📄 তাদের জন্য রহমতের দোয়া করতেন
উসামা বিন জাইদ (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উঠিয়ে তাঁর এক উরুর ওপর বসাতেন। অপর উরুতে বসাতেন হাসানকে (রা)। এরপর উভয়কে জড়িয়ে ধরে দোয়া করতেন, "হে আল্লাহ, আপনি এ দুজনের ওপর রহম করুন, কারণ আমি এ দুজনকে ভালোবাসি।"'
টিকাঃ
৪০৫. সহিহুল বুখারি: ৬০০৩।
📄 উপহারের একটি অংশ নাতিরাও পেত
উপহার মানুষের মনকে প্রফুল্ল করে। বিশেষ করে শিশুদের মনকে আনন্দে বিহ্বল করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপহার এলে তিনি উপহারের একটা অংশ নাতিদের দিয়ে দিতেন।
আয়িশা (রা) বলেন, 'নাজ্জাশির (রহ) কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য কিছু অলংকার উপহার আসলো। অলংকারের মধ্যে একটি সোনার আংটি ছিল। আংটিতে একটি হাবশি পাথর বসানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে ফিরে কাঠি বা তাঁর আঙুল দিয়ে আংটিটি তুলে ধরলেন। এরপর আবুল আস (রা) ও জাইনাবের (রা) ঘরের রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতনি উমামাকে (রা) ডাক দিয়ে বললেন, "প্রিয় কন্যা, এটি পরো।"'
টিকাঃ
৪০৬. সুনানু আবি দাউদ: ৪২৩৫, সুনানু ইবনি মাজাহ ৩৬৪৪। হাদিসের মান: হাসান।
📄 ছোটবেলা থেকেই নাতিদের হারাম বর্জনের শিক্ষা দিতেন
আবু হুরাইরা (রা) বলেন, 'হাসান বিন আলি (রা) সাদাকার খেজুর হতে একটি খেজুর তুলে নিয়ে মুখে পুরে দিলেন। সাথে সাথে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "কাখ, কাখ” বলে উঠলেন যেন হাসান (রা) খেজুরটা ফেলে দেয় মুখ থেকে।'
এরপর বললেন, "তুমি কি জানো না যে, আমরা সাদাকা খাই না?"'
'এ হাদিস থেকে প্রতীয়মান হয়, বড়রা যে জিনিস থেকে বেঁচে থাকে, ছোটদেরও সে জিনিস পরিহার করতে হবে। আর এ বুঝটা ছোটদের প্রদান করা বড়দের ওপর ওয়াজিব দায়িত্ব।'
শিশুদের উপকারী কথা ও কাজ শেখাতে হবে। যদিও তারা শরিয়তের বিধান মানার বাধ্যবাধকতার বয়সের নয়, তবুও হারামের মতো ক্ষতিকর কথা ও কাজ করতে নিষেধ করতে হবে তাদের।'
টিকাঃ
৪০৭. সহিহুল বুখারি: ১৪১৯, সহিহু মুসলিম: ১০৬৯।
৪০৮. ইমাম নববি (রহ) কৃত শারহু সহিহি মুসলিম: ৭/১৭৫, ফাতহুল বারি: ৩/৩৫৫।
📄 সন্তান কৃপণতা ও কাপুরুষতার কারণ
ইয়ালা আমিরি (রা) বলেন, 'হাসান (রা) ও হুসাইন (রা) দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকে এগিয়ে এল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকেই জড়িয়ে নিলেন বুকের মাঝে। এরপর বললেন, "সন্তান কৃপণতা ও কাপুরুষতার কারণ।"'
'অর্থাৎ শিশু সন্তানের কারণে মানুষ কৃপণতা করে। সন্তানের ভালোবাসাই বাবাকে কৃপণতার দিকে ঠেলে দেয়। সন্তানের প্রতি মায়ার কারণেই মানুষ কাপুরুষ হয়ে যায়, ভীরু হয়ে পড়ে।'
এ হাদিস থেকে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান-হুসাইনকে (রা) অনেক বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদের দুজনকে জড়িয়ে ধরলেন। এরপর যা বলার বললেন।
এই ছিল নাতিদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আচরণের কিছু আলোচনা। নাতিদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্নেহ ও ভালোবাসার সংক্ষিপ্ত একটি চিত্র উঠে এসেছে এখানে।
টিকাঃ
৪০৯. সুনানু ইবনি মাজাহ ৩৬৫৬। হাদিসের মান: সহিহ।
৪১০. হাশিয়াতুস সিনদি: ৭/৭২।