📄 নারী-নেতৃত্ব
যদিও ইসলাম নারীকে দীন প্রচার-প্রসারের দায়িত্ব অর্পণ করেছে, তথাপি ইসলামের প্রথম যুগ থেকে রাজনীতির সাথে তাদের কোনো সংস্রব ছিল না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর বনু সায়িদা গোত্রের মুক্তাঙ্গনে মুসলমানদের খলিফা নির্বাচন-সংক্রান্ত সলাপরামর্শের জন্য সাহাবিদের যে সম্মেলন অনুষ্ঠিত হয়, তাতে কোনো নারী সদস্য যোগদান করেছিল বলে আমাদের জানা নেই। শাসন-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে পুরুষদের সাথে নারীদের অংশগ্রহণের বিষয়টি আমাদের জানা নেই।
খুলাফায়ে রাশেদিন রাষ্ট্রীয় সমস্যাবলির ব্যাপারে পরামর্শের জন্য পুরুষদের যেমন বৈঠক আহবান করতেন, তেমনি নারীদেরও বৈঠক অনুষ্ঠিত করতেন—এমন কোনো তথ্য আমাদের গোচরে আসেনি। ইসলামের সমগ্র ইতিহাসেও আমরা এমন কোনো নজির দেখতে পাই না যে, রাষ্ট্রের প্রশাসনিক কর্মকাণ্ডে, রাজনৈতিক তৎপরতায় ও যুদ্ধবিগ্রহ পরিচালনায় নারীরা পুরুষদের পাশাপাশি অবস্থান করত। হ্যাঁ, কোনো কোনো সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যোগ্য নারী আপত্তি জানাত। সেই সুযোগ এখনো আছে। কিন্তু এর দ্বারা কখনো সক্রিয় রাজনৈতিক তৎপরতা প্রমাণিত হয় না।
ইতিহাসে আমরা যেটুকু পাই তা হচ্ছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের হাতে হাত না রেখেই অঙ্গীকার নিয়েছিলেন যে, তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, সন্তান হত্যা করবে না, কারও নামে মিথ্যা অপবাদ রটাবে না এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লঙ্ঘন করবে না। কিন্তু এই সব অঙ্গীকারগ্রহণের ঘটনাকে কেউ যদি মুসলিম নারীর রাজনৈতিক তৎপরতা হিসেবে গণ্য করে, তবে সে ভুল করবে এবং একে ইতিহাসের অপব্যাখ্যা ছাড়া আর কিছু বলা যাবে না।
আমরা জানি যে, কোনো কোনো সাহাবির স্ত্রী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত যুদ্ধবিগ্রহে আহতদের সেবা-শুশ্রূষা ও পিপাসার্তদের পানি পান করানোর জন্য পুরুষদের সাথে রণাঙ্গনে যেতেন। তারা আহতদের চিকিৎসা ও সেবার জন্য নির্ধারিত শিবিরে থাকতেন এবং কোনো মুসলমান যুদ্ধে আহত হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই শিবিরে নিয়ে যেতেন। যাওয়ার নির্দেশ দিতেন। এই তথ্যটাও নারীর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার প্রমাণ বহন করে না।
ইতিহাসের এক বিখ্যাত যুদ্ধ জঙ্গে জামালে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অংশগ্রহণ করেছিলেন। তিনি উঠের পিঠে বসে পর্দার অন্তরাল থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন। কিন্তু এ কথা অকাট্যভাবে প্রমাণিত যে, পরবর্তী সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের এই কৃতকর্মের জন্য অনুতাপ করেছিলেন এবং অন্যান্য উম্মুল মুমিনিনগণ এ জন্য তাকে ভর্ৎসনাও করেছিলেন। কাজেই হযরত আয়েশার এই পদক্ষেপ দ্বারা মুসলিম নারীর রাজনৈতিক তৎপরতায় লিপ্ত হওয়ার বৈধতা প্রমাণ হয় না। কেননা প্রথমত এটা বিচ্ছিন্ন ঘটনা, দ্বিতীয়ত এটা যে ভুল ছিল ব্যাপারটা স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহাই উপলদ্ধি করেছিলেন।
ইতিহাসের কোনো কোনো যুগে কোনো কোনো নারী দেশের শাসক ও সম্রাজ্ঞী হয়েছিলেন। কেউ বা নিজ স্বামীর প্রভাব খাটিয়ে পরোক্ষভাবে শাসনকার্যে অংশীদার হয়েছিলেন। সবই ব্যতিক্রমী ও বিচ্ছিন্ন ঘটনা, যা দলিল প্রদানের জন্য উপযুক্ত না। কারণ ইতিহাসের বিচ্ছিন্ন ঘটনাবলি কখনো শরিয়াহর ব্যাপারে দলিল হয় না。
সুতরাং এ কথা সুনিশ্চিতভাবে প্রমাণিত যে, মুসলিম নারীরা অতীতে রাজনৈতিক তৎপরতায় অংশগ্রহণ করত না এবং মুসলমানদের মধ্যে সংগঠিত রাজনৈতিক ঘটনাবলিতেও তারা প্রত্যক্ষ কোনো ভূমিকা রাখত না। হ্যাঁ, সমাজ সংস্কার, ইসলামি দাওয়াহ ও শিক্ষা প্রচারের ক্ষেত্রে তারা সামাজিকভাবে অনেক ভূমিকা পালন করেছেন। নারীদের মাঝে বিভিন্ন প্রকার সামাজিক তৎপরতা তারা পরিচালনা করেছেন এবং এই সুযোগ তাদের এখনো আছে; বরং বলতে হবে মুসলিম নারীদের এসব দায়িত্ব পালনে সক্রিয় হতে হবে। কিন্তু সক্রিয় রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ ইসলাম কখনোই অনুমোদন করে না। এটা তার যোগ্যতাকে অস্বীকৃতি দানের জন্য নয়; বরং পরিবার ও সমাজ গঠনের দায়িত্বে নিরবিচ্ছিন্নভাবে আত্মনিয়োগ, সার্বিক পর্দারক্ষা, ফ্রি-মিক্সিং এড়িয়ে চলা, মাহরাম ছাড়া সফর না করাসহ ইসলাম তাকে যেসব মূল্যবান বিধিনিষেধ দিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি নিশ্চিতভাবে তার এসব বিধান পালনে বিঘ্ন সৃষ্টি করবে। এজন্য যুগে যুগে মুসলিম নারীরা রাজনৈতিক হাঙ্গামা থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন।
আর এটা নারীর প্রতি অবমূল্যায়ন কিংবা নারীর অধিকার লঙ্ঘন করাও নয়; বরং ইসলাম এর মাধ্যমে নারীর ওপর অনুগ্রহ করেছে এবং তাকে বাহ্যমান রাজনীতির দৃশ্য থেকে আড়ালে রেখে যোগ্য ব্যক্তিত্ব গঠন করে নিজের ক্ষমতা বাস্তবায়নের সুযোগ দিয়েছে। তাকে নিরবচ্ছিন্নভাবে তার মৌলিক দায়িত্ব পালনের নিরাপদ ব্যবস্থা করে দিয়েছে।
পরিশেষে মুসলিম নারীদের তাদের রবের প্রতি বিশ্বাস মজবুত করতে হবে। মহান আল্লাহ তাআলা কারও ওপর জুলুম করেন না। তিনি নারীদের ওপরও জুলুম করেননি। আমাদের অধিকারের কনসেপ্ট বিদেশি কোনো সংস্থা কিংবা দেশীয় কোনো এনজিওর কাছ থেকে গ্রহণ করতে হবে না। আমাদের অধিকারের উৎস মহান রবের দেওয়া পবিত্র শরিয়াহ, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। সেই উৎস থেকেই আমরা আমাদের অধিকারের কনসেপ্ট গ্রহণ করব। কোনো সংস্থা কিংবা প্রচারণা দ্বারা প্রভাবিত হয়ে নয়; বরং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মানসিকতা নিয়ে।
টিকাঃ
২৫৮. সিয়ারু আলামিন নুবালা, ২/১৭৭ পৃষ্ঠা। জঙ্গে জামালের জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার এত আফসোেস ছিল যে, যখন কুরআনে কারিম তিলাওয়াত করতে করতে সুরায়ে আহযাবের নিম্নোক্ত আয়াতে পৌঁছতেন, যেখানে মহান আল্লাহ তাআলা নারীদের এ হুকুম দিয়েছেন, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, তখন তিনি এত কাঁদতেন যে, তার ওড়না পর্যন্ত ভিজে যেত।
২৫৯. আল মারআতু বাইনাল ফিকহি ওয়াল কানুন, পৃষ্ঠা ১০৩-১০৪