📘 যেমন ছিলেন তিনি ﷺ 📄 খাদিমের প্রতি খুবই উদার ছিলেন

📄 খাদিমের প্রতি খুবই উদার ছিলেন


আনাস বিন মালিক (রা) বর্ণনা করেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁর কোনো খাদিম ছিল না। আবু তালহা (রা) যখন মদিনায় আসলেন, আমার হাত ধরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আমাকে নিয়ে গেলেন। অতঃপর বললেন, "ইয়া রাসুলাল্লাহ, আনাস খুব বিচক্ষণ বালক। তাকে আপনার খাদিম হিসেবে গ্রহণ করুন।"'
আনাস (রা) বলেন, 'এরপর থেকে নয় বছর বা দশ বছর পর্যন্ত ঘরে বা সফরে আমি তাঁর খিদমত করেছি। তিনি কখনো আমাকে "উফ” বলেননি। আমি কোনো (ভুল) কাজ করলে কখনো বলেননি, "তুমি এমন কাজ কেন করেছ?" আর কোনো কাজ না করলে আমাকে বলেননি, "এই কাজ কেন করোনি?"'
অন্য বর্ণনায় এসেছে, 'আমার থেকে কোনো কাজ ছুটে গেলে তিনি কখনো বলেননি, "এটা ছুটে গেছে কেন?"'¹
দশ বছর নিছক কয়েকটি দিন বা মাসের সমষ্টি নয়; বরং অনেক দীর্ঘ একটা সময়। এ সময়ে মানুষের মানসিক অবস্থার কত পরিবর্তন ঘটে। কিন্তু তা সত্ত্বেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে ধমকাননি কিংবা শাসাননি।
লক্ষণীয় বিষয়:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহনশীলতা, ক্ষমা ও সকল উন্নত গুণাবলির মূর্তপ্রতীক।
খাদিমের কোনো ভুল হয়ে গেলে তাকে শাস্তি না দেওয়া উচিত। কারণ, শাস্তি দিলে ভবিষ্যতে সে আপনার কথা মানতে চাইবে না।
খাদিমের ভুলের কারণে তাকে শাস্তি না দিয়ে তার মন জয় করে নেওয়া ভালো। তবে শরিয়তের আবশ্যকীয় বিষয়াবলির ক্ষেত্রে অবহেলা করলে ক্ষমা করা যাবে না। কেননা, তখন বিষয়টা সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের আওতায় পড়ে।²

টিকাঃ
১. সহিহুল বুখারি: ২৭৬৮, সহিহু মুসলিম: ২৩০৯।
২. ফাতহুল বারি: ১০/৪৬০।

📘 যেমন ছিলেন তিনি ﷺ 📄 খাদিম ভুল করলে কাউকে প্রথমকাতেইও দিতেন না

📄 খাদিম ভুল করলে কাউকে প্রথমকাতেইও দিতেন না


আনাস বিন মালিক (রা) বলেন, 'দশ বছর যাবৎ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমত করেছি। এ দীর্ঘ সময়ে কখনো এমন হয়নি যে, তিনি আমাকে কোনো কাজের আদেশ করেছেন আর আমি তাতে শিথিলতা করেছি বা তা বরবাদ করে দিয়েছি, ফলে তিনি আমাকে গালি দিয়েছেন। তদুপরি, আমার পরিবারের কেউ আমাকে গালি দিলে তিনি বলতেন, "তাকে ছেড়ে দাও। তাকদিরে যা হওয়ার ছিল, তা-ই হয়েছে (এতে তার কী দোষ)।”'¹

টিকাঃ
১. মুসনাদু আহমাদ: ১৩০০৫।

📘 যেমন ছিলেন তিনি ﷺ 📄 খাদিম অপছন্দ হলে জুলুম হওয়ার ভয়ে তাকে ছেড়ে দিতে বলতেন

📄 খাদিম অপছন্দ হলে জুলুম হওয়ার ভয়ে তাকে ছেড়ে দিতে বলতেন


আবু জার (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
'দাস-দাসীদের মধ্যে যার কাজকর্ম তোমাদের পছন্দ হয়, তাকে সেই মানের খাবার খাওয়াও, যেই মানের খাবার তোমরা খাও এবং সেই মানের পোশাক পরিধান করাও, যেই মানের পোশাক তোমরা পরিধান করো। আর তাদের মধ্যে যাকে তোমাদের ভালো না লাগে, তাকে বিক্রি করে দাও এবং আল্লাহর মাখলুককে (অনর্থক) শাস্তি দিয়ো না।'¹
সুতরাং কোনো ড্রাইভার বা কর্মচারী যদি মনমতো না হয় বা তার সাথে কোনোভাবে মানিয়ে চলা সম্ভব না হয়, তবে তাকে বিদায় করে দেওয়া ভালো। এতে তার প্রতি অন্যায় ও তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা যাবে।

টিকাঃ
১. সুনানু আবি দাউদ: ৫১৬১।

📘 যেমন ছিলেন তিনি ﷺ 📄 খাদিমকে কখনো মারধর করেননি

📄 খাদিমকে কখনো মারধর করেননি


আয়িশা (রা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোনো খাদিম বা স্ত্রীকে কখনো প্রহার করেননি।'¹

টিকাঃ
১. সহিহু মুসলিম: ২৩২৮।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية