📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূল ﷺ-এর সন্তানসন্ততি

📄 রাসূল ﷺ-এর সন্তানসন্ততি


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পুত্র-সন্তান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছেলে-সন্তান ছিল তিনজন—কাসিম (রা), আব্দুল্লাহ (রা) ও ইবরাহিম (রা)। এ ছাড়া তাইয়িব ও তাহির দুটি নামও পাওয়া যায় তাঁর ছেলেদের। তবে বিশুদ্ধ কথা হচ্ছে, তাইয়িব ও তাহির দুটি নামই আব্দুল্লাহর (রা) উপাধি।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সকল ছেলেই কম বয়সে মৃত্যুবরণ করেন।

কাসিম (রা): মক্কায় মৃত্যুবরণ করেন দুবছর কয়েক মাস বয়সে। কাসিমের (রা) নামানুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুনিয়াত হয় আবুল কাসিম। কাসিম (রা) ছিলেন খাদিজা (রা)-এর গর্ভজাত সন্তান।

আব্দুল্লাহ (রা): রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবুওয়াত লাভের পর জন্ম হয়েছিল তার। মক্কায় তিনি মৃত্যুবরণ করেন। তিনিও খাজিদা (রা)-এর গর্ভের সন্তান।

ইবরাহিম (রা): তার মায়ের নাম মারিয়া কিবতিয়া (রা)। মদিনায় ৮ম হিজরির জিলহজ মাসে জন্মগ্রহণ করেন। আর ১৭ কি ১৮ মাস বয়সে মৃত্যুবরণ করেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা-সন্তান
আল্লাহ তাআলা চারজন কন্যা-সন্তান দান করেছেন তাঁকে। তাঁরা হচ্ছেন-জাইনাব (রা), রুকাইয়া (রা), উম্মে কুলসুম (রা) ও ফাতিমা (রা)। সবাই একই মায়ের সন্তান। সবার জন্ম খাদিজা (রা)-এর গর্ভে।

জাইনাব (রা): রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রথম মেয়ে। তাঁর বিয়ে হয় আবুল আস বিন রাবি'র (রা) সাথে।

রুকাইয়া (রা): রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দ্বিতীয় কন্যা-সন্তান। ইসলাম-পূর্ব যুগে উতবা বিন আবু লাহাবের সাথে বিয়ে হয় তাঁর। কিন্তু উতবার সাথে বাসর হওয়ার আগেই উতবা তালাক দিয়ে দেয় রুকাইয়া (রা)-কে। এরপর তাঁকে বিয়ে করেন উসমান বিন আফফান (রা)। উসমান (রা)-এর সাথে তিনি হিজরত করেন হাবশায়। পরবর্তীকালে হিজরত করেন মদিনায়।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর অভিযানের জন্য প্রস্তুত হচ্ছিলেন, রুকাইয়া (রা) অসুস্থ হয়ে পড়েন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন আফফান (রা)-কে মদিনায় রেখে যান তাঁর দেখাশোনার জন্য। রমাজানেই তিনি ইনতিকাল করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিযানে ব্যস্ত।

উম্মে কুলসুম (রা): রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তৃতীয় কন্যা। রুকাইয়া (রা)-এর মৃত্যুর পর উসমান (রা) উম্মে কুলসুমকে (রা) বিয়ে করেন। তিনিও মৃত্যুবরণ করেন উসমান (রা)-এর বিবাহ বন্ধনে থাকাবস্থায়।

ফাতিমা (রা): রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চতুর্থ ও কনিষ্ঠ কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মেয়েদের মধ্যে তিনিই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্বাধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যখন ৪১ বছর বয়স, তখন জন্মগ্রহণ করেন ফাতিমা (রা)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুর ৬ মাস পর মৃত্যুবরণ করেন ফাতিমা (রা)। তাঁর বিয়ে হয়েছিল আলি বিন আবু তালিব (রা)-এর সাথে।

টিকাঃ
৩১২. জাদুল মাআদ: ১/১০১।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 সন্তানদের সুন্দর নাম রাখতেন

📄 সন্তানদের সুন্দর নাম রাখতেন


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সন্তানদের নামের প্রতি লক্ষ করলেই বোঝা যায়, সুন্দর এ নামগুলো তিনি বাছাই করেছেন বেশ যত্নের সাথে। সন্তানদের সুন্দর নাম রাখার প্রতি উৎসাহ দিতেন তিনি। যাদের নাম অসুন্দর হতো, তাদের নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখতেন।

সুফইয়ান সাওরি (রহ) বলেন, 'বলা হতো, পিতার ওপর সন্তানের অধিকার হচ্ছে, পিতা সন্তানের সুন্দর একটি নাম রাখবে, সন্তান বালেগ হলে তাকে বিয়ে দেবে, তাকে হজ করাবে এবং সন্তানকে উত্তম আদব শেখাবে।'

যেদিন ইবরাহিমের (রা) জন্ম, সেদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাম রাখেন। আনাস (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সকালে বলেন, "আমার একটি সন্তান জন্ম নেয় রাতে। আমি তার নাম রাখলাম আমার পিতা ইবরাহিমের (রা) নামে।"'

টিকাঃ
৩১৩. ইবনে আবিদ দুনিয়া (রহ) কৃত কিতাবুল ইয়াল: ১৭১।
৩১৪. সহিহু মুসলিম: ২৩১৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00