📄 রাসূল ﷺ-এর কতিপয় ফয়সালা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনেক ফয়সালা হাদিসের কিতাবসমূহে সংরক্ষিত আছে। এখানে কয়েকটি উল্লেখ করা হলো:
তিনি ফয়সালা করেছেন, রিকাজ (গুপ্তধন)-এর এক-পঞ্চমাংশ রাষ্ট্রীয় কোষাগারে দিতে হবে।¹
তিনি ফয়সালা করেছেন, পরাগায়ণের পর খেজুর গাছ বিক্রি করলে খেজুর পরাগায়ণকারী পাবে, কিন্তু যদি ক্রয় করার সময় ক্রেতা ফলসহ কেনার শর্ত দেয়, তাহলে ভিন্ন কথা।²
তিনি ফয়সালা করেছেন, কৃতদাসের সম্পদের মালিক বিক্রেতা, তবে ক্রয়ের সময় ক্রেতা শর্তারোপ করলে তার মালিক ক্রেতা হবে।³
তিনি ফয়সালা করেছেন, স্ত্রী থেকে ভূমিষ্ট সন্তানের আইনগত পিতৃত্ব স্বামীর, ব্যভিচারকারীর নয়।⁴
তিনি ফয়সালা করেছেন, যৌথ-মালিকানার সম্পদ ভাগ করার পূর্বে কেউ নিজের অংশ বিক্রি করলে, তাতে সকল শরিকদার শুফার অধিকারপ্রাপ্ত হবে।⁵
তিনি হামল বিন মালিকের (রা) জন্য তার স্ত্রী থেকে মিরাস পাওয়ার ফয়সালা করেছেন, যাকে তার আরেক স্ত্রী হত্যা করেছিল।⁶
তিনি ফয়সালা করেছেন, মায়ের পেটের ভেতর সন্তান হত্যা করলে, তার জরিমানাস্বরূপ একটি পূর্ণ দাস অথবা একটি পূর্ণ দাসী দিতে হবে।⁷
কারও জমির মাঝখানে রাস্তা পড়লে এবং সেখানে ঘর বাঁধার ইচ্ছা না থাকলে রাস্তার জন্য সাত হাত জমি ছেড়ে দেওয়ার ফয়সালা করেছেন।⁸
তিনি ফয়সালা করেছেন, মৃতের দাদি ও নানি দুজনই মিরাস থেকে অংশ পেলে মিরাসের এক-ষষ্ঠাংশ উভয়ের মাঝে সমানভাগে ভাগ করে দেওয়া হবে।⁹
তিনি ফয়সালা করেছেন, স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর বাড়ি থেকে কোনো কিছু দান করবে না।¹⁰
তিনি ফয়সালা করেছেন, যদি কোনো জালিম জোরপূর্বক অপরের মালিকানাধীন জমিতে গাছ লাগায় বা ঘর ইত্যাদি নির্মাণ করে, সেটাতে তার অধিকার সাব্যস্ত হবে না। বরং তা উপড়ে ফেলার নির্দেশ দেওয়া হবে।¹¹
টিকাঃ
১. সহিহুল বুখারি: ১৪৯৯, সহিহু মুসলিম: ১৭১০। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।
২. সহিহুল বুখারি: ২৩৭৯, সহিহু মুসলিম: ১৫৪২। ইবনে উমর (রা) থেকে বর্ণিত।
৩. সহিহুল বুখারি: ২৩৭৯, সহিহু মুসলিম: ১৫৪২। ইবনে উমর (রা) থেকে বর্ণিত।
৪. সহিহুল বুখারি: ২০৫৩, সহিহু মুসলিম: ১৪৫৭। আয়িশা (রা) থেকে বর্ণিত।
৫. সহিহুল বুখারি: ২২১৪, সহিহু মুসলিম: ১৬০৮। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।
৬. সহিহুল বুখারি: ৬৭৪০, সহিহু মুসলিম: ১৬৮১। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।
৭. সহিহুল বুখারি: ৬৭৪০, সহিহু মুসলিম: ১৬৮১। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।
৮. সহিহুল বুখারি: ২৪৭৩, সহিহু মুসলিম: ১৬১৩। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।
৯. আব্দুল্লাহ বিন আহমাদ কৃত মুসনাদু আহমাদের বর্ধিত সংস্করণ: ২২২৭২।
১০. সুনানু আবি দাউদ: ৩৫৬৫, সুনানুত তিরমিজি: ৬৭০, সুনানু ইবনি মাজাহ: ২২৯৫। আবু উমামা (রা) থেকে বর্ণিত।
১১. সুনানু আবি দাউদ: ৩০৭৩, সুনানুত তিরমিজি: ১৩৭৮। সাইদ বিন জাইদ (রা) থেকে বর্ণিত।