📄 বিড়ালকে খাওয়াতেন, পান করাতেন এবং আদর করতেন
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের জন্য পানির পাত্র রাখতেন। বিড়াল পানি পান করে নিলে বাকি পানি দিয়ে অজু করে নিতেন তিনি। '৯০৯
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বিড়াল অপবিত্র প্রাণী নয়। বিড়াল তোমাদের ঘরে আসা-যাওয়া করে এমন একটি প্রাণী। আর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি, বিড়ালের পান করা পানির অবশিষ্টাংশ দিয়ে অজু করেছেন তিনি। "৯১০
কাব বিন মালিক (রাদিয়াল্লাহু আনহু)-এর মেয়ে কাবশা (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন আবু কাতাদা (রাদিয়াল্লাহু আনহু)-এর পুত্রবধূ। তিনি বলেন, 'একবার আবু কাতাদা (রাদিয়াল্লাহু আনহু) বাইরে থেকে এলে আমি তাঁকে অজুর পানি দিলাম। এ সময় একটি বিড়াল এসে পাত্র থেকে পান করতে লাগলে আবু কাতাদা (রাদিয়াল্লাহু আনহু) পাত্রটা হেলিয়ে ধরলেন বিড়ালের জন্য। বিড়াল পানি পান করে নিল। কাবশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, "আবু কাতাদা (রাদিয়াল্লাহু আনহু) দেখলেন, আমি তাঁর দিকে তাকিয়ে আছি। তিনি বললেন, "তুমি দেখছি, আশ্চর্য হয়েছ!" আমি বললাম, "জি।" তিনি বললেন, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বিড়াল অপবিত্র প্রাণী নয়। সে তো তোমাদের ঘরে আসা-যাওয়া করে এমন একটি প্রাণী।"৯১১
ইমাম বাগাবি (রাহিমাহুল্লাহ) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বিড়ালের সাদৃশ্য দিয়েছেন দাস-দাসীর সাথে। দাস-দাসী সেবার জন্য রাখা হয়। তারা সেবা করার জন্য পরিবারের বিভিন্ন সদস্যের কাছে যাওয়া-আসা করে। পরিবারের মাঝে তাদের আনাগোনা থাকে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, )طَوَّافُونَ عَلَيْكُمْ( অর্থাৎ “তোমাদের একজনকে অন্যজনের নিকট তো যাতায়াত করতেই হয়।" [সুরা আন-নুর, ২৪: ৫৮]
অথবা হতে পারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে তাদের সাথে সাদৃশ্য দিয়েছেন, যারা কোনো প্রয়োজনের জিনিসটি নেওয়ার জন্য এসে থাকে। মূল কথা হচ্ছে, যে মানুষটি কোনো প্রয়োজনে এসে থাকে, তার প্রয়োজন মেটানো যেমন সাওয়াবের কাজ, তেমনই বিড়ালের প্রয়োজন মেটানোও সাওয়াবের কাজ। '৯১২
টিকাঃ
৯০৯. তাবারানি কৃত আল-আওসাত: ৭৯৪৯।
৯১০. সুনানু আবি দাউদ: ৭৬।
৯১১. সুনানু আবি দাউদ: ৭৫, সুনানুত তিরমিজি: ৯২, সুনানুন নাসায়ি ৮৬, সুনানু ইবনি মাজাহ : ৩৬৭।
৯১২. শারহুস সুন্নাহ: ২/৭০। ঈষৎ পরিমার্জিত।
📄 প্রাণীদের কষ্ট দিতে নিষেধ করতেন
কোনো প্রাণীর ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপাতে, প্রাণীকে ক্ষুধার্ত রাখতে ও কষ্ট দিতে নিষেধ করতেন।
আব্দুল্লাহ বিন জাফর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে তাঁর বাহনের পেছনে বসিয়ে নিলেন। ... এরপর তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য এক আনসারি সাহাবির বাগানে প্রবেশ করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি উট দেখতে পেলেন। উটটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখতে পেয়ে কাঁদতে শুরু করল। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। উটের মাথার পেছনে হাত বুলিয়ে দিলে উটটি কান্না থামাল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জোর আওয়াজে বলতে লাগলেন, "এ উটটি কার? এ উটের মালিক কে?"
তখন এক আনসারি যুবক এগিয়ে এল। বলল, "আমার, হে আল্লাহর রাসুল।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "এ প্রাণীটি আল্লাহ তোমার মালিকানায় দিয়েছেন। তুমি কি এ অবলা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো না? প্রাণীটি আমার কাছে অভিযোগ করছে যে, তুমি তাকে ক্ষুধার্ত রাখো, তাকে কষ্ট দাও। "৯১৩
সাহল বিন হানজালিয়া (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন, ক্ষুধায় পিঠের সাথে পেট লেগে আছে উটটির। তিনি বললেন, "তোমরা এ অবলা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুস্থ-সবল প্রাণীর ওপর আরোহণ করবে। সুন্দররূপে ভক্ষণ করবে।"৯১৪
আলকামি (রাহিমাহুল্লাহ) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ বাণীর মর্ম হচ্ছে, এসব প্রাণী কথা বলতে পারে না যে, ক্ষুধার কথা তোমাদের বলবে। তৃষ্ণার সময় পানি চাইবে। ক্লান্তি ও কষ্টের সময় মুখ ফুটে ব্যথার কথা জানাবে। তাই তোমরা এসব বিষয়ে খেয়াল রাখো এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো।'
(সুন্দররূপে ভক্ষণ করবে) অর্থাৎ প্রাণীগুলো যখন খাওয়ার উপযুক্ত হবে, হৃষ্টপুষ্ট হবে, তখন সেগুলো জবাই করে খাবে। '৯১৫
মুআজ বিন আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে উপবিষ্ট একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদের বললেন, "তোমরা সুস্থ-সবল প্রাণীর ওপর আরোহণ করো। সুস্থ অবস্থায় বিরাম দাও তাদের। রাস্তায় ও বাজারে আলাপচারিতার জন্য আরোহণের প্রাণীকে চেয়ার হিসেবে ব্যবহার করবে না। কেননা, অনেক বাহন আল্লাহকে অধিক স্মরণ করার কারণে তার আরোহীর চাইতে উত্তম হয়ে থাকে। "৯১৬
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা তোমাদের বাহনের পশুগুলোকে কথা বলার আসন বানানো থেকে বিরত থাকো। কারণ, তোমরা যেন কষ্টহীনভাবে এক শহর থেকে অন্য শহরে গমন করতে পারো, সে জন্য আল্লাহ এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন। জমিনকে তোমাদের জন্য বাসযোগ্য করেছেন। অতএব, তোমরা জমিনের ওপর বসেই তোমাদের প্রয়োজন পূরণ করো। "৯১৭
টিকাঃ
৯১৩. সুনানু আবি দাউদ: ২৫৪৯।
৯১৪. সুনanu আবি দাউদ: ২৫৪৮।
৯১৫. আওনুল মাবুদ: ৭/১৫৮।
৯১৬. মুসনাদু আহমাদ: ১৫২১৯।
৯১৭. সুনানু আবি দাউদ: ২৫৬৭।
📄 বাহন-জন্তুর প্রতি নম্রতা অবলম্বনের নির্দেশ দিতেন
শুরাইহ বিন হানি (রাহিমাহুল্লাহ) বলেন, 'আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) একটি উটের ওপর চড়লেন। উটটি ছিল কঠোর স্বভাবের। তাই আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) কঠিনভাবেই উটটিকে এদিক-ওদিক ফেরাচ্ছিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার উচিত নম্রতা অবলম্বন করা। "৯১৮
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যখন তোমরা উর্বর ভূমি দিয়ে সফর করো, তখন উটকে তার অংশ দাও। আর যখন তোমরা শুষ্ক ও খরা প্রান্তর ধরে সফর করো, তখন দ্রুত সফর করো। রাতের বেলার বিশ্রামের সময় রাস্তায় অবতরণ করবে না। কেননা, রাতের রাস্তা ক্ষতিকর জন্তু ও কীটে ভরা থাকে। "৯১৯
উর্বর ভূমি বলতে অধিক চারণভূমি ও ঘাসবহুল অঞ্চল বোঝানো হয়েছে। শুষ্ক ও খরা প্রান্তর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, বৃষ্টিহীন ও দুর্ভিক্ষকবলিত অঞ্চল।
হাদিসের মর্মার্থ: হাদিসে আরোহণের প্রাণীর প্রতি সদয় হওয়া, প্রাণীর কল্যাণের প্রতি খেয়াল রাখার প্রতি উৎসাহিত করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, যদি তোমরা উর্বর অঞ্চল ধরে সফর করো, তবে সফরের মাঝে বিশ্রাম দাও। বাহনের প্রাণীটিকে কিছু সময়ের জন্য চারণভূমিতে ছেড়ে দাও। প্রাণীটি চাহিদামতো খেয়ে নেবে। সামনে চলার জন্য প্রস্তুত হবে।
আর যদি দুর্ভিক্ষকবলিত অঞ্চল দিয়ে সফর করতে হয়, তবে দ্রুত গতিতে চলতে থাকো। যাতে উদ্দিষ্ট স্থানে তাড়াতাড়ি পৌঁছা যায় এবং আরোহণের প্রাণীর গায়ে কিছুটা শক্তি অবশিষ্ট থাকে। এ সময়ে সফরের মাঝে বিরতি দিও না। হতে পারে এতে প্রাণীটির ক্ষতি হবে। কারণ, বিরতির সময় প্রাণীটি চারণভূমি তালাশ করে না পেয়ে দুর্বল হয়ে পড়বে। কখনো-বা ক্লান্ত হয়ে চলার শক্তি হারিয়ে ফেলবে।
সফরের সময় সাধারণত রাতের শেষ প্রহরে ঘুম ও বিশ্রামের জন্য বিরতি দেওয়া হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসে বলেছেন, 'রাতের বেলার বিশ্রামের সময় রাস্তায় অবতরণ করবে না। কেননা, রাতের রাস্তা ক্ষতিকর জন্তু ও কীটে ভরা থাকে।' সফর ও সফরের বিশ্রামের আদব এটি। রাতের বেলার রাস্তা ঘেরা থাকে বিভিন্ন বিষধর ও হিংস্র কীটপতঙ্গে। রাতের বেলা তাদের চলার জন্য সুবিধাজনক। রাস্তায় পড়ে থাকা হাড়গোড়সহ বিবিধ খাদ্য এরা কুড়িয়ে নেয়। কেউ যদি রাতের বেলা রাস্তার পাশে কাটাতে চায়, তবে এগুলোর শিকার হয়ে পড়ে। তাই রাতের বেলায় সফরের অবতরণের জন্য রাস্তা মোটেই নিরাপদ নয়। উচিত হচ্ছে, রাস্তা থেকে দূরে গিয়ে বিশ্রাম নেওয়া। ৯২০
টিকাঃ
৯১৮. সহিহু মুসলিম: ২৫৯৪।
৯১৯. সহিহু মুসলিম: ১৯২৬।
৯২০. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ১৩/৬৯।
📄 জন্তুকে কষ্ট দেওয়া জাহান্নামে প্রবেশের কারণ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'জন্তুকে কষ্ট দেওয়াটা অনেক সময় জাহান্নামে যাওয়ার কারণ হবে।'
আব্দুল্লাহ বিন উমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক নারীকে আজাব দেওয়া হয়েছে। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। না তাকে খাবার দিয়েছিল, না পানি দিয়েছিল। জমিনের কীটপতঙ্গ খেয়ে বাঁচার জন্য তাকে একটু ছেড়েও দেয়নি। ফলে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে প্রবেশ করেছে। "৯২১
ইমাম নববি (রাহিমাহুল্লাহ) বলেন, 'এ হাদিস প্রমাণ করে, বিড়াল হত্যা করা হারাম এবং খাদ্য-পানীয় না দিয়ে বিড়ালকে আটকে রাখাও হারাম। '৯২২
টিকাঃ
৯২১. সহিহুল বুখারি: ৩৪৮২, সহিহু মুসলিম: ২২৪২।
৯২২. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ১৪/২৪০।