📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নারী সাহাবিগণ তাঁর সাথে জামাআতে ফরজ সালাতসমূহ আদায় করতেন

📄 নারী সাহাবিগণ তাঁর সাথে জামাআতে ফরজ সালাতসমূহ আদায় করতেন


আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'আমরা নারীরা রাসulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ফজরের সালাত আদায় করতাম। নিজেদের সর্বাঙ্গ কাপড়ে ঢেকে আমরা সালাতে উপস্থিত হতাম। সালাত শেষে সকলে এমন সময় বাড়িতে ফিরে আসতাম যে, অন্ধকারের কারণে কাউকে চেনা যেত না। '৬৫৩

হাদিস থেকে প্রতীয়মান হয়:

* জামাআতে সালাত আদায় করার জন্য রাতের বেলায়ও নারীদের মসজিদে উপস্থিত হওয়া প্রশংসনীয়। দিনের বেলায় মসজিদে সালাত আদায় করার জন্য আসা জায়িজ হওয়া তো আরও বেশি অগ্রাধিকারপ্রাপ্ত। কারণ, দিনের তুলনায় রাতের বেলা মন্দ কিছু ঘটার সম্ভাবনা বেশি থাকে। তবে নারীরা তখনই সালাতের জামাআতে উপস্থিত হতে পারবে, যখন কোনো ফিতনার আশঙ্কা থাকবে না। অন্যথায় পারবে না।
* ফজরের সালাত প্রথম ওয়াক্তে আদায় করে নেওয়া মুসতাহাব। ৬৫৪

টিকাঃ
৬৫৩. সহিহুল বুখারি: ৩৭২, সহিহু মুসলিম: ৬৪৫।
৬৫৪. ফাতহুল বারি: ২/৫৬।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নারীদের মসজিদে আসতে বারণ করতে নিষেধ করেছেন

📄 নারীদের মসজিদে আসতে বারণ করতে নিষেধ করেছেন


আব্দুল্লাহ বিন উমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'উমর (রাদিয়াল্লাহু আনহু)-এর এক স্ত্রী ফজর ও ইশার সালাত মসজিদে জামাআতের সাথে আদায় করতেন। তাকে বলা হলো, "আপনি কেন মসজিদে গিয়ে সালাত আদায় করেন; অথচ আপনি জানেন যে, উমর (রাদিয়াল্লাহু আনহু) এটা অপছন্দ করেন এবং এটাকে মর্যাদাহানিকর মনে করেন?"

উমর (রাদিয়াল্লাহু আনহু)-এর স্ত্রী বললেন, "তবে কেন উমর (রাদিয়াল্লাহু আনহু) নিজে আমাকে নিষেধ করছেন না?"

আসলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিষেধ তাকে বাধা দিয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা আল্লাহর বান্দিদের মসজিদে আসতে বাধা দিয়ো না।"৬৫৫

টিকাঃ
৬৫৫. সহিহুল বুখারি: ৯০০, সহিহু মুসলিম: ৪৪২।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করেছেন

📄 বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করেছেন


আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমরা আল্লাহর বান্দিদের মসজিদে আসতে বাধা দিয়ো না। কিন্তু তারা যেন সুগন্ধি না মেখে বের হয়।"৬৫৬

আজিমাবাদি (রাহিমাহুল্লাহ) বলেন, 'মুসলিমের বর্ণনায় জাইনাব (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করেছেন। কারণ, এতে পুরুষদের বাসনা জেগে ওঠে। সুগন্ধি নিষিদ্ধ হওয়ার সাথে সাথে সুন্দর পোশাক, প্রকাশ হয় এমন অলংকার, আড়ম্বরপূর্ণ সাজসজ্জাও নিষিদ্ধ। কারণ, এগুলোও পুরুষদের বাসনা জাগরিত করে।"৬৫৭

আব্দুল্লাহ বিন মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)-এর স্ত্রী জাইনাব (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, "তোমাদের কেউ মসজিদে এসে সালাতের জামাআতে উপস্থিত হতে চাইলে সে যেন সুগন্ধি না মাখে।"৬৫৮

আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে নারী সুগন্ধি দ্রব্যের ধোঁয়া গ্রহণ করে, সে যেন আমাদের সাথে ইশার সালাতে উপস্থিত না হয়।"৬৫৯

আবু মুসা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "কোনো নারী সুগন্ধি মেখে কোনো মজলিসের পাশ দিয়ে গেলে সে এমন এমন।"৬৬০ অর্থাৎ জিনাকারিণী।

কারণ, সুগন্ধি মেখে সে পুরুষের কামোত্তেজনা জাগিয়ে তোলে। সুগন্ধি মাখার কারণে পুরুষরা তার প্রতি দৃষ্টি দেয়। আর যে ব্যক্তি নারীর দিকে তাকায়, তার চোখের জিনা হয়। তাই যে নারী নিজ থেকেই জিনার কারণ হচ্ছে, সে পাপী নয় তো কী!৬৬১

টিকাঃ
৬৫৬. সুনানু আবি দাউদ: ৫৬৫।
৬৫৭. আওনুল মাবুদ: ২/১৯২।
৬৫৮. সহিহু মুসলিম: ৪৪৩।
৬৫৯. সহিহু মুসলিম: ৪৪৪।
৬৬০. সুনানু আবি দাউদ: ৪১৭৩, সুনানুত তিরমিজি: ২৭৮৬।
৬৬১. তুহফাতুল আহওয়াজি: ৮/৫৮।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নারীদের জন্য মসজিদে না গিয়ে বাড়িতে সালাত আদায় করা উত্তম

📄 নারীদের জন্য মসজিদে না গিয়ে বাড়িতে সালাত আদায় করা উত্তম


ইবনে উমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা নারীদের মসজিদে আসতে নিষেধ কোরো না। তবে বাড়িতে সালাত পড়াই তাদের জন্য উত্তম। "৬৬২

ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য মহিলাদের বাড়িতে সালাত আদায় করা উত্তম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে মহিলাগণ বেপর্দা চলতেন না, সাজসজ্জাও করতেন না বাড়ির বাইরে যাওয়ার সময়। তখন মহিলাদের বাড়িতে সালাত আদায় করা উত্তম বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে পর্দার লঙ্ঘন ও সাজসজ্জা বেড়ে যাওয়ার কারণে মহিলাদের বাড়িতে সালাত আদায় করার দিকটি আরও বেশি পোক্ত হয়ে গেছে। এ ব্যাপারে আয়িশা (রাদিয়াল্লাহু আনহা)-এর কথাটি প্রণিধানযোগ্য। ৬৬৩

টিকাঃ
৬৬২. সুনানু আবি দাউদ: ৫৬৭।
৬৬৩. ফাতহুল বারি: ২/৩৪৯। ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) আয়িশা (রাদিয়াল্লাহু আনহা)-এর যে উক্তিটির কথা বলতে চাচ্ছেন, তা হচ্ছে, আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বর্তমান সময়ের নারীদের অবস্থা দেখতেন, তবে অবশ্যই মসজিদে আসতে তাদের সেভাবে নিষেধ করতেন, যেভাবে বনি ইসরাইলের মহিলাদের নিষেধ করা হয়েছিল।' দেখুন, সহিহুল বুখারি: ৮৬৯, সহিহু মুসলিম: ৪৪৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00