📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নাতির মুখ থেকে লালা ঝরলে অস্বস্তি বোধ করতেন না

📄 নাতির মুখ থেকে লালা ঝরলে অস্বস্তি বোধ করতেন না


আবু হুরাইরা (রা) বলেন, 'আমি দেখলাম, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে (রা) কাঁধে বহন করে আছেন। ওদিকে হাসানের (রা) মুখের লালা ঝরছে তাঁর গায়ে।'

টিকাঃ
৩৯৯. সুনানু ইবনি মাজাহ ৬৮৫। হাদিসের মান: সহিহ।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নাতি হাসান -এর ঠোঁটে চুমু খেতেন

📄 নাতি হাসান -এর ঠোঁটে চুমু খেতেন


মুআবিয়া (রা) বলেন, 'আমি দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের (রা) জিহ্বা বা ঠোঁটে চুমু দিচ্ছেন। আর সে জিহ্বা বা ঠোঁট কখনো আজাব প্রাপ্ত হবে না, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন।'

টিকাঃ
৪০০. মুসনাদু আহমাদ: ১৬৪০৬। হাদিসের মান: সহিহ।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নাতিদের নিয়ে বাহনে চড়তেন

📄 নাতিদের নিয়ে বাহনে চড়তেন


আব্দুল্লাহ বিন জাফর (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে এলে পরিবারের শিশুদের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হতো। একবার তিনি সফর থেকে ফিরলে আমাকে এগিয়ে দেওয়া হলো স্বাগত জানানোর জন্য। তিনি আমাকে তাঁর সামনে বসিয়ে নিলেন বাহনে। এরপর ফাতিমার (রা) কোনো এক ছেলে আসলে তাকে পেছনে বসিয়ে নিলেন।'

ইয়াস (রা) থেকে বর্ণিত আছে, তার পিতা সালামাহ (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাদা খচ্চরটির ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তাঁর দুই নাতি হাসান-হুসাইন (রা) বসা ছিলেন। আমি খচ্চরকে টেনে তাঁর ঘরে প্রবেশ করালাম। তখন হাসান-হুসাইনের (রা) একজন তাঁর সামনে আরেকজন তাঁর পেছনে বসা ছিল।'

টিকাঃ
৪০১. সহিহু মুসলিম: ২৪২৮।
৪০২. সহিহু মুসলিম: ২৪২৩।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 শিশুদের সাথে হাসাহাসি ও খেলাধুলা করতেন

📄 শিশুদের সাথে হাসাহাসি ও খেলাধুলা করতেন


সাইদ বিন আবু রশিদ (রহ) বর্ণনা করেন, ইয়ালা বিন মুররা (রা) তাকে বলেন, 'একবার তারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে খাওয়ার দাওয়াতে বের হলেন। তখন হুসাইন (রা) সরু গলির মধ্যে খেলছিলেন।'

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গিয়ে হাত বাড়ালেন। কিন্তু হুসাইন (রা) এদিক সেদিক ছুটোছুটি করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসাতে হাসাতে ধরে ফেললেন। তার চোয়ালের নিচে এক হাত রেখে, আরেক হাত তার মাথার পেছনে রেখে তাকে চুমু খেলেন। বললেন, "হুসাইন (রা) আমার থেকে। আমি হুসাইনের (রা) থেকে। যে হুসাইনকে (রা) ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। হুসাইন (রা) একাই একটি জাতি।"'

"হুসাইন (রা) আমার থেকে। আমি হুসাইনের (রা) থেকে।"-অর্থাৎ আমাদের এমন গাঢ় সম্পর্ক বিদ্যমান যে, আমাদের একজন অন্যজনের অংশ বললে অত্যুক্তি হবে না।

"হুসাইন (রা) একাই একটি জাতি।"-অর্থাৎ কল্যাণজনক দল। যারা কল্যাণের কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথাটি ইঙ্গিত করে যে, হুসাইনের (রা) মাধ্যমে একটি সম্প্রদায় গড়ে উঠবে। তার সন্তানসন্ততি অনেক হবে। তার বংশধর অনেক হওয়ার সাথে সাথে দীর্ঘস্থায়ী হবে তার বংশধারা। আর বাস্তবেই এমনটি হয়েছে।'

টিকাঃ
৪০৩. সুনানু ইবনি মাজাহ ১৪৪। সংক্ষিপ্ত বর্ণনাকারে এসেছে-সুনানুত তিরমিজি: ৩৭৭৫। হাদিসের মান: সহিহ।
৪০৪. তুহফাতুল আহওয়াজি ১০/১৭৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00