📄 জিজ্ঞাসিত বস্তুর স্বরূপ ও প্রকৃতি জানতে চাইতেন
আওফ বিন মালিক আশজায়ি (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আমরা জাহিলি যুগে ঝাড়ফুঁক করতাম। এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জানতে চেয়ে আমরা বললাম, “হে আল্লাহর রাসুল, এ বিষয়ে আপনি কী বলেন?"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমাদের ঝাড়ফুঁকের ধরন আমার সামনে উপস্থাপন করো। যদি তোমাদের ঝাড়ফুঁকে কোনো শিরক না থাকে, তবে তাতে কোনো সমস্যা নেই।"২৫৬
জাবির বিন আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঝাড়ফুঁক থেকে নিষেধ করলেন। এরপর আমর বিন হাজম (রাদিয়াল্লাহু আনহু)-এর পরিবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, "ইয়া রাসুলাল্লাহ, আমরা বিচ্ছুর কামড় দিলে একপ্রকার ঝাড়ফুঁক করি। আর আপনি ঝাড়ফুঁক থেকে নিষেধ করেছেন।" এ কথা বলে তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে ঝাড়ফুঁক করে দেখাল।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমি কোনো সমস্যা দেখছি না। তোমাদের কেউ তার ভাইয়ের উপকার করতে পারলে, সে যেন তা করে।"২৫৭
ইমাম নববি (রাহিমাহুল্লাহ) বলেন, '(রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক নিষিদ্ধ করেছিলেন)-উলামায়ে কিরাম এর কয়েকটি উত্তর দিয়েছেন।
১. ঝাড়ফুঁক প্রথমে নিষিদ্ধ করেছিলেন। অতঃপর নিষেধাজ্ঞা রহিত করে তার অনুমতি দিয়েছেন।
২. নিষেধাজ্ঞা মূলত অজানা রুকইয়া সম্পর্কে ছিল।
৩. নিষেধাজ্ঞা মূলত সে লোকদের জন্য, যারা বিশ্বাস করে যে, রুকইয়া নিজেই প্রভাব বিস্তার করতে পারে এবং উপকার করতে পারে, যেমনটা জাহিলি যুগের মানুষের বিশ্বাস ছিল। '২৫৮
ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) বলেন, 'আলিমদের মাঝে ইজমা রয়েছে যে, ঝাড়ফুঁক জায়িজ হওয়ার জন্য তিনটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। যথা:
১. তা আল্লাহর কালাম, আল্লাহর নাম ও গুণবাচক নামসমূহের মাধ্যমে করতে হবে।
২. আরবি ভাষায় করতে হবে; অথবা অন্য ভাষায় হলে স্পষ্ট অর্থ বোঝা যেতে হবে।
৩. এ বিশ্বাস রাখতে হবে যে, ঝাড়ফুঁক নিজে থেকে কোনো প্রভাব ফেলতে পারে না; বরং আল্লাহই মূল আরোগ্য দানকারী।' ২৫৯
টিকাঃ
২৫৬. সহিহু মুসলিম: ২২০০।
২৫৭. সহিহু মুসলিম: ২১৯৯।
২৫৮. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ১৪/১৬৮।
২৫৯. ফাতহুল বারি: ১০/১৯৫।
📄 প্রশ্নকারীদের জন্য যথাসম্ভব সহজ পদ্ধতিই বেছে নিতেন
আব্দুল্লাহ বিন আমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'আমি দেখলাম, জামরার নিকট রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। তখন এক ব্যক্তি বললেন, "ইয়া রাসুলাল্লাহ, পাথর নিক্ষেপের আগেই আমি কুরবানির পশু জবাই করে ফেলেছি।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সমস্যা নেই, তুমি এখন পাথর নিক্ষেপের কার্যক্রম সম্পন্ন করে নাও।"
আরেকজন বললেন, "ইয়া রাসুলাল্লাহ, পশু জবাইয়ের আগেই আমি মাথা মুণ্ডন করে ফেলেছি।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সমস্যা নেই, তুমি পশু জবাই করে নাও।"
এভাবে হজের বিধান পালনে আগপিছ করা সম্পর্কে যত প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকটির জবাবে তিনি বললেন, "সমস্যা নেই, তুমি পরের কাজটি করে নাও। ২৬০
জাবির বিন আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, 'মক্কা-বিজয়ের দিন এক ব্যক্তি দাঁড়ালেন এবং বললেন, "হে আল্লাহর রাসুল, আপনার হাতে আল্লাহ মক্কা-বিজয় দিলে বাইতুল মাকদিসে দুই রাকআত সালাত পড়ব বলে মানত করেছিলাম আমি।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এখানে আদায় করে নাও।"
লোকটি প্রশ্নটি আবার করলেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, "এখানে আদায় করে নাও।"
তৃতীয়বার একই প্রশ্ন করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এখন তুমি যা মানত করেছিলে, তা-ই পূরণ করো (অর্থাৎ বাইতুল মাকদিসে গিয়ে সালাত পড়ো)। "২৬১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মানহাজ ছিল এমনই। তিনি সবচেয়ে সহজ পন্থাটা বাতলে দিতেন সাহাবিদের। যেমন আল্লাহ তাআলা বলেন : )وَنُيَسِرُكَ لِلْيُسْرَى( 'আমি আপনার জন্য দ্বীন পালন করা সহজতর করে দেবো। '২৬২ অর্থাৎ আমি কল্যাণের কাজ করা ও কল্যাণের কথা বলা সহজ করে দেবো। আপনার জন্য সহজ, সুন্দর ও অটল শরিয়ত প্রদান করব। যার মাঝে থাকবে না কোনো বক্রতা, সমস্যা ও কাঠিন্য। ২৬৩
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 'দ্বীন সহজ। দ্বীনের ইবাদতসমূহ আদায় করা কারও জন্য কষ্টকর নয়; বরং তা সহজ ও অনায়াসে পালনযোগ্য। '২৬৪
আবু উমামা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'আমি বদান্যপূর্ণ ও একনিষ্ঠ দ্বীন নিয়ে প্রেরিত হয়েছি।'২৬৫
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুটো বিষয়ের একটি বেছে নেওয়ার সুযোগ দিলে গুনাহ না হয়ে থাকলে তিনি তুলনামূলক সহজটা বেছে নিতেন। আর যদি কোনোটি গুনাহ হতো, তবে সে জিনিস থেকে তিনি সবচেয়ে বেশি দূরে থাকতেন।'২৬৬
টিকাঃ
২৬০. সহিহুল বুখারি: ১২৪, সহিহু মুসলিম: ১৩০৬।
২৬১. সুনানু আবি দাউদ: ৩৩০৫।
২৬২. সুরা আল-আলা, ৮৭: ০৮।
২৬৩. তাফসিরু ইবনি কাসির: ৮/৩৭২।
২৬৪. সহিহুল বুখারি: ৩৯, সহিহু মুসলিম: ২৮১৬।
২৬৫. মুসনাদু আহমাদ: ২১৭৮৮।
২৬৬. সহিহুল বুখারি: ৩৫৬০, সহিহু মুসলিম: ২৩২৭।
📄 উম্মাহর জন্য সবচেয়ে উপকারী বিষয়টি বাছাই করতেন
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মিরাজের রাতের কথা বললেন। তিনি বললেন, "আমি মুসা (আলাইহিস সালাম)-কে দেখলাম। তিনি চিকন অবয়ববিশিষ্ট একজন মানুষ। যেন শানুআ গোত্রের কোনো লোক। ইসা (আলাইহিস সালাম)-কে দেখলাম। তিনি মাঝারি গড়নের মানুষ। খাটোও নন, আবার লম্বাও নন। গায়ের রং লালচে। দেখে মনে হলো, যেন এইমাত্র গোসলখানা থেকে বের হয়ে এলেন। আর ইবরাহিম (আলাইহিস সালাম)-এর সন্তানদের মাঝে তার সাথে সবচেয়ে বেশি মিলযুক্ত পেলাম আমাকে।"
এরপর দুটি পাত্র আনা হলো আমার সামনে। একটিতে দুধ, অপরটিতে মদ। বলা হলো, যে পাত্র থেকে ইচ্ছে পান করুন। আমি দুধের বাটি নিয়ে পান করলাম। তখন বলা হলো, "আপনি ফিতরাত (সঠিক স্বভাব) গ্রহণ করেছেন। যদি আপনি মদের পাত্র বেছে নিতেন, তবে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত। "২৬৭
টিকাঃ
২৬৭. সহিহুল বুখারি: ৩৩৯৪, সহিহু মুসলিম: ১৬৮।
📄 অসারদের জন্য বিধানে ছাড় দিতেন
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, 'মুজদালিফার রাতে সাওদা (রাদিয়াল্লাহু আনহা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তাঁর পূর্বে এবং মানুষের ভিড় হওয়ার আগেই মিনার দিকে রওনা হওয়ার অনুমতি চাইলেন। সাওদা (রাদিয়াল্লাহু আনহা)-এর শরীর ভারী ছিল। ধীরগতির মহিলা ছিলেন তিনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে অনুমতি দিলেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগেই বেরিয়ে গেলেন। আর আমরা সকাল পর্যন্ত সেখানে রয়ে গেলাম। অতঃপর পরবর্তী দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে রওনা হলাম। যদি আমি সাওদা (রাদিয়াল্লাহু আনহা)-এর মতো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে অনুমতি চেয়ে নিতাম, তবে সেটাই আমার জন্য অধিক স্বস্তির হতো।'২৬৮
আব্দুল্লাহ বিন উমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) হাজিদের পানি পান করানোর জন্য মিনার রাতগুলো মক্কায় কাটাতে চাইলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। '২৬৯
টিকাঃ
২৬৮. সহিহুল বুখারি: ১৬৮০, সহিহু মুসলিম: ১২৯০।
২৬৯. সহিহুল বুখারি: ১৬৩৪, সহিহু মুসলিম: ১৩১৫।