📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 বৃদ্ধদের গুনাহকে বেশি মারাত্মক সাব্যস্ত করতেন

📄 বৃদ্ধদের গুনাহকে বেশি মারাত্মক সাব্যস্ত করতেন


আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কিয়ামতের দিন তিন শ্রেণির মানুষের সাথে আল্লাহ একটুও কথা বলবেন না, তাদের পবিত্রও করবেন না এবং তাদের দিকে তাকাবেনও না; বরং তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন তিনি। সে তিন শ্রেণি হলো-এক. বৃদ্ধ জিনাকারী। দুই. মিথ্যাবাদী শাসক। তিন. অহংকারী ভিক্ষুক। "৮২৭

এ হাদিসটিতে বৃদ্ধ জিনাকারী, মিথ্যাবাদী শাসক ও অহংকারী ভিক্ষুকের জন্য এক প্রচণ্ড ধমক রয়েছে।

আর এ তিনটি শ্রেণিকেই বিশেষভাবে শাস্তির কথা শোনানোর কারণ হচ্ছে, এদের সকলের কাছ থেকেই উল্লেখিত অপরাধগুলো দূরে ছিল; তা সত্ত্বেও তারা সে অপরাধে লিপ্ত হয়েছে। এমন অপরাধ করার কোনো প্রয়োজনও ছিল না তাদের। স্ব স্ব ক্ষেত্রে অপরাধ প্ররোচনায় দুর্বল ছিল। যদিও তাদের সবাইকেই অপরাধের শাস্তি দেওয়া হবে। যেহেতু এসব অপরাধের প্রয়োজন ও অপরাধের প্রতি শক্ত প্ররোচনা ছিল না তাদের, তাই তাদের এ অপরাধ হচ্ছে হঠকারিতা ও আল্লাহর আজাবকে তুচ্ছজ্ঞান করার শামিল। ৮২৮

টিকাঃ
৮২৭. সহিহু মুসলিম: ১০৭।
৮২৮. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ২/১১৭।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 বার্ধক্যের আলামত গোপন করতে নিষেধ করতেন

📄 বার্ধক্যের আলামত গোপন করতে নিষেধ করতেন


আমর বিন শুআইব (রাহিমাহুল্লাহ) স্বীয় পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল উপড়ে ফেলতে নিষেধ করতেন। তিনি বলতেন, “এটি মুসলিমের নুর বিশেষ।"৮২৯

অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তোমরা পাকা চুল উপড়ে ফেলো না। ইসলামের ওপর অটল থেকে একজন মুসলিমের পাকা হওয়া চুল কিয়ামতের দিন তার জন্য আলোকবর্তিকা হবে।'

অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'আল্লাহ তাআলা এর দ্বারা তার আমলনামায় একটি পুণ্য যোগ করবেন এবং একটি গুনাহ মুছে দেবেন। '৮৩০

আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমরা সাদা (চুল ও দাড়ি) উপড়ে ফেলো না। কেননা, কিয়ামতের দিন তা নুর হবে। যে ব্যক্তি ইসলামের ওপর থেকে বৃদ্ধ হবে, তার প্রতিটি সাদা চুল ও দাড়ির পরিবর্তে তার জন্য একটি করে নেকি লেখা হবে, একটি করে গুনাহ মুছে দেওয়া হবে এবং একটি করে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। "৮৩১

টিকাঃ
৮২৯. সুনানুত তিরমিজি: ২৮২১, সুনানুন নাসায়ি ৫০৬৮, সুনানু ইবনি মাজাহ: ৩৭২১।
৮৩০. সুনানু আবি দাউদ: ৪২০২, হাদিসের মান: সহিহ।
৮৩১. সহিহু ইবনি হিব্বান ২৯৮৫, হাদিসের মান: হাসান সহিহ।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 সাদা চুল-দাড়ি রাঙাতে উৎসাহিত করতেন

📄 সাদা চুল-দাড়ি রাঙাতে উৎসাহিত করতেন


জাবির বিন আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'মক্কা-বিজয়ের বছর আবু কুহাফা (রাদিয়াল্লাহু আনহু)-কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে আনা হলো। তখন আবু কুহাফার (রাদিয়াল্লাহু আনহু)-এর মাথার চুল ও দাড়ি যেন অবিকল সাগগামা। ৮৩২ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের আদেশ দিয়ে বললেন, "তোমরা কিছু দিয়ে তার এ রং পরিবর্তন করে দাও।"৮৩৩

ইমাম নববি (রাহিমাহুল্লাহ) বলেন, 'পুরুষ-মহিলাদের সাদা চুল হলুদ বা লাল রঙে রঙিন করার জন্য খেজাব দেওয়া মুসতাহাব। কিন্তু কালো রঙের খেজাব দেওয়া হারাম। কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, "তোমরা কালো পরিহার করবে।"৮৩৪

আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইহুদি ও নাসারারা খেজাব লাগিয়ে তাদের সাদা চুল-দাড়ি রঙিন করে না। তোমরা এ বিষয়ে তাদের বিরোধিতা করো।"৮৩৫

ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) বলেন, 'এখানে চুল ও দাড়ি রঙিন করতে বলা হয়েছে। এ হাদিসটি সে হাদিসের বিপরীত নয়, যে হাদিসে বার্ধক্যের আলামত দূর করতে আদেশ করা হয়েছে। কারণ, চুল-দাড়ি হলুদ বা লাল রঙে রঙিন করা বার্ধক্যের আলামত দূর করে না। '৮৩৬

টিকাঃ
৮৩২. সাগগামা সাদা ফুল ও ফলবিশিষ্ট একটি গাছ। এর সাথে সাদা চুল ও দাড়ির উদাহরণ দেওয়া হয়েছে। -আল-বিদায়া ওয়ান নিহায়া ১/২১৪।
৮৩৩. সহিহু মুসলিম: ৩৯২৪।
৮৩৪. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ১৪/৮০।
৮৩৫. সহিহুল বুখারি: ৩৪৬২, সহিহু মুসলিম: ২১০৩।
৮৩৬. ফাতহুল বারি: ৬/৪৯৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00