📘 আদর্শ মুসলিম > 📄 অধিকহারে কুরআন তিলাওয়াত করে

📄 অধিকহারে কুরআন তিলাওয়াত করে


প্রকৃত মুসলমান সব সময় কুরআনের সুশীতল ও সুগন্ধিময় ছায়াতলে অবস্থান করে। সেখান থেকে হিদায়াতের স্নিগ্ধতা উপভোগ করে। তাই সে প্রতিদিন নিয়মিত কুরআন তিলাওয়াত করে। একাগ্রচিত্তে আল্লাহর কালাম পড়ে। কুরআনের মর্ম তার ভেতর সংক্রমিত হয়ে অন্তরকে পরিশুদ্ধ করে দেয়। হৃদয়ে ইমান ও প্রশান্তি অর্জিত হয়।
আল্লাহ তাআলা বলেন :
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
'জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।'৬২
কুরআন তিলাওয়াত সম্পর্কে রাসুলুল্লাহ ইরশাদ করেছেন :
مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الأُتْرُجَّةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبُ، وَمَثَلُ المُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ، لَا رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْو، وَمَثَلُ المُنَافِقِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ المُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الحَنْظَلَةِ، لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ
'যে মুমিন কুরআন তিলাওয়াত করে তার উদাহরণ হলো কমলা ফল, যা স্বাদে ও গন্ধে উত্তম। আর যে মুমিন কুরআন তিলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুর, যার সুগন্ধি না থাকলেও স্বাদে মিষ্ট। আর যে মুনাফিক কুরআন তিলাওয়াত করে, তার উদাহরণ হলো ফুল, যার সুগন্ধি আছে বটে, তবে স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কুরআন তিলাওয়াত করে না, তার উদাহরণ হলো মাকাল ফল, যার কোনো সুগন্ধি নেই এবং স্বাদও খুব তিক্ত। '৬৩
অন্য হাদিসে রাসুলুল্লাহ ইরশাদ করেছেন : اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ 'তোমরা কুরআন পাঠ করো। কেননা, কিয়ামতের দিন কুরআন তার পাঠকারীদের জন্য সুপারিশ করবে। '৬৪
অন্য হাদিসে তিনি ইরশাদ করেছেন: الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ، وَهُوَ عَلَيْهِ شَاقٌّ، لَهُ أَجْرَانِ 'কুরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি মহাসম্মানিত পুণ্যবান লিপিকার ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তার জন্য কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার পড়ে, তার জন্য রয়েছে দুটি পুরস্কার। '৬৫
কুরআনের তিলাওয়াত-সম্পর্কিত এতসব ফজিলতের হাদিস থাকার পর সত্যিকারের মুসলমান কুরআনের তিলাওয়াত ও তার অর্থ নিয়ে গবেষণা না করে কি থাকতে পারে!?
সারকথা হলো, আল্লাহর সাথে প্রকৃত মুসলমানের সম্পর্ক হলো, সে আল্লাহর প্রতি দৃঢ় ইমান রাখে, নিয়মিত সৎকর্ম করে, সবকিছুতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। সর্বোপরি, আল্লাহর দাসত্ব ও বন্দেগিতে নিজেকে সঁপে দেয়, যে দাসত্বের জন্য জিন ও ইনসানকে সৃষ্টি করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ 'আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00