📄 ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীদের চুমু খেতেন
উরওয়া (রহ) থেকে বর্ণিত, 'আয়িশা (রা) বলেন, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জনৈক স্ত্রীকে চুমু খেয়ে অজু না করেই বের হলেন নামাজের উদ্দেশ্যে।" উরওয়া (রহ) বলেন, "সে স্ত্রী আপনি ছাড়া আর কে!" আয়িশা (রা) আমার কথা শুনে হেসে দিলেন।'
রোজা অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের চুমু খেতেন। আয়িশা (রা) বলেন, 'রোজা অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের চুমু খেতেন। তাদের আলিঙ্গন করতেন। প্রবৃত্তির ওপর তিনি তোমাদের চেয়ে বেশি সংযমী ছিলেন।'
টিকাঃ
১৩৫. সুনানুত তিরমিজি: ৭৯, সুনানু আবি দাউদ: ১৭৮, সুনানুন নাসায়ি: ১৭০, সুনানু ইবনি মাজাহ: ৫০২। হাদিসের মান: সহিহ।
১৩৬. সহিহুল বুখারি: ১৯২৭, সহিহ মুসলিম: ১১০৬।
📄 পানপাত্রের যে স্থানে মুখ লাগিয়ে স্ত্রী পান করেছে, সেখানে মুখ দিয়ে রাসূলুল্লাহ ﷺ-ও পান করতেন
আয়িশা (রা) বলেন, 'ঋতুবতী অবস্থায়ও আমি পান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দিতাম। তিনি ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পান করতেন, যেখানে মুখ লাগিয়ে আমি পান করেছি। ঋতুবতী অবস্থায় আমি গোশতযুক্ত হাড় খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দিতাম। তিনি ঠিক সেই জায়গায় মুখ লাগাতেন, যেখানে মুখ লাগিয়ে আমি খেয়েছি।'
শব্দান্তরে হাদিসটি এভাবেও বর্ণিত হয়েছে, 'পানপাত্রের যে অংশে মুখ রেখে আমি পান করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও ঠিক সে অংশে মুখ রেখে পান করতেন। আমার পান করার উচ্ছিষ্ট পানিও তিনি পান করতেন। যদিও আমি তখন ঋতুবতী অবস্থায় থাকি।'
এটা আয়িশা (রা)-এর প্রতি তাঁর প্রগাঢ় ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ছোট্ট কাজটি কত বেশি প্রভাব ফেলে স্ত্রীর উর্বর হৃদয়ে। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মুখ দেওয়া জায়গায় মুখ রেখে হাড় চিবুচ্ছেন, স্ত্রীর জায়গায় মুখ রেখে পান করছেন; অথচ স্ত্রী তখন ঋতুবতী-নিঃসন্দেহে এটি পরম ভালোবাসার পরিচয়।
টিকাঃ
১৩৭. সহিহু মুসলিম: ৩০০।
১৩৮. সুনানুন নাসায়ি: ৩৮৭।
১৩৯. মিরকাতুল মাফাতিহ: ২/৪৮৭।
📄 স্ত্রীর মাজা মিসওয়াক দিয়ে দাঁত মাজতেন
আয়িশা (রা) বলেন, 'আমার ওপর আল্লাহর অন্যতম মেহেরবানি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই মৃত্যুবরণ করেন। সেদিনটি আমার পালায় ছিল। মৃত্যুর সময় তাঁর ও আমার মুখের লালা একত্রিত হয়েছিল। (সেদিন) আব্দুর রহমান (রা) আমার ঘরে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে হেলান দিয়ে ছিলেন। আমি দেখলাম, তিনি আব্দুর রহমানের (রা) হাতের মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আমি জানতাম, তিনি মিসওয়াক করতে পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জানতে চাইলাম, আমি কি মিসওয়াকটা নেব? মাথা নেড়ে তিনি সায় দিলেন। মিসওয়াক নিয়ে বললাম, "নরম করে দিই?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মাথা নেড়ে সায় জানালেন। আমি দাঁত দিয়ে মিসওয়াকের আগা কেটে নিলাম, এরপর চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দিলাম। তিনি আমার বুকের ওপর ভর দেওয়া অবস্থায় মিসওয়াক করলেন।'
টিকাঃ
১৪০. সহিহুল বুখারি: ৪৪৩৮।
📄 স্ত্রীর রানের ওপর মাথা রেখে ঘুমাতেন
'এক সফরে আয়িশা (রা) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলেন। ঘটনাক্রমে এক জায়গায় আয়িশা (রা)-এর হার হারিয়ে যায়। সাহাবিরা (রা) সবাই হার খুঁজতে লেগে গেলেন। হারের জন্য কাফেলাকে এমন জায়গায় দাঁড়াতে হলো, যেখানে পানি নেই। আবু বকর (রা) এসে আয়িশা (রা)-কে তিরস্কার করলেন (তার কারণে পুরো কাফেলা কষ্টে পড়ল)। আয়িশা (রা) বলেন, "আবু বকর (রা) আমাকে ভর্ৎসনা করলেন। তিনি আঙুল দিয়ে আমার কোমরে ধাক্কা দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার উরুর ওপর মাথা রেখে ঘুমিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে ঘুমিয়ে থাকার কারণে আমি এতটুকুও নড়িনি।"'
আয়িশা (রা) আরও বলেন, 'আমি ঋতুবতী অবস্থায় থাকলেও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে ঠেস দিয়ে কুরআন তিলাওয়াত করতেন।'
এটি স্ত্রীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্তরঙ্গ আচরণের অংশ।
এ হাদিস থেকে আমরা শিখলাম মহিলাদের হায়িজ হলেও তাদের প্রতি নাক সিটকানো আচরণ গ্রহণযোগ্য নয়। এমনটা ইহুদিরা করে থাকে। তারা ঋতুবতী মহিলার সাথে একত্রে খায় না; এমনকি একসঙ্গে বসেও না।
টিকাঃ
১৪১. সহিহুল বুখারি ৪৬০৭, সহিহু মুসলিম: ৫৫০।
১৪২. সহিহুল বুখারি: ৩৬৭২, সহিহু মুসলিম: ২৬৭।