📄 অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ঘামায় না
প্রকৃত মুসলমান—যে উত্তম ইসলাম পালনে আগ্রহী এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে উদগ্রীব—কখনো অহেতুক ও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ঘামায় না। মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়সমূহে নাক গলায় না। যা-ই বলা হয় এবং যা-ই প্রচারিত হয়, সব বিষয় নিয়ে চিন্তা করে না। কারণ, ইসলাম তাকে এসব সস্তা পরচর্চা ও বে-ফায়দা ব্যস্ততা থেকে দূরে থাকার প্রতি উদ্বুদ্ধ করেছে।
রাসুলুল্লাহ ﷺ বলেন: مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
'বে-ফায়দা বিষয় বর্জন করা মানুষের উত্তম ইসলামি চরিত্রের অন্তর্ভুক্ত।' ৪৫৩
আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
إِنَّ اللهَ يَرْضَى لَكُمْ ثَلَاثًا ، وَيَكْرَهُ لَكُمْ ثَلَاثًا، فَيَرْضَى لَكُمْ: أَنْ تَعْبُدُوهُ، وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا، وَيَكْرَهُ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةِ الْمَالِ
'আল্লাহ তাআলা তোমাদের তিন কাজের প্রতি সন্তুষ্ট, আর তিন কাজের প্রতি অসন্তুষ্ট। তোমরা তাঁর ইবাদত করবে, তাঁর সাথে কাউকে শরিক করবে না এবং সম্মিলিতভাবে তাঁর রজ্জুকে আঁকড়ে ধরবে আর বিচ্ছিন্ন হবে না—তোমাদের এ তিন কাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সব বিষয়ে আপত্তি উত্থাপন, অধিক প্রশ্ন করা ও ধন-সম্পদ ধ্বংস করা—এ তিন কাজের প্রতি আল্লাহ অসন্তুষ্ট।' ৪৫৪
যে সমাজ ইসলামের দেওয়া রূপরেখা অনুযায়ী চলে, সে সমাজে সব বিষয়ে আপত্তি উত্থাপন, অধিক প্রশ্ন এবং মানুষের ব্যক্তিগত বিষয়সমূহে অন্যের নাক গলানোর কোনো সুযোগ নেই। কারণ, এ সমাজের যারা সদস্য, তারা খুব গুরুত্বপূর্ণ ও বড় দায়িত্বে মশগুল থাকে। তারা জমিনে আল্লাহর কালিমা প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত থাকে। ভূপৃষ্ঠে আল্লাহর বিধানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার চেষ্টায় ব্রত থাকে। তারা আল্লাহর বিধান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবিরাম পরিশ্রম করে যায়। এসব বড় বড় ও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে যারা ব্যস্ত থাকে, তাদের ওই সব বাজে কাজ করার সময় কোথায়?
📄 গিবত ও চোগলখোরি থেকে দূরে থাকে
প্রকৃত মুসলমান গিবত (পরনিন্দা) ও চোগলখোরি (পরচর্চা) থেকে অনেক দূরে অবস্থান করে। কারণ, তার ভেতর যে ইসলামি মূল্যবোধ ও চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তা-ই তাকে এসব বাজে কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। তা ছাড়া কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসুলে যে উন্নত নীতিবোধ শিক্ষা দেওয়া হয়েছে, তা সে অবলম্বন করে; আর যেসব অনৈতিক বিষয় থেকে নিষেধ করা হয়েছে, সেসব থেকে বেঁচে থাকে।
এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেন :
وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابُ رَحِيمُ
'তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত, তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু।'৪৫৫
প্রকৃত মুসলমান যখন আয়াতটি পড়ে, তখন গিবত বা পরনিন্দার প্রতি তার অন্তরে প্রচণ্ড ঘৃণা জন্মায়। পরনিন্দাকারীকে আল্লাহ মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সাথে তুলনা করেছেন—এ বিষয়টা তার ভেতর ভীতির সঞ্চার করে। তাই কখনো সে কারও গিবত করে ফেললে সাথে সাথে তাওবা করে নেয়। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা তাওবার প্রতি যে ইঙ্গিত করেছেন, তা এজন্যই করেছেন, যেন কেউ গিবত করে ফেললে দ্রুতই তাওবা করে নেয়।
প্রকৃত মুসলমান নিজেকে রাসুলুল্লাহ -এর নিম্নের হাদিস অনুযায়ী গড়ে তোলে। হাদিসটি হলো: إِنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ؟ قَالَ: مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
'এক প্রশ্নকারী রাসুলুল্লাহ -কে প্রশ্ন করলেন, সর্বোত্তম মুসলমান কে? উত্তরে তিনি বললেন, যার জিহ্বা (কথা) ও হাত (কাজ) থেকে মুসলমানরা নিরাপদ থাকে।'৪৫৬
এজন্য প্রকৃত মুসলমান নিজেকে কখনো গিবত বা পরনিন্দার মতো জঘন্য কাজে জড়ায় না। সমাজের কাউকে কোনোরূপ কষ্ট দেয় না; বরং এক ধাপ এগিয়ে সে মানুষের গিবতের লক্ষ্যবস্তু হওয়া মুসলমান ভাইকে উদ্ধার করে নেয়। তার ব্যাপারে বলা খারাপ কথাগুলোর প্রতিবাদ করে। কারণ, রাসুলুল্লাহ উম্মতকে এ শিক্ষাই দিয়েছেন।
তিনি ইরশাদ করেছেন: مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ بِالْمَغِيبِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَعْتِقَهُ مِنَ النَّارِ
'যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার ইজ্জত-আবরুর ওপর আসা আঘাত প্রতিহত করে, আল্লাহর ওপর তার অধিকার হলো, তাকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।'৪৫৭
প্রকৃত মুসলমান সমাজে চোগলখোরি বা পরচর্চা করে না। কারণ, তার ধর্ম তার মাঝে এ বোধ সৃষ্টি করে দিয়েছে যে, পরনিন্দাকারীরা হলো সমাজের নিকৃষ্ট জীব। মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করা ও বন্ধুত্বের মাঝে ফাটল সৃষ্টি করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই।
মুসনাদে আহমাদে আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ইরশাদ করেছেন:
أَلَا أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: الَّذِينَ إِذَا رُؤُوا، ذُكِرَ اللَّهُ تَعَالَى ثُمَّ قَالَ: أَلَا أُخْبِرُكُمْ بِشِرَارِكُمْ الْمَشَّاءُونَ بِالنَّمِيمَةِ، الْمُفْسِدُونَ بَيْنَ الْأَحِبَّةِ، الْبَاغُونَ لِلْبُرَاءِ الْعَنَتَ
'আমি কি বলব না, তোমাদের মাঝে কারা উত্তম? সাহাবিগণ বললেন, অবশ্যই হে আল্লাহর রাসুল! তিনি বললেন, যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয় (তারা উত্তম)। তারপর বললেন, আমি কি বলব না, তোমাদের মাঝে সর্বনিকৃষ্ট কারা? যারা পরচর্চা করে, বন্ধুদের মাঝে ফাটল সৃষ্টি করে এবং নির্দোষ ব্যক্তিদের দোষ তালাশ করে বেড়ায়, তারাই হলো সর্বনিকৃষ্ট। '৪৫৮
চোগলখোর বা পরচর্চাকারীদের দুনিয়ার লাঞ্ছনা আর আখিরাতের কঠোর পরিণতির প্রমাণের জন্য নিম্নোল্লিখিত একটি হাদিসই যথেষ্ট। যদি তারা নিজেদের এ পাপকর্ম থেকে ফিরে না আসে, তাহলে এ হাদিসটি তাদের আশা-আকাঙ্ক্ষার সকল পথই রুদ্ধ করে দেয়।
হাদিসটি হলো :
لَا يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامُ
'পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করবে না।'৪৫৯
এ ছাড়াও পরচর্চাকারীকে কবরে রাখার পর থেকেই তার ওপর নেমে আসে কঠিন ও যন্ত্রণাদায়ক আজাব। বুখারি-মুসলিমসহ অনেক হাদিসগ্রন্থে ইবনে আব্বাস সূত্রে বর্ণিত হয়েছে:
مَرَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: إِنَّهُمَا لَيُعَذِّبَانِ، وَمَا يُعَذِّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا هَذَا: فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا هَذَا: فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ، فَغَرَسَ عَلَى هَذَا وَاحِدًا، وَعَلَى هَذَا وَاحِدًا، ثُمَّ قَالَ: «لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا»
‘রাসুলুল্লাহ ﷺ দুটি কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন। তখন বললেন, এ দুই কবরবাসীর ওপর আজাব হচ্ছে। বড় কোনো অপরাধের কারণে তাদের আজাব হচ্ছে এমন নয়। এদের একজন পরচর্চা করে বেড়াত। অপরজন প্রস্রাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। বর্ণনাকারী বলেন, এরপর রাসুলুল্লাহ ﷺ কাঁচা খেজুরের একটি ডাল আনিয়ে তা দুই টুকরো করলেন। তারপর উভয় কবরের ওপর একটি করে গেঁড়ে দিলেন। তারপর বললেন, অন্তত এ দুই ডال শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের আজাব একটু নমনীয় হওয়ার আশা করা যায়।’৪৬০
📄 মিথ্যা বলে না
প্রকৃত মুসলমান মিথ্যা কথা বলে না এবং মিথ্যা সাক্ষ্য দেয় না। কারণ, এটা হারাম। আল্লাহ বলেন :
وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
‘আর মিথ্যা কথন থেকে দূরে সরে থাকো।’৪৬১
মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম তো বটেই, পাশাপাশি এটা ব্যক্তির পুরুষত্ব, আমানতদারিতা ও মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে। কাজেই এটা কখনো মুমিনদের স্বভাব হতে পারে না। তাই আল্লাহ তাআলা তাঁর নির্বাচিত বান্দাদের মাঝে এ স্বভাব না থাকার কথা উল্লেখ করেছেন।
তিনি ইরশাদ করেন :
وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
‘আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।‘৪৬২
মিথ্যা সাক্ষ্য দেওয়া যে কত বড় মারাত্মক গুনাহ, তা আমরা রাসুলুল্লাহ -এর হাদিস থেকেও জানতে পারি, যেখানে তিনি আল্লাহর সাথে শিরক করা ও পিতা-মাতার অবাধ্যতার পর সবচেয়ে বড় কবিরা গুনাহ এটাকেই বলেছেন। তারপরও এর ভয়াবহতা বুঝাতে রাসুলুল্লাহ খুব উত্তেজিত হয়ে কয়েকবার করে বললেন এ কথা।
তিনি ইরশাদ করেছেন: أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ ثَلَاثًا، الْإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَشَهَادَةُ الزُّورِ - أَوْ قَوْلُ الرُّورِ - وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِيًّا، فَجَلَسَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ
'আমি কি সবচেয়ে বড় কবিরা গুনাহ কী, তা তোমাদের বলে দেবো না? (প্রশ্নটি তিনবার করলেন।) আমরা বললাম, অবশ্যই, হে আল্লাহর রাসুল! তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা ও পিতা-মাতার অবাধ্য হওয়া। তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন, সেখান থেকে সোজা হয়ে বসে বললেন, আরেকটি হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া-অথবা বললেন-মিথ্যা কথা বলা। (গুরুত্ব বুঝানোর উদ্দেশ্যে) শেষের কথাটি তিনি বারবার বলতে থাকলেন। একপর্যায়ে আমরা (তাঁর অবস্থা দেখে ভীত হয়ে মনেমনে) বলতে থাকলাম, ইশ্! তিনি যদি এবার চুপ হতেন!'৪৬৩
📄 নেতিবাচক ধারণা থেকে বেঁচে থাকে
প্রকৃত মুসলমানের আরেকটি উত্তম গুণ হলো, সে কারও ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে না। সে নিজের কল্পনার লাগামকে শক্ত করে আঁকড়ে ধরে, যেন তা মানুষের দোষের পেছনে ছুটতে না পারে। কারণ, এর মাধ্যমে সে মানুষের ব্যাপারে এমন সব অপবাদ রটাতে শুরু করবে, যেগুলো তাদের মাঝে বিলকুল নেই। এ শিক্ষাই পবিত্র কুরআন আমাদের দেয়।
আল্লাহ তাআলা বলেন: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمُ
'হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কতক ধারণা গুনাহ। '৪৬৪
নেতিবাচক ধারণা ও বিচার-বিশ্লেষণ না করে কারও ব্যাপারে ধারণাপ্রসূত কথা বলা থেকে রাসুলুল্লাহ আরও কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেছেন: إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الحَدِيثِ
'তোমরা অবশ্যই কুধারণা ও অনুমাননির্ভর কথা বলা থেকে বেঁচে থাকবে। কেননা, কুধারণা ও অনুমাননির্ভর কথা সবচেয়ে বড় মিথ্যা। '৪৬৫
অনুমাননির্ভর কথাকে রাসুলুল্লাহ সবচেয়ে বড় মিথ্যা আখ্যা দিয়েছেন। যেখানে প্রকৃত মুসলমান মিথ্যার গন্ধ পাওয়া যায়-এমন কথা থেকেও বিরত থাকে, সেখানে সবচেয়ে বড় মিথ্যায় নিজেকে জড়ানো তার পক্ষে কী করে সম্ভব!?
রাসুলুল্লাহ-এর শিক্ষা হলো, অনুমাননির্ভর কথা বলা থেকে বাঁচতে হবে। তদুপরি তিনি সেটাকে বলেছেন সবচেয়ে বড় মিথ্যা। তাই প্রকৃত মুসলমান মানুষের বাহ্যিক কাজকর্মই শুধু দেখে, তাদের ভেতরের বিষয় নিয়ে কোনোরূপ ধারণা, সন্দেহ, সংশয় ইত্যাদি করা থেকে বেঁচে থাকে। কাজেই মানুষের গোপনীয় ও ব্যক্তিগত বিষয় জানার চেষ্টা করা এবং তাদের প্রাইভেসিতে আঘাত করা কখনো একজন মুসলমানের স্বভাব হতে পারে না।
তাদের গোপন বিষয় সম্পর্কে যা করার তা আল্লাহ-ই করবেন। তিনি প্রকাশ্য ও গোপন সবকিছুই জানেন। মানুষের দায়িত্ব হলো, তারা শুধু বাইরেরটা দেখবে। আমাদের সালাফে সালিহিন—যাদের গায়ে ধুলোবালিমুক্ত দ্বীনের স্বচ্ছ বাতাস লেগেছিল—এমনটাই করতেন।
আব্দুর রাজ্জাক আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন :
'আমি উমর-কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ -এর জীবদ্দশায় মানুষ ওহির মাধ্যমে ফয়সালা করতেন। এখন ওহি বন্ধ, তাই এখন তোমাদের বাহ্যিক অবস্থা দেখেই আমরা ফয়সালা করব। যার বাহ্যিক অবস্থা ভালো, তাকে নিরাপত্তা দেবো এবং কাছে টানব। তার ভেতরে কী আছে, তা দেখার দায়িত্ব আমাদের নয়। তার ভেতরের বিষয়ের হিসাব-নিকাশ আল্লাহ করবেন। আর যার বাহ্যিক অবস্থা খারাপ, তার নিরাপত্তার দায়িত্ব আমরা নেব না। সে যদি দাবি করে যে, তার অভ্যন্তরীণ অবস্থা ভালো, আমরা তা বিশ্বাস করব না।'৪৬৬
এজন্যই প্রকৃত মুসলমান প্রতিটি শব্দ মুখ দিয়ে উচ্চারণ করার সময় খুবই সতর্ক থাকে। পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো ফয়সালা করে না। কারণ, আল্লাহর অমীয় এ বাণীটি সম্পর্কে কখনো সে বিস্মৃত হয় না : وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
'যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার পেছনে পোড়ো না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ—এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।'৪৬৭
মহাজ্ঞানী আল্লাহ তাআলার এ নিষেধবাণী প্রকৃত মুসলমান অক্ষরে অক্ষরে মেনে চলে। সুতরাং জ্ঞান ছাড়া সে কোনো কথা বলে না এবং নিশ্চিত না হয়ে কখনো কোনো বিষয়ে ফয়সালা করে না।
মানুষের গোপনীয়তা অনুসন্ধান করা ও তাদের ব্যাপারে ধারণাপ্রসূত কথা বলার পাপে লিপ্ত হওয়া থেকে বাঁচতে হলে কুরআনের নিম্নোল্লিখিত আয়াতটি নিয়ে ফিকির করতে হবে। এ আয়াতে বলা হয়েছে, মানুষের মুখ দিয়ে যে কথাই বের হোক, তা সাথে সাথে রেকর্ড করে নেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত আছেন।
ইরশাদ হয়েছে: مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
'সে যে কথাই উচ্চারণ করুক, তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।'৪৬৮
যে মুসলমান এসব আয়াত ও হাদিসের অর্থ জানে, সে কথা বলার ব্যাপারে খুবই সতর্ক থাকে। মেপে মেপে কথা বলে। মুখ দিয়ে উচ্চারণ করার পূর্বে প্রতিটা শব্দ ভালোভাবে যাচাই করে নেয়। কারণ, সে ইসলামের এ নির্দেশনা সম্পর্কে জ্ঞান রাখে যে, কথা-ই অনেক সময় আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির কারণ হয়ে দাড়ায়।
রাসুলুল্লাহ ইরশাদ করেছেন: إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، مَا كَانَ يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ، يَكْتُبُ اللهُ لَهُ بِهَا رِضْوَانَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ، وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، مَا كَانَ يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ يَكْتُبُ اللَّهُ لَهُ بِهَا سَخَطَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ
'অনেক সময় মানুষ আল্লাহকে সন্তুষ্ট করে এমন কথা বলে, সে কথা তাকে কোথায় পৌঁছে দেয়, তা সে জানেই না। সে কথার কারণে আল্লাহ তাআলা তার জন্য কিয়ামত পর্যন্ত স্বীয় সন্তুষ্টি লিখে দেন। আবার কোনো সময় আল্লাহকে অসন্তুষ্ট করে এমন কথা কেউ বলে, সে কথা কোথায় গিয়ে ক্রিয়া করে, সে তা জানে না। সে কথার কারণে আল্লাহ তাআলা তার জন্য কিয়ামত পর্যন্ত স্বীয় অসন্তুষ্টি লিখে দেন। '৪৬৯
ওপরের আলোচনা থেকে বুঝা গেল, কথা বলা কঠিন এক দায়িত্ব। আর শ্রুতিনির্ভর ও ধারণাপ্রসূত কথা নিয়ে বকবককারী জিহ্বার কারণে যে গুনাহ হয়, তা অনেক বড় গুনাহ।
মুত্তাকি ও স্বচ্ছ হৃদয়ের মুসলমান কখনো মানুষের আজেবাজে কথায় কান দেয় না। বর্তমান সময়ে আমাদের সমাজে অসার কথা ও মিথ্যা সংবাদ প্রচারের সয়লাব প্রবহমান। এসব তাকে প্রভাবিত করে না। যাচাই বাছাই না করে শ্রুতিনির্ভর ও ধারণাপ্রসূত কোনো কথা সে বলে না। সে মনে করে, যাচাই বাছাই না করে যা শোনে, তাই বলে বেড়ানো নিষিদ্ধ মিথ্যা।
রাসুলুল্লাহ ﷺ হাদিস শরিফে ইরশাদ করেছেন: كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
'যা শোনে তাই বলে বেড়ানো মানুষের মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। '৪৭০