📄 ‘উনদুল হাকিম’-এর ভিত্তিতে বাস্তবতা বুঝিয়ে দিতেন
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, 'এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, "ইয়া রাসুলাল্লাহ, (আমি ফরসা কিন্তু) আমার একটি কালো ছেলে জন্মেছে (তাই আমি সন্তানটি আমার বলে স্বীকার করতে সংশয় বোধ করছি)।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার কি উট আছে?” লোকটি বললেন, "জি, আছে।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তার রং কী?" লোকটি উত্তর দিলেন, "লাল।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সেগুলোর মধ্যে কি ছাই বর্ণের কোনো উট আছে?" লোকটি বললেন, "জি, আছে।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তাহলে এটা কোথা থেকে আসলো?" তিনি উত্তর দিলেন, "হয়তো পূর্বপুরুষদের রক্তধারায় এমনটি হয়েছে।" রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার ছেলের কালো রংটাও হয়তো পূর্বপুরুষদের রক্তধারার কারণে হয়েছে।"১৭৪
ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) বলেন, 'লোকটি স্ত্রীর ওপর অপবাদ আরোপ করার উদ্দেশ্যে এমনটা বলেননি; বরং নিজের সংশয়ের কারণে তিনি বিষয়টি জানতে এসেছিলেন। যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ যোগ করে তাকে বুঝিয়ে দিলেন, তিনি অকুণ্ঠচিত্তে তা মেনে নিলেন। '১৭৫
হাদিস থেকে বোঝা যায়:
* বিছানাসংশ্লিষ্ট বিষয়টি এ হাদিস থেকে মীমাংসিত হয়ে যায়। বাবা-ছেলের রং যদি ভিন্নও হয়, তবুও এ কথা বলার সুযোগ নেই যে, স্ত্রী কোনো ধরনের মন্দকর্মে লিপ্ত হয়েছে। কারণ, কেউ যদি ফরসা হয়, তবে তার কালো বর্ণের ছেলে জন্ম নেওয়া সম্ভব। একইভাবে বাবা কালো বর্ণের হলে, তার ফরসা ছেলে জন্ম হওয়াও সম্ভব।
* কেবল ছেলের গায়ের রং ভিন্ন ধরনের হওয়ার কারণে কোনো বাবা নিজের ছেলেকে অস্বীকার করা জায়িজ নয়।
* বংশ সংরক্ষণের গুরুত্ব।
* নেতিবাচক ধারণা পোষণের ওপর ভর্ৎসনা।
* কিয়াসের প্রামাণ্যতা।
* উদাহরণ দিয়ে বোঝালে প্রশ্নকারী দ্রুত বুঝতে সক্ষম হয়। ১৭৬
টিকাঃ
১৭৪. সহিহুল বুখারি: ৫৩০৫, সহিহু মুসলিম: ১৫০০।
১৭৫. ফাতহুল বারি: ৯/৪৪৪।
১৭৬. ফাতহুল বারি: ৯/৪৪৪, ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ১০/১৩৪।
📄 কুরআন দিয়ে দলিল দিতেন
আবু সাইদ বিন মুআল্লা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'আমি একদিন মসজিদে নববিতে সালাতরত ছিলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। কিন্তু সালাতে থাকায় জবাব দিইনি। সালাত শেষে আমি বললাম, "হে আল্লাহর রাসুল, আমি সালাতে ছিলাম।"
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আল্লাহ কি বলেননি-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ
"হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের জীবন সঞ্চারক বস্তুর দিকে আহ্বান করেন?"১৭৭
এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার মসজিদ থেকে বেরোনোর আগে আমি তোমাকে একটি সুরা শিখিয়ে দেবো। এ সুরাটি কুরআনের মাহাত্ম্যপূর্ণ সুরাগুলোর একটি।"
এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। কিন্তু তিনি যখন বের হওয়ার জন্য উদ্যত হলেন, আমি বললাম, "আপনি কি বলেননি যে, আমি তোমাকে একটি সুরা শিখিয়ে দেবো, যা কুরআনের মাহাত্ম্যপূর্ণ সুরাগুলোর একটি?” তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, “الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ) এট হলো সাবউল মাসানি১৭৮। আর এটিই সে কুরআন, যা আমার ওপর নাজিল হয়েছে।"১৭৯
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "আল্লাহ তাআলা যখন মাখলুক সৃষ্টি করা থেকে অবসর হলেন, তখন আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে বলল, "আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বিষয়ে আশ্রয় চাইবার জায়গা এটি।"
আল্লাহ তাআলা বললেন, “হাঁ, তবে তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমাকে যে রক্ষা করবে, আমি তার সাথে সম্পর্ক রাখব; আর যে তোমাকে ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব?"
তখন আত্মীয়তা-সম্পর্ক বলল, "অবশ্যই।"
আল্লাহ তাআলা বললেন, "তবে তোমার জন্য তা-ই হবে।"
এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা চাইলে কুরআনের এ আয়াতসমূহ পড়তে পারো:
فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطَّعُوا أَرْحَامَكُمْ - أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ - أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
"ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতিই আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদের বধির করেন আর তাদের দৃষ্টিশক্তিকে করেন অন্ধ। তারা কি কুরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা দেওয়া আছে?”১৮০_১৮১
টিকাঃ
১৭৭. সুরা আল-আনফাল, ৮: ২৪।
১৭৮. সাবউল মাসানি অর্থ, যে সাতটি আয়াত বারবার পড়া হয় অর্থাৎ সুরা আল-ফাতিহা।
১৭৯. সহিহুল বুখারি: ৪৪৭৪।
১৮০. সুরা মুহাম্মাদ, ৪৭: ২২-২৪।
১৮১. সহিহুল বুখারি: ৫৯৮৭, সহিহু মুসলিম: ২৫৫৪।
📄 স্পষ্ট করে বোঝানোর জন্য যুক্তিভিত্তিক দলিল দিতেন
আনাস বিন মালিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, 'এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, "হে আল্লাহর নবি, কীভাবে কাফিরকে তার চেহারার ওপর হাশর করানো হবে?"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, "যে সত্তা দুনিয়ার বুকে মানুষকে পায়ে ভর করে চালাতে পারেন, তিনি কি কিয়ামতের দিন মুখের ওপরে মানুষকে চলাতে সক্ষম নন?"
কাতাদা (রাহিমাহুল্লাহ) (আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে হাদিসটি বর্ণনা করে এর স্বীকৃতি দিয়ে) বললেন, "জি, আমাদের রবের মর্যাদার কসম, অবশ্যই তিনি এর ওপর সক্ষম। "১৮২
ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) বলেন, 'হাশরের ময়দানে কাফিরদেরকে মুখের ওপর অবস্থান করানোর পেছনে হেকমত হলো, তারা দুনিয়ায় কখনো আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেনি। তার শাস্তিস্বরূপ কিয়ামতের দিন তাদের উপস্থিত করা হবে মুখের ওপর ভর করা অবস্থায়। এটি তাদের লাঞ্ছনার বহিঃপ্রকাশ হবে সেদিন। তারা হাত ও পায়ের জায়গাতে কেবল মুখ ব্যবহার করবে। এভাবে তাদের ওপর শাস্তি প্রয়োগ হবে।'১৮৩
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, 'এক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, "আমার মা মারা গেছেন। তার এক মাসের রোজা কাজা হয়ে আছে। (আমি কি তার পক্ষ থেকে রোজাগুলো আদায় করতে পারি?)"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি কি মনে করো, যদি তোমার মায়ের কোনো ঋণ থাকত, তবে কি তুমি তা আদায় করতে না?"
"জি, করতাম।” বললেন সে মহিলা।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তাহলে আল্লাহর ঋণ (কাজা রোজা) আদায় করে দেওয়া সবার পূর্বে উচিত। "১৮৪
আতা বিন ইয়াসার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, “মায়ের কক্ষে প্রবেশের সময় আমি কি মায়ের কাছে অনুমতি নেব?”
হাঁ।
আমি ও আমার মা বাড়িতে একত্রেই থাকি।
তবুও তুমি তার কাছে অনুমতি নেবে প্রবেশের আগে।
আমিই তার সেবা-শুশ্রূষা করি।
তুমি তার কাছে অনুমতি নেবে। তুমি কি তাকে কাপড়হীন অবস্থায় দেখতে চাও?
না।
তবে তার কাছে অনুমতি নেবে। '১৮৫
আবু ওয়ালিদ সুলাইমান আল-বাজি (রাহিমাহুল্লাহ) বলেন, 'একজন মুমিন মা বা মাহরাম অথবা যার সতর দেখা তার জন্য জায়িজ হবে না-এমন কারও কক্ষে যাওয়ার আগে অনুমতি নিতে হবে। এ জন্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে যখন সাহাবি অনুমতির ব্যাপারে জানতে চাইলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি কি তাকে কাপড়হীন অবস্থায় দেখতে চাও?"...এর অর্থ হচ্ছে (আল্লাহই অধিক জানেন) যদি তুমি তার কাছে অনুমতি না চাও, তবে হঠাৎ করে তার কাছে গেলে তাকে কাপড়হীন দেখার সম্ভাবনা আছে। অন্যদিকে স্ত্রী ও দাসীর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কারণ, তাদের সতরের দিকে তাকানো জায়িজ। তাই অনুমতি ছাড়াই তাদের কক্ষে যাওয়া যায়। '১৮৬
আবু উমামা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, 'এক যুবক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, “হে আল্লাহর রাসুল, আমাকে জিনা করার অনুমতি দিন।" যুবকের এমন কথা শুনে উপস্থিত সবাই হতচকিত হয়ে তার দিকে তাকালেন। তাকে ধমকালেন। "থামো থামো" বলতে লাগলেন।
কিন্তু রাসولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তাকে আমার কাছে নিয়ে আসো।” যুবকটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটবর্তী হলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশে বসল।
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, "কেউ তোমার মায়ের সাথে এমনটা করুক, তুমি কি তা চাইবে?"
না। আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন।
এভাবে অন্য মানুষেরাও তাদের মায়ের জন্য এমনটা পছন্দ করবে না। তুমি কি নিজের মেয়ের ব্যাপারে এমনটা পছন্দ করবে?
আল্লাহর কসম, না, হে আল্লাহর রাসুল। আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন।
মানুষও নিজেদের কন্যার ব্যাপারে এমনটা পছন্দ করবে না। তুমি কি নিজের বোনের ব্যাপারে এমনটা পছন্দ করবে?
না, আল্লাহর কসম, আল্লাহ আপনার জন্য আমাকে উৎসর্গ করুন।
মানুষও নিজেদের বোনের ব্যাপার এমনটা পছন্দ করবে না। তুমি কি নিজের ফুফুর ব্যাপারে এমনটা পছন্দ করবে?
না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন।
তোমার মতো অন্য মানুষও তাদের ফুফুদের ব্যাপারে এমনটা পছন্দ করবে না। তুমি কি নিজের খালার ব্যাপারে এমনটা পছন্দ করবে?
না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন।
মানুষও তাদের খালার ব্যাপারে এমনটা পছন্দ করবে না।
বর্ণনাকারী বলেন, অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটির গায়ে হাত রেখে দোয়া করলেন:
اللهُمَّ اغْفِرْ ذَنْبَهُ, وَطَهِّرْ قَلْبَهُ, وَحَصِّنْ فَرْجَهُ
"হে আল্লাহ, আপনি তার গুনাহ ক্ষমা করে দিন। তার অন্তর পবিত্র করে দিন। তার লজ্জাস্থানের হিফাজত করুন।"১৮৭
টিকাঃ
১৮২. সহিহুল বুখারি: ৪৭৬০, সহিহু মুসলিম: ২৮০৬।
১৮৩. ফাতহুল বারি: ১১/৩৮৩।
১৮৪. সহিহুল বুখারি: ১৯৫৩, সহিহু মুসলিম: ১১৪৮।
১৮৫. মুয়াত্তা মালিক: ১৭৯৬; আতা (রাহিমাহুল্লাহ) থেকে মুরসাল সনদে বর্ণিত। ইমাম ইবনে আব্দুল বার (রাহিমাহুল্লাহ) বলেন, এ হাদিসটি মুরসাল। তবে অর্থের দিক থেকে হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে ইজমা রয়েছে। দেখুন, আত-তামহিদ: ১৬/২২৯।
১৮৬. আল-মুনতাকা শারহুল মুয়াত্তা ৭/২৮৪।
১৮৭. মুসনাদু আহমাদ: ২১৭০৮।
📄 অনর্থক প্রশ্ন ও বাড়াবাড়ি অপছন্দ করতেন
আবু মুসা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, 'একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলো, যেগুলো তিনি অপছন্দ করতেন। যখন এগুলো সম্পর্কে অধিক জিজ্ঞেস করা হলো, তিনি রাগান্বিত হয়ে গেলেন। এরপর মানুষদের বললেন, "তোমরা যা ইচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারো। যা-ই আমার কাছে জানতে চাইবে, আমি তার উত্তর দেবো।"
এরপর এক লোক উঠে বলল, "আমার বাবা কে?"১৮৮
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার বাবা হুজাইফা।"
আরেকজন উঠে বলল, "আমার বাবা কে, হে আল্লাহর রাসুল?"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, "তোমার বাবা শাইবার গোলাম সালিম।"
আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, "আমি তখন ডানে-বামে তাকাতে লাগলাম। প্রত্যেককে দেখলাম, কাঁদতে কাঁদতে নিজেদের মাথা তাদের কাপড়ের তলে লুকাচ্ছে। উমর (রাদিয়াল্লাহু আনহু) যখন তাঁর চেহারায় বিরক্তির ভাব দেখতে পেলেন তখন বললেন, “হে আল্লাহর রাসুল, আমরা আল্লাহর নিকট তাওবা করছি।"১৮৯
সহিহ বুখারির অন্য রিওয়ায়াতে আছে, 'তখন উমর (রাদিয়াল্লাহু আনহু) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে হাঁটু গেড়ে বসলেন এবং বললেন, "আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নবি হিসেবে পেয়ে সন্তুষ্ট।" এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। '১৯০
কাতাদা (রাহিমাহুল্লাহ) একটি আয়াতের সাথে এ হাদিসটি বর্ণনা করতেন। আয়াতটি হচ্ছে-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ
'হে ইমানদারগণ, তোমরা এমন বিষয়ে প্রশ্ন কোরো না, যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমাদের জন্য তা কষ্টদায়ক হবে। '১৯১
মুগিরা বিন শুবা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, 'আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, “আল্লাহ তিনটি কর্ম ঘৃণা করেন। এক. তর্ক-বিতর্ক। দুই. সম্পদ অপচয়। তিন. অধিক প্রশ্ন করা।"১৯২
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক বিষয়াদি পরিত্যাগ করা। '১৯৩
ইবনে আব্দুল বার (রাহিমাহুল্লাহ) বলেন, 'অধিকাংশ আলিমের মতে হাদিসে অধিক প্রশ্ন দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আকস্মিক সংঘটিত ঘটনা, কুটিল প্রশ্ন, জন্মদান ইত্যাদি বিষয়ক প্রশ্ন। '১৯৪
টিকাঃ
১৮৮. এ লোকটি যখন কারও সাথে বিবাদে লিপ্ত হতো, তখন লোকেরা তাকে মায়ের প্রতি সম্বন্ধ করে ডাকত।
১৮৯. সহিহুল বুখারি: ৯২, সহিহু মুসলিম ২৩৬০।
১৯০. সহিহুল বুখারি: ৯৩।
১৯১. সুরা আল-মায়িদা, ৫: ১০১।
১৯২. সহিহুল বুখারি: ১৪৭৭, সহিহু মুসলিম ৫৯৩।
১৯৩. সুনানুত তিরমিজি: ২৩১৭, সুনানু ইবনি মাজাহ: ৩৯৭৬।
১৯৪. ফাতহুল বারি: ১৩/২৭০। -ঈষৎ পরিমার্জিত।