes towards virginity and its perceived benefit for marriage. Sexuality & Culture, 26(2), 568-594.
[১৩০] Abdullahi & Umar (2013)
[১৩১] অনেকে সমকামিতাতেও জড়ায়। পর্ন হস্তমৈথুনের কথা তো বলাই বাহুল্য। ধর্ষণ বা শিশুদের যৌন নির্যাতন করার ঘটনাও ঘটায়।
[১৩২] ইসলামের দৃষ্টিতে প্রেম ভালোবাসা, ইবনুল জাওযী (র.), দারুস সালাম বাংলাদেশ প্রকাশনী, পৃষ্ঠা ২৬

📘 আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টি 📄 কাছে আসার আরেক গল্প

📄 কাছে আসার আরেক গল্প


১৫ সেপ্টেম্বর। ২০১৫। পড়ন্ত দুপুর।

কাফরুলের পুরনো বিমানবন্দরের মাঠের ঝোপে সিমেন্টের খালি বস্তায় মোড়ানো আবর্জনার স্তুপের পাশে পড়েছিল সে। জন্মের পর মায়ের বুকের ওম পাওয়া হয়নি। আমাদের সমাজে পোয়াতি ঘরের নতুন অতিথির মুখে মধু দিয়ে বরণ করা হলেও নবজাতকটির ভাগ্যে মধু দূরে থাক, এক ফোঁটা পানিও জোটেনি। একদল কুকুর সেই বস্তা ভেদ করে টেনেহিঁচড়ে ওকে নিজেদের খাবারে পরিণত করেছিল। খাবলে খেয়েছিল ওর আঙুল, নাক ও ঠোঁটের অংশ। কুকুরের ঘেউঘেউ শব্দে এগিয়ে যায় অনুসন্ধিৎসু কিশোরের দল। ঢিল ছুড়ে তাড়ায় ক্ষুধার্ত কুকুরগুলোকে। কিশোর দলের চোখ আটকে যায় একদিন বয়সী ছোট্ট একটি শিশুর রক্তাক্ত দেহের উপর। চিৎকার দেয় ওরা। ওই পথ দিয়ে যাওয়ার সময় জাহানারা নামে স্থানীয় এক নারী এগিয়ে যান আবর্জনার মতো করে ছুড়ে ফেলা শিশুটাকে বাঁচাতে। পবিত্র প্রেমের বলি হওয়া থেকে বেঁচে যায় নিষ্পাপ শিশুটি। [১৩৩]

বিয়ে বহির্ভূত পবিত্র প্রেম-ভালোবাসার এ এক অনিবার্য পরিণতি! ডাস্টবিনে কুকুরের মুখে খুবলে খুবলে খাওয়া নবজাতকের নিষ্পাপ দেহ, টয়লেটের কমোডে কিংবা হলের ট্রাংকে নবজাতকের লাশ। [১৩৪] জাস্ট কয়েক মিনিটের সাময়িক আনন্দের জন্য নিষ্পাপ শিশুর রক্তে হাত রাঙায় তারই জন্মদাতা আর জন্মদাত্রীরা! মানবসভ্যতার কী করুণ এক পরিণতি! এই বিশ্বকাঠামো রঙচঙ মেখে কাছে আসার গল্প শেখায়। কিন্তু কাছে আসার গল্পের পরের দৃশ্য আর দেখায় না।

ডাস্টবিনে রাস্তায় নবজাতককে ছুড়ে ফেলার ঘটনাগুলো চোখে লাগে। সংবাদ শিরোনাম হয়। তবে এর চাইতেও আরো নিষ্ঠুরভাবে, আরো সিস্টেমেটিকভাবে 'পবিত্র প্রেমের' ফসল কোটি কোটি নিষ্পাপ শিশুকে হত্যা করা হচ্ছে। নীরবে, নিভৃতে। যা নিয়ে কোনো সংবাদ হয় না। উল্টো মানবাধিকারের বুলি আওড়ানো সুশীল প্রগতিশীলরা নিষ্পাপ শিশুর মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রক্তের আদিম নেশায় হাততালি দেয়। আইনওয়ালারা চোখ বুজে ঘাড় ঘুরিয়ে থাকে। কেউ কেউ 'গর্ভ যার, সিদ্ধান্ত তার' এই যুক্তিতে বৈধতাও দিয়ে দেয় মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি-গর্ভপাতকে।

অন্ধকার যুগে মেয়ে নবজাতক হলে জীবন্তই পুঁতে ফেলা হতো। আর এখন এই অতি আধুনিক যুগে শুধু মেয়ে শিশু না, ছেলে শিশুকেও খুন করার জন্য ছুড়ে ফেলা হয় রাস্তার পাশের ডাস্টবিনে। আইয়ামে জাহিলিয়াতের চাইতেও নির্দয় আকারে ফিরে এসেছে মানবশিশু খুনের মহাউৎসব!

অপরাধ বিজ্ঞানী ফারজানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. আতিকুর রহমানসহ অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়ের কারণেই বিয়েবহির্ভূত অনেক ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে নারী-পুরুষ। ফলে এমন বেওয়ারিশ নবজাতকদের জন্ম যেমন বেড়েছে, তেমনি বেড়ে গেছে জীবন্ত নবজাতককে ফেলে দিয়ে সব দায় থেকে নিষ্কৃতি চাওয়ার মতো ঘটনাগুলোও! [১৩৫]

গর্ভপাতের প্রক্রিয়াটা খুবই নির্দয়, নিষ্ঠুর। সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট, ছুরি, কাঁচি ইত্যাদি দিয়ে গর্ভের শিশুকে টুকরো টুকরো করা হয়। শকুন বা কুকুর যেমন খুবলে খুবলে খায় মানুষের মৃতদেহ, ঠিক তেমন করেই খুবলে খুবলে মায়ের নিরাপদ গর্ভ থেকে বের করে নেওয়া হয় শিশুর শরীরের টুকরো-পা, পেট, পাঁজর, হাত, থেঁতলে ফেলা মাথা! [১৩৬]

অ্যামেরিকায় হাইস্কুল শেষ করার আগেই শতকরা ৪০ জন সেক্স করে ফেলে। মোটামুটি ১৭ বছরের মাথাতেই সবাই ভার্জিনিটি হারিয়ে ফেলে। আর ২০ বছরের মাথাতেই প্রতি ৩ জন কিশোরীর ১ জন প্রেগন্যান্ট হয়ে যায়। শতকরা ৮২ জনই অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগন্যান্ট হয়। অধিকাংশ ক্ষেত্রেই এরা গর্ভপাত করে ঝামেলা খালাস করে ফেলে। CDC এর ডাটা বলছে ২০২০ সালে অ্যামেরিকাতে ৯ লাখ ৩০ হাজার ১৬০ টি গর্ভপাত হয়েছে। যার ৯% করেছে ১৩-১৯ বছর বয়সীরাই। অর্থাৎ প্রায় ৮৪ হাজারের মতো শিশু খুন করেছে তারা। চিন্তা করো ৮৪ হাজার মানবশিশু শুধু অ্যামেরিকাতেই, শুধু এক বছরেই! ২০১৯ সালের পরিসংখ্যান বলছে গর্ভপাত করা নারীদের শতকরা ৮৫ ভাগই অবিবাহিত। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে শিশু খুনের মহাউৎসবের কারণ হলো বিবাহ বহির্ভূত 'পবিত্র (!) প্রেম'।

১৯৭৩ সালে গর্ভপাতকে বৈধতা দেবার পর গত ৪৭ বছরে কেবলমাত্র অ্যামেরিকাতেই ৬ কোটি ২০ লাখেরও বেশি শিশুকে গর্ভপাতের মাধ্যমে খুন করা হয়েছে। বলা হয়, হিটলার ৬০ লাখ ইহুদীকে খুন করেছিল। গর্ভপাতের মাধ্যমে অনাগত সন্তানদের হত্যা করার এই পরিমাণ হিটলারের ইহুদি নিধনের চাইতেও প্রায় ১০ গুণ বেশি! দশকের পর দশক জুড়ে পুরো পৃথিবী জুড়ে হিসেব করলে এই সংখ্যাটা কতো বড় হতে পারে.... চিন্তা করতে পারো? [১৩৭]

ফিরআউন বনী ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করতো। আমাদের কাছে ফিরআউন ঘৃণিত, নিকৃষ্ট। অথচ এই আধুনিক পৃথিবী কোটি কোটি নিষ্পাপ শিশুদের নিষ্ঠুরভাবে খুন করাকে আইন করে বৈধতা দিয়েও সভ্য। [১৩৮] খুন করাকে ঘাতক মায়ের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর কোটি কোটি মানবশিশু খুন হবার পেছনে মূখ্য ভূমিকা রাখা প্রেম নামের যিনার জন্য গাওয়া হচ্ছে জয়গান। কী বিচিত্র ভণ্ডামি! গর্ভপাতের ফলে মেয়েরা শারীরিক ক্ষতির মুখে পড়ে। জরায়ু ক্ষতিগ্রস্ত হয়ে সন্তান জন্মদানের ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারে! ভবিষ্যৎ দাম্পত্য সম্পর্ক নষ্ট করার জন্য কেবল এই একটা জিনিসই যথেষ্ট। [১৩৯]

শুধুই কি খুন করা বা শারীরিক ক্ষতি? মনস্তাত্ত্বিক যে চাপ পড়ে তা অবর্ণনীয়। বিয়ে ছাড়া প্রেগন্যান্ট হয়ে গেলে প্রেমিক-প্রেমিকা (বিশেষ করে প্রেমিকারা) এবং তাদের পরিবারগুলো যে কী ভয়ঙ্কর বিপদের মাঝে পড়ে, তা সেই অবস্থার মধ্যে না পড়লে বুঝতে পারবে না।

সাধারণত প্রেগন্যান্ট হবার খবর শোনামাত্রেই বয়ফ্রেন্ড ব্রেকআপ করে ফেলে। কোনো দায়দায়িত্ব নিতে চায় না। বিয়ের কথা বললে টালবাহানা শুরু করে। বেশি বাড়াবাড়ি করলে ছবি/ভিডিও ভাইরাল করে দেয়। অনেক সময় প্রেমিকাকে খুন পর্যন্ত করে ফেলে! [১৪০] সব দায়দায়িত্ব নিতে হয় প্রেমিকা আর তার পরিবারকে। আকাশ ভেঙে পড়ে তাদের মাথায়। জানাজানি হলে সমাজে কীভাবে মুখ দেখাবো, এই বাচ্চা নিয়ে কী করবো, গর্ভপাত করার ক্লিনিক কই পাবো...মেয়ের বিয়ে কীভাবে দেবো?

গর্ভের সন্তানকে নিষ্ঠুরভাবে খুন করা, সদ্যোজাত শিশুকে ডাস্টবিনে, কমোডে, রাস্তার পাশে ফেলে দিয়ে আসা... এই মহাপাপের গ্লানি আর স্মৃতি পুরোপুরি ভুলতে পারা যায় না, সারাজীবন তা তাড়া করে বেড়ায়। সে বেঁচে আছে না মরে গেছে, বেঁচে থাকলে কতো বড় হয়েছে, কেমন আছে, দেখতে কেমন হয়েছে... অসম্ভব একটা অপরাধবোধ কাজ করে। আর আখিরাতের ভয়াবহ শাস্তি তো আছেই। [১৪১]

সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য বাসযোগ্য করে গড়ে তোলার শপথ নিয়েছিল এই সমাজ, এই বিশ্বব্যবস্থা-গানে আর কবিতায়। কিন্তু সেই বিশ্বব্যবস্থা আজ জল্লাদের নাম ভূমিকায় অভিনয় করা শুরু করেছে। হয়ে গেছে শকুনের চেয়েও নির্দয়। বিয়ে বহির্ভূত প্রেমকে মহান পবিত্র হিসেবে উপস্থাপন করে, যার সাথে ইচ্ছা তার সাথে শুয়ে পড়াকে মৌলিক মানবাধিকার বানিয়ে এই বিশ্বব্যবস্থা পৃথিবীজুড়ে কোটি কোটি প্রাণকে নিষ্ঠুরভাবে হত্যা করছে-এই অধিকার তাদের কে দিয়েছে? এই খুনের দায়ভার কেন নেবে না এই বিশ্বব্যবস্থা? এই কোটি কোটি নিষ্পাপ শিশুদের খুনের কারণে প্রেম ভালোবাসার ফেরিওয়ালাদের কাঠগড়ায় কেন দাঁড় করানো হবে না? কেন বিশ্বের সকল সংবাদমাধ্যমের প্রথম পাতা জুড়ে লাল কালিতে লেখা হবে না-'বিয়ে বহির্ভূত প্রেম নিষ্ঠুর এক খুনি!'

এই কি তবে প্রেম? এই সেই পবিত্র প্রেম? এই তোমার সস্তা সুখের দাম?

শীঘ্রই বিশাল এক মাঠে সমবেত হতে যাচ্ছি আমরা। আদি থেকে অন্ত পর্যন্ত প্রত্যেকটি মানুষ সেখানে সমবেত হবে সারিবেঁধে। নতমুখে। আল্লাহর সামনে। একে একে আসবে ছুরি আর কাঁচিতে নিষ্ঠুরভাবে খুঁচিয়ে খুঁচিয়ে টুকরো টুকরো করে ফেলা সকল শিশু; ডাস্টবিন আর কমোডে ছুড়ে ফেলা সকল নবজাতক; কুকুরের মুখ থেকে বেঁচে ফেরা সকল নিষ্পাপ মানবাত্মা। বিচার দিবসের মালিক মহান আল্লাহর সামনে তারা তাদের অভিযোগ জানাবে। মালিকুল মুলক আল্লাহ সেইদিন বিচার করবেন। [১৪২] প্রশ্ন করবেন...

সেই প্রশ্নের মুখোমুখি হবার সামর্থ্য কি তোমার হবে?

টিকাঃ
[১৩৩] কুকুরের মুখে নবজাতক: দুরন্ত কিশোরের দল ও এক নারীর মহানুভবতা, bdnews24.com, Oct 12, 2015- tinyurl.com/2r7cpbvm
[১৩৪] ডাস্টবিনে ফেলে রাখায় কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত নবজাতক, Banglavision News ইউটিউব ভিডিও, Nov 29, 2021- tinyurl.com/yc6pjeja
[১৩৫] বাংলাদেশে নবজাতককে ফেলে দেওয়ার ঘটনা বাড়ছে, বিবিসি বাংলা, জানুয়ারি ১৪, ২০২১- tinyurl.com/2p8vnpw6 ডাস্টবিনে নবজাতকের কান্না, odhikar.news, জুন ০১, ২০১৮- tinyurl.com/bdfpptex বাড়ছে পরিচয়হীন নবজাতক, সমাধান কী, bd-journal.com, ২২ জানুয়ারি ২০২১- tinyurl.com/k565mx77 কুকুরের মুখে জীবিত নবজাতক! পাপ ঢাকতেই ফেলে যাচ্ছেন মায়েরা | My Search | EP ১৫ | Crime Show, mytv Bangladesh ইউটিউব ভিডিও, Dec ১২, ২০২০- tinyurl.com/yh7b6aja
[১৩৬] গর্ভপাতের একটা অ্যানিমেশন। দেখো কিভাবে খুন করা হয় গর্ভের শিশুদের- Lost Modesty ফেইসবুক পেইজ, ফেব্রুয়ারি ৬, ২০২২- tinyurl.com/54yw8cyk
[১৩৭] This Is the Average Age Teens Are Losing Their Virginity, seventeen.com,- tinyurl.com/msa9nu6a The 10 Worst Impacts of the 1960s Sexual Revolution, movieguide.org- tinyurl.com/bdz5rs2s Abortion in numbers, thelifeinstitute.net- tinyurl.com/mus42brk
[১৩৮] গর্ভের সন্তান খুন করার মাঝেই এই বিশ্বব্যবস্থা এখন আর সীমিত নেই। জন্ম নেওয়া সন্তানদেরও খুন করাকে বৈধতা দিতে শুরু করেছে এই সেক্যুলার বিশ্বব্যবস্থা। বিস্তারিত পড়ো এই লেখাগুলোতে- Lost Modesty ফেইসবুক পোস্ট, মে ৬, ২০২২- tinyurl.com/42wzecu4 Dutch government backs euthanasia for under-12s, theguardian.com, Oct 14, 2020-tinyurl.com/22z5mr8v Healthy NZ baby took two hours to die after late term abortion while hospital withheld medical assistance - tinyurl.com/mrxyupux The law of infanticide is supposed to provide merciful treatment for vulnerable mothers, theconversation.com-tinyurl.com/bdefuyk7 Abortion Legislation Bill - what are our politicians voting on? The proposed law in detail-tinyurl.com/3b4dx5hr Belgium passes law extending euthanasia to children of all ages, theguardian.com, Feb 13, 2014-tinyurl.com/5n8t5cs6
[১৩৯] Adama, T. (2013). "The moral implication of abortion in Nigeria: The Christian perspective", Nigerian Journal of Social Sciences Vol. 9 No. 1
[১৪০] কিশোরীকে ভুট্টাক্ষেতে শ্বাসরোধে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড, channel24bd.tv, আগস্ট ৮, ২০২২- tinyurl.com/42za5vwz
[১৪১] Ruling on aborting a pregnancy in the early stages, IslamQA-tinyurl.com/mu9k4jky
[১৪২] তাফসীর সূরা আত-তাকউয়ির, আয়াত ৮, মা'আরিফুল কুরআন।

📘 আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টি 📄 অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো...?

📄 অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো...?


এক।

লাভ ম্যারেজকে ডিযনি কার্টুন, নাটক, সিনেমা, সিরিজ, সাহিত্য কবিতা-সব জায়গাতেই প্রেমের সফল এক সমাপ্তি হিসেবে দেখানো হয়। লাভস্টোরিগুলো শেষ হয় এভাবে... অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো। অন্যদিকে অ্যারেঞ্জড ম্যারেজকে অচেনা, অজানা একজন মানুষের সাথে শুয়ে পড়া, দাসত্বের প্রতীক হিসেবে দেখানো হয়।

অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে সেক্যুলারদের ব্যাপক আপত্তি। আবার এরাই কিন্তু হুকআপ কালচারকে প্রমোট করে। বিয়ের মতো একটা পবিত্র ও শক্তিশালী বন্ধন যেখানে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মাধ্যমে নিরাপত্তা লাভ করে অন্তরঙ্গ হওয়া যায়, প্রতারণা বা খারাপ কিছু ঘটার ঝুঁকি অনেক কম থাকে-তা সেক্যুলারদের কাছে হারাম। কিন্তু হুকআপ কালচারাল মাধ্যমে পার্টি, নাইট ক্লাব, বার ইত্যাদিতে গিয়ে সম্পূর্ণ আগন্তুকের সাথে কয়েক ঘণ্টার পরিচয়ে প্রতারণা, ধর্ষণ বা যৌনবাহিত রোগের ঝুঁকি নিয়ে ওয়ান নাইট স্ট্যান্ড করা খুব আরাম!

ওর সাথে আমার মনের মিল হচ্ছে কি না, ওকে আমার পছন্দ হবে কি না, ওর সাথে আমি একই ছাদের নিচে সারাজীবন কাটাতে পারবো কি না, আমাদের দাম্পত্য জীবন সুখের হবে কি না এটা জানার পূর্বশর্তগুলো কী? কী কী কাজ করলে সেই মানুষটাকে চেনা যাবে? বিদ্যমান বিশ্বকাঠামো এই সমস্যার যে যে সমাধানগুলো দিয়েছে সেগুলো হলো -
১. তার সাথে ডেট করতে হবে মানে প্রেম করতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, ডিনারে যেতে হবে।
২. দূরে বা কাছে ট্যুরে যেতে হবে।
৩. মাঝে মাঝে রুমডেট বা বিছানায় যেতে হবে।
৪. লিভ টুগেদার করে বিয়ের আগে একটা ট্রায়াল দিয়ে নিতে পারলে তো সোনায় সোহাগা!

বিয়ের আগে মানুষ চেনার এই শর্তগুলো অক্ষরে অক্ষরে অ্যামেরিকানরা মেনে চলেছে। পরিণতিতে কী হয়েছে? বিচ্ছেদের মাত্রা বেড়ে যাওয়া, পারিবারিক অশান্তি, ঝগড়া, তীব্র হতাশা, সহিংসতা, ধর্ষণ, যৌন নির্যাতন, খুন, মামলা-মোকদ্দমা, জেল, জরিমানা। এমনকি আজ তারাই বলছে যেসব অ্যামেরিকান বিয়ের আগে লিভ টুগেদার করে, দাম্পত্য জীবনে তারা সুখী হচ্ছে না; কোর্টে বিচ্ছেদের আবেদন করছে। অ্যামেরিকার হাজার হাজার নারীর উপর চালানো গবেষণা থেকে দেখা যাচ্ছে যারা বিয়ের আগে লিভ টুগেদার করছে, তাদের বিচ্ছেদের সম্ভাবনা ১৫ শতাংশ বেশি। ইউনিভার্সিটি অফ ডেনভারের মনোবিজ্ঞানী গ্যালেনা রৌডস বলছে, 'আমরা সাধারণত মনে করি বেশি অভিজ্ঞতা থাকা ভালো কিন্তু বাস্তবতা পুরো বিপরীত। বেশি অভিজ্ঞতা দাম্পত্য জীবনের সুখ কেড়ে নেয়।' [১৪৩]

অ্যামেরিকার পিউ রিসার্চ সেন্টারসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে লিভ টুগেদার করা যুগলদের তুলনায় বিবাহিত অ্যামেরিকানরা অনেক সুখী জীবনযাপন করে। তাদের সম্পর্কে বিশ্বস্ততা, দায়বদ্ধতা, স্থিতিশীলতা, কল্যাণকামিতা থাকে। তারা বেশি ইনকাম করে। বাচ্চাকাচ্চার ব্যাপারে বেশি যত্নবান হয়। মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ থাকে। [১৪৪] লিভ টুগেদার করা কাপলদের মধ্যে বিচ্ছেদের হার থাকে অনেক অনেক বেশি। [১৪৫]

মিডিয়া, নারীবাদী ও সুশীল-প্রগতিশীলদের অনবরত প্রোপাগান্ডার ফলে আমাদের সমাজে উপরের লিস্টের ১, ২ ও ৩ নম্বর কাজগুলো মোটামুটি গ্রহণযোগ্য হয়ে যাবার পথে। লিভ টুগেদারের সংখ্যাও বাড়ছে হু হু করে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের মতো শহরগুলোতে। তরুণ প্রজন্ম তো বটেই, অভিভাবকেরা পর্যন্ত ভাবছেন-বিয়ের আগে প্রেম করে ঘোরাঘুরি করে একটা নিজেরা জানাশোনা করে নিলে ক্ষতি কী? এতে বন্ধন শক্তপোক্ত হবে-এমন মানসিকতা সামগ্রিকভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশকে যিনায় সয়লাব করে দেবার হুমকিতে ফেলে দিয়েছে।

দাম্পত্য জীবনে যৌনতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একে অপরকে তৃপ্তি দিতে না পারলে এটার কারণেই সংসারে মারাত্মক অশান্তি, পরকীয়া এমনকি ডিভোর্স পর্যন্ত হয়। তাহলে তুমি কেন বিয়ের আগে প্রেম করে মানুষটা কেমন, তার মন মানসিকতা কেমন, শুধু এগুলো বোঝার চেষ্টা করবা? কেন বিছানায় গিয়ে সেই মানুষটা কেমন পারফর্ম করতে পারে, সেটা যাচাই করবা না? বিয়ের পরে দেখা গেল সে তোমাকে সন্তুষ্ট করতে পারছে না-তখন?

বুঝতে পারছো এই চিন্তা কাঠামোর চূড়ান্ত পরিণতি কোন দিকে যাচ্ছে? কয় বছর, কয়জনের সঙ্গে প্রেম করলে তুমি বুঝতে পারবে তুমি আসল মানুষ খুঁজে পেয়েছো? কয়জনের বিছানায় কয়বার করে গেলে বুঝতে পারবে তোমার জন্য এই ছেলেটা বা এই মেয়েটা পারফেক্ট? পারফেক্ট ম্যাচ খোঁজার জন্য তুমি তোমার বোনকে কয়টা ছেলের বিছানায় পাঠাবে?
- প্রশ্নগুলো আছে, কিন্তু নেই কোনো কংক্রিট উত্তর।

এই অবাধ যৌনতার ফসল হিসেবে পাওয়া ডিপ্রেশন, গর্ভপাত, যৌনবাহিত রোগ, মানসিক ট্রমা, ভাইরাল ভিডিও, আত্মহত্যা, মানসম্মানের ক্ষতি, ধর্ষণ- এগুলোর দায়ভার কে নেবে?
এরও নেই কোনো উত্তর।

অ্যামেরিকায় বেশিরভাগ বিয়েই হয় প্রেমের কারণে। এবং সেখানকার ডিভোর্সের শতকরা হার ৪০-৫০ এর মধ্যে ঘোরাফেরা করে। ৪০-৫০ শতাংশ বিচ্ছেদের মধ্যে অ্যারেঞ্জড ম্যারেজে বিচ্ছেদের হার মাত্র ৪ শতাংশ। [১৪৬]

অধ্যাপক, বিখ্যাত সংস্থা সাইকোলজি টুডে-র সাবেক প্রধান সম্পাদক, অ্যামেরিকার সায়েন্টিফিক ম্যাগাজিন MIND এর সম্পাদক ড. রবার্ট এপস্টিনের মতে অ্যামেরিকার এই উচ্চ বিচ্ছেদের হারের কারণ হলো লাভ ম্যারেজ। এই বিশেষজ্ঞের কাছ থেকে এমন মতও এসেছে যে-যে দেশ বিয়ের ক্ষেত্রে অ্যামেরিকার মডেল অনুসরণ করবে, সেই দেশে বিয়ে ততো ব্যর্থ হবে। [১৪৭] ফরাসি সমাজবিজ্ঞানী সৌল-জুর-ডন এর মাঠ পর্যায়ের একটি গবেষণার ফলাফল হচ্ছে: “যে বিয়ের পাত্র-পাত্রী বিয়ের আগে প্রেমে পড়েনি, এমন বিয়ে তুলনামূলকভাবে বেশি সফল।”

অপর এক সমাজবিজ্ঞানী 'আব্দুল বারী' কর্তৃক ১৫০০ টি পরিবারের উপর পরিচালিত গবেষণার ফলাফল হচ্ছে: ৭৫% এর বেশি প্রেমঘটিত বিয়ের তালাকের মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছে। অথচ অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে, তালাকের হার ৫% এরও নিচে!! [১৪৮] মুম্বাই হাইকোর্ট তাদের পর্যবেক্ষণ থেকে দাবি করেছে-ভারতে অ্যারেঞ্জড ম্যারেজের তুলনায় লাভ ম্যারেজে ডিভোর্সের হার অনেক বেশি। [১৪৯]

শায়খ আলী তানতাউয়ী (রহ.)-র পরিচয় আমরা আগেই দিয়েছি। বিশ হাজারের মতো বৈবাহিক মামলার সমাধান করা এই আলেম বিচারক বলেন, 'তোমাদের চোখে তো রঙের ফানুস। তাই আমার অভিজ্ঞতার কথাগুলো বিশ্বাস করবে কি না, তা নিয়ে আমি সন্দিহান। সত্যি কথা হলো, এসব (প্রেমের) বিয়ের পরিণতি হলো বিবাদ ও বিচ্ছেদ। [১৫০]

পর্দায় যা-ই দেখানো হোক না কেন, প্রেমের বিয়েগুলো সাধারণত টেকে না। সুখের হয় না। দাম্পত্য কলহ, অশান্তি, বিচ্ছেদ এগুলো প্রেমের বিয়ের ক্ষেত্রে খুবই সাধারণ ঘটনা। মিডিয়ার যারা আমাদের প্রেম শেখায়, ভালোবাসার সবক দেয়, যারা আমাদের কাছে আসার গল্প শেখায়, মজার ব্যাপার হলো তাদের জীবনেই বিচ্ছেদ, দাম্পত্য কলহ, অশান্তি বেশি।

বাঙালির রোমান্টিকতার আদি ও অকৃত্রিম রোল মডেল, মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে প্রেমের নিয়মকানুনকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হুমায়ূন আহমেদ, হুমায়ূন ফরিদী [১৫১], গুরু জেমস, শ্রাবন্তী, জয়া আহসান, এককালের হার্টথ্রব অপি করিম, তারিন, শখ, সারিকা, বাঁধন, শাকিব খান আর অপু বিশ্বাস, তাহসান আর মিথিলা-ভালোবেসে বিয়ে করে সংসার টেকাতে পারেনি কেউই। এটা শুধু বাংলাদেশ, ভারত বা উপমহাদেশের ঘটনা না। পাশ্চাত্যের হলিউড, মিউজিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রেম শেখানো সব ইন্ডাস্ট্রির একই অবস্থা। আরো বেশি ভয়ঙ্কর অবস্থা। আরো বেশি বিচ্ছেদ, হতাশা, আত্মহত্যা। [১৫২]

এরা তো একে অপরের সাথে প্রেম করে জেনেশুনে তারপর বিয়ে করেছিল। এদের কেন ডিভোর্স হলো? পাশ্চাত্যের ওরা তো একেবারে বিছানায় শুয়ে পড়ে লিভ টুগেদার করে মাসের পর মাস, বছরের পর বছর চিনে তারপর বিয়ে করে। ওদের কেন এতো বিচ্ছেদ?

দেখো, এভাবে প্রেম করে আসলে মানুষ চেনা যায় না। বাস্তবতাও বোঝা যায় না। প্রেম একটা মুখোশ পরে থাকে। মোহ নিয়ে শুরু হয়, একে অপরকে পাওয়ার মাধ্যমে মোহটা শেষ হয়ে যায়। একটা ব্যাপার খেয়াল করো। আজ থেকে ১৫-২০ বছর আগেও এই অবাধ প্রেম-ভালোবাসা সমাজে আজকের মতো গ্রহণযোগ্য ছিলো না। বাবা-মা, পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী কেউই প্রেমের বিয়ে মানতে চাইতেন না। সে সময় সমাজে এতো বিচ্ছেদ ছিলো না, সংসারে অশান্তির আগুন জ্বলতো না। এখন তো প্রেমের বিয়ের ভরা মৌসুম। বিয়ে দেবার আগে বাবা-মা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে নেন পছন্দের কেউ আছে কি না। পছন্দের কেউ থাকলে হাঁফ ছেড়ে বাঁচেন-যাক, পাত্র পাত্রী খোঁজার ঝামেলা থেকে বেঁচে গেলাম! প্রেমের বিয়ের এই ভরা মৌসুমে দেখো, বিবাহ বিচ্ছেদের হার অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে, সংসারগুলো ভেঙে পড়ছে। [১৫৩] ঘরে ঘরে অশান্তি।

দিনাজপুর পৌরসভায় তালাক-সংক্রান্ত সালিশী পরিষদে বৈঠক বসে মাসে দুইবার। ২০২১ সালের পহেলা মার্চে ৪০টি তালাক-সংক্রান্ত বৈঠক ডাকা হয়। এই ৪০টি বিয়ের বেশিরভাগই ছিল প্রেমঘটিত। কারো বিয়ে হয়েছে পরিবারের সম্মতিতে, আবার কেউ কেউ বিয়ে করেন গোপনে। মেয়েদের চাপাচাপিতেই পরিবারের অজান্তে বিয়ে করে বসেন তারা। একপর্যায়ে পরিবারের সদস্যরা এসব বিয়ে মেনে নেন। তালাক দেওয়া দম্পতিদের তালিকায় ছিলেন চিকিৎসক, আইনজীবী, পুলিশ সদস্যসহ সাধারণ দম্পতিরা। [১৫৪]

এসব কিছুর জন্য যে প্রেমই একমাত্র দায়ী, এমন না। নারীবাদের উত্থান, ভোগবাদী মানসিকতাসহ আরো অনেক ফ্যাক্টর রয়েছে। তবে অন্যতম নাটের গুরু হলো প্রেম।

এখানে আরেকটা বিষয় পরিষ্কার করি। ডিভোর্স মানেই খারাপ, তা না। সাহাবীদের মধ্যেও ডিভোর্সের উদাহরণ আছে। কাজেই ডিভোর্স হওয়া মানেই সেই নারী বা সেই পুরুষের মধ্যে কোনো সমস্যা আছে, এটা ইসলামের অবস্থান না। আদর্শ ইসলামী সমাজেও উপযুক্ত কারণে ডিভোর্স হতে পারে। কাজেই ডিভোর্স হচ্ছে, তাই লাভ ম্যারেজ খারাপ—এটা আমরা বলছি না। আমরা যা বলছি তা হল, লাভ ম্যারেজের ব্যাপারে যে ধারণা আছে, উপরের তথ্যগুলো সেগুলোকে ভুল প্রমাণিত করে। যেসব যুক্তি আর অজুহাত তুলে ধরে লাভ ম্যারেজের পক্ষের লোকেরা অ্যারেঞ্জড ম্যারেজের বিরোধিতা করে, পরিসংখ্যান এবং গবেষণার আলোকে সেগুলো নিরেট ভুল। কাজেই লাভ ম্যারেজের যে মিথ তোমাদের গেলানো হয়েছে, তা কল্পকথাই, সত্য না。

এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে। অ্যারেঞ্জড ম্যারেজে কি সংসারে অশান্তি হয় না? মারামারি, খুনোখুনি হয় না?

হ্যাঁ, হয়। তবে সেটা অ্যারেঞ্জড ম্যারেজের সিস্টেমে সমস্যা না। সিস্টেমের প্রয়োগে সমস্যা। এই বিষয়টি খুব ভালোমতো বোঝা যাবে যদি আমরা আগে বুঝে নেই প্রেমের বিয়ে কেন ভাঙে, প্রেমের বিয়ে এবং অ্যারেঞ্জড ম্যারেজের মধ্যেকার অনালোচিত কিন্তু মৌলিক পার্থক্যগুলো কী।

'প্রেমের বিয়ে ভাঙে কেন?' নামে একটি আর্টিকেল প্রকাশিত হয় দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০১৬ সালের ১০ আগস্ট। লেখক ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আলগিন। [১৫৫] উনি ছাড়াও দেশ বিদেশের অনেক প্রখ্যাত গবেষক, আলেম, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীদের গবেষণা [১৫৬] থেকে ঠিক ঐ কথাগুলোই বারবার উঠে এসেছে যেগুলো আমরা বইয়ের একদম শুরুতে বলেছি। প্রেম মনে করে মানুষ যে বিষয়ের পেছনে ছুটছে অহর্নিশ, তা হলো আকর্ষণ আর মোহ।

বিয়ের পর অষ্টপ্রহর একসঙ্গে নিবিড়ভাবে থাকার কারণে প্রেমিক/প্রেমিকার চোখে একে অপরের দোষ ধরা পড়ে। মোহ কেটে যায়। প্রেমের সময়টাতে একটা স্বপ্নের জগতে থাকে প্রেমিক প্রেমিকারা। ভাবে বাকি জীবনটাও এভাবেই কেটে যাবে। কিন্তু বিয়ের পরে স্বপ্নের জগৎ থেকে বাস্তব দুনিয়ায় আছাড় খেয়ে পড়ে তারা।

অধিকাংশ প্রেমেই এখন বিয়ের আগে যিনা হয়। জঘন্য একটা পাপের মাধ্যমে বিয়ে শুরু হয়। সংসারে অশান্তি নেমে আসে যা আমরা আগেই বিশেষজ্ঞদের আলোচনায় দেখেছি।

বিয়ের আগে কোনো রকমের দায়দায়িত্ব নেওয়া ছাড়াই শরীরের স্বাদ পাওয়া যাচ্ছিল। এখন সেই একই জিনিস পাবার জন্য একটা দায়িত্ব নেওয়া লাগছে। এই ঝামেলাটাও সম্পর্কে জটিলতা তৈরি করে।

প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রেমিক/প্রেমিকা যা বলে, তাই বিনা প্রশ্নে মেনে নেওয়া হয়। নম্রতা, ভদ্রতা, আত্মত্যাগ থাকে। কিন্তু বিয়ের পর এই দাস-মনিব সম্পর্ক চালিয়ে যাবার মানসিকতা আর থাকে না—ওকে পাবার জন্য আমি আগে এমনটা করেছিলাম... এখন তো আমি ওকে পেয়েই গেছি। আগে অনেক প্যারা সহ্য করেছি... এখন আর করবো না। এই হয় চিন্তাভাবনা।

এবার অ্যারেঞ্জড ম্যারেজের দিকে তাকাও। মোহ বা কামনার ফাঁদে ফেলে ভুল মানুষ বাছার সম্ভাবনা এখানে শূন্যের কাছাকাছি। কাউকে দেখে মোহে পড়ে গেলেও তার সাথেই যে বিয়ে হয়, এমন না। ছেলে মেয়ের মোহান্ধ চোখ ভুল করলেও বাবা-মা, আত্মীয়-স্বজন খোঁজখবর নিয়ে পাত্র/পাত্রীর এবং পরিবারের মন মানসিকতা, পরিবেশ, দ্বীনদারিতা (শরীয়াহ অনুযায়ী যেটা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত), রূপ-সৌন্দর্য, অর্থনৈতিক অবস্থা সব বিবেচনা করে তাদের ছেলে বা মেয়ের জন্য উপযুক্ত মানুষকে নিয়ে আসতে পারেন। এর ফলে প্রতারণার সুযোগ যেমন কম থাকে তেমনি বিয়ের পরে হানিমুন পিরিয়ড শেষে মোহ বা কামনা কেটে গেলেও মানিয়ে নিতে সমস্যা হয় না।

আদর্শ ইসলামী বিয়েতে কী হয়?
মেয়ের পুরুষ অভিভাবকের উপস্থিতিতে ইসলামী শরীয়াহ অনুযায়ী পাত্র/পাত্রীরা একে অপরকে দেখে, দোষগুণ, প্রাপ্তি, প্রত্যাশা সব জেনে, দায়িত্ব-কর্তব্য জেনে বুঝে বিয়ে করে। আলগা ফ্যান্টাসি থাকার সুযোগ খুবই কমে আসে। এখানে প্রেমের নামে যিনা করে আল্লাহর আইন অমান্য করা হয় না। ইস্তিখারা সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করার সুযোগ থাকে। [১৫৭] দেনমোহরের ব্যাপারে ঠকানো যায় না।

এখানে একটা কথা বলা বেশ জরুরি- অ্যারেঞ্জড ম্যারেজের গায়ে একটা তকমা বেশ ভালোভাবে সেঁটে দেওয়া হয়েছে যে, এখানে জোর করে মেয়ে বা ছেলের অমতে তার অপছন্দের মানুষের সাথে বিয়ে দেওয়া যায়। কাজেই এটা একটা দাসত্বের প্রতীক। অথচ বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর অনুমতি অবশ্যই নিতে হবে। ছেলে বা মেয়ে না চাইলে অভিভাবকরা জোর করতে পারবেন না। এটাই ইসলামের বিধান। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
“যে নারীর পূর্বে বিয়ে হয়েছিল, বিয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার অভিভাবকের তুলনায় বেশি এবং একজন কুমারী মেয়ের বিয়েতে তার অনুমতি নেওয়া আবশ্যিক, (তবে) নীরবতাই তার সম্মতি।” [১৫৮]

তাছাড়া বিয়ে মানে শুধু দু' জন মানুষের মিলন নয়। বরং দুইটি পরিবার, দুইটি বংশের মিলন। লাভ ম্যারেজের বেলায় অনেক ক্ষেত্রেই দুই পরিবারের মাঝে মন-মানসিকতা, অর্থনৈতিক, সামাজিক অবস্থান ইত্যাদি সহ আরো অনেক কারণে সম্পর্ক তিক্ত হয়ে হবার সম্ভাবনা থাকে। হয়ও। অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক কম। দুই পরিবারের সম্পর্কে তিক্ততা থাকলে স্বামী-স্ত্রীর জীবন যে কতোটা দুর্বিষহ হয়ে যায়, নিজের অভিজ্ঞতা ছাড়া বাইরে থেকে বোঝা সম্ভব নয়।

পাপের উপর প্রতিষ্ঠিত: এই বিয়ে প্রতিষ্ঠিত হয় পাপের উপর। এ কারণে আল্লাহ তা'আলা এই বিয়ে থেকে বারাকাহও তুলে নেন।
'যে ব্যক্তি আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে কষ্টের জীবন। [১৫৯]
'যে তার গৃহের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির উপর প্রতিষ্ঠা করলো, সে কি উত্তম না ঐ ব্যক্তি যে তার গৃহের ভিত্তি প্রতিষ্ঠা করেছে এক গর্তের পতনোন্মুখ কিনারায়? অতঃপর তাকে নিয়ে তা ধসে পড়লো জাহান্নামের আগুনে। আর আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন না।' [১৬০]

অন্যদিকে আল্লাহর আদেশ-নিষেধ মেনে বিয়ে করা হলে তাতে নেমে আসে আসমানী বরকত। এটি মহান আল্লাহর প্রতিশ্রুতি।
'যে পুরুষ বা নারী ঈমানদার অবস্থায় সৎকাজ করবে তাকে আমি উত্তম জীবন দান করবো এবং অবশ্যই তাদেরকে তাদের শ্রেষ্ঠ কাজের পুরস্কার দেবো। [১৬১]

রাজস্থান বিশ্ববিদ্যালয়ের দু'জন মনোবিজ্ঞানী ঊষা গুপ্তা এবং পুষ্পা সিং পাশ্চাত্যের মতো প্রেমের বিয়ে আর উপমহাদেশের গতানুগতিক অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে বেশ চমৎকার একটা গবেষণা করে ১৯৮২ সালে। সেই গবেষণায় দেখা যায়-অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে দিন দিন ভালোবাসা শক্তিশালী হতে থাকে। ড. রবার্ট এপস্টিনের কথা আমরা আগেই বলেছি। তার মতে, প্রেমের বিয়ের ক্ষেত্রে ভালোবাসা মোটামুটি দুই বছর পর কমতে শুরু করে। কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে এটা দিন দিন বাড়তে থাকে। [১৬২]

প্রকৃতপক্ষে লাভ ম্যারেজে ভালোবাসাটাই তৈরি হতে পারছে না ঠিকঠাক মতো। যা হচ্ছে তা খুবই স্বল্প পরিমাণ, ক্ষণিকের ভালোবাসা। বাকিটা জুড়ে আছে মোহ আর কামনা।

কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজে কি আসলেই ভালোবাসা তৈরি হয়? দু'জন স্বল্প পরিচিত মানুষ এক ছাদের নিচে আসলেই ভালোবাসা তৈরি হয়? ভালোবাসা কি তৈরি হবার জিনিস? এটা তো একটা অনুভূতি...- প্রশ্ন আসতে পারে।

ড. রবার্ট এপস্টিনের মত হলো-ভালোবাসা তৈরি করা যায়। প্রথমে হয় বিয়ে আর তারপর ভালোবাসা তৈরি হয়। [১৬৩]
ভালোবাসার উপাদানগুলো আর অনুভূতিগুলো দেখো-সামাজিক স্বীকৃতি, দায়িত্ববোধ, নিরাপত্তা, শান্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, বন্ধন, দায়বদ্ধতা, পারস্পরিক বিশ্বাস, সন্তান বড় করে তুলবার জন্য উপযুক্ত পরিবেশ। এসব কি অ্যারেঞ্জড ম্যারেজ ছাড়া হয়?

তবে ভালোবাসা একদিনেই তৈরি হয় না। একটু সময় নিয়ে কয়েকটা স্তর পেরিয়ে তৈরি হয়। তবে এই স্তর নিয়ে মতভেদ আছে। [১৬৪] কেউ বলে তিনটি, কেউ বলে ৪টি, আবার কেউ বলে ৫টি। তবে সংখ্যা যা-ই হোক না কেন, সবার মূলকথা এক। সেসবের আলোকেই ভালোবাসা তৈরি হবার ধাপ হিসেবে আমরা রাখছি -
১) মোহ ও কামনা অর্থাৎ আকর্ষণ (Attraction)
২) দয়া, মায়া, মমতা (Affection)
৩) বন্ধন, ভালোবাসা (Attachment, love)

অ্যারেঞ্জড ম্যারেজের সম্ভাব্য পাত্র/পাত্রীকে দেখে মোহ বা দৈহিক আকর্ষণ অনুভব হয়। তবে প্রেমের বিয়ের মতো এটা অন্ধ হয় না, পরিবার, অভিভাবকরা এই মোহান্ধ মনের চোখ হিসেবে কাজ করে। ইসলামের কষ্টিপাথরে ঘষে সম্ভাব্য ভুল সংশোধন করে দেওয়ার সুযোগ থাকে—এসব আমরা আগেই আলোচনা করেছি।

অভিভাবকের সম্মতি নিয়ে একে অপরকে পছন্দ করার ধাপ পেরিয়ে আসে বিয়ের ধাপ। এবং বিয়ের মাধ্যমেই তৈরি হয় দয়া, মায়া, মমতা। যার প্রমাণ দিচ্ছেন স্বয়ং আল্লাহ তা'আলা, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা - 'আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।' [১৬৫]
'...তারা তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ।' [১৬৬]

দয়া, মমতার ধাপ পেরিয়ে ভালোবাসা চূড়ান্ত পরিণতিতে প্রবেশ করে। একসঙ্গে থাকা, গল্প করা, সুখদুঃখ ভাগাভাগি করা, শারীরিক অন্তরঙ্গতা, উষ্ণতা, ইমোশনাল সাপোর্ট, নিরাপত্তা, দায়বদ্ধতা, সামাজিক গ্রহণযোগ্যতা, আস্থা, ...সবকিছুই নিখাদ, নির্ভেজাল ভালোবাসার বৃষ্টি নামায়。

তবে একে অপরকে পছন্দ করে বিয়ে করা যে একেবারেই হারাম, এমন না। একে অপরকে ভালো লাগতেই পারে। এবং একে অপরকে ভালো লাগলে যদি সব শর্ত পূরণ হয় এবং এর মধ্যে হারাম কিছু না থাকে, তাহলে ইসলামের নির্দেশ তাদের বিয়ে দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, 'যারা একে অপরকে পছন্দ করে তাদের মধ্যে বিয়ে দেওয়ার মতো উত্তম কিছু আছে বলে আমরা মনে করি না।' [১৬৭]

কিন্তু এখন এই পছন্দ করা মানে আমাদের সময়ের গতানুগতিক পছন্দ করা, প্রেম করার মতো না। একে অপরের সাথে কথা বলা, চ্যাট করা, রিকশাবিলাস, বৃষ্টিবিলাস করা বা ট্যুরে গিয়ে একই রুমে থাকা না। এই পছন্দ করার অর্থ হলো-একজন অপরজনকে শুধু দেখেছে... ভালো লেগেছে, এরপর নিজেদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ না করে ছেলে, মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে বা মেয়ে মাহরামের মাধ্যমে ছেলের বাসায় প্রস্তাব পাঠিয়েছে।

যারা এভাবে ইসলাম মেনে বিয়ের প্রস্তাব পাঠাবে তাদের পক্ষে এমন কাউকে পছন্দ করা সম্ভব হবে না, যে তাঁর দ্বীনের জন্য ক্ষতি বয়ে আনবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারটি কারণে একজন নারীকে বিবাহ করা হয়- সম্পদ, বংশমর্যাদা, রূপ ও দ্বীনদারিতা। তিনি বেঁছে নিতে বলেছেন দ্বীনদার নারীকে। না হলে ক্ষতিগ্রস্ত হবার কথা বলেছেন। [১৬৮] এখন একজন দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ছেলের হিজাববিহীন সুন্দরী ক্লাসমেটের দিকে হঠাৎ চোখ পড়ে ভালো লেগেই যেতে পারে। তবে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা মাথায় রেখে সেই ছেলে ঐ মেয়ের বাসায় প্রস্তাব পাঠাবে না। সেই সাথে বিয়ের প্রস্তাব পাঠানোর আগে সে ইস্তিখারা করবে। এটাও তাকে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। [১৬৯]

পল জেইমস ডিউক ছিল ইংল্যান্ড এবং ওয়েলসের হাইকোর্টের বিচারপতি। ২০১২ সালে ম্যারেজ ফাউন্ডেশন নামের এক থিঙ্কট্যাঙ্ক চালু হয় তার উদ্যোগে। দীর্ঘস্থায়ী সুখী সফল দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বেশ কিছু কাজ করে যাচ্ছে এই থিঙ্কট্যাঙ্ক। পল জেইমস ডিউকের মতে, 'মুসলিমদের বিয়েতে একটা দীর্ঘস্থায়ী সফল বিয়ের জন্য অসংখ্য উপাদান রয়েছে। [১৭০]

বিয়ের ক্ষেত্রে ইসলামের শর্তগুলো মানা হয় না। দ্বীনদারিতা না বরং ছেলের ক্যারিয়ারের সাথে মেয়ের রূপের বিয়ে হয়। বিয়ের আগে দল বেঁধে সবাই পাত্রী দেখতে যায়। পাত্র ছাড়া অন্য কোনো পুরুষের পাত্রীকে দেখা জায়েয নয়, অথচ পাত্রের মামা, চাচা, খালু, দুলাভাই সবাই দেখছে। পর্দার কোন বালাই থাকে না। বিয়ের আগে 'পরিচিত হবার' নাম করে পাত্রপাত্রীরা ডেট করে, ইনবক্সে খোলামেলা হয়, অনেকে আবার পরিচিত হতে গিয়ে শুয়েই পড়ে। অথচ ইসলামের অনুমোদিত নিয়ম হচ্ছে মেয়ের পুরুষ মাহরামের উপস্থিতিতে ছেলের সাথে শুধু প্রয়োজনীয় ব্যাপারে আলাপ আলোচনা করা।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে বিয়েতে খরচ যতো কম হয় সে বিয়েতে বারাকাহ ততো বেশি। [১৭১] অথচ আমাদের দেশের বিয়েগুলোতে ভারতীয় সিরিয়াল আর সিনেমায় অনুপ্রাণিত হয়ে হালদি নাইটস, মেহেন্দী নাইটস এই সেই করে লাখ লাখ টাকা অপচয় করা হচ্ছে। সুন্দর, আকর্ষণীয় পোশাকে সেজে নারী পুরুষের সেই লেভেলের ফ্রি- মিক্সিং, অশ্লীল নাচগান, এমনকি মদ পান করা হচ্ছে। ওয়েডিং ফটোগ্রাফির নামে বর- কনের প্রকাশ্যে জড়াজড়ি ছবি, ভিডিও হচ্ছে। সেগুলো আবার আপলোড হয়ে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ লোকের সামনে। বিয়ের পরেও স্বামী-স্ত্রীর মাঝে দ্বীন পালনের তেমন বালাই দেখা যাচ্ছে না। উল্টো ভারতীয় আর পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুসরণ চলছে। এভাবে শরীয়াহর বাইরে গিয়ে বিয়ে সফল হবার প্রত্যেকটি উপাদানকে নষ্ট করে দেওয়া হলে সংসারে অশান্তি, বিচ্ছেদ হওয়া স্বাভাবিক।

দুঃখজনকভাবে, আমাদের সমাজে বিয়ের ব্যাপারে শরীয়াহর বিধি-বিধান উপেক্ষা করা হয়। নানা অর্থহীন হিসেব-নিকেশের জালে জড়িয়ে বিয়েকে কঠিন করে ফেলা হয়। সঠিক ইসলামী শিক্ষার অভাবের ফলে উপমহাদেশীয় অনেক কুসংস্কার, কুপ্রথা এবং ভুল ধ্যানধারণার কারণে নানা ধরনের অবিচারও হয়। বিশেষ করে নারীদের সাথে। কিন্তু এগুলোর সমাধান পশ্চিমের যৌন বিপ্লবের অনুকরণ করে পাওয়া যাবে না। সেই চেষ্টা করা হয়েছে এবং ফলাফলও আমাদের সামনেই আছে। এই সমস্যাগুলোর সমাধান আসবে পরিপূর্ণভাবে শরীয়াহর নীতিমালা অনুসরণের মাধ্যমে। সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরার মাধ্যমে。

তথাকথিত এই লাভ ম্যারেজ সিস্টেম হিসেবে ব্যর্থ। মানে এই সিস্টেম হুবহু অনুসরণ করলেও ব্যর্থতা আসবে-যার প্রমাণ আমাদের চোখের সামনে স্পষ্ট। কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজ সিস্টেম হিসেবে ব্যর্থ না। ইসলামী শরীয়াহ, নবী (ﷺ)-এর সুন্নাহ সঠিকভাবে অনুসরণ করা হলে মধুময় সফল দাম্পত্য জীবন তৈরি হয়। এটাই আল্লাহর নির্ধারিত পদ্ধতি, এটাই হাজার বছর ধরে অনুসরণ করে আসা একমাত্র সফল পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া অন্য সকল পদ্ধতি ব্যর্থ হতে বাধ্য। গত কয়েক দশকের বাস্তবতা থেকে এ সত্য স্পষ্ট। লিভ টুগেদার, লাভ ম্যারেজ সহ যা যা আছে সবই মুখ থুবড়ে পড়েছে হতাশার ধূসর, মলিন, স্যাঁতস্যাতে রাজপথের মাঝখানে।

টিকাঃ
[১৪৩] Too Risky to Wed in Your 20s? Not if You Avoid Cohabiting First, The Wall Street Journal. Feb. 5 2022- tinyurl.com/yjkdjh6n
[১৪৪] Married people have happier, healthier relationships than unmarried couples who live together, Washingtonpost, November 20, 2019 - tinyurl.com/bdsewcp9 Cohabiting parents differ from married ones in three big ways, brookings.edu, April 5, 2017- tinyurl.com/ymyrfnv4 Marriage, Living Together, or Staying Single, psychologytoday.com-tinyurl.com/2p9n9ze4 Brown, S. L. (2005). How cohabitation is reshaping American families. Contexts, 4(3), 33-37.
[১৪৫] Men! Would You Prefer To Marry A Virgin? thestudentroom.co.uk-tinyurl.com/d58urrfx Americans must finally get a grip on the sexual revolution's excesses, thehill.com, January 6,2018- tinyurl.com/4rxty8wm The 10 Worst Impacts of the 1960s Sexual Revolution, movieguide.org-tinyurl.com/bdz5rs2s Nation of broken families: One in three children lives with a single-parent or with step mum or dad, Daily Mail- tinyurl.com/2p8p6jw9
[১৪৬] 4 facts about love and marriage in America, weforum.org, February 19, 2018- tinyurl.com/35xde4u3 What Modern Arranged Marriages Really Look Like, brides.com, February 23, 2022- tinyurl.com/prvwvbcd
[১৪৭] What's love got to do with it? Timesofindia, March 12, 2010- tinyurl.com/4h8n6hys
[১৪৮] যে প্রেমের শেষ পরিণতি হচ্ছে বিয়ে: সেটা কি হারাম? islamqa- tinyurl.com/yc4ub88y
[১৪৯] Why is the divorce rate higher in love marriages than in arranged marriages? inforanjan.com, June 9, 2021- tinyurl.com/3dcyw2r4
[১৫০] লাভ ম্যারেজ, শায়খ আলী তানতাউয়ী, বইঘর প্রকাশনী, পৃষ্ঠা, ১৬
[১৫১] বেচারা হুমায়ূন ফরিদী তো শোকে মদ খেতে খেতে মারাই গেল।
[১৫২] তারকা দম্পত্তিদের যত বিচ্ছেদ, একুশে টিভি, ডিসেম্বর ১০, ২০১৭- tinyurl.com/mw8d9d7b আর্থিক অনটনে পড়েছিলেন উত্তম! তখন গৌরীদেবীর গয়নার বিল ঢুকিয়েছিলেন সুপ্রিয়াদেবী, oddbangla.com, নভেম্বর ২৬, ২০১৯- tinyurl.com/bdzxhyut
[১৫৩] ঢাকায় প্রতি ৩৭ মিনিটে একটা করে তালাক হচ্ছে, প্রথম আলো ডিসেম্বর ২১, ২০২০- tinyurl.com/4cxy9mnb বাড়ছে তালাকের প্রবণতা, দৈনিক ইনকিলাব, জানুয়ারি ৩১, ২০২২- tinyurl.com/438x36ru
[১৫৪] প্রেমের বিয়ের বিচ্ছেদে এগিয়ে নারীরা, জাগো নিউজ, মার্চ ০৮, ২০২১- tinyurl.com/35upbp9r
[১৫৫] প্রেমের বিয়ে ভাঙে কেন? প্রথম আলো, আগস্ট ৯, ২০১৬- tinyurl.com/4c97bdhw
[১৫৬] Why is the divorce rate higher in love marriages than in arranged marriages? inforanjan.com, June 9, 2021- tinyurl.com/3dcyw2r4 How Do Arrange Marriages Last Longer Than Love Marriges,yourdost.com- tinyurl.com/dxjra3p7 Debate on Love Marriage and Arranged Marriage, aplustopper.com, March 16, 2022- tinyurl.com/bdehk578 যে প্রেমের শেষ পরিণতি হচ্ছে বিয়ে: সেটা কি হারাম? islamqa - tinyurl.com/yc4ub88y Arranged Marriages Can Be Real Love Connection, scientificamerican.com, March 11, 2010- tinyurl.com/4cpf4pdy
[১৫৭] ইস্তিখারার নামাযের পদ্ধতি, Islamqa- tinyurl.com/4s7bfnk8
[১৫৮] সহীহ মুসলিম ১৪২১ [ইফা. ৩৩৪৫] ইবনু আব্বাস রা. হতে। সহীহ বুখারীতে (৬৯৪৬) আইশা রা. হতে অনুরূপ বর্ণনা আছে, তবে তাতে হাদিসের প্রথম অংশটি নেই।
[১৫৯] সূরা ত্বহা, ২০: ১২৪
[১৬০] সূরা আত-তাওবা, ৯: ১০৯
[১৬১] সূরা আন-নাহল, ১৬: ৯৭
[১৬২] What's love got to do with it? - tinyurl.com/4h8n6hys Arranged Marriages Can Be Real Love Connection, scientificamerican.com, March 11, 2010- tinyurl.com/4cpf4pdy
[১৬৩] ভালোবাসা কীভাবে তৈরি করতে হয় তা জানার জন্য রাসূলুল্লাহ'র (ﷺ) জীবনী পড়ো। আম্মাজান আয়েশা (রা.) সহ অন্যান্য আম্মাজানদের সাথে তাঁর সংসার জীবন কেমন ছিল সেগুলো জানো। তাঁর আদর্শই আমাদের জন্য অনুসরণযোগ্য শুধুমাত্র ও একমাত্র আদর্শ। আর-রাহিকুল মাখতুম, রেইনড্রন্সের সীরাহ ইত্যাদি দিয়ে শুরু করতে পারো।
[১৬৪] The 3 Phases of Love, John Gottman- tinyurl.com/mvj53xwn 3 Stages of love in psychology, PsychMechanics.com, January 25, 2021- tinyurl.com/ytkxw3c7 The 3 Stages of Love, scienceofpeople.com- tinyurl.com/ms3hr675
[১৬৫] সূরা আর-রুম ৩০: ২১
[১৬৬] সুরা আল-বাকারাহ ২: ১৮৭
[১৬৭] ইবনু মাজাহ: ১৮৪৭, মুসতাদরাক আল-হাকিম: ২৬৭৭, সহীহুল জামে': ৫২০০। হাকিম নাইসাবুরি, এবং আলবানী রহ. হাদিসটিকে সহীহ বলেছেন।
[১৬৮] সহীহ বুখারী: ৫০৯০
[১৬৯] Love and Correspondence Before Marriage, Islamqa-tinyurl.com/3sfy8ujf Love Marriage or Arranged Marriage: Which Is Better in Islam? Islamqa, - tinyurl.com/2bsb9y4n
[১৭০] Vow To Be Happy: Arranged marriages lead to happier relationships..., The Sun, November 19,2016- tinyurl.com/fsye9fs5
[১৭১] মুসনাদ আহমাদ: ২৫৫২৯। বুহুতী, আলবানী প্রমুখ আলিমগণ হাদিসটিকে দুর্বল বলেছেন। (কাশশাফুল কিনা' ৫/১২৯, যঈফাহ: ১১১৭)।

📘 আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টি 📄 বিপ্লব ও অবক্ষয়

📄 বিপ্লব ও অবক্ষয়


এক।

যৌনতা ও নৈতিকতার ব্যাপারে আজকের এই অবস্থা, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন-এই সবকিছুই ষাট ও সত্তরের দশকের সেক্সুয়াল রেভোলুশান বা যৌন বিপ্লবের ফসল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে বিশ্বমঞ্চে বৈশ্বিক পরাশক্তি এবং পশ্চিমা সভ্যতার প্রতিনিধি হিসেবে আবির্ভাব ঘটে অ্যামেরিকার। এ সময়কার অ্যামেরিকান প্রজন্মকে বলা হয় 'দা গ্রেটেস্ট জেনারেশান'। ১৯০০ থেকে ১৯২০ এর মাঝে জন্ম নেওয়া এই 'গ্রেটেস্ট জেনারেশন'ই দূরদেশে গিয়ে মহাযুদ্ধে লড়াই করেছিল। যুদ্ধকালীন অর্থনীতির চাকা সচল রেখেছিল। এ প্রজন্ম ছিল পরিশ্রমী, বাস্তবমুখী। তাদের নৈতিকতা ছিল ইহুদি ও খ্রিষ্টীয় ধর্মীয় মূল্যবোধের উপর শক্তভাবে প্রতিষ্ঠিত। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এক প্রগাঢ় সামাজিক ও সাংস্কৃতিক ঝড় সবকিছু আমূল বদলে দেয়।

পঞ্চাশের দশক থেকে শুরু হওয়া বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন আগের প্রজন্মের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া চিন্তা ও মূল্যবোধগুলোকে আক্রমণ করতে শুরু করে। এর মধ্যে পঞ্চাশের বিট জেনারেশান আর ষাটের দশকের হিপি মুভমেন্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। সাংস্কৃতিক অঙ্গন, বুদ্ধিজীবি, বিশ্ববিদ্যালয় আর ম্যাস মিডিয়ার মাধ্যমে চলতে থাকে এক সাংস্কৃতিক বিপ্লব। 'শ্রেষ্ঠ' প্রজন্মের পিতামাতার সন্তানরা বেড়ে ওঠে জীবন ও নৈতিকতার প্রতি সম্পূর্ণ নতুন, প্রায় বিপরীতমুখী এক দৃষ্টিভঙ্গি নিয়ে। চিন্তা, চেতনা, আদর্শ ও দর্শনে দুই প্রজন্মের মাঝে তৈরি হয় এক গভীর বিভাজন। এ বিভক্তি তুঙ্গে পৌঁছায় ষাটের দশকের যৌনবিপ্লব বা সেক্সুয়াল রেভোলুশানের মাধ্যমে। এসময় যৌনতার ব্যাপারে ধর্মীয় নৈতিকতা ছুঁড়ে ফেলে অ্যামেরিকা আলিঙ্গন করে নেয় ফ্রি সেক্সের দর্শনকে। তৈরি হয় সব ধরনের যৌনাচার আর বিকৃতির অবাধ প্রচলন ও বৈধতার এক দর্শন।

পরবর্তী ৬০ বছরে এই যৌনবিপ্লব অ্যামেরিকা থেকে রপ্তানি করা হয়েছে বাকি বিশ্বে। মিডিয়া, আন্তর্জাতিক সংস্থা, এনজিও, বুদ্ধিজীবি, শিক্ষাব্যবস্থা, বৈশ্বিক কর্পোরেশন...সেই পুরনো কালপ্রিটদের মাধ্যমে। আজ প্রেম, যৌনতা, পরিবার ও সমাজের ক্ষেত্রে যে বিকৃত চিন্তা আমরা দেখছি তা এই বিপ্লবেরই ফসল。

দুই।

ষাটের দশকের শেষদিকে শুরু হওয়া সেক্সুয়াল রেভোলুশানের ভিত স্থাপিত হয় আরো আগে। যৌনবিপ্লব নামের সভ্যতার অবৈধ এ সন্তানের বংশগতিকে সংক্ষেপে এভাবে উপস্থাপন করা যায়:
মানুষের মনোদৈহিক প্রায় সব ধরনের সমস্যার কারণ হিসেবে অবদমিত কামনাবাসনা তথা যৌনতাকে চিহ্নিত করার মাধ্যমে সেক্সুয়াল রেভ্যুলুশানের প্রাথমিক কাঠানো দাঁড় করায় সাইকোঅ্যানালাইসিসের জনক সিগমুন্ড ফ্রয়েড (মৃত্যু. ১৯৩৯)। মানুষের ব্যক্তিত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য, অনুপ্রেরণা-প্রায় সবকিছুর পেছনে ফ্রয়েড যৌনতা খুঁজে পায়। ফ্রয়েডের মতে, মানবজীবনের সব আনন্দ ও কষ্টের সম্পর্ক লিবিডোর (যৌনতাড়না) সাথে। এমনকি শিশুকেও ফ্রয়েড আবিষ্কার করে যৌন প্রাণী হিসেবে। ফ্রয়েডের চিন্তাকে আরো এগিয়ে নিয়ে যায় উইলহেম রাইশ এবং হার্বার্ট মারক্যুসার মতো লোকেরা।

জার্মান মার্ক্সিস্ট মনোবিদ ডাক্তার উইলহেম রাইশ (মৃত্যু. ১৯৫৭) নিজ বইয়ে সর্বপ্রথম যৌনবিপ্লব বা 'Sexual Revolution' কথাটি ব্যবহার করে। উইলহেম রাইশের বইটির নাম ছিল 'Die Sexualität im Kulturkampf', যার অর্থ দাঁড়ায়- “সাংস্কৃতিক যুদ্ধে যৌনতার ভূমিকা”। ফ্রয়েডের ছাত্র রাইশের মূল বক্তব্য ছিল, যৌনতার ব্যাপারে রক্ষণশীল মনোভাব [১৭২] আসলে স্বৈরাচারী শাসনের শোষণযন্ত্রের অংশ। এই শোষণ থেকে বের হয়ে আসতে হলে কয়েকটা কাজ করতে হবে। যেমন –
■ সমকামিতাসহ অন্য সব বিকৃত যৌনাচারকে সামাজিক ও আইনীভাবে গ্রহণ করে নিতে হবে।
■ কোলের শিশুর সাথেও যৌন সম্পর্ককে মেনে নিতে হবে। শিশুর যৌনতাকে জোর করে দমন করা যাবে না।
■ গর্ভপাতকে বৈধ এবং সহজলভ্য করতে হবে।
■ কিশোর-কিশোরীদের খোলামেলা যৌন শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।
■ কিশোর বয়স থেকেই সবাইকে যৌন স্বাধীনতা দিতে হবে।

রাইশের মতে শোষণমুক্ত, আদর্শ সমাজ গঠনে উপরের বিষয়গুলো নিশ্চিত করা অপরিহার্য। উইলহেম রাইশের এ বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৬ সালে। গত আট দশকে রাইশের এই প্রেসক্রিপশান প্রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হয়েছে। জীবনে তার নাম না শুনলেও এই বাংলাদেশের অনেক তরুণ-তরুণীও আজ উইলহেম রাইশের চিন্তাকে গ্রহণ করে নিয়েছে। তার বিকৃত চিন্তার সুদূরপ্রসারী প্রভাবের কারণে অনেকে তাকে ‘যৌনবিপ্লবের ধাত্রী’ হিসেবে আখ্যায়িত করেছে।

তবে ফ্রয়েডের তৈরি করা কাঠামোর উপর দাঁড়িয়ে যে মানুষটি সত্যিকার অর্থে সেক্সুয়াল রেভোলুশান এবং আজকের এই যৌনোন্মাদ সমাজের জন্ম দেয় তার নাম অ্যালফ্রেড কিনসি (মৃত্যু. ১৯৫৬)। রকাফেলার ফাউন্ডেশানের সমর্থন নিয়ে ফ্রয়েড এবং রাইশের চিন্তার সাথে কিনসি যুক্ত করে নতুন এক দিক।

কিনসি দাবি করে, মানুষের যৌনতা নির্দিষ্ট কোনো কাঠামোতে আবদ্ধ না। যৌনতা ক্রমপরিবর্তনশীল, এখানে ন্যায়-অন্যায় বলে কিছু নেই। মানুষের যৌনতা রঙধনুর মতো। এখানে আছে অনেক রঙ, অনেক মাত্রা। রঙধনুর একপ্রান্তে নারী-পুরুষের স্বাভাবিক যৌনতা, আর অন্য প্রান্তে সমকামিতা। এ দুইয়ের মাঝে আছে শিশুকামিতা, পশুকামিতা, উভকামিতা থেকে শুরু করে সব ধরনের বিকৃতি। সমাজের মানুষেরা এই রঙধনু বা বর্ণালীর মধ্যে একেক অবস্থানে থাকতে পারে। আবার একজন মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায়ে এই বর্ণালীর বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। কিনসির মতে, অধিকাংশ মানুষের অবস্থান রঙধনুর মাঝামাঝি, উভকামিতায়। কিন্তু সমাজ, সংস্কার ও ধর্মের মাধ্যমে আরোপিত নৈতিকতার কারণে মানুষ এই স্বাভাবিক অবাধ যৌনতার প্রবণতাকে চেপে রাখে। একে নিয়ন্ত্রণের চেষ্টা করে অথবা নিজের আসল যৌনাচারকে গোপন রেখে সমাজের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী স্বাভাবিকতার মুখোশ পরে থাকে।

কিনসি তার কুখ্যাত দুটি বইয়ের (Sexual Behavior In The Human Male/Female) মাধ্যমে ‘প্রমাণ’ করে দেখায় যে যেগুলোকে আমরা বিকৃত যৌনতা বলি সেগুলো আসলে অনেক বেশি প্রচলিত। সমকামিতা, উভকামিতা, বহুগামিতাসহ অনেক কিছুই সমাজের অনেকেই করে। যদিও তারা লোকলজ্জার ভয়ে সেটা গোপন রাখে। এই দাবির পক্ষে কিনসি বিভিন্ন পরিসংখ্যান প্রকাশ করে। কিন্তু আসল ফাঁকিটা ছিল তার পরিসংখ্যানেই। কিনসি যাদের সাক্ষাৎকার নিয়েছিল তাদের মধ্যে বিশাল একটি অংশ ছিল পতিতা, ধর্ষক, সমকামী, সমকামী পুরুষ পতিতা, যৌন অপরাধের কারণে কারাভোগকারী এবং শিশু ধর্ষক। অর্থাৎ কিনসি গবেষণার জন্য এমনভাবে মানুষ বেছে নিয়েছিল যাতে বিকৃত যৌনাচারে অভ্যস্ত মানুষদের অনুপাত বেশি হয়। কিনসি ঠিক এ কাজটাই করেছিল। [১৭৩]

চল্লিশের দশকের শেষ দিকে আর পঞ্চাশের দশকে কিনসির 'রিসার্চ' ব্যাপকভাবে প্রচার করা হয়। রকাফেলার ফাউন্ডেশানের প্রত্যক্ষ অর্থায়ন ও সমর্থনে অ্যামেরিকা ও ইউরোপ জুড়ে নিজের আবিষ্কৃত 'বৈজ্ঞানিক সত্য'গুলো প্রচার করে বেড়ায় কিনসি। তার বইগুলো পরিণত হয় বেস্টসেলারে। কিনসির এই জালিয়াতি ভরা গবেষণার উপর ভিত্তি করেই গড়ে ওঠে যৌনতার ব্যাপারে আধুনিক পশ্চিমের দৃষ্টিভঙ্গি। কিনসির উপসংহারের উপর ভিত্তি করে স্কুলের যৌনশিক্ষা বই এবং আইন পর্যন্ত পরিবর্তন করা হয়। ষাট ও সত্তরের দশকে যৌনবিপ্লবের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, প্লেবয় ম্যাগাযিনের হিউ হেফনার এবং সমকামী অধিকার আন্দোলনের হ্যারি হেই- গভীরভাবে কিনসির দ্বারা প্রভাবিত ছিল।

অন্যদিকে ফ্রয়েড, মার্ক্স আর রাইশের চিন্তার সমন্বয় করে কালচারাল মার্ক্সিসম ও আইডেন্টিটি পলিটিক্সের ছাঁচে সমকামিতাসহ অন্যান্য বিকৃত যৌনাচারের স্বাভাবিকীকরণের আন্দোলনের জন্য একটি আদর্শিক কাঠামো তৈরি করে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের নিও-মার্ক্সিস্ট তাত্ত্বিক হার্বাট মারক্যুসা (মৃত্যু. ১৯৭৯)। ১৯৫৫ সালে লেখা Eros and Civilization বইয়ে সে বলে - 'যৌনতার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা বা দমন করার মানসিকতা, মানবজাতিকে ক্ষতিগ্রস্ত করছে। আর যৌনতার ক্ষেত্রে ভিক্টোরিয়ান (অর্থাৎ রক্ষণশীল) মানসিকতা থেকে মুক্ত হওয়ার মাধ্যমেই একটি উন্নত বিশ্ব নির্মাণ সম্ভব!' [১৭৪]

কিনসির দেওয়া ন্যায়-অন্যায় থেকে মুক্ত যৌনতার বর্ণালীতে নতুন একটি অক্ষ যোগ করে জন্ম হপকিন্সের ড. জন মানি। যৌনতা (sexual preference), লিঙ্গ (gender) ও লৈঙ্গিক পরিচিতির (gender identity) মাঝে মানি পার্থক্য খুঁজে বের করে। সে বলে বসে মানুষের ধরাবাঁধা কোন যৌনতা তো নেই-ই, কোন ধরাবাঁধা লৈঙ্গিক পরিচয়ও নেই। আজ আমরা যে পুরুষের দেহে নারী, নারীর দেহে পুরুষ-জাতীয় বিভ্রান্তি এবং বিকৃতি দেখছি (transgender movement/ রূপান্তরকামীতা), সেটার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জন মানির এই ধারণাগুলো।

কিনসি, ও বিশেষ করে মানির কাছ থেকে আসা ধারণাগুলো লুফে নেয় ষাট ও সত্তরের দশকে তুঙ্গে থাকা ফেমিনিস্ট মুভমেন্ট। এই যে "বৈজ্ঞানিক প্রমাণ' পাওয়া গেছে-নারী ও পুরুষ আসলে একই। তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। পুরুষ ও নারীর চিন্তা, সামর্থ্য, সামাজিক ও পারিবারিক ভূমিকার যে পার্থক্য সমাজে আছে তা আসলে জোর করে চাপিয়ে দেওয়া। এসব ধারণা আসলে গড়ে উঠেছে পুরুষতন্ত্রের মাধ্যমে। প্রথা, ধর্ম, সংস্কার ব্যবহার করে পুরুষরা আসলে নারীদের ঘরে বন্দী করে রেখেছে। নারীবাদ আক্রমণ করে পরিবারকে। নারীবাদের চোখে পরিবার হলো একটি 'পুরুষতান্ত্রিক' কাঠামো যার উদ্দেশ্য নারীকে ঘরে আটকে রেখে পুরুষের আধিপত্য নিশ্চিত করা। নারীবাদে এসে সাইকোলজি, সেক্সোলজি, বিকৃতি, মানবিক পরিচয় ও স্বাতন্ত্র্যের ব্যাপারে দৃষ্টিভঙ্গির অদ্ভূত এক জগাখিচুড়ি তৈরি হয়। নারীবাদ নারীকে শেখাতে শুরু করে, 'একজন নারীর জন্য পুরুষের কোনো দরকার নেই। প্রয়োজন নেই পরিবারের মধ্যে নিজের পরিচয় বা পূর্ণতা খোঁজার। পরিবার, সন্তান এগুলো তোমাকে শুধু আরো পিছিয়ে দেবে। বরং তোমার উচিত নিজের স্বাতন্ত্র্য, নিজের ব্যক্তিত্ব, নিজের ক্যারিয়ারের মাঝে সাফল্য খোঁজা।'

যৌনবিপ্লব এসে নারী ও পুরুষ, দুজনকেই দীক্ষা দিতে শুরু করে-শরীরের চাহিদা পূরণের জন্য বিয়ের কী দরকার? সেক্স শুধু শরীরের জন্য, আনন্দের জন্য। যা ইচ্ছে করো, কিন্তু এর সাথে আর কোনো কিছু জড়ানোর প্রয়োজন নেই। যখন ইচ্ছা, যার সাথে ইচ্ছা, যেভাবে ইচ্ছা শুয়ে পড়তে পারাই তো স্বাধীনতা। এটাই তো প্রগতি, এটাই তো সভ্যতা!

ষাট ও সত্তরের দশকে যা ছিল (নৈতিকতা, পরিবার, যৌনতা ইতাদির ব্যাপারে) খুব র‍্যাডিকাল 'বিপ্লবী চিন্তা', পরের দশকগুলোতে সেগুলোই ধীরে ধীরে স্ট্যান্ডার্ডে পরিণত হয়। কিনসি, মানি ও মারক্যুসাদের চিন্তাধারা এবং তাদের দ্বারা প্রভাবিত তত্ত্বগুলো শেখানো হতে থাকে বিশ্ববিদ্যালয়গুলোতে। সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর উপর এই চিন্তাধারা প্রায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। একই সাথে সাধারণ মানুষের চিন্তায় এ বিশ্বাসগুলো বিভিন্নভাবে গেঁথে দিতে থাকে মিডিয়া। এই কলুষিত দর্শন, চিন্তার বিকৃতি ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। আর এভাবেই ধাপে ধাপে সব শেকল থেকে মুক্ত হয়ে যৌনতা পরিণত হয় নিছক আনন্দের এক অতৃপ্ত অন্বেষণে。

যৌনতার ব্যাপারে এই দর্শনকে এই বিশ্বব্যবস্থা আজ মোটাদাগে গ্রহণ করে নিয়েছে। যৌনতাকে এখন এভাবেই দেখা হচ্ছে, সংজ্ঞায়িত করা হচ্ছে। অবাধ যিনার পাশাপাশ সমকামী অধিকার, ট্র্যান্সজেন্ডার অধিকারের নামে বিকৃতির স্বাভাবিকীকরণ চলছে জাতিসঙ্ঘের মতো সংস্থাগুলোর মাধ্যমে। আন্তর্জাতিক সংস্থাগুলো উন্নয়ন, মানবাধিকার আর স্বাধীনতার নামে মুসলিম বিশ্বে এই চিন্তাধারা চাপিয়ে দিতে চাচ্ছে। সোজা কথায় কাজ না হলে, নানাভাবে বাধ্য করছে। বিকৃতি ও অবক্ষয় সমগ্র সভ্যতার উপর নিয়ন্ত্রণ অর্জন করেছে。

এভাবেই আমরা এমন এক বিচিত্র সময়ে এসে পৌঁছেছি যখন অ্যামেরিকাতে বছরে সাড়ে ছয় লক্ষ আর বাংলাদেশে বছরে সাড়ে ৭ লক্ষের উপর গর্ভপাত হয়। [১৭৫] এভাবেই বিবাহপূর্ব ও বিবাহ বহির্ভূত যৌনতা সামাজিক নিয়মে পরিণত হয়। সিনেমা, সাহিত্য, টেলিভিশন, ইউটিউব সেলিব্রেটি থেকে শুরু করে নকশা, অধুনা আর পরামর্শের কলাম সন্তান আর সন্তানদের অভিভাবককে শিখিয়ে দেয় উঠতি বয়সে 'প্রেম করা' আর 'শারীরিক ঘনিষ্ঠতা' স্বাভাবিক ব্যপার। আর এমন কিছু ঘটে যা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো ঘটেনি-পর্নোগ্রাফি ঢুকে পড়ে প্রতিটি ঘরে, চলে আসে প্রতিটি মানুষের হাতের নাগালে, পরিণত হয় শত বিলিয়ন ডলারের এক বৈশ্বিক ইন্ডাস্ট্রিতে। আর সেক্সুয়াল রেভোলুশানের আদর্শ ছড়িয়ে পড়ে অ্যামেরিকার কিন্ডারগার্টেন থেকে শুরু করে বাংলাদেশের মধ্যবিত্তের টেবিলে রাখার পত্রিকার পাতাতে।

টিকাঃ
[১৭২] রক্ষণশীল বলতে সে মূলত ইহুদী-খ্রিষ্ট ধর্মীয় মূল্যবোধকে বুঝিয়েছে
[১৭৩] অ্যালফ্রেড কিনসির ধাপ্পাবাজি নিয়ে বিস্তারিত জানার জন্য পড়ে যেতে পারে এই বইটি - Kinsey, Sex and Fraud: The Indoctrination of a People. পিডিএফ লিঙ্ক tinyurl.com/yc2phsve
[১৭৪] পৃ. ২২৭-২২৮
[১৭৫] Total abortions in the United States in 2020, Guttmacher Institute- tinyurl.com/j5rpmhnc Zaidi et al., (2014). Achievements of the FIGO initiative for the prevention of unsafe abortion and its consequences in South-Southeast Asia. International Journal of Gynecology & Obstetrics, 126, S20-S23.

ফন্ট সাইজ
15px
17px