📄 আনসার প্রতিবেশী
ইবনে হাজার (রহ) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনসার প্রতিবেশী ছিলেন, সাদ বিন উবাদা (রা), আব্দুল্লাহ বিন আমর বিন হারাম (রা) (জাবিরের পিতা), আবু আইউব আনসারি (রা), আসআদ বিন জুরারা (রা)।'
ইবনে হাজার (রহ) আরও বলেন, 'ইবনে সাদ (রহ) তাবাকাতুন নিসা-তে বর্ণনা করেন, মুমিন-জননী উম্মে সালামা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে যে সকল আনসার অধিক পরিমাণে উপহার পাঠাতেন, তারা হচ্ছেন সাদ বিন উবাদা (রা), সাদ বিন মুআজ (রা), উমারাহ বিন হাজম (রা), আবু আইউব (রা)। কারণ, তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটতম প্রতিবেশী ছিলেন।'
টিকাঃ
৪৭১. তাবাকাতু ইবনি সাদ: ৮/১৬৩, ফাতহুল বারি: ৫/২০৬। এ হাদিসের সনদে ওয়াকিদি (রহ) নামের একজন রাবি আছে। যাকে হাদিস বিশারদগণ কাজ্জাব অভিধাযুক্ত করেছেন।
📄 নাজ্জার গোত্র রাসূল ﷺ-এর প্রতিবেশী হওয়ার সৌভাগ্যে গৌরববোধ করত
আনাস (রা) বলেন, 'একবার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একদল বালিকা দফ বাজাচ্ছে আর গান গাইছে-
نَحْنُ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارِ *** يَا حَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارِ
'আমরা বনু নাজ্জারের বালিকা-দল! বাহ, কী চমৎকার! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের প্রতিবেশী।'
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আল্লাহ জানেন, আমি তোমাদের ভালোবাসি।"'
আয়িশা (রা) এ সকল প্রতিবেশীর প্রশংসা করে বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কতক আনসার প্রতিবেশী ছিলেন। তারা সত্যিকার অর্থেই প্রতিবেশী ছিলেন। তাদের হাদিয়ার পশু ছিল। তারা দুধ দোহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা-ই পান করাতেন।'
'হাদিয়ার পশু' বলে বোঝানো হচ্ছে, এমন সব পশু যেগুলোকে মালিক কিছুদিনের জন্য অন্যকে হাদিয়াস্বরূপ দিয়ে দেয়। আর সে পশুর দুধ, বাচ্চা ও পশম থেকে লোকটি উপকৃত হয়। তারপর নির্দিষ্ট সময় পর মালিককে আবার ফেরত দেয়।
টিকাঃ
৪৭২. সুনানু ইবনি মাজাহ ১৮৯৯। হাদিসের মান: সহিহ।
৪৭৩. সহিহুল বুখারি: ২৫৬৭, সহিহু মুসলিম: ২৯৭২।
📄 মুহাজির প্রতিবেশী
নাজ্জার গোত্রের প্রতিবেশীরা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কয়েকজন মুহাজির প্রতিবেশী ছিল। তাঁরা হলেন, আবু বকর (রা), আলি (রা), আব্বাস (রা) প্রমুখ সাহাবি (রা)।
📄 মক্কার প্রতিবেশীরা রাসূল ﷺ-কে কষ্ট দিত
ইবনে ইসহাক (রহ) বলেন, 'মক্কায় যেসব লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কষ্ট দিত, তারা হচ্ছে, আবু লাহাব (রহ), হাকাম বিন আস বিন উমাইয়া (রহ), উকবা বিন আবু মুআইত (রহ), আদি বিন হামরা সাকাফি (রহ), ইবনে আসদা হুজালি (রহ) প্রমুখ। এরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতিবেশী। তবে হাকাম বিন আবুল আস (রহ) তাঁকে কষ্ট দিত না।'
তাদের কেউ এসে সদ্য প্রসব করা ছাগলের নাড়িভুঁড়ি এনে নামাজ পড়া অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁর দরোজার সামনে দাঁড়িয়ে বলতেন, "হে আব্দে মানাফের গোত্র! এটা কোন ধরনের প্রতিবেশিত্ব?!"'
টিকাঃ
৪৭৪. তাহজিবু সিরাতি ইবনি হিশাম ১/১২১।