📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 ছোটদের মাথায় হাত বুলিয়ে দিতেন

📄 ছোটদের মাথায় হাত বুলিয়ে দিতেন


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলাধুলা করতেন, তাদের সাথে হাস্যরস করে কথা বলতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। শিশুরা তাঁর স্নেহ ও মমতায় সিক্ত হতো।

এ সম্পর্কে আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের দেখতে আসতেন। আনসারদের কারও ঘরে আসলে সে ঘরের শিশুরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চারপাশ মাতিয়ে রাখত। তিনি শিশুদের সালাম দিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন। '৮৬২

আব্দুল্লাহ বিন হিশাম (রাদিয়াল্লাহু আনহু) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগ পেয়েছেন। একবার তার মা জাইনাব বিনতে হুমাইদ (রাদিয়াল্লাহু আনহা) তাকে নিয়ে আসলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে। বললেন, “হে আল্লাহর রাসুল, একে বাইআত করে নিন।" রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “এখনো সে ছোট।” এই বলে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং দোয়া করলেন তার জন্য। '৮৬৩

টিকাঃ
৮৬২. ইমাম নাসায়ি কৃত আস-সুনানুল কুবরা ৮৩৪৯, মুশকিলুল আসারের শরাহতে ইমাম তাহাবির বর্ণনা: ১৫৭৭। তাহাবির বর্ণনায় আরেকটু বেশি এসেছে। হাদিসের মান: সহিহ।
৮৬৩. সহিহুল বুখারি: ২৫০২।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 শিশুদের গালে হাত বুলিয়ে তাদের আদর করতেন

📄 শিশুদের গালে হাত বুলিয়ে তাদের আদর করতেন


জাবির বিন সামুরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে জোহরের সালাত আদায় করলাম আমি। সালাত শেষে বাড়ির উদ্দেশে বের হলেন তিনি। আমিও তাঁর পিছু পিছু চলছিলাম। এ সময় কয়েকজন ছেলে আসলো তাঁর সামনে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের গালে হাত বুলিয়ে তাদের আদর করলেন। একইভাবে আমার গালেও হাত বুলিয়ে আদর করলেন। তাঁর হাতটি এমন ঠান্ডা বা সুগন্ধময় ছিল; মনে হচ্ছিল এই মাত্র তিনি আতরের পাত্র থেকে বের করে এনেছেন তাঁর হাত। '৮৬৪

ইমাম নববি (রাহিমাহুল্লাহ) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে শিশুদের গালে-মাথায় হাত বুলাতেন। তাঁর এ আচরণ তাঁর চারিত্রিক সৌন্দর্য, শিশুদের প্রতি তাঁর দয়া ও আদর-স্নেহের বিষয়টি প্রকাশ করে স্পষ্টরূপে। '৮৬৫

টিকাঃ
৮৬৪. সহিহু মুসলিম: ২৩২৯।
৮৬৫. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ১৫/৮৫।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 আদর করে শিশুদের চুমু খেতেন

📄 আদর করে শিশুদের চুমু খেতেন


আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'কিছু বেদুইন লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, "আপনারা কি শিশুদের চুমু দেন?"

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "হাঁ।"

বেদুইনরা বলল, "আল্লাহর কসম, আমরা কিন্তু তাদের চুমু দিই না।"

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, "আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়ামায়া তুলে নেন, তবে আমি তা ফিরিয়ে দিতে সমর্থ নই।"৮৬৬

টিকাঃ
৮৬৬. সহিহুল বুخারি: ৫৯৯৮, সহিহু মুসলিম: ২৩১৭।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 শিশুদের উপহার দিতেন

📄 শিশুদের উপহার দিতেন


উপহার সাধারণভাবে সকল মানুষের মনে একটি সুন্দর ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। শিশুদের মনে উপহার একটু বেশিই প্রভাব বিস্তার করে। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের উপহার দিতেন।

আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, 'ফসল তোলার পর প্রথম খেজুরের ছড়াটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেওয়া হতো। তখন তিনি দোয়া করতেন:

اللهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَفِي ثِمَارِنَا، وَفِي مُدَّنَا، وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَةٍ

“হে আল্লাহ, আমাদের মদিনায় বরকত দিন, আমাদের ফসল, আমাদের মুদ, আমাদের সা'-এর মাঝে বরকত দিন। বরকতের ওপর বরকত দিন।"

দোয়া করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত শিশুদের সবচেয়ে ছোট্টটির হাতে খেজুরগুলো দিয়ে দিতেন। '৮৬৭

ইমাম নববি (রাহিমাহুল্লাহ) বলেন, 'এ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুপম চরিত্রের একটি দিক ফুটে উঠেছে। সে সাথে ফুটে উঠেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দয়া ও আদর-স্নেহের অতুলনীয় চিত্র। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়-ছোট সবাইকে স্নেহে আগলে রাখতেন। বিশেষ করে ছোটদের প্রতি স্নেহ করতেন তিনি। কারণ, ছোটরাই স্নেহের প্রতি অধিক আগ্রহী। ছোটরা মায়া-মমতা ও আদর-স্নেহের খোঁজে থাকে সব সময়। '৮৬৮

উম্মে খালিদ (রাদিয়াল্লাহু আনহা)-কে হাদিয়া দেওয়ার বর্ণনা আমরা একটু আগেই তো জেনে এসেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, 'নকশাদার কাপড়টি কাকে দেওয়া যায় বলে মনে করো তোমরা?' চুপ হয়ে থাকলেন সাহাবিরা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নিজ থেকেই বললেন, 'উম্মে খালিদকে নিয়ে এসো।' উম্মে খালিদকে নিয়ে আসলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদরটি পরিয়ে দিলেন নিজ হাতে। ৮৬৯

টিকাঃ
৮৬৭. সহিহু মুসলিম: ১৩৭৩।
৮৬৮. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ৯/১৪৬।
৮৬৯. সহিহুল বুখারি: ৫৮৪৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00