📄 ইলম বিষয়ক শিরক
ইলমুল গাইবের দাবি কখন ও কিভাবে শিরক বা কুফর বলে গণ্য তা আমরা কুরআন ও হাদীসের আলোকে শিরকের আলোচনা প্রসঙ্গে উল্লেখ করেছি। ইহুদী আব্দুল্লাহ্ বিনু সাবা এবং তাঁর অনুসারীদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়ে শীয়াগণ আলী (রা), তাঁর বংশের ইমামগণ, ওলীগণ ও পীর-মাশাইখের বিষয়ে ইলমুল গাইবের বিশ্বাস পোষণ করে। এ বিষয়ে শীয়া ইমাম ড. মুসাবীর বক্তব্য আমরা উপরে দেখেছি। তৃতীয় অধ্যায়ে রাসূলুল্লাহ-এর ইলম বিষয়ক আলোচনায় এবং এ অধ্যায়ে রুবুবিয়্যাতের শিরক আলোচনা প্রসঙ্গে আমরা এ বিষয়ক কুরআন ও হাদীসের নির্দেশনা উল্লেখ করেছি। এ সকল সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন নির্দেশনার বিপরীতে শীয়াগণ এবং তাদের সমমনা ও তাদের মতামত দ্বারা প্রভাবিত সুন্নী সমাজের এ শ্রেণীর মানুষেরা যা কিছু বলেন তা সবই উপরের অনুচ্ছেদে উল্লেখিত বক্তব্যের মত আজগুবি ও বানোয়াট কথাবার্তা, গল্প কাহিনী, কাশফ বা স্বপ্নের কথা এবং কোনো কোনো আলিমের মতামত ও ব্যাখ্যা মাত্র। কুরআন ও হাদীসের নির্দেশনার বিপরীতে কুরআন ও হাদীসের সুস্পষ্ট অন্য কোনো নির্দেশনা আলোচনা করা ও সমন্বয় করা যায়। কিন্তু কুরআন ও হাদীসের সুস্পষ্ট নির্দেশনার বিপরীতে এরূপ গল্প-কাহিনী, স্বপ্ন, কাশফ বা আলিমগণের মতামত আলোচনা করা মূলত কুরআন-হাদীসের সাথে বেয়াদবী এবং সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়। আল্লাহ ছাড়া অন্য কারো ইলমুল গাইব আছে বলে বিশ্বাস করার ভয়াবহতা বর্ণনা করে আল্লামা মোল্লা আলী কারী (রাহ) বলেন: تصديق الكاهن بما يخبره من الغيب كفر، لقوله تعالى (قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ).... "ভবিষ্যদ্বক্তা বা গণক-জ্যোতিষী গাইবী বিষয়ে যা বলে তা বিশ্বাস করা বা তা সত্য বলে মনে করা কুফ্রী; কারণ মহান আল্লাহ বলেছেন: “বল: আল্লাহ ব্যতীয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য (গাইব) বিষয়ের জ্ঞান রাখে না।" ৮৩৬ তিনি আরো বলেন: اعلم أن الأنبياء عليهم الصلاة والسلام لم يعلموا المغيبات من الأشياء إلا ما علمهم الله أحياناً. وذكر الحنفية تصريحاً بالتكفير باعتقاد أن النبي يعلم الغيب؛ لمعارضة قوله تعالى: (قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ) ...... “জেনে রাখ, নবীগণ (আ) অদৃশ্য বা গাইবী বিষয়াদির বিষয়ে আল্লাহ কখনো কখনো যা জানিয়েছেন তা ছাড়া কিছুই জানতেন না। হানাফী মাযহাবের আলিমগণ সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ গাইব জানতেন বলে আকীদা পোষণ করা কুফরী, কারণ তা আল্লাহর এ কথার সাথে সাংঘর্ষিক': "বল: আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য (গাইব) বিষয়ের জ্ঞান রাখে না।"৮৩৮