📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 মৃত্যুশয্যায় নামাজ ও দাস-দাসীদের ব্যাপারে নসিহত করেছেন

📄 মৃত্যুশয্যায় নামাজ ও দাস-দাসীদের ব্যাপারে নসিহত করেছেন


আনাস বিন মালিক (রা) বলেন, 'মৃত্যুর পূর্বমুহূর্তে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেষ নসিহত ছিল, "নামাজ ও দাস-দাসীদের ব্যাপারে যত্নবান হও।"'¹
'নামাজ'-অর্থাৎ নামাজকে আঁকড়ে ধরো, নামাজের প্রতি যত্নবান হও এবং তাতে কখনো গাফিলতি কোরো না।
'দাস-দাসী'-অর্থাৎ তাদের অধিকারসমূহ আদায় করে দাও এবং তাদের সাথে উত্তম ব্যবহার করো।²
আলি বিন আবু তালিব (রা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্বশেষ কথা ছিল:
'নামাজের প্রতি যত্নবান হও এবং তোমাদের মালিকানাধীন বিষয়সমূহের ব্যাপারে আল্লাহকে ভয় করো।'³
'তোমাদের মালিকানাধীন বিষয়সমূহের ব্যাপারে আল্লাহকে ভয় করো'-নিহায়া (৪/৭৮৯) গ্রন্থে বলা হয়েছে, এই হাদিসে দাস-দাসীদের সাথে নম্র ব্যবহার ও তাদের দায়িত্ব সহজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর কেউ কেউ বলেছেন, এই হাদিসে মালিকানাধীন সম্পদ থেকে জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রসিদ্ধ মত হলো, এখানে মালিকানাধীন বিষয়সমূহ বলতে দাস-দাসীদের বোঝানো হয়েছে। আর তাদের আলোচনাকে নামাজের আলোচনার সাথে মিলিয়ে আনার কারণ হলো, যেন এ কথা স্পষ্ট হয়ে যায় যে, নামাজ ত্যাগ করার কোনো অবকাশ যেমন নেই, অনুরূপ দাস-দাসীদের খোরপোশ না দেওয়ারও কোনো সুযোগ নেই। কোনো কোনো আলিম এই বিধানে দাস-দাসীদের সাথে অবুঝ চতুষ্পদ জন্তুদেরও অন্তর্ভুক্ত করেছেন।⁴

টিকাঃ
১. সুনানু ইবনি মাজাহ: ২৬৯৭।
২. হাশিয়াতুস সিনদি: ৩/৩৯৭।
৩. সুনানু আবি দাউদ: ৫১৫৬।
৪. আওনুল মাবুদ: ১৪/৪৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00