📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 বিধবা ও এতিমদের অভিভাবকত্ব গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ করতেন

📄 বিধবা ও এতিমদের অভিভাবকত্ব গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ করতেন


সাহল বিন সাদ (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত ও মধ্যমা আঙুলের মাধ্যমে ইশারা করে ইরশাদ করেছেন:
'আমি ও এতিমের অভিভাবক জান্নাতে এভাবে (এ দুই আঙুলের মতো পাশাপাশি) থাকব।'¹
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
'বিধবা ও নিঃস্বদের (ভরণপোষণের) পেছনে যে মেহনত করে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো। (বর্ণনাকারী বলেন, আমার যতদূর ধারণা, তিনি আরও বলেছেন) বিরামহীন নফল নামাজ আদায়কারীর মতো এবং প্রতিদিন রোজা রাখে এমন ব্যক্তির মতো।'²

টিকাঃ
১. সহিহুল বুখারি: ৫৩০৪।
২. সহিহুল বুখারি ৫৩৫৩, সহিহু মুসলিম: ২৯৮২।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 কষ্ট লাঘব করতে বিপদগ্রস্তকে অর্থ-সম্পদ দান করতেন

📄 কষ্ট লাঘব করতে বিপদগ্রস্তকে অর্থ-সম্পদ দান করতেন


তায়িফ বিজয়ের পর মক্কাবাসীকে তিনি অনেক মাল দান করেছিলেন। যার ফলে আনসারদের মনে কিছুটা অসন্তোষভাবও এসেছিল।
আনাস বিন মালিক (রা) বর্ণনা করেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কিছু লোককে একত্র করে বললেন:
'কুরাইশরা সদ্য জাহিলিয়াত পরিত্যাগকারী এবং দুর্দশাগ্রস্ত। (যেমন: তাদের প্রিয়জনদের হত্যা করা হয়েছে এবং তাদের দেশ জয় করা হয়েছে) তাই আমি তাদের অনুদান দিয়ে তাদের মন জয় করার ইচ্ছা করেছি।'¹

টিকাঃ
১. সহিহুল বুখারি: ৪৩৩৪।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 আল্লাহর রাস্তায় সমুদয় সম্পদ হারিয়ে ফেলেছে—এমন লোককে সান্ত্বনা দিতেন

📄 আল্লাহর রাস্তায় সমুদয় সম্পদ হারিয়ে ফেলেছে—এমন লোককে সান্ত্বনা দিতেন


সুহাইব রুমি (রা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশে বেরিয়ে পড়লেন। তাঁর সাথে আবু বকর (রা)-ও বের হলেন। আমার তাঁর সাথে বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কুরাইশের একদল যুবক আমাকে বাধা দিল। ওই রাতটি আমি একদম না বসে দাঁড়িয়ে থেকে কাটালাম। তারা বলল, "আল্লাহ তাআলা তাকে তার পেটের কল্যাণে তোমাদের থেকে নির্লিপ্ত রেখেছেন।” আমি তাদের কাছে কষ্টের অভিযোগ করিনি। অতঃপর তারা ঘুমিয়ে পড়লে আমি বেরিয়ে পড়লাম। কিন্তু যাত্রা শুরু করতেই কিছু লোক এসে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইল। আমি তাদের বললাম, "আমি যদি তোমাদের কয়েক আউন্স স্বর্ণ দিই, তোমরা কি আমার পথ ছেড়ে দেবে?" তারা সম্মত হলো, ফলে আমি তাদের সাথে মক্কায় ফিরে গেলাম। তারপর বললাম, "চৌকাঠের নিচে খনন করো, এখানে কয়েক আউন্স আছে; তারপর অমুক মেয়ের কাছে গিয়ে তার গহনা নিয়ে নাও।" এই বলে আমি বেরিয়ে পড়লাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে রওনা দেওয়ার পূর্বেই আমি সেখানে গিয়ে তাঁর সাথে মিলিত হলাম। আমাকে দেখে তিনি বললেন, "আবু ইয়াহইয়া, তোমার এ বিক্রি খুব লাভজনক হয়েছে।" আমি বললাম, "আমার পূর্বে তো আপনার কাছে কেউই আসেনি। তাহলে নিশ্চয় জিবরিল (আলাইহিস সালাম)-ই আপনাকে এ সম্পর্কে অবহিত করেছেন।" তখন আল্লাহ তাআলা সুহাইব (রা) সম্পর্কে আয়াত নাজিল করলেন-
'আর মানুষের মাঝে এক শ্রেণির লোক রয়েছে, যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান।'¹-²

টিকাঃ
১. সুরা আল-বাকারা, ২: ২০৭।
২. মুসতাদরাকুল হাকিম: ৫৭০৬।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 আর্থিকভাবে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাদাকা দিতে নির্দেশ করতেন

📄 আর্থিকভাবে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাদাকা দিতে নির্দেশ করতেন


আবু সাইদ খুদরি (রা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় এক ব্যক্তি ফল ব্যবসায় চরম মার খেলেন। এতে তার কর্জ অনেক বেড়ে গেল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
'ওকে সাদাকা দাও।'
লোকজন তাকে সাদাকা দান করলেন, কিন্তু তা তার পুরো ঋণ পরিশোধের জন্য যথেষ্ট হয়নি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাওনাদারদের বললেন:
'যা পেয়েছ, তা নিয়ে নাও। এর চেয়ে বেশি পাবে না।'¹
অর্থাৎ এই মুহূর্তে এগুলো ছাড়া আপাতত আর পাবে না। আর যতদিন তার সচ্ছলতা আসছে না, তোমাদের জন্য তাকে ঋণ আদায়ে চাপ দেওয়া বৈধ নয়।²

টিকাঃ
১. সহিহু মুসলিম: ১৫৫৬।
২. ইমাম নববি কৃত শারহু সহিহি মুসলিম: ১০/২১৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00