📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 বিভিন্ন উৎসব ও নেকির মজলিসে তাদের উপস্থিত হতে উৎসাহ দিতেন

📄 বিভিন্ন উৎসব ও নেকির মজলিসে তাদের উপস্থিত হতে উৎসাহ দিতেন


বিভিন্ন উৎসব বা বিশেষ সময়ে কল্যাণ লাভের উদ্দেশ্যে সংশ্লিষ্ট স্থলে তাদের উপস্থিত হওয়ার জন্য উৎসাহিত করতেন।

উম্মে আতিয়া (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী তরুণী, কুমারী নির্বিশেষে আমাদের সকল নারীকে ইদের দিন বের হয়ে কল্যাণ এবং মুসলিমদের জমায়েত ও দোয়ায় অংশগ্রহণ করার নির্দেশ দিলেন। অবশ্য ঋতুবতী নারীদের সালাতের স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে। তখন এক নারী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসুল, আমাদের কারও যদি ওড়না না থাকে?"

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তবে তার সাথি তাকে নিজ ওড়না পরতে দেবে।"৬৪৭

অর্থাৎ তার সাথি তাকে প্রয়োজনের অতিরিক্ত থেকে একটি ওড়না ধার দেবে। ৬৪৮

الْعَوَاتِقُ শব্দটি عَائِقَة শব্দের বহুবচন। যার অর্থ হচ্ছে নবউদ্ভিন্না তরুণী। কেউ কেউ বলেন, 'বাবার বাড়িতে বসবাসরত অবিবাহিত তরুণীকে عَائِقَة বলা হয়। '৬৪৯

ذَوَاتُ الْخُدُورِ ঘরের কোণে আলাদা কক্ষে বসবাসরত কুমারী মেয়েকে বলা হয় ذَوَاتُ الخُدُورِ।

হাদিস থেকে প্রতীয়মান হয়:

* নারীরা দুই ইদের জামাআতে উপস্থিত হওয়া মুসতাহাব। চাই সে নারী যুবতি হোক বা বৃদ্ধা হোক; চাই সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। উম্মে আতিয়া (রাদিয়াল্লাহু আনহা) বর্ণিত এ হাদিসে ইদের সময় ঘর থেকে বের হওয়ার এ বিধানের কারণ হচ্ছে, এতে নারীরা কল্যাণপ্রাপ্ত হবে এবং মুসলিমদের দোয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং এ দিনের বরকত ও পবিত্রতা অর্জন করতে পারবে।
* হায়িজা নারী জিকির করতে পারবে। মসজিদ ব্যতীত ইলম ও জিকিরের মজলিসের মতো কল্যাণময় স্থানগুলোতেও আসতে পারবে। ৬৫০

টিকাঃ
৬৪৭. সহিহুল বুখারি: ৩৫১, সহিহু মুসলিম: ৮৯০।
৬৪৮. ফাতহুল বারি: ১/৪২৪।
৬৪৯. আল-বিদায়া ওয়ান নিহায়া ৩/১৭৯।
৬৫০. ফাতহুল বারি: ১/৪২৪, ২/৪৭০।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নারী সাহাবিগণ জুমআয় অংশগ্রহণ করতেন

📄 নারী সাহাবিগণ জুমআয় অংশগ্রহণ করতেন


উম্মে হিশাম বিনতে হারিসা বিন নুমান (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর খুতবায় সুরা কাহফ তিলাওয়াত করতেন। জুমআর সালাতে শুনে শুনেই আমি সুরা কাহফ মুখস্থ করে ফেলেছি।' তিনি আরও বলেন, 'আমাদের ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রান্না একই রান্নাঘরে রান্না করা হতো। '৬৫১

আলিমগণ বলেন, 'জুমআর খুতবার জন্য সুরা কাহফ নির্বাচন করার কারণ হচ্ছে, এ সুরা পুনরুত্থান, মৃত্যু, ভীতিজনক উপদেশ ও কঠিন ধমকসংবলিত একটি সুরা।'

আর এ নারী সাহাবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবস্থাদি জানতেন এবং তার বাড়ি ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাড়ি পাশপাশি তা বোঝানোর জন্য তিনি বললেন, "আমাদের ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রান্না একই রান্নাঘরে রান্না করা হতো।"৬৫২

টিকাঃ
৬৫১. সহিহু মুসলিম: ৮৭৩।
৬৫২. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ৬/১৬১।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নারী সাহাবিগণ তাঁর সাথে জামাআতে ফরজ সালাতসমূহ আদায় করতেন

📄 নারী সাহাবিগণ তাঁর সাথে জামাআতে ফরজ সালাতসমূহ আদায় করতেন


আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'আমরা নারীরা রাসulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ফজরের সালাত আদায় করতাম। নিজেদের সর্বাঙ্গ কাপড়ে ঢেকে আমরা সালাতে উপস্থিত হতাম। সালাত শেষে সকলে এমন সময় বাড়িতে ফিরে আসতাম যে, অন্ধকারের কারণে কাউকে চেনা যেত না। '৬৫৩

হাদিস থেকে প্রতীয়মান হয়:

* জামাআতে সালাত আদায় করার জন্য রাতের বেলায়ও নারীদের মসজিদে উপস্থিত হওয়া প্রশংসনীয়। দিনের বেলায় মসজিদে সালাত আদায় করার জন্য আসা জায়িজ হওয়া তো আরও বেশি অগ্রাধিকারপ্রাপ্ত। কারণ, দিনের তুলনায় রাতের বেলা মন্দ কিছু ঘটার সম্ভাবনা বেশি থাকে। তবে নারীরা তখনই সালাতের জামাআতে উপস্থিত হতে পারবে, যখন কোনো ফিতনার আশঙ্কা থাকবে না। অন্যথায় পারবে না।
* ফজরের সালাত প্রথম ওয়াক্তে আদায় করে নেওয়া মুসতাহাব। ৬৫৪

টিকাঃ
৬৫৩. সহিহুল বুখারি: ৩৭২, সহিহু মুসলিম: ৬৪৫।
৬৫৪. ফাতহুল বারি: ২/৫৬।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নারীদের মসজিদে আসতে বারণ করতে নিষেধ করেছেন

📄 নারীদের মসজিদে আসতে বারণ করতে নিষেধ করেছেন


আব্দুল্লাহ বিন উমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'উমর (রাদিয়াল্লাহু আনহু)-এর এক স্ত্রী ফজর ও ইশার সালাত মসজিদে জামাআতের সাথে আদায় করতেন। তাকে বলা হলো, "আপনি কেন মসজিদে গিয়ে সালাত আদায় করেন; অথচ আপনি জানেন যে, উমর (রাদিয়াল্লাহু আনহু) এটা অপছন্দ করেন এবং এটাকে মর্যাদাহানিকর মনে করেন?"

উমর (রাদিয়াল্লাহু আনহু)-এর স্ত্রী বললেন, "তবে কেন উমর (রাদিয়াল্লাহু আনহু) নিজে আমাকে নিষেধ করছেন না?"

আসলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিষেধ তাকে বাধা দিয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা আল্লাহর বান্দিদের মসজিদে আসতে বাধা দিয়ো না।"৬৫৫

টিকাঃ
৬৫৫. সহিহুল বুখারি: ৯০০, সহিহু মুসলিম: ৪৪২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00