📄 রাসূল ﷺ স্ত্রীদের কৌতুক শুনতেন
আয়িশা (রা) বলেন, 'আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উদ্দেশে বললাম, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করুন, আপনি একটি উপত্যকায় অবতরণ করলেন আপনার উটকে খাবার খাওয়াবেন বলে। উপত্যকায় একটি গাছ আছে, যার পাতা খাওয়া। অন্য আরেকটি গাছ থেকে কিছুই খাওয়া হয়নি। আপনি কোনটা থেকে উটকে খাওয়াবেন?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, "যে গাছ থেকে কিছুই খাওয়া হয়নি।" আয়িশা (রা) এ কথার মাধ্যমে নিজেকেই বোঝাতে চাচ্ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাকেই কুমারি অবস্থায় বিয়ে করেছেন।'
আরেকবারের ঘটনা। আয়িশা (রা) বলেন, 'বাকি কবরস্থানে একটা জানাজা ছিল। জানাজা থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আমি মাথা ব্যথায় কাতরাচ্ছি। আমি বলছিলাম, "ওহ! আমার মাথা!" আমার কথা শুনে তিনি বললেন, "বরং মাথা ব্যথা আমার। তুমি যদি মাথা ব্যথায় মারা যাও, তবে তোমার তো কোনো কষ্ট নেই। সব কষ্ট তো আমাকেই করতে হবে। তোমাকে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, এরপর জানাজা পড়ে দাফন করতে হবে না!" আমি বললাম, "হাঁ, আপনি তো তা-ই চান। আমি মারা যাই, আর সেদিনই আপনি অন্য স্ত্রী আমার ঘরে এনে তার সাথে সময় কাটান।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে মুচকি হাসলেন। এ ঘটনার কিছু সময় পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুর অসুস্থতা শুরু হয়।'
টিকাঃ
২২৯. সহিহুল বুখারি: ৫০৭৭।
২৩০. মুসনাদু আহমাদ: ২৪৭২০, সুনানু ইবনি মাজাহ ১৪৬৫। হাদিসের মান: হাসান। ঘটনার সংক্ষিপ্তসার বর্ণিত হয়েছে বুখারিতে: ৫৬৬৬।