📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 স্ত্রীদের ব্যাপারে তিনি ছিলেন গায়রতের অধিকারী

📄 স্ত্রীদের ব্যাপারে তিনি ছিলেন গায়রতের অধিকারী


আয়িশা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের কাছে একজন মুখান্নাস (মেয়েলি পুরুষ) আসত। সবাই তাকে পুরুষত্বহীন মনে করত। একদিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে উপবিষ্ট। মুখান্নাসটি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো স্ত্রীর ঘরে (উম্মে সালামা (রা)-এর ভাই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া (রা)-কে) এক মহিলার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলল, "কেননা, সে এতই কমনীয় যে, যদি সে সম্মুখপানে আসে, তবে তার পেটের সামনের দিকে চার ভাঁজ পড়ে। আর পেছন ফিরে গেলে আট ভাঁজ পড়ে।" তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এ তো বেশ বর্ণনা দিতে পারে। তোমরা একে তোমাদের কাছে আর আসতে দেবে না।" এরপর থেকে তার সাথে পর্দা করা হতো।'

'প্রথমে সবাই মনে করেছিল এ ব্যক্তিটি পুরুষত্বহীন, তার যৌনকামনা নেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের কাছে আসার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু যখন তার কাছ থেকে এমন বিবরণ শোনা গেল, তখন জানা গেল যে, আসলে সে তাড়নাহীন নয়। একজন নারীর এমন কামনাসক্তকারী বর্ণনা যে দিতে পারে, তার মাঝে নারীর প্রতি আকর্ষণ অবশ্যই আছে। তা ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করলেন, এ লোক বাইরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের বর্ণনা দেবে। এটা পর্দার অর্থের একরকম বিপরীত হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্ত্রীদের ঘরে আসতে নিষেধ করে দিলেন।'

এ হাদিস প্রমাণ করে, যে ব্যক্তি নারীর বর্ণনা প্রকাশ করে আদতে তাকে দেখা দেওয়া জায়িজ হলেও এ দোষটির কারণে তার থেকে দূরে থাকতে হবে।'

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গায়রতের অধিকারী। ছিলেন নিজ স্ত্রী-কন্যাদের ব্যাপারে প্রবল আত্মসম্মানের অধিকারী। কিন্তু আজকালকার পুরুষরা যেন তাদের পৌরুষই হারিয়ে বসেছে! তারা নিজেদের স্ত্রী, বোন ও মেয়েদের পরপুরুষদের সাথে ছেড়ে দিচ্ছে। 'জাস্ট ফ্রেন্ড', 'ফ্রেন্ড লাইক এ ব্রাদার' ইত্যাদির বেড়াজালে পড়ে যাচ্ছে। তার ঘরের নারী অন্যের সাথে ঘুরছে; অথচ তার আত্মসম্মানে ঘা লাগে না এতটুকুও। এ কেমন পুরুষ?

টিকাঃ
২৭৩. সহিহুল বুখারি: ৪৩২৪, সহিহু মুসলিম: ২১৮১।
২৭৪. ফাতহুল বারি: ৯/৩৩৬।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূল ﷺ নিজ স্ত্রীদের ব্যাপারে সুধারণা রাখতেন

📄 রাসূল ﷺ নিজ স্ত্রীদের ব্যাপারে সুধারণা রাখতেন


আনাস (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে রাতের বেলা কখনো তাঁর স্ত্রীর কাছে আসতেন না। তিনি সকাল বা গোধূলি বেলায় ঘরে আসতেন।'

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরও (রা) নিষেধ করতেন, যেন তারা রাতের বেলা ঘরে না আসে। জাবির বিন আব্দুল্লাহ (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কেউ যেন স্ত্রীর বিশ্বাসঘাতকতা যাচাই বা তার পদস্খলন যাচাইয়ের জন্য সফর থেকে ফিরে রাতের বেলা নিজ পরিবারের কাছে না আসে।'

'বিশ্বাসঘাতকতা যাচাই'- তথা স্ত্রী স্বামীর পেছনে কী করে, তা যাচাই করা; অনুপস্থিতিতে স্ত্রী তাকে ধোঁকা দেয় কি না, তা যাচাই করা। তাই যার সফর লম্বা হঠাৎ করেই রাতের বেলা ঘরে এসে তার উপস্থিত হওয়া অপছন্দনীয়। অন্যদিকে যার সফর কাছে ধারে কোথাও, স্ত্রীর মনেও স্বামীর শীঘ্র আগমন সম্পর্কে সম্ভাবনা জাগে-এ অবস্থায় রাতের বেলা ঘরে আসতে কোনো বাধা নেই।

ইবনে হাজার (রহ) বলেন, 'এ হাদিস মানুষের একে অন্যের মাঝে প্রেম-ভালোবাসার বন্ধন রক্ষার ব্যাপারে জোর উৎসাহ দেয়। আর যখন স্বামী ও স্ত্রীর ব্যাপারটি আসে, তখন তার গুরুত্ব বেড়ে যায় আরও বেশি। অধিকাংশ ক্ষেত্রে, স্বামী-স্ত্রী উভয়ে একে অন্যের সকল বিষয়-আশয় জানে। তাদের পরস্পরের কাছে নিজেদের কোনো দোষ-গুণ ও অভ্যাস লুক্কায়িত থাকে না মোটেও। শরিয়ত নিষেধ করেছে রাতের আগমন বিষয়ে। কারণ রাতের আগমনের ফলে স্ত্রী মনে করতে পারে স্বামী তার ব্যাপারে বিরূপ ধারণা রাখে। ফলে তাদের মধ্যকার মধুর সম্পর্ক পরিণত হবে জটিল সম্পর্কে।'

হঠাৎ করে না আসা এবং ঘরে আসার পূর্বে স্ত্রীকে জানানোর ফলে স্ত্রী তৈরি হওয়ার মতো পর্যাপ্ত সময় পেয়ে যায়।

জাবির বিন আব্দুল্লাহ (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমাদের কেউ যখন রাতের বেলা সফর থেকে ফিরে আসে, তখন যেন সে স্ত্রীর নিকট ততক্ষণ পর্যন্ত না আসে, যতক্ষণ স্ত্রী তার প্রয়োজনীয় ক্ষৌরকর্ম করতে পারে এবং এলোকেশী নারী তার চুল চিরুনি করে নিতে পারে।"'

এ হুকুম তাদের জন্য প্রযোজ্য, যারা দীর্ঘ দিন ঘর থেকে দূরে সফরে ছিল। কারণ, অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যখন তোমরা দীর্ঘ দিন সফরে থেকে বাড়ি থেকে অনুপস্থিত থাকো, রাতের বেলা সফর থেকে ফিরে আসলে রাতেই ঘরে প্রবেশ করবে না।'

ইবনে হাজার (রহ) বলেন, 'এ হাদিসে দীর্ঘ দিন অনুপস্থিতির শর্ত আনার কারণ হচ্ছে, যে কারণে রাতের আগমন নিষেধ করা হয়েছে, সে কারণটি ঘটলে স্বামীর দীর্ঘ দিন অনুপস্থিতির মাঝেই ঘটতে পারে। আর হুকুমও কারণ তথা ইল্লতকে আবর্তন করে হয়।'

অন্যদিকে, কেউ যদি কোনো কাজে দিনের বেলা বের হয় বাড়ি থেকে আর রাত নাগাদ ফিরে আসার সম্ভাবনা থাকে, তবে এ সফরটি দীর্ঘ দিনের অনুপস্থিতির হুকুমে পড়বে না।

দীর্ঘ দিন অনুপস্থিতিতে স্ত্রী ধারণা থাকবে না স্বামী কখন আসে। তাই এ সময়টাতে হয়তো স্ত্রী অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকবে, স্বামীকে স্বাগত জানানোর মতো প্রস্তুতি তার থাকবে না। অথচ স্ত্রীর কাছে স্বামীর চাওয়া থাকে, স্বামীর জন্য স্ত্রী সেজেগুজে থাকে। কিন্তু দীর্ঘ দিনের সফর শেষে স্বামী হঠাৎ এসে যদি স্ত্রীকে এলোমেলো-অগোচালো দেখে, তখন স্বাভাবিকভাবে তাদের মাঝে ঘৃণার উন্মেষ ঘটার আশঙ্কা থাকে।' অন্যদিকে, স্ত্রীকে যে স্বামী আগমনের সময়ের ব্যাপারে জানিয়ে দেবে, সে স্বামীর ক্ষেত্রে রাতের আগমনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

টিকাঃ
২৭৫. সহিহুল বুখারি: ১৮০০, সহিহু মুসলিম: ১৯২৮।
২৭৬. সহিহুল বুখারি: ১৮০১, সহিহু মুসলিম: ৭১৫।
২৭৭. ফাতহুল বারি: ৯/৩৪১।
২৭৮. সহিহুল বুখারি: ৫২৪৬, সহিহু মুসলিম: ৭১৫।
২৭৯. ফাতহুল বারি: ৯/৩৪।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 স্ত্রীদের ঈর্ষার বিষয়টি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামাল দিতেন

📄 স্ত্রীদের ঈর্ষার বিষয়টি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামাল দিতেন


স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসার টান থাকে। এর ওপর নির্ভরশীল হয় স্ত্রীদের ঈর্ষাপরায়ণতা। স্ত্রী জাতির মধ্যে এ স্বভাবটি বিদ্যমান। এ স্বভাব দিয়েই তাদের সৃষ্টি করা হয়েছে। একটি বর্ণনায় এসেছে, 'আল্লাহ নারীদের মাঝে ঈর্ষাপরায়ণতা অবধারিত করেছেন।' ঈর্ষাপরায়ণতা নারীদের সৃষ্টিগত বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণও এর চেয়ে ভিন্ন ছিলেন না।

আয়িশা (রা) বলেন, 'এক রাতের কথা। সে রাত আমার পালা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিলেন। কিন্তু তিনি বের হয়ে কোথাও গেলেন। আমার তখন ঈর্ষা এসে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার অবস্থা দেখে বললেন, "আয়িশা, তোমার কী হয়েছে? তুমি কী ঈর্ষা করছ?" আমি তখন বললাম, "আমার মতো এক নারী কেন আপনার মতো এক পুরুষকে নিয়ে ঈর্ষাপরায়ণ হবে না?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার কাছে কি তোমার শয়তান এসেছে?" আমি বললাম, "আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে কি শয়তান আছে?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, "হাঁ।" আমি আবার জানতে চাইলাম, "সকল মানুষের সাথেই কি শয়তান থাকে?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, "হাঁ। তবে আল্লাহ তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন। তাই সে মুসলিম হয়ে গেছে।"'

অন্য ঘটনায় আমরা দেখতে পাই মুমিনদের মা আয়িশা (রা)-এর ঈর্ষা তাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছন পেছন যেতে প্ররোচিত করে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান, তা-ই দেখা ছিল তার উদ্দেশ্য।

আয়িশা (রা) বলেন, 'যখন আমার পালা আসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত আমার কাছে থাকতেন, সে রাতে তিনি ঘরে এসে চাদর খুলে রাখতেন। জুতো খুলে পায়ের কাছে রাখতেন। লুঙ্গির এক প্রান্ত বিছিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেন। এরপর ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকতেন, যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ি। এরপর চুপিচুপি চাদর নিতেন, জুতো পরে ধীরে ধীরে দরোজা খুলে বেরিয়ে যেতেন, এরপর চুপচাপ দরোজা লাগিয়ে দিয়ে চলে যেতেন। কিছু সময় বাইরে থাকতেন।'

এমন এক রাতে আমি আমার জামায় মাথা ঢেকে, উড়না পরে, কোমরবন্ধ পরে বের হয়ে পড়লাম তাঁর পিছু পিছু। দেখলাম, যেতে যেতে তিনি জান্নাতুল বাকিতে পৌঁছে গেছেন। সেখানে দাঁড়িয়ে রইলেন দীর্ঘক্ষণ। এরপর তিনবার হাত তুলে দোয়া করলেন। তারপর তিনি ফিরতি পথ ধরলে আমিও ফিরতি পথে চলতে লাগলাম। তিনি দ্রুত হাঁটলে আমিও দ্রুত হাঁটতে থাকলাম। তিনি আরও দ্রুত হাঁটলে আমিও আরও দ্রুত হাঁটতে থাকলাম। তিনি দৌড়ে এলে আমি দৌড়ে এলাম। এভাবে আমি তাঁর আগে আগেই ঘরে এসে শুয়ে পড়লাম।

তিনি ঘরে এলেন। বললেন, "হে আয়িশ, তুমি হাঁপাচ্ছ কেন?"

আমি বললাম, "না, কিছু না।"

তিনি বললেন, "তুমি বলো-না হলে আল্লাহ তো আমাকে বলে দেবেনই।"

"আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার মা-বাবা উৎসর্গ হোক।" বলে আমি সবকিছু তাঁকে জানিয়ে দিলাম।

তিনি বললেন, "তাহলে আমার সামনের কালো ছায়াটি তুমিই ছিলে?"

আমি বললাম, "হাঁ।"

এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে জোরে আঘাত করলেন। আমি ব্যথা পেলাম। তিনি বললেন, "তুমি কি ধারণা করেছিলে যে, আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওপর অবিচার করবেন?" যখন তুমি দেখলে আমি বের হয়েছি, তখন জিবরিল (আ) আমার কাছে এসে ডাক দিলেন। আমি তাঁর ডাকে সাড়া দিলাম। বিষয়টা তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছে, তাই আমিও তোমাকে কিছু বলিনি। তুমি যেহেতু কাপড়ে নিজেকে ঢেকে নিয়েছিলে, তাই তিনি তোমার কাছে আসেননি। আমিও ধারণা করেছিলাম, তুমি ঘুমিয়ে পড়েছ। তোমাকে জাগানো ঠিক মনে করিনি। আশঙ্কা করেছিলাম, তুমি ভয় পাবে। জিবরিল (আ) বললেন, "আপনার প্রভু আপনাকে আদেশ করেছেন বাকি-এর অধিবাসীদের কাছে যাওয়ার জন্য। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য।" আয়িশা (রা) জিজ্ঞেস করলেন, "আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের জন্য কী বলে দোয়া করব?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি বলো:

السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ

"এ জায়গার অধিবাসী মুমিন-মুসলমানের ওপর সালাম বর্ষিত হোক। আমাদের মধ্যে অগ্রগমনকারী ও পশ্চাদ্গমনকারীদের ওপর আল্লাহ রহম করুন। আর আমরাও আল্লাহ চাহে তো অচিরেই তোমাদের সাথে মিলিত হব।"'

আয়িশা (রা) যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সমুন্নত মনের ব্যাপারে সন্দিহান ছিলেন না কখনো। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্য স্ত্রীর প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন তিনি। জীবিত স্ত্রীরা তো বটেই, তাঁর মৃত স্ত্রী খাদিজার (রা) প্রতিও তিনি ঈর্ষাপরায়ণ ছিলেন। যেমন তিনি বলেছেন, 'খাদিজাকে (রা) যতটা আমি ঈর্ষা করেছি, অন্য কারও প্রতি আমার এত ঈর্ষা জাগেনি।'

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঈর্ষাপরায়ণতার ক্ষেত্রে তাদের সাথে প্রজ্ঞার ভিত্তিতে আচরণ করতেন। কিন্তু বর্তমান সময়ের অনেক মানুষকেই আমরা দেখি, স্ত্রীদের ঈর্ষাপরায়ণতার কারণে জিজ্ঞাসিত প্রশ্নের জবাব তো তারা দেয়-ই না; উল্টো স্ত্রীকে ধমক দেয়। মারধর পর্যন্ত করে। ফলে ঈর্ষা থেকে যে সমস্যার উৎপত্তি সেটা বিরাটাকার ধারণ করে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের এমন ঈর্ষার জবাব দিতেন কখনো মুচকি হেসে, কখনো নরম ভাষায় জবাব দিয়ে, কিন্তু যখন বিষয়টি পরিব্যাপ্তিতে বেশি হতো, তখন কখনো তিরস্কার করতেন।

আনাস (রা) বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোনো স্ত্রীর নিকটে ছিলেন। এ সময় তাঁর অন্য এক স্ত্রী একটি থালাতে খাবার পুরে পাঠালেন। কিন্তু যার ঘরে তিনি অবস্থান করছিলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সে স্ত্রী খাদিমের হাতে আঘাত করলে থালাটি মাটিতে পড়ে ভেঙে যায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালার টুকরোগুলো একত্র করতে লাগলেন। তারপর তাতে খাবার উঠাতে লাগলেন। এবং বললেন, "তোমাদের মায়ের ঈর্ষা এসে গেছে।" তিনি খাদিমকে সেখানে দাঁড় করিয়ে রাখলেন এবং তাকে সে স্ত্রীর একটি থালা দিয়ে দিলেন, যার কাছ থেকে খাবার এসেছে তার জন্য। যার থালাটি ভেঙেছিল, তাকে ভালো থালাটি দেওয়া হলো এবং যে ভেঙেছিলেন, তার কাছে ভাঙা থালাটি রয়ে গেল।'

এ হাদিসে স্ত্রীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দয়ার বিষয়টি ফুটে উঠেছে। যে স্ত্রী থালা ভাঙলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধমকও দিলেন না তাকে। তার প্রতি রাগও হলেন না। তাকে একটি শব্দও শুনালেন না। তার ওজর কবুল করলেন। একই সময়ে অন্য স্ত্রীর অধিকারেও কমতি করলেন না তিনি। সে স্ত্রীর থালা ভাঙার জরিমানা নিয়ে দিলেন যে স্ত্রী ভেঙেছেন তার কাছ থেকে।

ইবনে হাজার (রহ) বলেন, 'এ হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছে, ঈর্ষায় বিহ্বল স্ত্রীর ভুল ধরা উচিত নয়। কেননা, এ সময়টাতে ঈর্ষায় রাগের মাথায় স্ত্রীর মস্তিষ্ক অকেজো হয়ে যায়।'

টিকাঃ
২৮০. তাবারানি: ১০০৪০। ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত।
২৮১. হাদিসে বর্ণিত শব্দটি হচ্ছে । মাজির সিগায় শব্দটির অর্থ হবে, সে মুসলিম হয়ে গেছে। তাই এখন আর আমাকে মন্দ কিছুর প্ররোচনা দিতে পারে না। আবার শব্দটি মুজারে'ও হতে পারে। যার অর্থ হচ্ছে, আমি তার অনিষ্টতা থেকে মুক্ত। হাশিয়াতুস সিনদি আলান নাসায়ি: ৭/৭৩।
২৮২. সহিহু মুসলিম: ২৮১৫।
২৮৩. কুধারণার কারণে তিনি এ আঘাতটি করেছেন; যাতে আয়িশা (রা)-এর শিক্ষা হয়।
২৮৪. অবিচার করে তোমার পালায় থাকা এ দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অন্য স্ত্রীর কাছে যাবেন?
২৮৫. সহিহু মুসলিম: ৯৭৪।
২৮৬. সহিহুল বুখারি: ৩৮১৬, সহিহু মুসলিম: ২৪৩৫।
২৮৭. আয়িশা (রা)।
২৮৮. জাইনাব বিনতে জাহাশ (রা)। কেউ বলেন, তিনি ছিলেন উম্মে সালামা (রা)।
২৮৯. সহিহুল বুখারি: ৫২৩৫।
২৯০. ফাতহুল বারি: ৯/৩২৫।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 স্ত্রীরা পরস্পরের ব্যাপারে অযাচিত শব্দ ব্যবহার করলে শুধরে দিতেন

📄 স্ত্রীরা পরস্পরের ব্যাপারে অযাচিত শব্দ ব্যবহার করলে শুধরে দিতেন


আয়িশা (রা) বলেন, 'একবার আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, "সাফিয়্যা (রা) এমন এমন (খাটো), সে-ই আপনার জন্য যথেষ্ট।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, "তুমি এমন একটি কথা বললে, যদি এ কথাকে সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তবে তার রং পরিবর্তন হয়ে যাবে।"'

অর্থাৎ 'যদিও সমুদ্রের পানি অনেক। কিন্তু তোমার এ কথাটা এতটাই মারাত্মক যে, সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হলে পানির প্রাচুর্য সত্ত্বেও সে পানির রং পরিবর্তন হয়ে যাবে। সমুদ্রের পানির তুলনায় একজন মানুষের পুণ্য-আমল অনেক অনেক কম। তাই অযাচিত কথাটি যদি একজন মানুষের আমলের সাথে একত্রিত হয়, তবে সে আমলের কী অবস্থা হবে?'

টিকাঃ
২৯১. সুনanu আবি দাউদ: ৪৮৭৫, সুনanুত তিরমিজি: ২৫০২। হাদিসের মান: সহিহ।
২৯২. তুহফাতুল আহওয়াজি: ৭/১৭৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00