📄 রাসূল ﷺ স্ত্রীদের জন্য নিজেকে পরিচ্ছন্ন ও সুরভিত রাখতেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে আসতেন, মিসওয়াক করতেন প্রথমে। যাতে কোনো মতেই স্ত্রী তাঁর মুখ থেকে গন্ধ না পান। শুরাইহ (রহ) বলেন, 'আমি আয়িশা (রা)-এর কাছে জানতে চাইলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে প্রথমে কী করতেন?" উত্তরে আয়িশা (রা) বলেন, "প্রথমে এসে তিনি মিসওয়াক করতেন।"'
'ঘরে এসে প্রথমেই মিসওয়াক করার রহস্য হচ্ছে, অনেক সময় মানুষের সাথে কথা বলতে বলতে মুখের ঘ্রাণ পাল্টে যায়। তাই বাড়িতে ঢুকে প্রথমেই মুখের গন্ধ দূর করাই উত্তম আচরণের অংশ।'
যখনই ঘুম থেকে জাগতেন, মুখ ও দাঁত পরিষ্কার করে নিতেন তিনি। আয়িশা (রা) বলেন, 'রাতে দিনে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগতেন, তখনই অজুর আগে মিসওয়াক করে নিতেন।'
'এ থেকে বোঝা যায়, মুখে যখন দুর্গন্ধ আসে, খাবারের পরে বা অন্য সময়ে মুখের ঘ্রাণ পাল্টে দুর্গন্ধ সৃষ্টি হলে তখন মিসওয়াক করে নেওয়া মুসতাহাব।'
ইবনুল কাইয়িম (রহ) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক পছন্দ করতেন। রোজাহীন অবস্থায় যেমন রোজা অবস্থায়ও তিনি মিসওয়াক করতেন। ঘুম থেকে উঠলে মিসওয়াক করতেন। মিসওয়াক করতেন অজুর সময়, নামাজের সময়, বাড়িতে প্রবেশের সময়। ব্যবহার করতেন আরাক গাছের মিসওয়াক।'
স্ত্রী স্বামীর জন্য নিজেকে প্রস্তুত রাখবে। তেমনই স্বামীও স্ত্রীর জন্য নিজেকে প্রস্তুত রাখবে। এ বিষয়টি ছোটখাটো মনে হলেও আদতে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ অপরিষ্কার চালচলনের কারণে বিবাহ বন্ধনে চিড় ধরতে পারে। এমনকি তালাকও হতে পারে।
টিকাঃ
১৮৯. সহিহু মুসলিম: ২৫৩।
১৯০. হাশিয়াতুস সুযুতি আলা সুনানিন নাসায়ি: ১/১০।
১৯১. সুনানু আবি দাউদ: ৫৭। হাদিসের মান: হাসান।
১৯২. আল-মুফহিম: ৩/১৩৬।
১৯৩. জাদুল মাআদ ১/১৬৭।
📄 তাঁর শরীর থেকে কেবলই সুঘ্রাণই বের হতো
আয়িশা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া খুবই অপছন্দ ও গুরুতর মনে করতেন।'
ইবনে আব্বাস (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শরীর থেকে দুর্গন্ধ বের হওয়াকে খুবই ঘৃণা করতেন।'
সুগন্ধি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি সুগন্ধি ভালোবাসতেন। বেশি বেশি সুগন্ধি ব্যবহার করতেন। দুনিয়াতে তাঁর প্রিয় জিনিসগুলোর একটি ছিল সুগন্ধি। তিনি বলেন, 'দুনিয়াতে তিনটি বস্তুর প্রতি আমার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়েছে: স্ত্রী, সুগন্ধি এবং নামাজে আমার চক্ষুর শীতলতা রাখা হয়েছে।'
কিছু বস্তু আছে হালাল। কিন্তু এগুলোর কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। এ জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ ও রসুনের মতো জিনিস খাওয়া পরিত্যাগ করেছিলেন।
আজকালকার স্বামীদের মধ্যে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ! তারা বাড়ির বাইর থেকে আসে ঘামের দুর্গন্ধ নিয়ে। বাড়িতে এসে পরিষ্কার হবে কিন্তু সে চিন্তা তাদের নেই। বিড়ি ফুঁকে, সিগেরেট টেনে তাদের দিন গুজরান হয়। তাদের শরীরের বোটকা দুর্গন্ধে ঘর ভরে যায়। এদিকে স্ত্রী কী সুন্দর সুগন্ধি মেখে তার জন্য অপক্ষো করে।
টিকাঃ
১৯৪. সহিহুল বুখারি: ৬৯৭২, সহিহু মুসলিম: ১৪৭৪।
১৯৫. আল-মুজামুল আওসাত: ৮৭৬৪।
১৯৬. সুনানুন নাসায়ি ৩৯৩৯। হাদিসের মান সহিহ।
📄 স্ত্রীদের জন্য নিজেকে পরিপাটি রাখতেন
পুরুষরা যেমন চায়, তাদের স্ত্রী তাদের সামনে সেজেগুজে থাকবে। তেমনই নারীদের মনোবাঞ্ছা একই হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল আঁচড়াতেন। পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে, সাজসজ্জা করে পারিপাটি থাকতেন। নিজ সাহাবিদেরও (রা) আদেশ দিতেন। তিনি বলেন, 'যার মাথায় চুল আছে, সে যেন তা পরিপাটি রাখে।'
'অর্থাৎ যার মাথায় চুল আছে; সে যেন তা সুন্দর করে পরিষ্কার করে। মাথার চুল ঠিকমতো ধোয়, তেল দেয়, আঁচড়ে নেয়। চুলের যত্নে যেন অবহেলা না করে। কেননা, পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকা শরিয়তের পছন্দনীয় একটি বিষয়।...'
তাই পুরুষদের উচিত নিজের স্ত্রীর জন্য নিজেকে পরিষ্কার রাখা, সাজসজ্জা করে পরিপাটি থাকা। ইবনে আব্বাস (রা) বলেন, 'আমি যেমনি চাই, স্ত্রী আমার জন্য সেজেগুজে থাকবে। আমিও তেমনি তার জন্য সাজতে পছন্দ করি। কারণ, আল্লাহ তাআলা বলেন : وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ [স্ত্রীদেরও তাদের স্বামীর ওপর অনুরূপ ন্যায়সংগত অধিকার আছে]
সাহল বিন সাদ (রা) বলেন, 'একবার একটি লোক দরোজার ফাঁক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরের ভেতর উঁকি দিল। তখন সে দেখল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি হাতে চুল আঁচড়াচ্ছেন।'
কখনো তাঁর স্ত্রী তাঁর চুল আঁচড়ে দিতেন। আয়িশা (রা) বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন, মসজিদ থেকে আমার কক্ষের দিকে মাথা বাড়িয়ে দিতেন। আমি তাঁর চুল আঁচড়ে দিতাম।'
তাঁর স্ত্রী তাঁর মাথাও ধুয়ে দিতেন। আয়িশা (রা) বলেন, 'হায়িজ অবস্থায়ও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথা ধুয়ে দিতাম।'
পরিষ্কার-পরিপাটি থাকার গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সিরাত থেকে স্পষ্ট জানতে পারি আমরা। তিনি উৎসাহ দিতেন মানুষ যেন পরিচ্ছন্নতার সুন্নাহগুলো যথাযথভাবে আদায় করে। যেন মানুষ তার সবচেয়ে সুন্দর রূপ ও আকৃতিতে দৃশ্যমান হয়।
টিকাঃ
১৯৭. সুনানু আবি দাউদ: ৪১৬৩। হাদিসের মান: সহিহ।
১৯৮. আওনুল মাবুদ: ৯/১১৮৩।
১৯৯. সুরা আল-বাকারা: ২২৮।
২০০. ইবনে জারির আত-তাবারি (রহ) কৃত তাফসিরুত তাবারি ৪/৫৩২।
২০১. সহিহুল বুখারি ৫৯২৪, সহিহু মুসলিম: ২১৫৬।
২০২. সহিহুল বুখারি: ২০২৯, সহিহু মুসলিম: ২৯৭।
২০৩. সহিহুল বুখারি: ৩০১, সহিহু মুসলিম: ২৯৭।
📄 স্ত্রীর বৈধ ইচ্ছে পূরণ করতেন
জাবির (রা) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হজের বর্ণনায় বলেন, 'আয়িশা (রা) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অবস্থা এই যে, হজ না করা পর্যন্ত আমি (উমরার জন্য) বাইতুল্লাহর তাওয়াফ করতে পারিনি। কিন্তু হজ আদায় করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুর রহমানকে (রা) ডেকে আয়িশাকে (রা) নিয়ে উমরা করিয়ে আনার আদেশ দিলেন।' জাবির (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহজ একজন মানুষ। স্ত্রীর বৈধ ইচ্ছে পূরণ করতেন তিনি।'
'অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহজ চরিত্রের অধিকারী, উন্নত গুণের অধিকারী একজন মানুষ। যাঁর মাঝে আদর ও ভালোবাসা পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيم : নিশ্চয় তুমি মহান চরিত্রে অধিষ্ঠিত।'
অথচ আজকাল স্বামী-স্ত্রীর মধ্যে কেবল ঝগড়া, ফাসাদ ও বাড়াবাড়িই দেখা যায়।
টিকাঃ
২০৪. সহিহু মুসলিম: ১২১৩।
২০৫. সুরা আল-কলাম, ৬৮: ৪।