📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 বাড়ির কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন

📄 বাড়ির কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন


আসওয়াদ (রহ) বলেন, 'আমি আয়িশা (রা)-এর কাছে জানতে চাইলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে কী করতেন?" তিনি উত্তর দিলেন, "ঘরে এসে তিনি ঘরের কাজ করতেন। যখন নামাজের সময় হতো, নামাজের জন্য বের হয়ে যেতেন।"'

প্রশ্ন হতে পারে, তিনি ঘরের কোন কাজটি করতেন? এ প্রশ্নের উত্তর আরেকটি হাদিসে এসেছে এভাবে, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও আর দশজন মানুষের মতো ঘরে এসে কাপড় কাচতেন। ছাগলের দুধ ধুতেন। নিজের কাজ করতেন।'

অন্য বর্ণনায় এসেছে, 'ঘরে তিনি নিজের কাপড় সেলাই করতেন। জুতো মেরামত করতেন। পুরুষরা ঘরের যে কাজগুলো করে, তিনিও তা-ই করতেন।'

অথচ এ সময়ের মানুষগুলোর দিকে তাকালে দেখা যায়, তারা স্ত্রীদের ওপর অসহ্য বোঝা দিয়ে রাখে। স্ত্রী কখনো অসুস্থ থাকে, শারীরিককভাবে দুর্বল থাকে। এ সময়ে বাড়ির কাজে তাদের একটু সাহায্য করলেই চলে। কিন্তু নবাবজাদা তা করবে কেন!

টিকাঃ
১৮৫. সহিহুল বুখারি: ৬৭৬।
১৮৬. আদাবুল মুফরাদ ৫৪১, শামায়িল: ৩৪৩। হাদিসের মান সহিহ।
১৮৭. মুসনাদু আহমাদ: ২৪৩৮২। হাদিসের মান: সহিহ।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 স্ত্রীকে বাহনে চড়তে সাহায্য করতেন

📄 স্ত্রীকে বাহনে চড়তে সাহায্য করতেন


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খাদিম আনাস (রা) বলেন, 'আমি দেখলাম, সাফিয়্যা (রা) উটে আরোহণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাপড়ে ঢেকে দিচ্ছেন। এরপর উটের কাছে বসে হাঁটু উঁচু করে রাখছেন। সাফিয়্যা (রা) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাঁটুর ওপর পা রেখে বাহনে চড়ছেন।'

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাঁটু দাঁড় করে রাখছেন আর সাফিয়্যা (রা) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাঁটুর ওপর পা রেখে বাহনে চড়ছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিনম্রতা, স্ত্রীর প্রতি প্রেম-ভালোবাসার এক আশ্চর্য বহিঃপ্রকাশ।

টিকাঃ
১৮৮. সহিহুল বুখারি: ২৮৯৩, সহিহু মুসলিম: ১৩৬৫।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূল ﷺ স্ত্রীদের জন্য নিজেকে পরিচ্ছন্ন ও সুরভিত রাখতেন

📄 রাসূল ﷺ স্ত্রীদের জন্য নিজেকে পরিচ্ছন্ন ও সুরভিত রাখতেন


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে আসতেন, মিসওয়াক করতেন প্রথমে। যাতে কোনো মতেই স্ত্রী তাঁর মুখ থেকে গন্ধ না পান। শুরাইহ (রহ) বলেন, 'আমি আয়িশা (রা)-এর কাছে জানতে চাইলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে প্রথমে কী করতেন?" উত্তরে আয়িশা (রা) বলেন, "প্রথমে এসে তিনি মিসওয়াক করতেন।"'

'ঘরে এসে প্রথমেই মিসওয়াক করার রহস্য হচ্ছে, অনেক সময় মানুষের সাথে কথা বলতে বলতে মুখের ঘ্রাণ পাল্টে যায়। তাই বাড়িতে ঢুকে প্রথমেই মুখের গন্ধ দূর করাই উত্তম আচরণের অংশ।'

যখনই ঘুম থেকে জাগতেন, মুখ ও দাঁত পরিষ্কার করে নিতেন তিনি। আয়িশা (রা) বলেন, 'রাতে দিনে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগতেন, তখনই অজুর আগে মিসওয়াক করে নিতেন।'

'এ থেকে বোঝা যায়, মুখে যখন দুর্গন্ধ আসে, খাবারের পরে বা অন্য সময়ে মুখের ঘ্রাণ পাল্টে দুর্গন্ধ সৃষ্টি হলে তখন মিসওয়াক করে নেওয়া মুসতাহাব।'

ইবনুল কাইয়িম (রহ) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক পছন্দ করতেন। রোজাহীন অবস্থায় যেমন রোজা অবস্থায়ও তিনি মিসওয়াক করতেন। ঘুম থেকে উঠলে মিসওয়াক করতেন। মিসওয়াক করতেন অজুর সময়, নামাজের সময়, বাড়িতে প্রবেশের সময়। ব্যবহার করতেন আরাক গাছের মিসওয়াক।'

স্ত্রী স্বামীর জন্য নিজেকে প্রস্তুত রাখবে। তেমনই স্বামীও স্ত্রীর জন্য নিজেকে প্রস্তুত রাখবে। এ বিষয়টি ছোটখাটো মনে হলেও আদতে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ অপরিষ্কার চালচলনের কারণে বিবাহ বন্ধনে চিড় ধরতে পারে। এমনকি তালাকও হতে পারে।

টিকাঃ
১৮৯. সহিহু মুসলিম: ২৫৩।
১৯০. হাশিয়াতুস সুযুতি আলা সুনানিন নাসায়ি: ১/১০।
১৯১. সুনানু আবি দাউদ: ৫৭। হাদিসের মান: হাসান।
১৯২. আল-মুফহিম: ৩/১৩৬।
১৯৩. জাদুল মাআদ ১/১৬৭।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 তাঁর শরীর থেকে কেবলই সুঘ্রাণই বের হতো

📄 তাঁর শরীর থেকে কেবলই সুঘ্রাণই বের হতো


আয়িশা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া খুবই অপছন্দ ও গুরুতর মনে করতেন।'

ইবনে আব্বাস (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শরীর থেকে দুর্গন্ধ বের হওয়াকে খুবই ঘৃণা করতেন।'

সুগন্ধি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি সুগন্ধি ভালোবাসতেন। বেশি বেশি সুগন্ধি ব্যবহার করতেন। দুনিয়াতে তাঁর প্রিয় জিনিসগুলোর একটি ছিল সুগন্ধি। তিনি বলেন, 'দুনিয়াতে তিনটি বস্তুর প্রতি আমার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়েছে: স্ত্রী, সুগন্ধি এবং নামাজে আমার চক্ষুর শীতলতা রাখা হয়েছে।'

কিছু বস্তু আছে হালাল। কিন্তু এগুলোর কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। এ জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ ও রসুনের মতো জিনিস খাওয়া পরিত্যাগ করেছিলেন।

আজকালকার স্বামীদের মধ্যে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ! তারা বাড়ির বাইর থেকে আসে ঘামের দুর্গন্ধ নিয়ে। বাড়িতে এসে পরিষ্কার হবে কিন্তু সে চিন্তা তাদের নেই। বিড়ি ফুঁকে, সিগেরেট টেনে তাদের দিন গুজরান হয়। তাদের শরীরের বোটকা দুর্গন্ধে ঘর ভরে যায়। এদিকে স্ত্রী কী সুন্দর সুগন্ধি মেখে তার জন্য অপক্ষো করে।

টিকাঃ
১৯৪. সহিহুল বুখারি: ৬৯৭২, সহিহু মুসলিম: ১৪৭৪।
১৯৫. আল-মুজামুল আওসাত: ৮৭৬৪।
১৯৬. সুনানুন নাসায়ি ৩৯৩৯। হাদিসের মান সহিহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00