📄 বেদুইনরা শক্ত কথা বললে তিনি ধৈর্যধারণ করতেন
আবু সাইদ খুদরি (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'এক বেদুইন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তার ঋণ পরিশোধ করতে বলল কঠোর ভাষায়। এমনকি সে বলল, "আমার পাওনা আদায় না করলে আমি আপনার অবস্থা কঠিন করে তুলব।"
সাহাবিগণ তখন তাকে তিরস্কার করে বললেন, "ধ্বংস হোক তোমার, তুমি কি জানো, কার সাথে তুমি কথা বলছ?"
বেদুইন বলল, "আমি আমার পাওনা চাইছি।"
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা কেন পওনাদারের পক্ষ নিলে না!"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর খাওলা বিনতে কাইস (রাদিয়াল্লাহু আনহা)-এর কাছে খবর পাঠালেন এ বলে যে, "যদি তোমার কাছে খেজুর থাকে, তবে আমাকে কিছু ঋণ দাও। আমার খেজুর আসলে তোমাকে দিয়ে দেবো।"
খাওলা (রাদিয়াল্লাহু আনহা) তখন বললেন, "জি, অবশ্যই হে আল্লাহর রাসুল! আপনার জন্য আমার বাবা উৎসর্গ হোক।"
খাওলা (রাদিয়াল্লাহু আনহা) ধার দিলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বেদুইনের ঋণ পরিশোধ করলেন এবং তাকে খাওয়ালেন। তখন সে বেদুইন বলল, "আপনি পরিপূর্ণ পরিশোধ করেছেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণ দান করুন।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, "এরাই হলো উত্তম মানুষ। যে জাতির দুর্বলরা কষ্ট করা ব্যতীত তাদের পাওনা আদায় করতে পারে না, সে জাতি পবিত্র নয়।"৩৭৮
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'এক বেদুইনের কাছ থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসাক আজওয়া খেজুরের বিনিময়ে একটি জবাইয়ের উট কিনলেন। বিক্রয় চুক্তি করে তাকে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে এসে দেখলেন খেজুর নেই। তখন তিনি বাইরে এসে বেদুইন লোকটাকে বললেন, "আল্লাহর বান্দা, এক অসাক আজওয়া খেজুরের বিনিময়ে তোমার কাছ থেকে জবাইয়ের উটটা কিনলাম, কিন্তু খুঁজে দেখলাম, ঘরে কোনো খেজুর নেই।"
বেদুইন লোকটা বলল, "প্রতারণা!"
বেদুইনের কথা শুনে আশপাশের মানুষ তার প্রতি গর্জন করে উঠল। বলল, "আল্লাহ তোমাকে ধ্বংস করুন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতারণা করবেন!?"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, "তাকে ছেড়ে দাও। পাওনাদারের কথা বলার অধিকার আছে।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবার বললেন, "আল্লাহর বান্দা, তোমার কাছ থেকে আমি একটি উট কিনেছিলাম। আমার ধারণা ছিল তোমাকে দেওয়ার মূল্যটা আমার কাছে আছে। কিন্তু খুঁজে দেখে পেলাম না।"
বেদুইন লোকটা বলল, "ওহ, প্রতারণা!"
তখন আশপাশের মানুষ তার প্রতি গর্জে উঠে বলল, "আল্লাহ তোমায় ধ্বংস করুন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণা করবেন!?"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশে বললেন, "তাকে তোমরা ছেড়ে দাও। পাওনাদারের কথা বলার অধিকার আছে।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বেদুইনের কাছে বিষয়টা দুবার বা তিনবার বলেছিলেন। কিন্তু যখন দেখলেন, লোকটা বুঝতে পারছে না, তখন তিনি তাঁর সাহাবিদের একজনকে বললেন, "খুয়াইলা বিনতে হাকিম বিন উমাইয়া (রাদিয়াল্লাহু আনহা)-এর কাছে যাও। তাকে বলো, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছেন, যদি তোমার কাছে এক অসাক আজওয়া খেজুর থাকে, তাহলে তা আমাদের ঋণ দাও; পরে আমি পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ অনুযায়ী সে লোকটা গিয়ে খুয়াইলা (রাদিয়াল্লাহু আনহা)-কে বলে ফিরে এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, "সে বলেছে, জি, ইয়া রাসুলাল্লাহ, আমার কাছে আছে। যে নেবে, তাকে পাঠিয়ে দিন।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকটাকে বলল, "একে নিয়ে যাও। তাকে তার পাওনা দিয়ে দাও।" রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশমতো সে লোকটা বেদুইনকে নিয়ে গেল।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে বসে আছেন-এমন সময় সে বেদুইন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশ দিয়ে যাওয়ার সময় বলল, "আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি উত্তমরূপে পরিপূর্ণ পাওনা মিটিয়ে দিয়েছেন।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, "কিয়ামতের দিন আল্লাহর সামনে তারাই উত্তম বান্দা হিসেবে পরিগণিত হবে, যারা উত্তম ও পূর্ণরূপে পাওনা পরিশোধকারী। "৩৭৯
টিকাঃ
৩৭৮. সুনানু ইবনি মাজাহ: ২৪২৬।
৩৭৯. মুসনাদু আহমাদ: ২৫৭৮০।
📄 অসংলগ্ন কাজ ও কঠোরতা দেখলে তাদের তিরস্কার করতেন
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলি (রাদিয়াল্লাহু আনহু)-কে চুমু খেলেন। তখন পাশে বসা আকরা বিন হাবিস (রাদিয়াল্লাহু আনহু) বলল, "আমার দশজন সন্তান আছে, কখনো আমি তাদের কাউকে চুমু দিইনি।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা (রাদিয়াল্লাহু আনহু)-এর দিকে তাকিয়ে বললেন, "যে দয়া করে না, সে দয়া পায় না।"৩৮০
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'এক বেদুইন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, "আপনারা তো দেখছি, শিশুদের চুমু দেন; কিন্তু আমরা তাদের চুমু দিই না।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, "আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া কেড়ে নেন, তবে তাতে আমার করার কী আছে।"৩৮১
টিকাঃ
৩৮০. সহিহুল বুখারি: ৫৯৯৭, সহিহু মুসলিম: ২৩১৮।
৩৮১. সহিহুল বুখারি: ৫৯৯৮, সহিহু মুসলিম: ২৩১৭।