📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 অনেক জিন তাঁর দাওয়াতে সাড়া দিয়েছে

📄 অনেক জিন তাঁর দাওয়াতে সাড়া দিয়েছে


আল্লাহ তাআলা বলেন:

قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا -يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًا

'বলো, আমার কাছে ওহি করা হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ দিয়ে (কুরআন) শুনে বলেছে, "আমরা এক অতি আশ্চর্যজনক কুরআন শুনেছি। যা সত্য-সঠিক পথ প্রদর্শন করে; যার কারণে আমরা তাতে ইমান এনেছি। আর আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না।"৮৮৭

وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنْصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنْذِرِينَ - قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِنْ بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُسْتَقِيمٍ - يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُجِرْكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ

'স্মরণ করো, যখন আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে, যারা কুরআন পাঠ শুনছিল। যখন তারা তার নিকট উপস্থিত হলো, তারা একে অপরকে বলতে লাগল, “চুপ করে শ্রবণ করো।" যখন কুরআন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল সতর্ককারীরূপে। (ফিরে গিয়ে) তারা বলল, “হে আমাদের সম্প্রদায়, আমরা একটি কিতাব (এর পাঠ) শুনেছি, যা মুসার (আলাইহিস সালাম) পরে অবতীর্ণ হয়েছে। তা পূর্বেকার কিতাবগুলোর সত্যায়ন করে, সত্যের দিকে আর সঠিক পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তাঁর প্রতি ইমান আনো। তাহলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আর তোমাদের যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবেন। "৮৮৮

টিকাঃ
৮৮৪. সুরা আল-আম্বিয়া, ২১: ১০৭।
৮৮৫. সুরা আল-ফুরকান, ২৫: ১।
৮৮৬. আল-আকিতাদুত তাহাবি মাআ শারহিহা: ১/১২৫।
৮৮৭. সুরা আল-জিন, ৭২: ১-২।
৮৮৮. সুরা আল-আহকাফ, ৪৬: ২৯-৩১।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূলুল্লাহ ﷺ জিনদের কুরআন পড়ে শুনিয়েছেন

📄 রাসূলুল্লাহ ﷺ জিনদের কুরআন পড়ে শুনিয়েছেন


আলকামা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আমি ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)-কে জিজ্ঞেস করলাম, "জিনের রাতে কেউ কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলেন?"

ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) বললেন, "না। তবে এক রাতে আমরা মক্কায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। কিন্তু হঠাৎ করে আমরা তাঁকে হারিয়ে ফেলি। উপত্যকা, গিরিপথে আমরা তাঁকে খুঁজতে থাকলাম। কিন্তু না পেয়ে আমরা মনে মনে বললাম, "হয়তো জিনেরা তাঁকে উড়িয়ে নিয়ে গেছে বা গোপনে কেউ তাঁকে হত্যা করেছে। সে রাত আমাদের জন্য সবচেয়ে মন্দ রাত ছিল।"

পরের দিন সকালবেলায় দেখলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের দিক থেকে আসছেন। আমরা বললাম, "ইয়া রাসুলাল্লাহ, আমরা আপনাকে হারিয়ে হন্যে হয়ে খুঁজলাম। কিন্তু আপনাকে কোথাও পেলাম না। গতরাত আমরা সবচেয়ে মন্দ রাত কাটিয়েছি।"

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমার কাছে জিনদের এক আহ্বায়ক এসেছিল। আমি তার সাথে গেলাম, তারপর তাদের কুরআন পড়ে শোনালাম।"

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেখানে নিয়ে গেলেন। তাদের বিভিন্ন চিহ্ন ও আগুনের নিদর্শন আমাদের দেখালেন।'

জিনরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে খাবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, “আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় তোমাদের খাবার। তোমাদের হাতে সে হাড় আসলে তা আগের চেয়ে বেশি গোশতে পূর্ণ হয়ে যাবে। আর উটের বিষ্ঠা তোমাদের পশুর খাবার।"

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা এ দুটি জিনিস দিয়ে ইসতিনজা করবে না। কারণ, এ দুটি তোমাদের ভাইদের খাবার।"৮৮৯

টিকাঃ
৮৮৯. সহিহু মুসলিম: ৪৫০।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 তাদের মনোযোগ দিয়ে কুরআন শোনার প্রশংসা করতেন

📄 তাদের মনোযোগ দিয়ে কুরআন শোনার প্রশংসা করতেন


জাবির বিন আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবিদের নিকট আসলেন। অতঃপর তাদের সামনে 'সুরা আর-রাহমান' শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। সাহাবিরা চুপ করে রইলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "জিনের রাতে আমি এই সুরা তাদের সামনে তিলাওয়াত করেছিলাম। তাদের প্রতিক্রিয়া তোমাদের চেয়ে উত্তম ছিল। যখনই আমি )فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ( “তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?"-এই আয়াত পর্যন্ত পৌঁছাতাম, তারা বলত, “হে আমাদের প্রতিপালক, আমরা আপনার কোনো নিয়ামতকেই অস্বীকার করতে পারি না। আপনার জন্যই সকল প্রশংসা।"৮৯০

টিকাঃ
৮৯০. সুনানুত তিরমিজি: ৩২৯১।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 মু’মিন জিনদের খাবারের বিষয়ে গুরুত্বারোপ করতেন

📄 মু’মিন জিনদের খাবারের বিষয়ে গুরুত্বারোপ করতেন


আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, 'তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অজুর পানি ও প্রাকৃতিক প্রয়োজনের পানির পাত্র বহন করতেন। একদিন ইসতিনজার পানি নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছু পিছু আসছিলেন তিনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, “কে?” আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বললেন, "আমি আবু হুরাইরা।" রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমাকে কিছু পাথর এনে দাও ইসতিনজা করার জন্য। তবে হাড় ও গোবর আনবে না।"

আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'এরপর আমি আমার কাপড়ের এক প্রান্তে কয়েকটি পাথর তুলে আনলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশে রেখে চলে এলাম সেখান থেকে। ইসতিনজা সেরে তিনি বের হয়ে এলেন। আমি তখন বললাম, "হাড় ও গোবরের বিষয়টা কী?"

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, "এ দুটি জিনের খাবার। নাসিবিনের জিন প্রতিনিধি দল আমার কাছে এসেছিল। বড় ভালো জিন ছিল তারা। আমাকে তাদের খাবার সম্পর্কে জিজ্ঞেস করল। আমি তখন আল্লাহর কাছে দোয়া করলাম, তারা যখনই কোনো হাড় ও গোবর পায়, তখন যেন তা খাদ্যে পূর্ণ থাকে।"৮৯১

টিকাঃ
৮৯১. সহিহুল বুখারি: ৩৮৬০।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00