📘 আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টি 📄 প্রেম কয়েদি

📄 প্রেম কয়েদি


প্রেমে পড়ার সময়টা বেশ মজার। তাকে দেখলেই বুক ধুক ধুক করে, তার কথা মনে হলেই পেটের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠে (প্রেমের বইয়ের ভাষায় যাকে বলে প্রজাপতি নাচা)। তার সামনে দাঁড়াতে হবে, প্রপোজ করতে হবে এসব ভাবলেই ভীষণ ভালোলাগায় মন ভরে যায়। প্রায় অহর্নিশি চলতে থাকে হরমোনের খেলা।

প্রেমের শুরুটাও দারুণ, ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, রিকশায় করে ঝুম বৃষ্টির দিনে একসঙ্গে ঘোরা, সারা শহর তন্ন তন্ন করে খুঁজে একটা কাঠগোলাপ জোগাড় করা, ফুটপাতে এলোমেলো হেঁটে বেড়ানো—প্রণয়ের কতো আয়োজন! সত্যিকার অর্থেই সুখের সাগরে ভেসে চলা। মিডিয়া আর তথাকথিত লাভগুরুরা তোমাকে ঠিক এ পর্যন্ত দেখায়। কিন্তু এরপর কী হয়, তা আর দেখায় না।

কিন্তু যেমনটা আমরা এরই মধ্যে বলেছি। সুখ সাগরের প্রমোদতরীতে ভেসে চলা বেশিদিন স্থায়ী হয় না। নিকষ কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশে সদলবলে হাজির হয় রুদ্র ঝড়েরা। মহাবিপদ সংকেত দেখিয়ে নিমিষেই সুখ পলাতক হয়ে যায়।

নারীপুরুষের সম্পর্কের এক অবাস্তব এবং অতিমানবীয় ছবি মিডিয়া আমাদের সবার মাথার ভেতর ঢুকিয়ে দিয়েছে। প্রেমের যেই ছবিটা মিডিয়াতে দেখানো হয়, বাস্তবে দুনিয়াতে তার দেখা মেলে না, মেলা সম্ভবও না। মিডিয়া ভালোবাসা ও যৌনতাকে বিয়ে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেখায়। পাশাপাশি প্রেমের নানা কল্পকাহিনী দিয়ে মানুষের মধ্যে এমন সব প্রত্যাশা তৈরি করে, বাস্তবের মানুষের পক্ষে যা মেটানো সম্ভব হয় না। এর সাথে আবার যুক্ত হয় সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যদের 'লাভ স্টোরি'র সাথে তুলনার অসুখ। সবকিছু মিলে 'রিলেশন'গুলো শুরু থেকেই গড়ে ওঠে ভঙ্গুর হয়ে।

কেবল একে অপরের প্রতি আকর্ষণ পুঁজি করে, বছরের পর বছর, দশকের পর দশক একজন মানুষের সাথে কাটিয়ে দেওয়া যায় না। সবচেয়ে রঙিন গোলাপের রঙও একসময় ফিকে হয়ে আসে। পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং মানুষের মধ্যেও একসময় আর কোনো নতুনত্ব খুঁজে পাওয়া যায় না। নারীপুরুষের সম্পর্কের পূর্ণতা আসে বিয়ে ও পরিবারের মধ্য দিয়ে। এই সম্পর্ক পরিপূর্ণ হয় উঠে পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ, মমতা এবং ভালোবাসার মাধ্যমে। পরিবারে স্বামী ও স্ত্রীর ভালোবাসায় জন্ম হয় সন্তানের। আনন্দ ও বেদনায় তাকে বড় করে তোলে মানব ও মানবী। জীবনের সবচেয়ে অদ্ভুত আর অবিশ্বাস্য প্রগাঢ় আবেগের অভিযানের সাথী হয় তারা একসাথে। পরিবার থেকে তারা গড়ে সমাজ ও সভ্যতার ভিত্তি। বিয়ে ও পরিবার, সন্তান ও অভিভাবক, বর্তমান ও ভবিষ্যতের এই গভীর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন স্রেফ 'প্রেমের' সম্পর্কে সবসময় শূন্যতা থেকে যায়। এ শূন্যতাকে ভরাট করার জন্য যোগ করা হয় বিচিত্র সব কারিকুরি, কৃত্রিমতা, আর ভালোবাসা প্রমাণের আরোপিত নানা রীতিরেওয়াজ।

অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে, কিশোর কিশোরীদের আত্মহত্যা, মাদকাসক্তি, হতাশা, বিষণ্ণতা, অবসাদ, অস্থিরতা, আত্মবিশ্বাস-আত্মসম্মান কমে যাওয়া, কাজকর্মের উৎসাহ হারিয়ে ফেলা, ক্রোধ, ভীতি, নিদ্রাহীনতা, ধ্বংসাত্মক চিন্তাভাবনা ও কর্মকাণ্ড এবং ক্ষুধামন্দার অন্যতম প্রধান কারণ হলো প্রেম এবং ব্রেকআপ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোবিদদের কাছে যে বিষয়গুলোর কারণে সাহায্য নেন তার প্রথম তিনটির একটি হলো 'রিলেশনশিপ' সমস্যা।
প্রেম আর ঝগড়া হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রেম করবে আর ঝগড়া করবে না, তা হবে না। গবেষকরা বলছেন, অল্প বয়স্কদের প্রেমের অনিবার্য পরিণতি হলো ঘন ঘন ব্রেকআপ, ঝগড়া, আত্মহত্যার চেষ্টা ইত্যাদি।
কী সব হাস্যকর, তুচ্ছ তুচ্ছ কারণে যে ঝগড়া হয় তা কল্পনাও করা সম্ভব না। তুমি আমার ফোন ধরতে দেরি করলা কেন, তুমি এতোবার কেন ফোন দাও, তুমি এতো কম কেন ফোন দাও, আমাকে সন্দেহ করো নাকি, ঐ মেয়ের ছবিতে তুমি লাভ রিয়‍্যাক্ট দিলা ক্যান? ঐ ছেলে তোমার ছবিতে কমেন্ট করলো কেন? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না—তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে গিফট দাও না, তুমি আমাকে ফুচকা খাওয়াও না...
এমন কতো হাস্যকর সব কার্যকারণ, গুণে শেষ করা যাবে না।

একবার ঝগড়া লাগলে মান-অভিমান ভাঙাতে ব্যাপক পরিমাণ সময়, শ্রম, মেধা বিনিয়োগ করতে হয়। একটা দেশ চালানোর জন্যেও মনে হয় এতো টেনশন করতে হয় না। হাজার বার সরি বলা, কান ধরে উঠবস করা থেকে শুরু করে রাত তিনটার সময় প্রেমিকার বাসার সামনে গোলাপ ফুল, আইসক্রিম বা চকলেট হাতে দাঁড়িয়ে থাকা, আরো কতো কী! অনেক প্রেমিকই অনৈতিক আবদার করে। ব্যক্তিগত ছবি, ভিডিও আদায় করে নেয় বা আরো খারাপ কোনো কাজ করিয়ে নেয় প্রেমিকাকে দিয়ে। হাতের কাছে ব্যক্তিগত ছবি-ভিডিও থাকলে সেগুলো ভাইরালও করে দেয় অনেকেই।
মাঝে মাঝে কোনো কারণও লাগে না। হয়তো কোনো কারণ ছাড়াই সে বললো, আজকে আমার মন ভালো নেই। দেখবে তোমারও সেদিন আর মন ভালো রাখা সম্ভব হবে না। তার মন ভালো করার চেষ্টায় পার করতে হবে ঘণ্টার পর ঘণ্টা!

ঝগড়া শুধু মন খারাপ, দুঃখকষ্ট পাওয়া, হতাশায় ভোগার মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় প্রাণঘাতী রূপও ধারণ করে। অভিমানে হাত কেটে ফেলা, ঘুমের ওষুধ খাওয়া, ইঁদুর মারা বিষ খাওয়া—এগুলো আবহমান কাল ধরেই প্রেমিক প্রেমিকার নিত্য সঙ্গী ছিল। বর্তমানে এক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করেছে আত্মহত্যা। ভিডিও কলে ঝগড়া করে আত্মহত্যা, প্রেমিকা 'মরতে বলেছে' তাই আত্মহত্যার মতো ঘটনা আজ অসংখ্য।
কী ভয়ঙ্কর অবস্থা চিন্তা করো! যে আত্মহত্যা করলো সে কি জঘন্য একটা কাজ করলো! তার পুরো জীবনের অর্থ এবং সমাপ্তি শুধু একজন মানুষের সাথে সম্পর্ককে কেন্দ্র করে? মান-অভিমান নিয়ে? এই মানুষটা মহান আল্লাহর সামনে কী জবাব দেবে? ভেবে দেখো, তার বাবা মা, ভাইবোন, পরিবারকে কতোটা কষ্ট সহ্য করতে হচ্ছে!

বাবা-মা'র কাছ থেকে প্রেম লুকিয়ে রাখা, সারাক্ষণ ধরা পড়ার ভয়, তার সাথে ঝগড়া, ঝগড়া পরবর্তী মানসিক কষ্ট, মান-অভিমান ভাঙানো, ঘুরতে নিয়ে যাওয়া, গিফট কিনে দেওয়া, ওকে ইম্প্রেস করার জন্য ভালো পোশাক পরা, দামি পারফিউম ব্যবহার করা, প্রেম টিকিয়ে রাখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা, চ্যাট করা—সব মিলিয়ে একটা রিলেশন চালাতে গেলে বহুত প্যারা নিতে হয়, সময় দিতে হয়, প্রচুর টাকার দরকার পড়ে। এই লাইফস্টাইল মেইনটেইন করার মতো টাকার ব্যবস্থা করতে গিয়ে জীবন তেজপাতা হয়ে যায়। বাবার কাছ থেকে মিথ্যা বলে টাকা নেওয়া, টিউশানির টাকা মেরে দেওয়া, “দোস্ত, বাবা টাকা পাঠালেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো” —বলে টাকা ধার নিয়ে আর বন্ধুর ফোন না ধরা। বন্ধুর মোবাইল নিজের মনে করে নিয়ে বিক্রি করে ফেলা, মানিব্যাগ নিজের মনে করে নিয়ে নেওয়া ইত্যাদি করেও কুল কিনারা পাওয়া যায় না। প্রেম বিষম ভার হয়ে বুকের মাঝে চেপে বসে। অস্থিরতা, উদ্বেগ টেনশনে মাথার চুল পড়ে যাওয়ার মতো অবস্থা হয়।

বেশকিছু গবেষণায় দেখা গেছে—প্রেমের জটিলতায় পড়ে প্রেমিক প্রেমিকাদের মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শক্তিশালী, কল্যাণকর ব্যক্তিত্ব গড়ে উঠে না। সমাজ ও জাতির জন্য তারা তেমন ভূমিকা রাখতে পারে না। মানুষজনের সাথে সামাজিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জের মুখে পড়ে। প্রেমের কারণে যারা সহিংস আচার-আচরণের মুখোমুখি হয়, ভবিষ্যৎ সম্পর্কেও তারা সেটা টেনে নিয়ে যায়। ভবিষ্যৎ জীবন সঙ্গীর সাথে একটা স্বাস্থ্যকর, সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

ঝগড়ার মতো প্রেমের আরেক, একেবারে অপরিহার্য অংশ ব্রেকআপ। বর্তমান এই হাইপার সেক্সুয়ালাইজড সমাজ বাস্তবতায় তো এটা রীতিমতো মহামারি আকার ধারণ করেছে। অল্প বয়সের অধিকাংশ প্রেম স্বল্পস্থায়ী হয়। নিছক ভালোলাগা, হরমোনের জোয়ার আর শরীরী চাহিদার ভিত্তির উপর গড়ে ওঠার ফলে এ ধরনের সম্পর্কগুলো স্বাভাবিকভাবেই নড়বড়ে হয়। বয়ঃসন্ধিকালের প্রথম প্রেমের মাত্র ২% বিয়ে পর্যন্ত গড়ায়। ব্রেকআপ একটা মানুষের জীবনকে এলোমেলো করে দেয়।

জার্নাল অফ পারসোন্যালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি-তে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, শতকরা ৪০ ভাগ উত্তরদাতা জানাচ্ছে ব্রেকআপের পর তারা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছে। পাশাপাশি আরো ১২ ভাগ মাঝারি থেকে তীব্র মানের হতাশায় ভোগার কথা জানাচ্ছে। ব্রেকআপ আসলে একজন মানুষকে শারীরিকভাবে, মানসিকভাবে তীব্রভাবে ধাক্কা দেয়। শুরু হয় এলোমেলো জীবনযাপন। ঘুমের ঠিক নেই, খাবার ঠিক নেই, পড়াশোনা, কাজকামের খবর নেই। চলে তিলে তিলে নিজের জীবনকে শেষ করে ফেলা, বাবা-মা'র স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করার প্রক্রিয়া।

ভারত সরকার পরিচালিত একটা হেল্পলাইনের নাম আরোগ্যবাণী। গত তিন বছরে এখানে কিশোর ও তরুণরা ফোন করে যেসব বিষয়ে সাহায্য চেয়েছে তা বিশ্লেষণ করে দেখা গেল হৃদয়ঘটিত সমস্যা, বিশেষ করে ব্যর্থ প্রেম হলো সেই কালপ্রিট যার কারণে তারা সুইসাইড করার কথা চিন্তা করছে। এই তথ্যের সাথে একমত হয়েছেন ভারতের মনোবিদরাও। তারা বলছেন, 'আত্মহত্যার একটা বড় উস্কানিদাতা হলো ব্যর্থ প্রেম। এদেরই একজন ড. জগদীশ। তার মতে, 'আমি বহু শিশু এবং কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের কাউন্সেলিং করিয়েছি। আমি মনে করি অর্ধেকেরও বেশি আত্মহত্যার কারণ হলো প্রেমঘটিত সমস্যা। এটা আত্মসম্মান একেবারে ধ্বংস করে দেয়।'
অন্যান্য অনেক গবেষণাও প্রমাণ করছে—ব্রেকআপ, টিনেজারদের আত্মহত্যার প্রধান কারণ। আমাদের দেশেও একই অবস্থা। প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তাই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আত্মহত্যা। প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা, ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা—পত্রিকা খুললেই চোখে পড়ে এমন অনেক খবর।

ব্রেকআপের এবং ঝগড়ার ভয়াবহ এক দিক হলো এটা প্রেমিক প্রেমিকাদের আত্মবিশ্বাস ও আত্মসম্মান একেবারে ধ্বসিয়ে দেয়। মধুর মধুর কথা বলে ঝগড়া বা ব্রেকআপ হয় না। ঝগড়ায় থাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারাত্মক অপমানজনক কথা। এসব শুনতে শুনতে ও বলতে বলতে মন বিষিয়ে যায়। প্রেমিক/প্রেমিকার কথায় মানুষ অনেক বেশি প্রভাবিত হয়। তুই সুন্দর না, তুই শেওড়া গাছের পেত্নী, তুই হট না, তুই একটা ভোটকা, তুই একটা ক্ষ্যাত, তুই জীবনে কিছুই করতে পারবি না, আয়নায় চেহারা দেখছিস নিজের, তোর সাত পুরুষের ভাগ্য আমার মতো মানুষ তোর সাথে প্রেম করে, আমি চলে গেলে তুই কোনো মেয়ে পাবি না—ব্রেকআপ বা ঝগড়ার সময়ে এই জাতীয় কথাগুলো অত্যন্ত গভীর প্রভাব ফেলে মানুষের মনের উপর।

এ ধরনের কথা হয়তো ১০% সত্য কিন্তু বাকি ৯০% একেবারেই মিথ্যা। কিন্ত রাগের মাথায় পরিস্থিতির কারণে বলে ফেলা এই মিথ্যাগুলোই অপরপক্ষ সত্য বলে বিশ্বাস করে নেয়। গবেষণায় দেখা গিয়েছে প্রিয় মানুষের মুখে নিজের সম্পর্কে এই নেতিবাচক মূল্যায়ন তার আত্মবিশ্বাসকে একেবারেই গুঁড়িয়ে দেয়। তীব্রভাবে বিশ্বাস করে নেয় যে, সে একজন ব্যর্থ মানুষ। জীবনের পথচলা বিজয় সরণির সিগনালে আটকে যায়। নিজের চেহারা, শরীর, আচার-আচরণ, ব্যক্তিত্ব নিয়ে মানুষ তখন চরম অস্থিরতা, উদ্বেগে ভোগে। মানুষজনের সামনে সহজ হতে পারে না। সম্পূর্ণ অপ্রয়োজনীয় ভাবে নিজের উপর প্রেশার নিয়ে নিজেকে বদলে ফেলতে চায়। কেউ না খেয়ে, ডায়েট করে, বমি করে শুকনো হতে চায়। রূপচর্চায় পানির মতো টাকা খরচ করে, অশালীন পোশাক-আশাক পরে হট হতে চায়। কেউ বাইক কিনে, বিড়ি সিগারেট বাবা ধরে, ডিএসএলআর দিয়ে মাঞ্জা মারা ছবি তুলে নম্রতা, ভদ্রতা, শালীনতা, সততার আদর্শ ভুলে গিয়ে চাপাবাজি আর প্রতারণার কৌশল শিখে নিজেকে ক্ষ্যাত থেকে স্মার্ট বানাতে চায়।

পড়াশোনা এবং কাজের ক্ষেত্রেও থাকে নেতিবাচক নানা প্রভাব। প্রেমের এতো প্যারা খেয়ে পড়াশোনা-ক্যারিয়ার গাব গাছে ওঠাই স্বাভাবিক। বেশ কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই প্রেম পড়াশোনায় বেশ ক্ষতিকর প্রভাব ফেলে। যারা প্রেম করে তাদের অনেকের অ্যাকাডেমিক পারফরম্যান্স খারাপ হয়। খারাপ অ্যাকাডেমিক পারফরম্যান্স নিজের মধ্যে হীনম্মন্যতার জন্ম দেয়, আত্মবিশ্বাস নষ্ট হয়, পরিবারেও অশান্তি দেখা দেয়।

ইবনুল জাওযী (রহ.) ছিলেন অসাধারণ একজন আলেম। তাঁর গ্রন্থগুলো শতাব্দীর পর শতাব্দী জুড়ে সারা পৃথিবীতে পড়ানো হচ্ছে। তাঁর অসংখ্য বিখ্যাত গ্রন্থের মধ্যে একটি হলো—যাম্মুল হাওয়া। হৃদয়ঘটিত সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসিক্যাল মাস্টারপিস এই গ্রন্থে। প্রেমের ভয়াবহ ক্ষতিকর দিকগুলোর সারমর্ম বেশ সুন্দর করে তুলে ধরে তিনি বলেছেন,
প্রেম-ভালোবাসার ক্ষতি জানার জন্য এতোটুকুই যথেষ্ট যে, এটা হলো হৃদয়ের বন্দীদশা। প্রেম ভালোবাসা অসম্মান, অপদস্থতা ও কষ্টের দরজা।

তিনি আরো বলেন, 'প্রেমের পার্থিব ক্ষতি হলো স্থায়ী দুঃখ, লাগাতার দুশ্চিন্তা, সংশয়, দুঃস্বপ্ন, ক্ষুধামন্দা, অনিদ্রা প্রভৃতির শিকার হওয়া। তারপর এগুলো শরীরের উপরও চড়াও হয়। ফলে দেহ দুর্বল ও ফ্যাকাশে হয়ে যায়। ক্রমশ বিচার-বিবেচনাবোধ নষ্ট হয়ে যায়। মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়। অবিরত দুঃখ, জ্বালা, হা-হুতাশ, অশ্রুপাতের পাশাপাশি অন্তর মরে যায়। অবশেষে অন্তর যখন পুরোপুরি অজ্ঞানতায় আচ্ছন্ন হয়, তখন উন্মাদনা প্রকাশ পায় এবং তাকে ধ্বংসের কিনারায় এনে দাঁড় করায়। এরকম অনেক প্রেমিক চলে গেছে যারা এই উন্মাদনায় লিপ্ত হয়ে নিজেকে ধ্বংসের মধ্যে ছুঁড়ে দিয়েছে। সমাজে নিজের মান মর্যাদা নষ্ট করেছে এবং বেশিরভাগই দৈহিক- মানসিক দুঃখভোগের সাথে সাথে পাপাচারের প্রচলিত শাস্তিও পেয়েছে।

এ পর্যন্ত পড়ার পর আশা করি তুমিও বুঝতে পেরেছো প্রেমের ফ্যান্টাসির সাথে বাস্তবতার মিল খুবই কম। যারা প্রেম করে তাদের অধিকাংশই সুখে থাকে না। ভয়ংকর এক অশান্তির মধ্য দিয়ে দিন পার করে তারা। অস্থিরতা, উদ্বেগ, আতঙ্ক, অশান্তির মধ্য দিয়ে দিন যায় তাদের। গবেষণার পর গবেষণা প্রমাণ করেছে প্রেম একজন মানুষের জীবনটাকে কি পরিমাণ প্যারাময় করে দিতে পারে।

প্রেমের সূচনা হয় আবেগের ঝড়ে। সমাজ, সভ্যতা ও মিডিয়ার ব্রেইনওয়াশিং-এ বিভ্রান্ত মানুষ ধরে নেয় এই ধুলোয় ধূসর পৃথিবী থেকে প্রেম বুঝি তাকে স্থানান্তরিত করে দেবে ডিজনির রূপকথার মতো সুখে শান্তিতে টইটম্বুর কোনো এক জগতে। কিন্তু প্রেম শেষ পর্যন্ত মানুষকে বন্দী করে তার নিজের বানানো খাঁচাতেই।

টিকাঃ
[৬৭] মোহ এবং কামনায় ব্রেইন কেমিক্যালের ওলটপালট-মাত্রই আলকেমি লেখাটাতে পড়ে আসলে।
[৬৮] Heartbreak tops reasons for youngsters contemplating suicide: Government helpline, Times of India, Sep 13, 2016,- tinyurl.com/5n6s46jd
Teenage Heartbreak Doesn't Just Hurt, It Can Kill, Elseviar, Sitech Connect, September 18, 2017- tinyurl.com/4fapd695
Research finds men at increased risk of anxiety, depression, suicide after breakup, The Daily Guardian, February 7, 2022 - tinyurl.com/3ydaeu6x
Verhallen et al., (2019). Romantic relationship breakup: An experimental model to study effects of stress on depression (-like) symptoms. PloS one, 14(5), e0217320.
Dealing with Depression After a Breakup, healthline.com-tinyurl.com/mjscnh2y
Field et al., (2010). Breakup distress and loss of intimacy in university students. Psychology, 1(03), 173.
[৬৯] Surviving A Relationship Break-Up -Top 20 Strategies, Dr. Kim Maertz, Mental Health Centre University of Alberta- tinyurl.com/4ytkh37h
[৭০] The Negative Effects of Teenage Dating, Sean D. Foster, Bellevue University- tinyurl.com/2yb5zp5k
[৭১] Rogers et al., (2018). Adolescents' daily romantic experiences and negative mood: A dyadic, intensive longitudinal study. Journal of Youth and Adolescence, 47(7), 1517-1530.
[৭২] ভিডিও কলে ঝগড়া, প্রেমিকের সামনেই প্রেমিকার আত্মহত্যা, একাত্তর, মার্চ ৪, ২০২২- tinyurl.com/4dazuxrd
ঝগড়ার সময় প্রেমিকা 'মরতে' বলেছিলেন, ফেসবুক লাইভে আত্মহত্যা প্রেমিকের, আনন্দবাজার, অগস্ট ০৮, ২০২১- tinyurl.com/mr3ybsp9
প্রেমিকের সঙ্গে ঝগড়া করে সুবাস্তু টাওয়ারে প্রেমিকার আত্মহত্যা, দৈনিক ইনকিলাব, মার্চ ০৪, ২০২২- tinyurl.com/3hmmwcmm
প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে কলেজছাত্রের আত্মহত্যার অভিযোগ, সময় নিউজ, মার্চ ৩১, ২০২২- tinyurl.com/wp5y887v
[৭৩] Consequences of Teen Dating Violence, youth.gov-tinyurl.com/25dk4nw3 The Negative Effects of Teenage Dating, studymoose.com- tinyurl.com/5yx8ytsh
[৭৪] The Negative Effects of Teenage Dating, Sean D. Foster, Bellevue University- tinyurl.com/2yb5zp5k
[৭৫] High School Sweetheart Relationship Trends, midlifedivorcerecovery.com- tinyurl.com/dr3kvm53
কেন এমন হয়? সম্ভাব্য একটি কারণ পড়ো এই লেখায়-আততায়ী ভালোবাসা, Lostmodesty.com, ৫ সেপ্টেম্বর, ২০১৮- tinyurl.com/bddpcrw2
[৭৬] Teenage Heartbreak Doesn't Just Hurt, It Can Kill, Elseviar, Sitech Connect, September 18, 2017- tinyurl.com/4fapd695
Heartbreak tops reasons for youngsters contemplating suicide: Government helpline,times of india, Sep 13, 2016 -tinyurl.com/4csrh43c
Mearns, J. (1991). Coping with a breakup: negative mood regulation expectancies and depression following the end of a romantic relationship. Journal of Personality and Social Psychology, 60(2), 327.
[৭৭] প্রেমে ব্যর্থ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আত্মহত্যা!, ডেইলি-বাংলাদেশ ডটকম, জানুয়ারি ২, ২০২০-tinyurl.com/mpbsmftf
প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা, যুগান্তর, ডিসেম্বর ১৩, ২০২১- tinyurl.com/4jptrh8w প্রেমে ব্যর্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, যমুনা নিউজ, ফেব্রুয়ারি ৭, ২০২২- tinyurl.com/pzx2ec3j
[৭৮] Slotter et al., (2010). Who Am I Without You? The Influence of Romantic Breakup on the Self-Concept. Personality and Social Psychology Bulletin, 36(2), 147-160-tinyurl.com/mr3wjcm4 Consequences of Teen Dating Violence, youth.gov-tinyurl.com/25dk4nw3 Silverman et al., (2001). Dating violence against adolescent girls and associated substance use, unhealthy weight control, sexual risk behavior, pregnancy, and suicidality. jama, 286(5), 572-579.
[৭৯] Teen Dating,courses.lumenlearning.com- tinyurl.com/bdh2j5s9 Brendgen, Vitaro, Doyle, Markiewicz and Bukowski, 2002; Crissey, 2006; Giordano, Phelps, Manning and Longmore, 2008; Longmore, 2006. Consequences of Teen Dating Violence, youth.gov-tinyurl.com/25dk4nw3
[৮০] ইসলামের দৃষ্টিতে প্রেম ভালোবাসা নামে যাম্মুল হাওয়া গ্রন্থটি অনুদিত হয়েছে বাংলায়, দারুস সালাম বাংলাদেশ প্রকাশনী, পৃষ্ঠা ২৬৫।
[৮১] ইসলামের দৃষ্টিতে প্রেম ভালোবাসা, ইবনুল জাওযী (র.), দারুস সালাম বাংলাদেশ প্রকাশনী, পৃষ্ঠা ২৮
[৮২] Anderson, Salk, & Hyde, 2015; Simon & Barrett, 2010; Drum, Brownson, Burton Denmark, & Smith, 2009
Brendgen, Vitaro, Doyle, Markiewicz and Bukowski, 2002; Chow, Ruhl and Buhremester, 2015; Jouriles, Garrido, Rosenfield and McDonald, 2009; Leung, Moore, Karnilowicz and Lung, 2011; Seiffge and Burk, 2012; Soller, 2014; Westcott, 1987
Green, Lowry, & Kopta, 2003; Cairns, Massfeller, & Deeth, 2010; Barr, Krylowicz, Reetz, Mistler, & Rando, 2011

📘 আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টি 📄 ঘুণপোকা

📄 ঘুণপোকা


২০০৭ সাল থেকে শুরু করে পরের দু'বছরে ১১ টা লাশ পাওয়া যায় চাঁদপুরের ডোবা, নর্দমা, খালগুলোর পাশে। ভিকটিমরা সবাই নারী। কাউকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে, কাউকে গলা টিপে, কাউকে পানিতে চুবিয়ে। সবাইকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। খুনের ধরন দেখে পুলিশের ধারণা হলো সবগুলো খুন এবং ধর্ষণের হোতা একজনই। দেশজুড়ে আলোড়ন পড়ে গেল। কে সেই সিরিয়াল কিলার? কেন সে মেতে উঠেছে এমন হত্যাযজ্ঞে?

২০০৯ সালের জুলাই মাসে পারভীন নামের এক নারীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দেখা মিললো চাঁদপুরের এক মসজিদে ফ্যান চুরির ঘটনায় আটক রসু খাঁ নামের এক মধ্যবয়স্ক লোকের। শুরু হলো জেরা। প্রথমে অস্বীকার না করলেও একসময় রসু খাঁ স্বীকার করলো যে, পারভীনকে সে-ই খুন করেছে। একে একে আরো ১০ জন নারীকে ধর্ষণের পর খুনের স্বীকারোক্তিও দিলো সে। পুলিশকে রসু খাঁ জানালো, তার জীবনের টার্গেট এভাবে ১০১ জন নারীকে হত্যা করা। তারপর সাধু-সন্ন্যাসী হয়ে বাকী জীবন কাটিয়ে দেওয়া।

কিন্তু কেন এমন বিকৃত রুচির উন্মাদ খুনি হলো রসু খাঁ?
রসু খাঁ'র স্ত্রী গার্মেন্টসে চাকরি করতো। সেই সুবাদে বিভিন্ন গার্মেন্টস কর্মী মেয়েদের সঙ্গে তার পরিচয়। একপর্যায়ে এক নারী কর্মীর সঙ্গে প্রেম হয় তার। কিন্তু সেই নারী তার সঙ্গে প্রতারণা করে এলাকার অন্য এক ছেলের সঙ্গে প্রেমে জড়ায়। রসু খাঁ বাধা দেওয়ার চেষ্টা করলে ওই কর্মী তার প্রেমিকের সহযোগিতায় ৫-৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ১টি পাঁচতলা ভবনের ছাদে তুলে বেদম মারধর করে তাকে। সেদিনই রসু খাঁ প্রতিজ্ঞা করে—১০১ জন নারীকে ধর্ষণ শেষে খুন করবে সে। শুরু হয় বিভিন্ন নারীদের সঙ্গে প্রেমের ভাব গড়া। এদের মধ্যে গার্মেন্টস কর্মীই বেশি। একপর্যায়ে সে ভাড়াটে খুনি হিসেবেও কাজ করতে শুরু করে। ১১ জনকে হত্যার কথা স্বীকার করলেও আসলেই সে ১১ জনকে হত্যা করেছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

আদালতে ফাঁসির রায় হয় রসু খাঁ'র।

বলা হয়—অর্থই সব অনর্থের মূল। অনর্থের মূলের লিস্টে প্রথম স্থানটা অর্থের দখলে থাকলে, দ্বিতীয় বা তৃতীয় স্থানটা নির্ঘাত প্রেমের দখলে যাবে। প্রেমের নামে হত্যা, যুদ্ধবিগ্রহ, বিশৃঙ্খলা আর ধ্বংসের ইতিহাস অনেক পুরোনো। বিখ্যাত ট্রয়ের যুদ্ধ যেমন হয়েছিল হেলেন নামের এক মানবীর প্রেমের জন্য, তেমনি আজও 'পবিত্র প্রেম' জন্ম দিয়ে যাচ্ছে নানা ধ্বংসযজ্ঞের। এই যেমন বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রসু খাঁ'র আবির্ভাব হয়েছে ব্যর্থ প্রেমের ধ্বংসস্তূপ থেকে। নিঃসন্দেহে রসু খাঁ'র চালানো হত্যাগুলোর জন্য তার সেই প্রেমিকা দায়ী না। অবশ্যই একজন রসু খাঁ'র সিরিয়াল কিলার হয়ে ওঠার পেছনে অনেক সামাজিক, পারিবারিক এবং অন্যান্য ফ্যাক্টর কাজ করে। কিন্তু ব্যর্থ প্রেমের একটা ভূমিকা যে এখানে ছিল, সেই সত্যটা এতে বদলায় না।

অনেক সময়ই ব্রেকআপ তীব্র ক্রোধের আগুন জ্বালিয়ে দেয়। সে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় প্রেমিক/প্রেমিকাসহ আরো অসংখ্য মানুষের জীবন। প্রেমে ব্যর্থ হওয়ায় প্রাক্তনকে ধর্ষণ, বন্ধুদের নিয়ে গণধর্ষণ, খুন, যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকেও খুন, আপত্তিকর ছবি অনলাইনে ভাইরাল করে দেওয়া, এসিড মারা, এমনকি প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ, বড় বোনের সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে ছোট বোনকে অপহরণ এর মতো অনেক ঘটনা এদেশে ঘটেছে। প্রাক্তনের উপর প্রতিশোধ নেবার জন্য অনেকে অন্য মেয়েদের উপর যৌন নির্যাতন আর হয়রানিও শুরু করে।

পিছিয়ে নেই মেয়েরাও। প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিককে খুন করার মতো ঘটনাও ঘটায় তারা। এই প্রেমের কারণে যে কতো পরিবার শেষ হয়ে যায়, মৃত্যু ঘটে কতো স্বপ্ন, আশা, ভালোবাসার; তার কতোটুকু খবরই বা আমরা রাখি!

শুধু যে ব্রেকআপ বা ঝগড়ার কারণেই প্রেমের সম্পর্ক এমন সহিংস রূপ ধারণ করে, এমন না। সহিংসতা এমনিতেই প্রেমের এক অবিচ্ছেদ্য অংশ। অবিশ্বাস্য হলেও সত্য, প্রেমিক প্রেমিকার মধ্যে মারামারি, একে অপরকে শারীরিক নির্যাতন করা, ধর্ষণ করা, ব্ল‍্যাকমেইল করা, এমনকি খুন করাও খুবই সাধারণ ঘটনা।

বাংলাদেশে এ সংক্রান্ত তথ্য উপাত্তের হিসেব তেমন একটা রাখা হয় না, তাই আমরা চোখ বুলাবো সুশীল প্রগতিশীলদের 'বেহেশত', অ্যামেরিকার দিকে। দেশব্যাপী জরিপ চালিয়ে অ্যামেরিকার Centers for Disease Control and Prevention Center, ২০১১ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করে। তাতে দেখা যায়—প্রায় প্রতি ১০ জনে ১ জন হাইস্কুল স্টুডেন্ট তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হাতে গত বারো মাসের মধ্যে অন্তত একবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। মেয়েদের মধ্যে প্রতি ৫ জনে ১ জন এবং ছেলেদের মধ্যে প্রতি ৭ জনে ১ জন ১১ থেকে ১৭ বছরের বয়সের মধ্যে তাদের সঙ্গী/সঙ্গীনীদের হাতে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছে। অন্য একটি পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে প্রায় প্রতি ৫ জন হাইস্কুল ছাত্রীদের মধ্যে ১ জন তাদের প্রেমিকের দ্বারা শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়। এছাড়া প্রেমিক বা প্রেমিকার দখল নিয়ে অন্যের সাথে মারামারি, খুনোখুনি, গার্লফ্রেন্ডের আত্মীয়স্বজনের হাতে মারধোর ডালভাতের মতোই সাধারণ ঘটনা।
ভালোবাসার খুব ট্যাশ, তাই না?

প্রেমের সাথে হাত ধরাধরি করে আসে মাদকও। প্রেমে বা ব্রেকআপের ভয়াবহ স্ট্রেস থেকে সাময়িক মুক্তি পাবার জন্য অনেকেই মাদকের শরণাপন্ন হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির ন্যাশনাল সেন্টার অন অ্যাডিকশান অ্যান্ড সাবস্ট্যান্স অ্যাবিউস-এর চালানো এক গবেষণায় দেখা যায় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যে যতো বেশি সময় কাটায় সে ততো বেশি মদ, গাঁজা, বিড়ি সিগারেটের নেশায় পড়ে যায়। অনেকেই হয়তো প্রেম চলার সময় মাদকে আসক্ত হয় না। কিন্তু ব্রেকআপের পর ছ্যাঁকার কষ্ট ভুলতে মাদকে আসক্ত হয়ে যায়। প্রেম পিছু ছাড়লেও মাদক পিছু ছাড়ে না।

স্রেফ এই মাদকই একটা জাতিকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট। জাতির যুবশক্তিকে মাদক একেবারে ভেতর থেকে কুরে কুরে খেয়ে নিঃশেষ করে দেয়। মাদককে কেন্দ্র করে সমাজে ব্যাপক অপরাধ সংঘটিত হয়। মাদকের টাকা জোগাড় করার জন্য বাবা-মাকে খুন করা, চুরি, ছিনতাই করা, ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করা, মাদকের প্রভাবে ধর্ষণ করা—এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, আমাদের সমাজে ৮০ শতাংশ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে মাদকের কারণে। সমাজ পুরোপুরি মাদকমুক্ত করতে পারলেই অপরাধ এমনিতেই কমে যাবে।

কেউ হয়তো, এখন আপত্তি তুলতে পারো—
এ ধরনের ঘটনা সবার ক্ষেত্রে ঘটে না। অনেকেই প্রেম করে দিব্যি সুখে আছে। এমন কোনো কিছুর মুখোমুখি তাদের হতে হয়নি।
হ্যাঁ, একথা সত্য। প্রেম করলেই যে সব ক্ষেত্রে এমন হবে, এটা আমরাও বলছি না। আমরা যা বলছি তা হলো, প্রেমের জন্য এতো দুঃখ, কষ্ট, অপরাধ, ভোগান্তি, এতো ধ্বংস—তবু কেন সবসময় প্রেমকে নিরবচ্ছিন্ন শান্তি ও সুখের পথ হিসেবে দেখানো হয়? কেন আমাদের মাথায় গেঁথে দেওয়া হয় প্রেম পবিত্র, প্রেম মহান, প্রেম স্বর্গ থেকে আসা? কেন মিডিয়া থেকে শুরু করে আমাদের সুশীল প্রগতিশীলরা সারাদিন এরই গুণকীর্তন করে যায়, কিন্তু এই কথাগুলো আমাদের বলে না? তোমাদেরকে শেখায় না?

একটু ভেবে দেখো তো, কোনো একটা খাবারের কারণে যদি এতোগুলো খারাপ জিনিস ঘটতো, তাহলে কি সেই খাবারটার ব্যাপারে সতর্ক করা হতো না? সেই খাবারের প্যাকেটে বড় বড় অক্ষরে সতকর্তাবাণী লেখা থাকতো না, যেমনটা লেখা থাকে সিগারেটের প্যাকেটের গায়ে? কোনো একটা কাজের কারণে যদি এতো এতো নেতিবাচক ফল আসতো তাহলে সেই কাজটার ব্যাপারে কি সতর্ক করা হতো না? কিন্তু প্রেমের ব্যাপারে হয় ঠিক উল্টোটা।
বিষয়টা অদ্ভুত না?

টিকাঃ
[৮৩] যেভাবে রসু খাঁ সিরিয়াল কিলার, বাংলাদেশ জার্নাল, মার্চ ৬, ২০১৮- tinyurl.com/59n2rzs6 প্রেমে ব্যর্থ সিরিয়াল কিলার রসু খাঁ'র ফাঁসি, সংবাদবিডি- tinyurl.com/54n5bbeu
[৮৪] প্রেমে ব্যর্থ হয়ে আড়ং এর নারীকর্মীদের গোপন ভিডিও ধারণ করতেন সজীব, সময় নিউজ, জানুয়ারি ১৮,২০২০- tinyurl.com/ycyzyxch বিয়ে না করায় প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছাড়লেন প্রেমিক, বাংলাভিশন, মার্চ ২৭, ২০২২- tinyurl.com/nc9dz3sz বড়বোনের সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে ছোট বোনকে অপহরণ! Somoy TV ইউটিউব ভিডিও, Aug ১৯, ২০২২-tinyurl.com/5b97kytb
[৮৫] রাঙ্গুনিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে এসিড ছুঁড়ে ঝলসে দিল প্রেমিকার শরীর, প্রেমিক গ্রেপ্তার, aazkaalbangla.com, মে ৮, ২০২২ - tinyurl.com/522s5spj প্রেমিকার সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় বন্ধুকে হত্যা, রাইজিংবিডি.কম, ফেব্রুয়ারি ১৬, ২০২২- tinyurl.com/yup777tu প্রেমিকার অন্যত্র বিয়ের কথা, তরুণীকে মেরে নিজেকেও শেষ করল প্রেমিক, ঢাকা পোস্ট, ফেব্রুয়ারি ২৮, ২০২২- tinyurl.com/mrxuynrz
[৮৬] প্রেমিকাকে নির্মমভাবে হত্যা করলো প্রেমিক, লোমহর্ষক বর্ণনা | Sanjida Murder, Jamuna TV ইউটিউব ভিডিও, Aug ১৭, ২০২২- tinyurl.com/46u6tzwx
[৮৭] Youth Risk Behavior Surveillance - United States, 2011, Center for Disease Control and Prevention, June 8, 2012 - tinyurl.com/cz42nacm
[৮৮] এবং বিস্ময়কর ব্যাপার হলো এই জরিপে দেখা যায় নারীরা প্রেমের ক্ষেত্রে পুরুষের তুলনায় ব্যাপক মাত্রায় সহিংসতা প্রকাশ করে।
The Sexual Assault Statistics Everyone Should Know, campussafetymagazine. com, March 05, 2018- tinyurl.com/bdfefeva
[৮৯] মিন্নির দায় স্বীকারের সেই লোমহর্ষক জবানবন্দী!বার্তা২৪.কম, সেপ্টেম্বর ৩০, ২০২০- tinyurl.com/bdzkf56d
প্রেমিকা নিয়ে দ্বন্দের জের নীলফামারীতে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন, uttorbangla.com, জুলাই ৪, ২০২০-tinyurl.com/yzu75822
[৯০] Angulski, K., Armstrong, T., & Bouffard, L. A. (2018). The influence of romantic relationships on substance use in emerging adulthood. Journal of Drug Issues, 48(4), 572-589. Consequences of Teen Dating Violence, youth.gov- https://archive.is/B2xkO com/5yx8ytsh
[৯১] The Negative Effects of Teenage Dating, studymoose.com- tinyurl. com/5yx8ytsh
[৯২] ধর্ষণ, খুনসহ অধিকাংশ অপরাধের পেছনেই মাদক, ড. অরূপ রতন চৌধুরী, মানবকণ্ঠ, ডিসেম্বর ০৬, ২০২০- tinyurl.com/3rp6sam7 মাদকের টাকার জন্য মাকে হত্যা করেছে ছেলে, অভিযোগ বাবার, এনটিভি, ০৫ নভেম্বর, ২০২১- tinyurl.com/2p842uea মাদকের টাকা না দেওয়ায় মাকে খুন করলো মেয়ে! দৈনিক ইত্তেফাক, মার্চ ০১, ২০২১- tinyurl.com/38ycvxvu
[৯৩] বন্ধুর মাধ্যমেই মাদক জগতে ঢুকছে বেশিরভাগ তরুণ, বাংলা নিউজ২৪, মে ৬, ২০১২- tinyurl.com/yb4992fr

📘 আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টি 📄 মুখোশ

📄 মুখোশ


২০২০ সালের ২২ জানুয়ারি রাত দুইটার সময় চট্টগ্রামের ওলি আহমেদ কলোনিতে রহস্যময় নড়াচড়া দেখা গেল। আলো আঁধারিতে নিঃশব্দ সতর্কতায় সারি বেঁধে হেঁটে যেতে দেখা গেল একদল মানুষকে। রাত আড়াইটায় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল উর্দি পরা লোকগুলো। আগে থেকেই ব্রিফ করা ছিল কার কী দায়িত্ব, সংক্ষিপ্ত সময়ে মিশন শেষ করে ফেললো তারা। ওপক্ষ থেকে তেমন কোনো প্রতিরোধই এলো না। জব্দের তালিকায় উঠলো দেশে তৈরি একটা শর্ট রাইফেল, গুলি, লোহার চেইন, চাকু, ৪টি মোবাইল সেট এবং নগদ ৫ হাজার টাকা। সেই সাথে হাতকড়া পড়লো ৬ জন মানুষের হাতে, যাদের মধ্যে ৫ জনই নারী। বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে। দীর্ঘদিন ধরে যারা গড়ে তুলেছিল অনলাইন মধুচক্র। অনলাইন চ্যাটিং অ্যাপস ও সামাজিক মাধ্যমে প্রথমে প্রেমের সম্পর্ক গড়তো তারা। পরে বাসায় ডেকে এনে নগ্ন ছবি তুলতো। বিশাল অঙ্কের টাকা দাবি করে ব্ল্যাকমেইল করতো।

প্রেমে পড়ার বড় একটা মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। স্কুল কলেজের কিশোর-কিশোরী থেকে শুরু করে চল্লিশোর্ধ মধ্যবয়সীরাও আজ প্রেম খুঁজছে এবং খুঁজে পাচ্ছে ডিজিটাল জগতে। সেই সাথে মুখোমুখি হচ্ছে নানা হয়রানির, জড়িয়ে পড়ছে কেলেঙ্কারিতে।
ফেসবুকে প্রেম তারপর...
বাসায় ডেকে প্রেমিককে বিবস্ত্র করে ভিডিও ধারণ। দুই সন্তানের মায়ের সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে! চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ। অপহরণ, মুক্তিপণ না পেয়ে হত্যা। দলবদ্ধ ধর্ষণ। সর্বনাশা পরিণতি।

এরকম অসংখ্য সংবাদ রোজকার পত্রিকার পাতায় চোখ বুলালেই দেখা যায়। অনলাইনে প্রেমে জড়িয়ে কতো মানুষকে যে চরম মাশুল গুণতে হয়, তার ইয়ত্তা নেই। টাকাপয়সা, ধনসম্পদ, মানসম্মানের পাশাপাশি অনেকে জীবনটাও হারায়। বাস্তব জীবনে যৌন নির্যাতন, ধর্ষণের পাশাপাশি ব্যাপক আকারে অনলাইন যৌন নির্যাতনের শিকার হয় অনেকেই।

এরকম হওয়াটাই স্বাভাবিক। এ জগৎটাই আসলে ফেইক। মিথ্যা, প্রতারণা আর ছলনায় ভরা। কেউ কাউকে সামনাসামনি দেখতে পারে না, খুব সহজেই অন্যজনের ছবি আর ভুয়া তথ্য দিয়ে ছদ্মবেশ ধরা যায়। ছেলে সাজা যায়, মেয়ে সেজে মেয়ের সাথে প্রেম করা যায়। ক্রমাগত ভাব মারা, রঙঢঙ এর ছবি দিয়ে খুব সহজেই একটা ফেইক পারসোনালিটি ধারণ করা যায়। ইসলামিক পোস্ট শেয়ার করে দ্বীনি ভাই, দ্বীনি বোন সাজা যায়, বাস্তব জীবনে জায়েদ খান হয়ে সালমান খানের ভাব ধরা যায়, টিনা-মিনা- রিনারাও বিশ্ব সুন্দরী সেজে থাকতে পারে—কেউ বুঝতেও পারে না। এই জগতে করা সম্পর্কে প্রতারণা হবে না, ব্ল‍্যাকমেইল হবে না, তো কোথায় হবে বলো?

আর এই অন্ধকারে গিলে খাবার জগৎটাতেই তোমার আনাগোনা... কালচাড়াল এলিট, মিডিয়াসাহা আর নব্য মিশনারীদের ক্রমাগত প্রোপাগ্যান্ডার ফলে জীবনের অর্থ খুঁজতে তুমি হাজির হও প্রেমের খোঁজে। নানান জাতের, নানান রঙের, নানান বয়সের, গর্জিয়াস কিংবা সিম্পলের মধ্যে গর্জিয়াস মানুষের সাথে অতি সহজেই অনলাইনে যোগাযোগ করা যায়। বাস্তব জীবনে যার সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে হবে—এমনটা ভাবলেই হাঁটু কাঁপা-কাঁপি শুরু হয়, তার সাথেও এখানে হিরোগিরি করা যায়। নিজের পরিচয় গোপন করে সেক্স চ্যাট, ন্যুডস আদান প্রদান করে যৌনসুখ পাওয়া যায়। তাই প্রতারিত হবার চান্স আছে জেনেও, ঐপাশের আইডিটা ফেইক হতে পারে জেনেও, তোমার খোঁজ, দ্যা সার্চ মিশন চলতেই থাকে।

পুরো প্রক্রিয়াটা একবার চিন্তা করো—একের পর এক প্রোফাইল ঘেঁটে যাচ্ছো তুমি। যাকে একটু ভালো লাগছে, যার কাছ থেকে রিপ্লাই পাবার বিন্দুমাত্র সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে তাকেই নক করছো। প্রত্যেকটা ছবিতে লাভ রিয়‍্যাক্ট দিচ্ছো। 'এই মেয়ে তুমি এতো সুন্দর কেন, এতো সুন্দর হয়ে আমাকে কষ্ট দিয়ে তুমি যে পাপ করছো সেই পাপে জাহান্নামে চলে যেতে পারো জানো?'—এই টাইপের কমেন্ট করছো। মেসেজ দেওয়ার পর সেই মেসেজের রিপ্লাই আসলো কি না, তা ভেবে একটু পর পর ইনবক্স চেক করছো। মেসেজের রিপ্লাই আসলে আরো ব্যাপক উৎসাহে কথাবার্তা চালিয়ে নিচ্ছো, তাকে ইম্প্রেস করার জন্য মাথা খাটিয়ে মিথ্যার ডালি সাজাচ্ছ...

চিন্তা করো কী বিপুল পরিমাণ সময় নষ্ট, কী লজ্জাজনক, আত্মমর্যাদাহীন আচরণ! কারো আত্মসম্মান থাকলে সে যার তার ইনবক্সে এভাবে হামলে পড়তে পারে না, না বলার পরেও ছ্যাঁচড়ার মতো বারবার বিরক্ত করতে পারে না। এমন কাজ করার মাধ্যমে তুমি প্রথমেই তোমার আত্মসম্মান নষ্ট করে ফেলছো। অন্যের কাছে নিজেকে ছোট করছো।

অনলাইনে প্রচুর পরিমাণে সময় কাটানো আর প্রচুর মেয়ে/ছেলের টাইমলাইনে ঘোরাঘুরি করার কারণে তোমার মধ্যে সবসময় একটা অস্থিরতা, একটা অশান্তি কাজ করবে। তুমি হীনম্মন্যতায় ভুগবে। অনলাইনে সবাই জীবনের একটা সিলেক্টিভ অংশ রঙচঙ লাগিয়ে উপস্থাপন করে। জীবন যেমন সেভাবে সেটাকে মানুষ অনলাইনে তুলে ধরে না। সে অনলাইনে ঐ জীবনকে তুলে ধরার চেষ্টা করে যেমন জীবন সে চায়। অনলাইনে মানুষ এক ধরনের ফ্যান্টাসি তৈরি করে। সবাই প্রত্যেকদিন দামী রেস্তোরায় খেতে যায় না, গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুর দেয় না—কিন্তু অনলাইনে ছবি, আপডেট ভিডিও দিয়ে এমন ভাব মারে মনে হয় যে সে রোজ রোজ ট্যুর দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে চোখে ময়লা নিয়ে, লুঙ্গি-স্যান্ডো গেঞ্জি গায়ে এলোচুলের ছবি মানুষ আপলোড করে না। মানুষ সেজেগুজে মেকআপ করে, মাঞ্জা মেরে, ছবি তুলে সেটাকে নানা ফিল্টারে এডিট করে তারপর ছবি আপলোড করে।

আর সেই ছবি দেখে তুমি ভাবো ওরা আসলেই কতো সুন্দর, কতো স্মার্ট, হ্যান্ডসাম আর আমি একটা ক্ষ্যাত! ওদের জীবনটা কতো অসাধারণ, আমার জীবনটা কতো বোরিং। এভাবে শুরু হয় হীনমন্যতা, হতাশা, নিজেকে এবং নিজের পরিবারকে তুচ্ছ ভাবা, মানসিক অশান্তি, অস্থিরতা। হৃদয়ে জমে বিষকাঁটা। ছোট ছোট সুখগুলোও তখন চলে যায় দিগন্ত পেরিয়ে।

কিন্তু নিজের এতো ক্ষতি করার পর রিলেশন করতে পারলেও এই অনলাইন রিলেশন বেশিদিন টেকে না। খাওয়াদাওয়ার পর্ব শেষে অনেকেই সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাল্টায়। সকালে একজনকে ছাড়া বাঁচতে পারবে না বলে মেসেজ দেয়, তো বিকেলে তাকে ব্লক করে আরেকজনকে মেসেজে বলে, তাকে না পেলে সে মরেই যাবে! রাতে আবার অন্য একজনের সাথে তাদের প্রথম বাবুর নাম কী হবে তা নিয়ে খুনসুটি করে। গবেষণাও সেইম কথা বলে।

রিলেশন টিকে গিয়ে কোনোমতে বিয়ে পর্যন্ত গড়ালেও বিচ্ছেদ হতে সময় লাগে না। যুক্তরাজ্যের ম্যারেজ ফাউন্ডেশন দু'হাজার দম্পতিকে নিয়ে গবেষণার পর বললো, অনলাইনে প্রেমের পর বিয়ে করা দম্পতিদের মধ্যে বিয়ের ৩ বছরের মধ্যেই বিচ্ছেদের হার ছয় গুণ বেশি! এমনকি বিয়ে যদি ৭ বছর পর্যন্ত টিকেও যায় তারপরও অনলাইন দম্পতিদের মধ্যে ডিভোর্সের হার অফলাইন দম্পতিদের তুলনায় দেড়গুণের চেয়েও বেশি!

যে সম্পর্ক একেবারেই ভঙ্গুর, যে সম্পর্কের ভিত্তি হলো মিথ্যে আর ফ্যান্টাসি, যেখানে বিয়ে হবার চান্স খুবই কম, বিয়ে হলেও বিচ্ছেদের সম্ভাবনাই অনেক বেশি—সেই সম্পর্ক গড়ার জন্য তোমার কেন এতো আগ্রহ? জীবন যৌবন সময় সব ব্যয় করে, নিজের আত্মসম্মান নষ্ট করে কেন যাকে তাকে মেসেজ দিয়ে বেড়াও? ক্ষণিকের যৌনসুখ, 'মজা নেওয়া' ছাড়া এই প্রশ্নগুলোর আর কোনো উত্তর কী আসলে আছে?

এই সস্তা সুখের পেছনে ছুটতে গিয়ে তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছো, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছো, নিজেকে অপমানিত এবং কলুষিত করছো—এটা কেন বুঝতে পারছো না?

এভাবে মরীচিকার পেছনে ছুটে কী লাভ হলো তোমার? ঠাণ্ডা মাথায় একবার পেছন ফিরে দেখো—কতোবার তোমার শান্ত, নিরুপদ্রব জীবন ছারখার হয়ে গিয়েছে! দীর্ঘ নির্ঘুম রাত, একলা শুকতারা, নিকোটিনের ধোঁয়া, পুরোনো ইনবক্স, গভীর দীর্ঘশ্বাস, ঝাঁকড়া চুল, শূন্য মানিব্যাগ, শূন্য পরীক্ষার খাতা, চিড় ধরা ভ্রাতৃত্বের মতো বন্ধুত্ব, মায়ের চোখের জল, বাবার ভীষণ আক্ষেপ। টেনশান, অস্থিরতা আর উদ্বিগ্নতায় কাটানো কত দিন, কত রাত। নিজের সঙ্গে একটু সৎ হও। সত্যি করে বলো তো আসলেই কী সুখ পেয়েছো? জীবনের এই লেনদেনে তুমি কি জিততে পেরেছো?

টিকাঃ
[৯৪] অনলাইনে প্রেমের ফাঁদ, ৫ নারীর মধুচক্র ইপিজেডে, চট্টগ্রাম প্রতিদিন, জানুয়ারী ২২, ২০২০- tinyurl.com/4fs2u9x8
[৯৫] ফেসবুকে প্রেম, বাসায় ডেকে প্রেমিককে বিবস্ত্র করে ভিডিও ধারণ, আরটিভি নিউজ, আগস্ট ২১, ২০২২-tinyurl.com/548vjjvx
[৯৬] ফেসবুকে প্রেম, দুই সন্তানের মায়ের সঙ্গে স্কুলছাত্রের বিয়ে! dhakapost.com, জুলাই ২৪, ২০২২- tinyurl.com/mrx8m5ub
[৯৭] ফেসবুকে প্রেমের পরিণতি, চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ, প্রতিদিনের সংবাদ, সেপ্টেম্বর ০৯, ২০২০- tinyurl.com/5dbvfjfr
[৯৮] অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, মুক্তিপণ না পেয়ে হত্যা, প্রবাসীর দিগন্ত, ফেব্রুয়ারি ২০, ২০২২- tinyurl.com/4cuhnbyp
[৯৯] অনলাইনে প্রেম, অতঃপর দলবদ্ধ ধর্ষণ, starsangbad.com, সেপ্টেম্বর ২১, ২০২২- tinyurl.com/cbpjjs6b
[১০০] ফেসবুকে পরিচয়, প্রেম, অতঃপর সর্বনাশা পরিণতি, Prothom Alo ইউটিউব ভিডিও, Dec ৫, ২০১৮- tinyurl.com/2w6ksxrv
[১০১] বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনলাইন প্রেমে যৌন হেনস্থা হবার হার অনেক অনেক বেশী, The Darkest Side Of Online Dating, BBC News-tinyurl.com/mrxm9x73
[১০২] এগুলোর স্ক্রিনশট ফাঁস হয়ে গেলে তোমার অবস্থা কী হবে একবার ভাবো তো। এগুলোর কারণে অনেকেই ব্ল‍্যাকমেইলের শিকার হয়। হ্যাকাররাও সুযোগ কাজে লাগাতে দ্বিধাবোধ করে না।
[১০৩] Instagram Is Ruining Your Self Esteem and You May Not Even Be Aware, saseye.com, June 8, 2020-tinyurl.com/2funb67u
[১০৪] Online Dating and Its Effects on Mental Health, thriveglobal.com- tinyurl. com/y26pzx3a
Facebook has known for a year and a half that Instagram is bad for teens despite claiming otherwise - theconversation.com, September 16, 2021- tinyurl.com/z9ntjz6j
[১০৫] Kee, A. W. A., & Yazdanifard, R. (2015). The review of the ugly truth and negative aspects of online dating. Global Journal of Management and Business Research.
[১০৬] Couples who meet online are 'six times more likely to get divorced, metro. co.uk, Nov 1, 2021- tinyurl.com/ya588v2p

📘 আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টি 📄 শরীরে বৃষ্টির মত মোহ

📄 শরীরে বৃষ্টির মত মোহ


এক.
আমরা এমন একটা অদ্ভূত সময়ে বসবাস করছি যখন মিডিয়া ও কালচার সম্পূর্ণভাবে যৌনায়িত। যৌনতা আজ সব জায়গায়। ভয়ঙ্কর ব্যাপারটা হলো এটা শুধুমাত্র যিনাকেন্দ্রিকতায় সীমাবদ্ধ না। বরং মিডিয়া এবং তথাকথিত সাংস্কৃতিক অঙ্গন ক্রমাগতভাবে যিনা এবং অবাধ যৌনতার স্বাভাবিকীকরণে ব্যস্ত।

জাতীয় পত্রিকার পাতায় কিশোর-কিশোরীদের আজ শেখানো হচ্ছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ের আগে শারীরিক সম্পর্কে কোনো সমস্যা নেই, এটিই প্রকৃতির নিয়ম। পত্রিকাগুলোর ফিচারে ধাপে ধাপে শেখানো হচ্ছে কীভাবে নতুন বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের কাছে সাবেকের কথা বলা যায়। শেখানো হচ্ছে কীভাবে 'মধ্যযুগীয়' রক্ষণশীলতা থেকে বের হয়ে আধুনিক হওয়া যায়। কীভাবে নতুন ব্র্যান্ডের সেলফোনের মতো, বারবার নিজের শরীর আর মনের জন্য নতুন নতুন প্রেম খুঁজে নেওয়া যায়। শেখানো হচ্ছে সমকামিতাকে অধিকার হিসেবে দেখতে, পাশ্চাত্য থেকে আমদানি করা রূপান্তরকামিতাকে (transgenderism) মানবাধিকারের নামে মেনে নিতে।

এটাই এখন নরমাল। এটাই রীতি। নাটক, সিনেমা, সিরিয়াল, মিউজিক ইন্ডাস্ট্রি, পর্ন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিজ্ঞাপন—এই উদার ধর্মনিরপেক্ষ বিশ্বব্যবস্থা প্রতিনিয়ত যৌনতার উস্কানি দিয়ে চলেছে। যেন দুনিয়ার সব সুখ, সব আনন্দ কেবল যৌনতায়। এই বিকৃত, মিথ্যা অভিনয়, অতিরঞ্জিত, কল্পিত চিত্র দেখে তোমাদের মগজধোলাই হয়ে গেছে। তুমি ভাবো তোমার যেসব বন্ধুরা সেক্স করছে তারা চুটিয়ে জীবনটাকে উপভোগ করছে। সেই লেভেলের মজা করছে। তোমার যেহেতু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই, তাই তুমি কিছুই করতে পারছো না। লাইফকে উপভোগ করতে পারছো না। তাই তোমার প্রেম করতেই হবে। মাস্ট!

যা একসময় ছিল অগ্রহণযোগ্য, সমাজ ও মিডিয়ার ক্রমপরিবর্তনশীল আপেক্ষিক নৈতিকতা অনুযায়ী তা-ই আজ নিয়মে পরিণত হয়েছে। যেই যিনা-ব্যভিচার ছিল অপমানের, লজ্জার, লুকিয়ে রাখার, তা এখন গর্ব, মর্যাদার ও ঘোষণা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তাই আসমান ও যমীনের মালিকের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে আজ মানুষ জোর গলায় বলে—প্রেমই তো করছি, কোনো অপরাধ তো করছি না! অথবা কেউ হয়তো বলে বসে—'আমরা সত্যি সত্যি একে অপরকে ভালোবাসি'—আর সত্যি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান বদলে যায় কি না, এর জন্য আলাদা কোনো হিসেব আছে নাকি, সেটা নিয়ে চিন্তায় ফেলে দেয়। কিংবা টেনে আনা হয় সেক্যুলার সমাজের সবচেয়ে প্রিয় যুক্তি, স্বাধীনতাকে। মাই লাইফ মাই রুলস—মন যা চায় তাই করবো, বাধা দেওয়ার তুমি কে?

বারবার শুনতে শুনতে, দেখতে দেখতে, তোমরাও হয়তো এই যুক্তিগুলো মেনে নিয়েছো। হয়তো চেষ্টা করেছো এই যুক্তির মধ্য দিয়ে নিজের কাজগুলোর অজুহাত দাঁড় করাতে। বন্ধুদের আড্ডায়, অনলাইনের কোনো তর্কে, নিজের প্রেমিক বা প্রেমিকাকে কনভিন্স করতে, কিংবা নির্ঘুম রাতে নিজের বিবেকের খচখচানিকে চাপা দেওয়ার জন্যে—কোনো না কোনো প্রেক্ষাপটে তুমিও হয়তো চেষ্টা করেছো এই যুক্তিগুলো টেনে নিজের ভুলগুলোর সঠিক সমীকরণ বানাতে।

কিন্তু মিডিয়া আর সমাজের তৈরি করা আপেক্ষিক নৈতিকতার বুলিগুলো আওড়ানোর সময় তুমি কি চিরন্তন, শ্বাশ্বত নৈতিকতার কথা চিন্তা করো? যে নৈতিকতা ঠিক করে দিয়েছেন তোমার মালিক? তুমি কি সেই পবিত্র সত্ত্বার কথা চিন্তা করো যাঁর কাছে অণু-পরমাণু পরিমাণ কাজেরও হিসেব দিতে হবে? যার কাছে, 'সবাই করছিলো তাই আমিও করেছি'—এই যুক্তি দিয়ে পার পাওয়া যাবে না? যার কাছে মিথ্যা বলা যাবে না? যার সামনে যুক্তির পসরা সাজিয়ে বসা যাবে না?

হরমোনের জোয়ারে, শরীরী সুখের উন্মত্ততায় হয়তো সেই পরম করুণাময়ের কথা তুমি ভুলে বসেছো। হয়তো তাঁর স্মরণ থেকে বিমুখ হয়েছো নিজের বিবেকের জ্বালা অবশ করতে। হয়তো নষ্ট সভ্যতা তোমাকে সেই মালিকের কথা আর তাঁর দেওয়া শিক্ষাকে ভুলিয়ে দিয়েছে, যে শিক্ষাকে তুমি তোমার হৃদয়ের ভেতর সত্য হিসেবে জানো। তাই তোমাদের মনে করিয়ে দেই।

দুই.
ইসলামের ভিত্তি হলো তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ—আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। কথাটা আমরা সবাই বলি। কিন্তু এর তাৎপর্য আমরা বুঝি না। আল্লাহকে একমাত্র সত্য ইলাহ হিসেবে গ্রহণের অর্থ হলো তাঁকে নিজের এবং সবকিছুর মালিক হিসেবে মেনে নেওয়া। তাঁর প্রেরিত রাসূল (ﷺ) এবং তাঁর নির্ধারিত দ্বীনকে গ্রহণ করে নেওয়া। মালিকের সামনে নিজেকে সমর্পণ করা, নিজের ইবাদাত, আনুগত্য, তাঁরই জন্য নির্দিষ্ট করা। লা ইলাহা ইলাল্লাহ শুধু মুখে আওড়ানোর বুলি না। এই কালেমার অর্থ আরশের অধিপতি, মালিকুল মুলক আল্লাহর গোলাম হিসেবে নিজের পরিচয়কে চিনতে পারা।

'আমার দেহ, আমার সিদ্ধান্ত' বা, 'মাই লাইফ মাই রুলস'—এ ধরনের কোনো চিন্তার স্থান ইসলামে নেই। ইসলাম আমাদের শেখায় এ মহাবিশ্বে যা কিছু আছে; যা কিছু দৃশ্যমান এবং যা কিছু অদৃশ্য, সব কিছুর মালিক আল্লাহ। তিনি মালিকুল মুলক। আসমান ও যমীনসমূহের একচ্ছত্র অধিপতি। বনী আদম তথা মানুষ, মহান আল্লাহর দাস এবং পৃথিবীতে তাঁর প্রতিনিধি।

আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। দিয়েছেন সম্পদের মালিকানার অধিকারও। তবে মালিকানার এই অধিকারে মানুষ সার্বভৌম না। সবকিছুর মতো মানুষের সম্পদের প্রকৃত মালিকও আল্লাহ। পার্থিব এই জীবনে সীমিত সময়ের জন্য তিনি আমাদের এগুলো ব্যবহার করতে দিয়েছেন। এই সম্পদ অনেকটা আমানতের মতো। মানুষ নিজের চাহিদা অনুযায়ী এই সম্পদ খরচ করতে পারবে। তবে সম্পদের প্রকৃত মালিকের বেঁধে দেওয়া নিয়ম মেনে।

একই কথা শরীরের ক্ষেত্রেও। আমাদের শরীর, সুস্থতা, আয়ু, জীবন—সবকিছুই মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তিনিই জন্ম, মৃত্যু এবং রিযিকের মালিক। তাই শরীরের উপরও আমাদের মালিকানা সার্বভৌম না। তোমার শরীরের মালিক তুমি না, এর মালিক আল্লাহ। সম্পদের ব্যবহারের যেমন নিয়ম আছে, তেমনি নিয়ম আছে খাবার, পোশাক এবং যৌনতার ক্ষেত্রেও। মহান আল্লাহর বেঁধে দেওয়া হালাল ও হারামের সীমানা মানুষকে মেনে চলতে হয়।

তাই চাইলেই আমরা হারামের জন্য টাকা খরচ করতে পারি না। চাইলেই শূকরের মাংস কিংবা মদ খেতে পারি না, চাইলেই আমি এই শরীরকে ইচ্ছেমতো বদলাতে পারি না। চাইলেই যেকোনো ভাবে, যে কারো সাথে, যেকোনো সময় ভাগাভাগি করতে পারি না শরীরের উষ্ণতা। এটাই আমার মালিকের বিধান। তাঁর বিধান অমান্য করলে, দুনিয়াতে অবাধ্য হলে আখিরাতে আমাদের জন্য থাকবে শাস্তি। ক্ষেত্রবিশেষে দুনিয়াতেও থাকবে শান্তির বিধান।

খাবার, পানির মতোই নারী পুরুষের ভালোবাসা এবং দৈহিক চাহিদা মানুষের সহজাত, স্বাভাবিক ব্যাপার। এই চাহিদা পূরণের সঠিক পদ্ধতি আমাদের সৃষ্টিকর্তা বলে দিয়েছেন আর তা হচ্ছে বিয়ে। বিয়ের ভেতরে যৌন সম্পর্ক বৈধ, বিয়ের বাইরে তা অবৈধ। একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর মানুষ যখন নিজের ভেতরে যৌন চাহিদা অনুভব করবে, তখন সে বিয়ে করবে। এভাবে সে হালাল ভাবে নিজের চাহিদা পূরণ করতে পারবে, একই সাথে এর সাথে যুক্ত হবে ভালোবাসা, বিশ্বাস, মমতা। নারীপুরুষের চিরন্তন আকর্ষণের শক্তি কাজে লাগে পরিবার গড়তে। আর সেই পরিবার থেকে জন্ম হয় পরবর্তী প্রজন্মের।

কিন্তু তুমি বিয়ের কথা ভেবে আফসোস করছো না। বিয়ের কথা ভাবছো না। বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত করছো না। তুমি আফসোস করছো গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের জন্য। তুমি সময়-শ্রম ব্যয় করে যাচ্ছো কয়েক মিনিটের শরীরী সুখের জন্য।

তিন.
তোমার মাথায় সেক্স নিয়ে যা ঘুরছে, যে ফ্যান্টাসি তুমি করছো, তার অধিকাংশের সাথেই বাস্তবতার কোনো মিল নেই। সেক্স মজার জিনিস, সেক্সে আনন্দ আছে, তৃপ্তি আছে... এগুলো সব সত্য। কিন্তু এই ভোগবাদী বিশ্বব্যবস্থা যেভাবে সেক্সকে উপস্থাপন করে, বাস্তবতা তা থেকে বহুদূর।

যৌনজীবন শুরুর পর প্রথম প্রথম কয়েকদিন খুব ভালো লাগবে। অনেক বার সেক্স হবে। কিন্তু এরপর দেখবে একে খুব বিশেষ কিছু একটা মনে হচ্ছে না। এটা শুধু তোমার জন্য প্রযোজ্য না। পৃথিবীর সব মানুষের জন্যই সত্য। ব্যাপারটা এভাবে চিন্তা করে দেখো। ক্ষুধার্ত মানুষ প্রতিনিয়ত শুধু খাবারের কথা ভাবে, কিন্তু যার বাসায় খাবার আছে সে ক্রমাগত খায় না। খাবারকে কেন্দ্র করে তার পুরো জীবনযৌবন, অস্তিত্ব কিন্তু আবর্তিত হয় না।

শুধু শরীরের আকর্ষণ আর ক্ষুধাকে পুঁজি করে সম্পর্ক গড়া যায় না। পরিবার গড়া যায় না। গড়া যায় না সভ্যতা। আজ যৌনতাকে বিয়ে থেকে আলাদা করে ফেলা হয়েছে। ফলে যৌনতাই লক্ষ্যে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ যৌনতৃপ্তির মধ্যে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে।
যৌন আনন্দ তীব্র, কিন্তু ক্ষণস্থায়ী। এই সাময়িক উত্তেজনা দিয়ে মানুষের সব চাহিদা পূরণ হয় না। একজন মানুষকে নিজের করে পাওয়ার, চোখ বন্ধ করে তার উপর নির্ভর করার, বিশ্বাস করার, নিজের সুখদুঃখ তাঁর সাথে ভাগাভাগি করার, দুজনের ভালোবাসায় একটা শিশুকে বড় করার যে স্বাভাবিক তাড়না মানুষের রক্তের ভেতরে খেলা করে, স্রেফ সেক্স দিয়ে সেটাকে মেটানো যায় না। কিন্তু মানুষ আজ তাই করার চেষ্টা করছে। নিষ্ফলভাবে ছোটাছুটি করছে দেহ থেকে দেহে, বিছানা থেকে বিছানায়। নিজের শরীরকে সস্তায় তুলে দিচ্ছে অন্যের হাতে। কিন্তু তৃপ্ত হতে পারছে না।

কোনো গাড়ি কীভাবে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেবে সেটা সেই গাড়ি যারা তৈরি করেছে তারাই সবচেয়ে ভালো জানে। মহান আল্লাহর জ্ঞান পরিপূর্ণ। আমাদের কী প্রয়োজন, আমাদের চেয়ে তিনি ভালো জানেন। তাই তিনি আমাদের জন্য এমন পথ ঠিক করে দিয়েছেন যা আমাদের জন্য সবচেয়ে ভালো। কিন্তু আমরা আজ তাঁর কথা ভুলে বসেছি। তাঁর নির্দেশনাগুলো উপেক্ষা করছি।

মা-বাবা সন্তানের কোনো ক্ষতি চান না। সন্তানকে ক্ষতিকর কোনো কিছু করতে দেখলে তারা ক্রুব্ধ হন। ব্যথিত হন। আল্লাহ সুব'হানাহু ওয়া তা'আলা আমাদেরকে মা-বাবার চাইতেও বহুগুণে বেশি ভালোবাসেন। তিনি কখনোই চান না যে আমরা অশ্লীলতায় ডুবে নিজেদের ধ্বংস করে ফেলি। মানুষকে যিনা-ব্যভিচার করতে দেখলে তিনি ক্রুদ্ধ হন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
'হে মুহাম্মাদের উম্মতবৃন্দ, আল্লাহর চেয়ে বেশি আত্মমর্যাদাবোধসম্পন্ন কেউ নেই, তিনি তাঁর কোনো বান্দার ব্যভিচার করা দেখতে পছন্দ করেন না।'
তিনি বলেছেন,
'যে বিষয়গুলোর ব্যাপারে আমি তোমাদের জন্য আশঙ্কা করছি সেগুলোর মধ্যে কয়েকটি হলো—তোমাদের উদর ও লজ্জাস্থানের বিপথগামী কামনাবাসনা এবং রিপু অনুসরণের পথভ্রষ্টতা।'

আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) যে কাজগুলোকে সবচেয়ে নিকৃষ্টের অন্যতম বলে চিহ্নিত করেছেন, যা কিছুর ব্যাপারে আমাদের সতর্ক করেছেন, আজ আধুনিক পৃথিবী সেগুলোকেই বলছে প্রগতি, স্বাধীনতা আর আধুনিকতা।

***
বছরে দুইবার কুকুরীর শরীর গরম হয়। যৌন তাড়নায় সে তখন পাগলের মতো হয়ে যায়। অস্থির হয়ে ছুটে বেড়ায়। পুরুষ কুকুররা তাকে ঘিরে ভিড় করে। চলে যেখানে সেখানে রতিক্রিয়া।
আধুনিক মানুষের যৌনতার সাথে কুকুরের এই আচরণের তফাৎ কোথায়? পশুর জন্য যা স্বাভাবিক, আশরাফুল মাখলুকাত মানুষের জন্য তা অপমানজনক। অবাধ যৌনতা মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে আনে। যৌনতাকে বিয়ে থেকে বিচ্ছিন্ন করা হলো মহান আল্লাহর তৈরি নিয়মকে উল্টে দেওয়া।

আর তুমি...
তুমি স্বেচ্ছায় অন্ধকারের এই অবগাহনে অংশ নিচ্ছো। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছো আল্লাহর নির্ধারিত নিয়মকে উল্টে দেওয়ার শয়তানী প্রকল্পে। পশুর পর্যায়ে টেনে নামাচ্ছো নিজেকে। নিজের অন্তরকে ডুবাচ্ছো ক্লেদাক্ত, কলুষিত অন্ধকারে। তিলে তিলে ধ্বংস করছো তোমার আত্মাকে।

টিকাঃ
[১০৭] বিস্তারিত জানার জন্য পড়ো, ইলমহাউস পাবলিকেশন থেকে প্রকাশিত আমাদের মুক্ত বাতাসের খোঁজে বইটি।
[১০৮] তবে ইসলামসম্মত দাসীর সাথে যৌনতা হতে পারে। এই দাসী আমাদের বাসা বাড়িতে কাজ করে এমন দাসী নয়। বিস্তারিত জানার জন্য পড়তে পারো মাকতাবাতুল আযহার থেকে প্রকাশিত ইসলামে দাস-দাসী ব্যবস্থা বইটি। লেখক- শামসুল আরেফিন শক্তি।
[১০৯] তুমি বলতেই পারো, চাইলেই কি বিয়ে করা যায়? ৩০ বছর পার হলেও বাবা-মা বিয়ে দিতে চায় না আর আপনি আসছেন বিয়ে নিয়ে। যান যান, ভাগেন। চাইলেই বিয়ে করা যায় না- এটা একদম মিথ্যে কথা। তুমি যদি আন্তরিকভাবে চাও তাহলে ইন শা আল্লাহ অবশ্যই বিয়ে করতে পারবে। বইয়ের পরবর্তী অংশে আলোচনা আছে। বিস্তারিত জানার জন্য Lostmodesty.com থেকে পড়ো 'তুমি এক দূরতরো দ্বীপ' ও 'হয়নি যাবার বেলা' লেখা দুটি-tinyurl.com/durtorodip , tinyurl.com/hoinijabarbela
[১১০] সহীহ বুখারী ৫২২১, ১০৪৪
[১১১] মুসনাদ আহমাদ ১৯৭৭২, মাজমাউয যাওয়াইদ হা. ৮৯১, সহীহ আত-তারগীব ৫২, ২১৪৩। হাইসামী রাহি, হাদিসটির বর্ণনাকারীদেরকে নির্ভরযোগ্য বলেছেন। আলবানী রাহি, হাদিসটিকে সহীহ বলেছেন।

ফন্ট সাইজ
15px
17px