📄 আনাস -এর সাথেও হাস্যরস করে কথা বলতেন
আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই আমাকে "হে দুই কানওয়ালা” বলে ডাক দিতেন। '৮৫৮
অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস (রাদিয়াল্লাহু আনহু)-এর সাথে কৌতুক করে কথা বলতেন।
টিকাঃ
৮৫৮. সুনানু আবি দাউদ: ৫০০২, সুনানুত তিরমিজি: ১৯৯২।
📄 শিশুদের মাঝে প্রতিযোগিতা দিতেন
শিশুদের সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেলাধুলার একটি অংশ ছিল, তাদের মাঝে প্রতিযোগিতা করানো।
'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস (রাদিয়াল্লাহু আনহু)-এর পরিবারের আব্দুল্লাহ, উবাইদুল্লাহ-সহ আরও অনেককে একটি সারিতে দাঁড় করাতেন। এরপর বলতেন, "যে আমার কাছে প্রথমে দৌড়ে আসবে, তার জন্য এ এ পুরস্কার।" রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা শুনে তারা প্রতিযোগিতা করে দৌড় দিত। কেউ এসে তাঁর পিঠে চড়ে যেত, কেউবা তাঁর বুকে চড়ে উঠত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জড়িয়ে ধরতেন। '৮৫৯ তাদের কাউকে চুমু খেতেন,
টিকাঃ
৮৫৯. মুসনাদু আহমাদ: ১৮৩৯। মাজমাউজ জাওয়াদে (৯/২৮৫) হাদিসটির সনদ হাসান বলা হয়েছে।
📄 পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম দিতেন
আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'কিছু শিশু খেলাধুলারত ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের সালাম দিলেন। '৮৬০
আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। তখন আমি শিশুদের সাথে খেলছিলাম। তিনি আমাদের সালাম দিলেন। '৮৬১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আচরণনীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল, শিশুদের সালাম দেওয়া। শিশুদের সালাম দিলে তাদের মন আনন্দে আপ্লুত হতো, পুলকিত হতো তারা। বড়দের সাথে কথা বলা, তাদের কথার উত্তর দেওয়ার ক্ষেত্রে সাধারণত ছোট ছেলেমেয়েরা ইতস্তত বোধ করে। বড় ও ছোটদের মধ্যকার এ দেয়ালটি ভাঙার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার মাধ্যমে তাদের আত্মিক একটি শক্তি প্রদান করতেন। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রজ্ঞার অন্যতম নিদর্শন।
টিকাঃ
৮৬০. সহিহুল বুখারি: ৬২৪৭, সহিহু মুসলিম: ২১৬৮, সুনানু আবি দাউদ: ৫২০২। আবু দাউদের বর্ণনায় বিস্তারিত এসেছে।
৮৬১. সহিহু মুসলিম: ২৪৮২।
📄 ছোটদের মাথায় হাত বুলিয়ে দিতেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলাধুলা করতেন, তাদের সাথে হাস্যরস করে কথা বলতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। শিশুরা তাঁর স্নেহ ও মমতায় সিক্ত হতো।
এ সম্পর্কে আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের দেখতে আসতেন। আনসারদের কারও ঘরে আসলে সে ঘরের শিশুরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চারপাশ মাতিয়ে রাখত। তিনি শিশুদের সালাম দিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন। '৮৬২
আব্দুল্লাহ বিন হিশাম (রাদিয়াল্লাহু আনহু) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগ পেয়েছেন। একবার তার মা জাইনাব বিনতে হুমাইদ (রাদিয়াল্লাহু আনহা) তাকে নিয়ে আসলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে। বললেন, “হে আল্লাহর রাসুল, একে বাইআত করে নিন।" রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “এখনো সে ছোট।” এই বলে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং দোয়া করলেন তার জন্য। '৮৬৩
টিকাঃ
৮৬২. ইমাম নাসায়ি কৃত আস-সুনানুল কুবরা ৮৩৪৯, মুশকিলুল আসারের শরাহতে ইমাম তাহাবির বর্ণনা: ১৫৭৭। তাহাবির বর্ণনায় আরেকটু বেশি এসেছে। হাদিসের মান: সহিহ।
৮৬৩. সহিহুল বুখারি: ২৫০২।