📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 ইলম শেখানো ও প্রতিপালনের প্রতি গুরুত্ব দিতেন

📄 ইলম শেখানো ও প্রতিপালনের প্রতি গুরুত্ব দিতেন


আব্দুল্লাহ বিন আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'একদিন আমি (বাহনের ওপর) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে বসা ছিলাম। তখন তিনি আমাকে বললেন, "হে বালক, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি-আল্লাহর (বিধানসমূহের) হিফাজত করো, তিনি তোমার হিফাজত করবেন। আল্লাহর (বিধানসমূহের) হিফাজত করো, তাঁকে তোমার পাশে পাবে। [সচ্ছলতার সময় তাঁর সাথে পরিচিত হও, অসচ্ছলতার সময় তিনি তোমাকে চিনবেন।] কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাও এবং সাহায্য কামনা করতে হলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য কামনা করো।'

আর জেনে রেখো, সকল মানুষ যদি একত্র হয়ে তোমার উপকার করতে চায়, তবে আল্লাহ তাআলা যা তোমার তাকদিরে লিখে রেখেছেন, সেটা ছাড়া কোনো উপকার করতে পারবে না। আর যদি সকল মানুষ একত্র হয়ে তোমার ক্ষতি করতে চায়, তবে আল্লাহ তাআলা যা তোমার তাকদিরে লিখে রেখেছেন, সেটা ছাড়া কোনো ক্ষতি পারবে না।'

(তাকদির লেখার) কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কাগজসমূহও শুকিয়ে গেছে। [অপছন্দনীয় বিষয়ের (বিপদ-আপদের) ওপর ধৈর্যধারণ করলে অনেক কল্যাণ অর্জিত হয়। আল্লাহর সাহায্য ধৈর্যের মাঝে নিহিত। সচ্ছলতা কষ্ট-মেহনতের মাঝে নিহিত। আর নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।]"৮৭০

টিকাঃ
৮৭০. সুনানুত তিরমিজি: ২৫১৬, মুসনাদু আহমাদ: ২৮০০ (তৃতীয় বন্ধনীর ভেতরের অংশ মুসনাদু আহমাদে অতিরিক্ত এসেছে)

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 তাদেরকে কুরআন, ঈমান ও তাওহিদ শেখাতেন

📄 তাদেরকে কুরআন, ঈমান ও তাওহিদ শেখাতেন


জুনদুব বিন আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। তখন আমরা বালেগ হওয়ার কাছাকাছি বয়সের কিশোর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের কুরআন শেখানোর আগে ইমান শেখালেন। এরপর কুরআন শেখালেন। এতে আমাদের ইমান বেড়ে গেল বহুগুণ। '৮৭১

টিকাঃ
৮৭১. সুনানু ইবনি মাজাহ: ৬১।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 উত্তম আচরণের মাধ্যমে শিশুদের গড়ে তোলা নববি শিক্ষা

📄 উত্তম আচরণের মাধ্যমে শিশুদের গড়ে তোলা নববি শিক্ষা


শিশুদের সাথে হাস্যরস করে কথা বলা, তাদের আদর-স্নেহ করা, সোহাগ করে গালে মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাদের চুমু খাওয়া ছোটদের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আচরণের অন্যতম অংশ। তবে এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না; বরং আদর-সোহাগ করা ছাড়াও তিনি ছোটদের উত্তম প্রতিপালন করতেন এবং সঠিক নির্দেশনা দিতেন।

আনাস বিন মালিক (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, "বৎস, তোমার বাড়িতে যখন যাবে, তখন তাদের সালাম দেবে। তাহলে তা বরকতময় হবে তোমার ও তোমার পরিবারের জন্য।"৮৭২

অর্থাৎ সালাম বরকত, কল্যাণ ও আল্লাহর রহমত বৃদ্ধির মাধ্যম হবে। ৮৭৩

টিকাঃ
৮৭২. সুনানুত তিরমিজি: ২৬৯৮।
৮৭৩. তুহফাতুল আহওয়াজি: ৭/৩৯৭।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 শিশুদের খানাপিনার আদব শেখাতেন

📄 শিশুদের খানাপিনার আদব শেখাতেন


উমর বিন আবু সালামা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তত্ত্বাবধানে ছিলাম ছোটবেলায়। খাবার প্লেটে আমার হাত (চারদিকে) ঘোরাঘুরি করত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, "বেটা, আল্লাহর নাম নাও এবং ডান দিক থেকে খাও। তোমার সামনে যা আছে, তা থেকে খাও।"

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথার পর থেকে এটাই ছিল আমার খাবার খাওয়ার পদ্ধতি। '৮৭৪

এ হাদিস থেকে বোঝা যায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে খাবার খাওয়ার সময় তাদের মাঝে আদবের কোনো ঘাটতি দেখলে বা বিপরীত দেখলে তাদের নসিহত করতেন এবং তাদের শিখিয়ে দিতেন।

টিকাঃ
৮৭৪. সহিহুল বুখারি: ৫৩৭৬, সহিহু মুসলিম: ২০২২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00