📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 গরিবদের মর্যাদা কথা বলতেন

📄 গরিবদের মর্যাদা কথা বলতেন


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের ফজিলত এবং আল্লাহর কাছে তাদের বিশাল মর্যাদার কথা প্রকাশ করতেন, যেন দারিদ্র্যের কারণে কোনো মানুষ তাদের অবজ্ঞা না করে।
সাহল বিন সাদ আস-সায়িদি (রা) বলেন, 'এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দিয়ে গমন করছিল, তখন তিনি বললেন, "এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কী ধারণা?" তারা উত্তর দিলেন:
'যদি কোনো মহিলার প্রতি এ লোকটি বিয়ের প্রস্তাব পেশ করে, তার সাথে বিয়ে দেওয়া যায়। যদি সে সুপারিশ করে, তাহলে সুপারিশ গ্রহণ করা যায়। যদি কথা বলে, তবে কান লাগিয়ে শোনা উচিত।'
অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর সেখান দিয়ে একজন গরিব মুসলমান অতিক্রম করতেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, "এ ব্যক্তি সম্পর্কে তোমাদের কী ধারণা?" তারা জবাব দিলেন:
'যদি এ ব্যক্তি কোথাও বিয়ের প্রস্তাব দেয়, তাকে বিয়ে দেওয়া ঠিক হবে না। যদি কারও জন্য সুপারিশ করে, তবে তা গ্রহণযোগ্য হবে না। যদি কোনো কথা বলে, তা শোনা হবে না।'
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
'পৃথিবী-ভর্তি ওই রকম ধনীর চেয়ে এই গরিব লোকটি উত্তম।'¹
ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) বলেন, 'এই হাদিস প্রমাণ করে, কেবল দুনিয়ার জীবনের নেতৃত্ব ও প্রাচুর্যের কোনো মূল্য নেই; আখিরাতের নেতৃত্ব ও প্রাচুর্যই মূল। আর কেউ দুনিয়ার প্রাচুর্য থেকে বঞ্চিত হলে আখিরাতের সাওয়াব দ্বারা তার ক্ষতিপূরণ করা হয়।'²
আবু জার (রা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আবু জার, তুমি কি মনে করো যে, ধনসম্পদের আধিক্যই ধনাঢ্যতা?" আমি বললাম, "হাঁ, ইয়া রাসুলাল্লাহ!" তিনি বললেন, "তুমি কি মনে করো, ধনসম্পদ কম হওয়াই দারিদ্র্য?" আমি বললাম, "হাঁ, ইয়া রাসুলাল্লাহ!" তিনি বললেন, "ধনাঢ্যতা হলো হৃদয়ের ধনাঢ্যতা; আর দারিদ্র্য হলো হৃদয়ের দারিদ্র্য।" অতঃপর আমাকে কুরাইশের এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন, "অমুককে চেনো?” আমি বললাম, "হাঁ, চিনি।” তিনি বললেন, "তাকে কেমন মনে হয় তোমার?” আমি বললাম, "সে কিছু চাইলে তাকে দেওয়া উচিত, আর সে আগমন করলে তাকে (বাড়িতে) প্রবেশ করানো উচিত।"
তারপর আহলে সুফফার এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন, "অমুককে চেনো?" আমি বললাম, "না, তাকে আমি চিনি না, ইয়া রাসুলাল্লাহ।” তখন তিনি তার আকার-আকৃতি ও গুণাবলি বর্ণনা করতে লাগলে আমি তাকে চিনতে পারলাম এবং বললাম, "জি, এখন চিনতে পেরেছি।” তখন তিনি বললেন, "তাকে কেমন মনে হয় তোমার?” আমি বললাম, "ও তো আহলে সুফফার এক হতদরিদ্র লোক।” তিনি বললেন, "সে সারা পৃথিবীর প্রথমোক্ত লোকের চেয়ে উত্তম।" আমি বললাম, "তাকে কি এমন কিছুই দেওয়া হয় না, যা প্রথমজনকে দেওয়া হয়?" তিনি বললেন, "তাকে কল্যাণকর যা দান করা হয়, সে তার যোগ্য; আর যেসব থেকে তাকে বঞ্চিত রাখা হয়, তার বিনিময়ে তাকে সাওয়াব দান করা হয়।"³
আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
'মাথায় উশকোখুশকো চুল ও দেহে ধুলোমলিন দুখানা পুরাতন কাপড় পরিহিত এরূপ অনেক ব্যক্তি রয়েছে, যার প্রতি লোকেরা দৃষ্টিপাত করে না। অথচ সে আল্লাহর নামে শপথ করে ওয়াদা করলে তিনি তা সত্যে পরিণত করেন। বারা বিন মালিক (রা) তাদের দলভুক্ত।'⁴

টিকাঃ
১. সহিহুল বুখারি: ৫০৯১।
২. ফাতহুল বারি: ১/২৭৮।
৩. সহিহু ইবনি হিব্বান: ৬৮৫।
৪. সুনানুত তিরমিজি: ৩৮৫৪।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 আখিরাতের ফজিলতের কথা বলে তাদের মনোবল বাড়াতেন

📄 আখিরাতের ফজিলতের কথা বলে তাদের মনোবল বাড়াতেন


আব্দুল্লাহ বিন আমর (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
'তোমরা কি জানো, আল্লাহর মাখলুকের মধ্যে কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে?'
সাহাবিগণ (রাদিয়াল্লাহু আনহুম) বললেন, "আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন।” তিনি বললেন:
'আল্লাহর মাখলুকের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে দরিদ্র মুহাজিরগণ, যাদের প্রহরায় সীমান্ত সুরক্ষিত হয় এবং যাদের কল্যাণে বিপদ ও বিপর্যয় থেকে বাঁচা হয়। আশা-আকাঙ্ক্ষাগুলো বুকে নিয়েই তারা মৃত্যুবরণ করে, সেগুলো পূরণ করার সুযোগ তাদের হয়ে ওঠে না। আল্লাহ তাআলা তাঁর ফেরেশতাদের মধ্য থেকে যাকে ইচ্ছা বলবেন, "তাদের কাছে যাও-অভিবাদন জানাও।” ফেরেশতারা (এসে) বলবে, "আমরা আপনার আসমানের অধিবাসী, আপনার সর্বোত্তম মাখলুক! আপনি আমাদের এই নির্দেশ দিচ্ছেন যে, আমরা তাদের কাছে যাব, তাদের সালাম করব?!" আল্লাহ তাআলা বলবেন, "ওরা আমার এমন বান্দা, যারা আমার ইবাদত করত, আমার সঙ্গে কাউকে শরিক করত না, তাদের প্রহরায় সীমান্ত সুরক্ষিত হতো, তাদের কল্যাণে বিপদ ও বিপর্যয় থেকে বাঁচা হতো। আশা-আকাঙ্ক্ষাগুলো বুকে নিয়েই তারা মৃত্যুবরণ করে, সেগুলো পূরণ করার সুযোগ তাদের হয়ে ওঠে না।"' রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তারপর ফেরেশতারা তাদের নিকট আসে, প্রত্যেক দরোজা দিয়ে তাদের কাছে প্রবেশ করে (আর বলে:) "তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক-তোমরা ধৈর্যধারণ করেছ, আখিরাতের প্রতিদান বড়ই সুন্দর।"'¹

টিকাঃ
১. মুসনাদু আহমাদ: ৬৫৩৪।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 ধনীদের পূর্বে জান্নাতে প্রবেশের সুসংবাদ দিতেন

📄 ধনীদের পূর্বে জান্নাতে প্রবেশের সুসংবাদ দিতেন


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আজাদকৃত গোলাম সাওবান (রা) বলেন, 'আমি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দাঁড়ানো ছিলাম। এমন অবস্থায় জনৈক ইহুদি পণ্ডিত এসে বলল, "আস-সালামু আলাইকা ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!" তখন আমি তাকে এমন এক ধাক্কা মারলাম যে, সে প্রায় পড়ে যাচ্ছিল। সে বলল, "তুমি আমাকে ধাক্কা মারলে কেন?" আমি বললাম, "ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো না?" ইহুদি বলল, "আমরা তাঁকে তাঁর পরিবার-পরিজন যে নাম রেখেছে, সে নামেই ডাকি।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমার নাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিবারের লোকেরাই আমার এ নাম রেখেছে।” এরপর ইহুদি বলল, "আমি আপনাকে (কয়েকটি কথা) জিজ্ঞেস করতে এসেছি।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার কি কোনো লাভ হবে, যদি আমি তোমাকে কিছু বলি?” সে বলল, "আমি আমার কান পেতে তা শুনব।” তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে যে লাঠিটি ছিল, তা দিয়ে মাটিতে আঁকাজোকা করলেন। তারপর বললেন, "জিজ্ঞেস করো।” ইহুদি বলল, "যেদিন বর্তমান জমিন ও আসমান পাল্টে গিয়ে অন্য জমিন ও আসমানে পরিণত হবে (অর্থাৎ কিয়ামাত হবে) সেদিন লোকজন কোথায় থাকবে?" রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তারা পুলসিরাতের কাছে অন্ধকারে থাকবে।” সে বলল, "কারা সর্বপ্রথম (তা পার হওয়ার) অনুমতি লাভ করবে?" তিনি বললেন, "দরিদ্র মুহাজিরগণ (...)।"'¹
আবু আব্দুর রহমান আল-হুবুলি (রাহিমাহুল্লাহ) বর্ণনা করেন, 'আমি শুনেছি যে, আব্দুল্লাহ বিন আমর বিন আস (রা)-কে এক ব্যক্তি প্রশ্ন করল, "আমরা কি গরিব মুহাজিরদের অন্তর্ভুক্ত নই।” আব্দুল্লাহ (রা) তাকে বললেন, "তোমার কি স্ত্রী নেই, যার নিকট তুমি গিয়ে থাকো?' জবাবে সে বলল, "হাঁ আছে।” অতঃপর তিনি বললেন, "বসবাস করার জন্য তোমার কি বাসস্থান নেই?" সে বলল, "হাঁ আছে।” তখন তিনি বললেন, "তবে তো তুমি ধনীদের অন্তর্ভুক্ত।” এরপর সে বলল, "আমার একজন খাদিমও আছে।” এ কথা শুনে তিনি বললেন, "তাহলে তো তুমি বাদশাহ।"'
আবু আবদুর রহমান (রাহিমাহুল্লাহ) বলেন, 'একদা তিন ব্যক্তি আব্দুল্লাহ বিন আমর বিন আস (রা)-এর নিকট আসলো। তখন আমি তাঁর নিকট উপবিষ্ট ছিলাম। এসে তারা বলল, "হে আবু মুহাম্মাদ, আমাদের কিছুই নেই-না ব্যয় করার মতো পয়সা আছে, না আছে বাহন, না আছে কোনো আসবাবপত্র।” তখন তিনি তাদের বললেন, "তোমরা যা চাও, আমি তা-ই করব। তোমাদের মন চাইলে তোমরা আমার নিকট চলে এসো। আল্লাহ তোমাদের ভাগ্যে যা রেখেছেন, আমি তোমাদের তা দান করব। অথবা তোমরা চাইলে সুলতানের নিকট তোমাদের ব্যাপারে আলোচনা করব (তিনি তোমাদের দান করবেন)। অথবা তোমরা চাইলে ধৈর্যও ধরতে পারো (এটাই তোমাদের জন্য ভালো হবে)। কেননা, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি-
'কিয়ামতের দিন গরিব মুহাজিররা ধনীদের চল্লিশ বছর পূর্বে জান্নাতে পৌঁছে যাবে।'
এ কথা শুনে তারা বলল, "আমরা ধৈর্যধারণ করব, আমরা কিছুই চাই না।"'²
আব্দুল্লাহ বিন আমর (রা) বলেন, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, "তুমি কি জানো, আমার উম্মতের কোন দল সর্বপ্রথম জান্নাতে যাবে?" আমি বললাম, "আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন।” তিনি বললেন:
'মুহাজিরগণ। কিয়ামতের দিন তাঁরা জান্নাতের দরোজার নিকট গিয়ে তা খুলতে বলবে। তখন দ্বাররক্ষীরা বলবেন, "তোমাদের হিসাব-নিকাশ কি সম্পন্ন হয়ে গেছে?” তাঁরা বলবে, "আমাদের আবার কীসের হিসাব? আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে আমাদের তরবারিগুলো আমাদের কাঁধে ঝুলন্ত ছিল এবং এই অবস্থাতেই আমাদের মৃত্যু হয়েছে।” অতঃপর তাঁদের জন্য দরোজা খুলে দেওয়া হবে। ফলে অন্যান্য মানুষ জান্নাতে যাওয়ার চল্লিশ বছর পূর্বেই তাঁরা সেখানে বিশ্রাম নেবে।'³
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
'গরিব মুসলমানরা ধনী মুসলমানদের অর্ধদিন পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এ অর্ধদিন পাঁচশ বছরের সমান।'⁴
বিশেষ দ্রষ্টব্য: ইবনে আমরের (রা) হাদিস থেকে বোঝা যায়, চল্লিশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে; কিন্তু আবু হুরাইরার (রা) হাদিস প্রমাণ করে, পাঁচশ বছর পূর্বে প্রবেশ করবে। কয়েক উপায়ে উভয় হাদিসের মাঝে সমন্বয় সাধন করা যায়:
১. গরিব মুহাজিরগণ ধনী মুহাজিরগণের চল্লিশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আর সাধারণ গরিব মুসলমানরা অন্যান্য ধনী মুসলমানের পাঁচশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এ জন্য ইবনে হিব্বান (রাহিমাহুল্লাহ) আব্দুল্লাহ বিন আমর (রা)-এর হাদিসের অধ্যায়ের নাম রেখেছেন, 'নির্দিষ্ট পরিমাণ সময় পূর্বে জান্নাতে প্রবেশ করার দিক দিয়ে ধনী মুহাজিরগণের ওপর গরিব মুহাজিরগণের ফজিলত'।⁵ পক্ষান্তরে আবু হুরাইরা (রা)-এর হাদিসের অধ্যায়ের নাম দিয়েছেন, 'নির্দিষ্ট পরিমাণ সময় পূর্বে জান্নাতে প্রবেশ করার দিক দিয়ে এই উম্মতের ধনীদের ওপর ধৈর্যশীল গরিবদের ফজিলত'।⁶
২. বাইহাকি (রাহিমাহুল্লাহ) বলেন, 'সময় বর্ণনায় রিওয়ায়াতসমূহ পরস্পর বিরোধপূর্ণ। সকল রিওয়ায়াত "মাহফুজ" বা ভুল থেকে সুরক্ষিত ধরা হলে বিরোধের নিরসন হলো, এ তারতম্য ইবাদতের ক্ষেত্রে গরিবদের স্তর অনুযায়ী হবে।'⁷
ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, 'যদি কোনো একটাকেই সুরক্ষিত বর্ণনা ধরা হয়, তবে চল্লিশ বছর পূর্বে প্রবেশ করার রিওয়ায়াতটি সর্বাধিক বিশুদ্ধ। আর যদি উভয়টিকেই সুরক্ষিত ধরা হয়, তবে এই তারতম্যের ব্যাখ্যা হলো, গরিব ও ধনীদের অবস্থার তারতম্যের কারণে সময়ের তারতম্য হবে। কেউ চল্লিশ বছর পূর্বে প্রবেশ করবে এবং কেউ পাঁচশ বছর পূর্বে প্রবেশ করবে। যেভাবে একত্ববাদে বিশ্বাসী পাপী মুসলমানগণ তাদের অবস্থাভেদে আগে-পরে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহই সর্বজ্ঞাত।'⁸
৩. পাঁচশ বছর সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী গরিব ও সর্বশেষ প্রবেশকারী ধনীর হিসেবে বলা হয়েছে।⁹
আব্দুল্লাহ বিন আমর (রা) বলেন, 'একদিন সূর্যোদয়ের সময় আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশে ছিলাম। তখন তিনি বললেন, "কিয়ামতের দিন কিছু লোক আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তাদের শরীর থেকে সূর্যের আলোর মতো নুর বিচ্ছুরিত হবে।” আবু বকর (রা) বললেন, "ইয়া রাসুলাল্লাহ, আমরা কি সেই লোকদের অন্তর্ভুক্ত থাকব?" তিনি বললেন, "না, অবশ্য অন্য দিক দিয়ে তোমাদের অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। কিন্তু সেই দলটি গরিব ও মুহাজিরদের দল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যাদের একত্র করা হবে।" তিনি আরও বললেন, "গুরাবাদের জন্য সুসংবাদ, গুরাবাদের জন্য সুসংবাদ, গুরাবাদের জন্য সুসংবাদ।” বলা হলো, "ইয়া রাসুলাল্লাহ, গুরাবা কারা?" তিনি বললেন, "অসংখ্য খারাপ মানুষের ভিড়ে মুষ্টিমেয় ভালো মানুষ-যাদের আনুগত্যকারীর সংখ্যা তাদের অবাধ্য লোকের চেয়ে কম।"'¹⁰

টিকাঃ
১. সহিহু মুসলিম: ৩১৫।
২. সহিহু মুসলিম: ২৯৭৯।
৩. মুসতাদরাকুল হাকিম: ২৩৮৯।
৪. সুনানুত তিরমিজি: ২৩৫৪।
৫. সহিহু ইবনি হিব্বান: ২/৪৫২।
৬. সহিহু ইবনি হিব্বান: ২/৪৫১।
৭. আল-বা'সু ওয়ান-নুসুর: ৪২৬।
৮. হাদিউল আরওয়াহ: ৮১।
৯. আন-নিহায়া ফিল ফিতানি ওয়াল মালাহিম: ১/২৭৩।
১০. মুসনাদু আহমাদ: ৭০৩২।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 তাদের বলতেন, জান্নাতিদের মধ্যে গরিবরাই সংখ্যাগরিষ্ঠ

📄 তাদের বলতেন, জান্নাতিদের মধ্যে গরিবরাই সংখ্যাগরিষ্ঠ


ইমরান বিন হুসাইন (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
'আমাকে জান্নাত দেখানো হয়েছে। তখন দেখলাম যে, তার অধিকাংশ অধিবাসী গরিব শ্রেণির লোক। আর আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। তাতে দেখতে পেলাম যে, তার অধিকাংশ অধিবাসী নারী।'¹
এই হাদিসে দুনিয়া ও ধনসম্পদ থেকে বঞ্চিত গরিবদের জন্য অনেক বড় মানসিক প্রশান্তি রয়েছে।
ইবনে বাত্তাল (রাহিমাহুল্লাহ) বলেন, 'এই হাদিস ধনীদের ওপর গরিবদের শ্রেষ্ঠত্ব সাব্যস্ত করে না। বরং হাদিসের অর্থ হলো, পৃথিবীতে ধনীদের চেয়ে গরিবদের সংখ্যাই বেশি। তাই স্বাভাবিকভাবে জান্নাতেও তারাই সংখ্যাগরিষ্ঠ হবে। তা ছাড়া তাদের জান্নাতে যাওয়ার কারণ তাদের দারিদ্র্য নয়; বরং দারিদ্র্যে জর্জরিত হওয়া সত্ত্বেও নেক আমল করার কারণেই তারা জান্নাতে যাবে। কারণ, গরিব যদি নেক আমল না করে, সে কখনো সৎকর্মশীল ধনীর ওপর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না।'²
আর স্বামীর অবাধ্যতা সম্পর্কে ইবনে বাত্তাল (রাহিমাহুল্লাহ) বলেন, 'জাহান্নামে নারীর সংখ্যা বেশি হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "তারা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। আর এটি তাদের ইমান হ্রাস করে।" এখান থেকে বোঝা যায়, স্বামীর কৃতজ্ঞতা আদায় করলে নারীদের ইমান বাড়ে। অনুরূপভাবে অন্যান্য নেক আমলের দ্বারাও ইমান বাড়ে। এখান থেকে বোঝা যায়, আমল ইমানের অন্তর্ভুক্ত। ইমান হলো, মৌখিক স্বীকৃতি ও দৈহিক আমলের সম্মিলিত রূপ। এই কারণেই নেক আমলের দ্বারা ইমান বৃদ্ধি পায় এবং বদ আমলের কারণে ইমান হ্রাস পায়।'³
উসামা বিন জাইদ (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
'আমি জান্নাতের দরোজায় দাঁড়ালাম। অতঃপর দেখলাম, যারা জান্নাতে প্রবেশ করেছে, তাদের অধিকাংশ গরিব-মিসকিন মানুষ। আর ধনবানদের (তখনও হিসাবের জন্য) আটকে রাখা হয়েছে। আর ওদিকে জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে।'⁴
মালিক বিন দিনার (রাহিমাহুল্লাহ) বলেন, 'একটি সফর থেকে আমি ফিরছিলাম। যখন আমাদের নৌকা পুলের কাছে পৌঁছাল, তখন শুল্ক আদায়কারী দাঁড়িয়ে বলল, "কেউ নৌকা থেকে বের হবে না এবং কেউ আপন আসন থেকে উঠবে না।” আমি আমার কাপড়-চোপড় কাঁধের ওপর নিয়ে একটা লাফ দিলাম এবং সোজা জমিনের ওপর পড়লাম। শুল্ক আদায়কারী বলল, "আপনি বেরিয়ে গেলেন কেন?" আমি বললাম, "আমার কাছে কিছুই নেই।” সে বলল, "আচ্ছা, যান তাহলে।” তখন আমি মনে মনে বললাম, "আখিরাতেও ঠিক এমনটাই ঘটবে (অর্থাৎ গরিবরা সহজে পার পেয়ে যাবে)।"'⁵

টিকাঃ
১. সহিহুল বুখারি: ৩২৪১, সহিহু মুসলিম: ২৭৩৭।
২. ইবনে বাত্তাল কৃত শারহু সহিহিল বুখারি: ১০/১৭৩।
৩. ইমান হ্রাস-বৃদ্ধির মাসআলায় ইমামদের মাঝে যে মতানৈক্য রয়েছে, তা মূলত শাব্দিক মতবিরোধ। এতে মৌলিক কোনো বিরোধ নেই। উভয় দলের মাসআলা বর্ণনার দৃষ্টিকোণ ভিন্ন হওয়ার কারণে বিষয়টি মতবিরোধের মতো মনে হয়। তাই এটি নিয়ে সাধারণ পাঠক ভাইদের ব্যস্ত হওয়ার কোনো অর্থ হয় না। একান্ত কেউ জানতে চাইলে আলিমদের শরণাপন্ন হতে দোষ নেই। (অনুবাদক)
৪. সহিহুল বুখারি ৫১৯৬, সহিহু মুসলিম: ২৭৩৬।
৫. সিফাতুস সাফওয়াহ: ৩/২৭৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00