📄 দুর্বলতার কথা বিবেচনা করে তাদের ডেকে পাঠাতেন না
তাদের বয়স ও দুর্বলতার কথা চিন্তা করে তিনিই তাদের কাছে যেতেন, তাঁর কাছে আসতে তাদের বাধ্য করতেন না।
'মক্কা-বিজয়ের পরের কথা। মসজিদে হারামে প্রবেশ করলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্যবসরে আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) তার পিতা আবু কুহাফাকে নিয়ে এলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, "তুমি বৃদ্ধকে বাড়িতে রাখলে না কেন, আমিই তার কাছে যেতাম।"
আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) বললেন, "হে আল্লাহর রাসুল, আপনি তার কাছে যাওয়ার চাইতে তিনি আপনার কাছে হেঁটে আসাই সমীচীন।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তাকে সমানে বসাও।" আবু কুহাফাকে বসানো হলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুক মুছে দিলেন। তাকে বললেন, "ইসলাম গ্রহণ করুন।" আবু কুহাফা ইসলাম গ্রহণ করলেন। '৭৯৮
এ বয়োবৃদ্ধের প্রতি কয়েকটি দিক থেকে সম্মান দেখিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ই তার কাছে তার বাড়িতে যেতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, তাকে তার সামনে বসাতে বলেছিলেন তিনি। তৃতীয়ত, তিনি নিজ হাতে তার বুক মুছে দিয়ে তাকে সমাদর করেছেন।
টিকাঃ
৭৯৮. মুসনাদু আহমাদ: ২৭০০১।
📄 তাদের উত্তম পদ্ধতিতে অভ্যর্থনা জানাতেন
ইতিপূর্বে খাদিজা (রাদিয়াল্লাহু আনহা)-এর বান্ধবী এক বৃদ্ধার আলোচনা করেছি আমরা। 'একবার মদিনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এ বৃদ্ধা আসলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুশলাদি জানতে চেয়ে বললেন, "আপনাদের কী অবস্থা? কেমন আছেন আপনারা? আমাদের পরে কেমন কাটছে দিনকাল?"
বৃদ্ধা চলে যাওয়ার পর আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বললেন, "হে আল্লাহর রাসুল, এ বৃদ্ধাকে এমন অভ্যর্থনার কারণ কী?"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, "হে আয়িশা, খাদিজা যখন বেঁচে ছিল, তখন এ নারী আমাদের কাছে আসত। আর পুরোনো বন্ধুর প্রতি উত্তম আচরণ করা ইমানের অংশ। "৭৯৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান ও সমাদরের সাথে অভ্যর্থনা করলেন বৃদ্ধার। জানতে চাইলেন তার কুশলাদি। সামান্য এক বৃদ্ধার প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এমন উন্নত আচরণ প্রমাণ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অনুপম চরিত্র ও আচরণের অধিকারী ছিলেন।
টিকাঃ
৭৯৯. মুসতাদরাকুল হাকিম: ৪০।
📄 তাদের সাথে হাস্যরস করতেন
এ হাদিসটি একটু আগেই গত হয়েছে আমাদের আলোচনায়। 'এক বৃদ্ধা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, "হে আল্লাহর রাসুল, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করান।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশে বললেন, "হে অমুকের মা, জান্নাতে কোনো বৃদ্ধা প্রবেশ করবে না।"
এরপর বৃদ্ধা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, "তোমরা তাকে জানিয়ে দাও, জান্নাতে কোনো নারী বৃদ্ধা অবস্থায় প্রবেশ করবে না। জান্নাতে তারা যুবতি হয়ে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন:
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءُ - فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا - عُرُبًا أَتْرَابًا
"আমি জান্নাতি রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি। অতঃপর তাদের করেছি চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা।” (সুরা আল-ওয়াকিয়া, ৫৬: ৩৫-৩৭) '৮০০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার সাথে কৌতুক করে তাকে বোঝাতে চেয়েছেন যে, জান্নাতে কেউ তার মতো বৃদ্ধা হয়ে প্রবেশ করবে না; বরং সকলেই তেত্রিশ বছর বয়সী যুবক-যুবতি হবে।
টিকাঃ
৮০০. তিরমিজি শামায়িলে বর্ণনা করেছেন, পৃষ্ঠা নং ১৯৯। হাদিসের মান: সহিহ।
📄 বৃদ্ধদের আল্লাহর রহমতের আশা দিতেন
আমর বিন আবাসা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'জুড়োথুড়ো এক বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, "হে আল্লাহর রাসুল, আমার যৌবনের অনেক পাপ-পঙ্কিলতা আছে। আল্লাহ কি আমায় ক্ষমা করবেন?"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, "আপনি কি "লা ইলাহা ইল্লাল্লাহ”-এর সাক্ষ্য দেননি?"
বৃদ্ধ বলল, "অবশ্যই। আমি আরও সাক্ষ্য দিই যে, আপনি আল্লাহর রাসুল।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তাহলে তো আপনার সকল পাপ-পঙ্কিলতা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলা।"৮০১
অন্য বর্ণনায় এসেছে, 'এরপর বৃদ্ধ "আল্লাহু আকবার, আল্লাহু আকবার" বলতে বলতে প্রস্থান করলেন সেখান থেকে। '৮০২
টিকাঃ
৮০১. মুসনাদু আহমাদ: ১৮৯৩৯।'
৮০২. ইবনে আবিদ দুনিয়া কৃত হুসনুজ জন বিল্লাহ, পৃষ্ঠা নং ১৪৪।