📄 ১. আল্লাহর প্রতি ঈমান আনা
ঈমানের শাখা-১. আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন- وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ .
অর্থ: "আর মুমিনরা প্রত্যেকেই আল্লাহর প্রতি ঈমান রাখে।" (সূরা আল-বাকারা: ২৮৫)
আরও বলা হয়েছে- يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَمِنُوا بِاللَّهِ.
অর্থ : হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো। (সূরা আন নিসা : ১৩৬)
আবু হুরায়রা থেকে বর্ণিত। নবী করীম বলেছেন- أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَدْ عَصَمَ مِنِّي وَمَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ.
অর্থ: যতক্ষণ পর্যন্ত মানুষ এ সাক্ষ্য না দেবে যে, 'আল্লাহ ছাড়া আর কোনো যোগ্য ইলাহ নেই', ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আদিষ্ট হয়েছি। কাজেই যে ব্যক্তি স্বীকার করে নেবে যে, 'আল্লাহ ছাড়া আর কোনো যোগ্য ইলাহ নেই' সে আমার থেকে তার জীবন ও সম্পদকে নিরাপদ করে নিল। তবে শরীআহসম্মত কোনো কারণ ঘটলে ভিন্ন কথা। আর তার (কৃতকর্মের) হিসাব-নিকাশ আল্লাহর কাছেই রয়েছে।" (সহীহ আল বুখারী-১৩৯৯ ও সহীহ মুসলিম-২০)
📄 ২. ফেরেশতাদের প্রতি ঈমান আনা
ঈমানের শাখা-২. ফেরেশতাদের প্রতি ঈমান আনা
ফেরেস্তাদের প্রতি ঈমান: দৃঢ় বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছেন। তিনি তাদেরকে নূর (জ্যোতি) হতে সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবে তারা আল্লাহর অনুগত। তারা কখনও আল্লাহর আদেশের অবাধ্য হন না, বরং যা আদিষ্ট হয় তা তাৎক্ষণিক পালন করেন। তারা দিবা রাত্রি আল্লাহর তাসবীহ (পবিত্রতা) বর্ণনায় রত, কখনও ক্লান্ত হন না। তাদের সংখ্যা আল্লাহ তায়ালা ব্যতীত কেউ জানে না। আল্লাহ তাদেরকে বিভিন্ন প্রকার (কর্মের) দায়িত্ব দিয়ে অর্পণ করেছেন।
আল্লাহ তায়ালা বলেন-
كُلٌّ أَمَنَ بِاللَّهِ وَمَلَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ .
অর্থ: সকলেই বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের প্রতি। (সূরা আল বাকারা- আয়াত: ২৮৫)
জিবরাঈল-এর প্রসিদ্ধ হাদীসে আল্লাহর রাসূল বলেন-
أَنْ تُؤْمِنَ بِاللهِ وَمَلَائِكَتِهِ وَكِتَابِهِ وَلِقَائِهِ وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ كُلِهِ.
ঈমান হল: আল্লাহর প্রতি এবং তাঁর ফেরেশতাদের, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও পুনরুত্থান দিবসের প্রতি এবং ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান আনা। (বুখারী-৫০, মুসলিম-১০)
📄 ৩. আসমানী কিতাবসমূহের উপর ঈমান আনা
ঈমানের শাখা-৩. আসমানী কিতাবসমূহের উপর ঈমান আনা
ঈমানের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শাখা হচ্ছে- ফেরেশতা, আল্লাহ প্রদত্ত কিতাবসমূহ এবং নবী রাসূলগণের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ .
অর্থ: এবং সকল মুমিন- আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ এবং নবীদের উপর ঈমান আনে। (সূরা আল বাকারা: আয়াত-২৮৫)
উমর ইবনে খাত্তাব কর্তৃক বর্ণিত হাদীস- যা হাদীসে জিবরাঈল নামে পরিচিত- যেখানে জিবরাঈল -এর এক প্রশ্নের জবাবে বলা হয়েছে
الْإِيْمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ .
অর্থ: ঈমান হচ্ছে- আল্লাহ, ফেরেশতা, তাঁর কিতাবসমূহ ও রাসূলগণের উপর ঈমান আনয়ন।' (বুখারী-৪৭৭৭)
কিতাবসমূহের উপর ঈমান আনার সাথে সাথে আল-কুরআনের উপর ঈমান আনাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। ইরশাদ হচ্ছে-
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا أُمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَبِ الَّذِي نَزَلَ عَلَى رَسُولِهِ وَ الْكِتَبِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ.
অর্থ: 'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং সেই কিতাবের (কুরআনের) প্রতিও যা তাঁর রাসূলের উপর নাযিল করেছেন। সেই সাথে আগে যেসব কিতাব নাযিল হয়েছিল সেগুলোর প্রতিও। (সূরা আন-নিসা, আয়াত-১৩৬)
📄 ৪. রাসূলগণের প্রতি ঈমান আনা
ঈমানের শাখা-৪. রাসূলগণের প্রতি ঈমান
ইহা ঈমানের রুকনসমূহের একটি রুকন, যার প্রতি ঈমান আনা ছাড়া কোন ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না।
রাসূলগণের প্রতি ঈমান হলো : মনে প্রাণে এ দৃঢ় বিশ্বাস করা যে, আল্লাহ পৃথিবীতে অনেক রাসূল প্রেরণ করেছেন। যাদেরকে তিনি তাঁর রিসালাত প্রচারের জন্য নির্বাচন করেছিলেন। তারা তার রিসালাত পৌছানোর ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করে গেছেন। কোন ত্রুটিও কোন প্রকার অবহেলা করেন নি। যারা তাঁদের অনুসরণ করবে, তারা হিদায়াত (সঠিক পথ) পাবে। আর যারা তাঁদের অনুসরণ করবে না তারা পথভ্রষ্ট হবে। তারা স্বীয় উম্মাতকে কল্যাণের উপদেশ দিয়েছেন। যা সহ প্রেরিত হয়েছেন তার কোন অংশ পরিবর্তন, পরিবর্ধন ও গোপন না করে স্বজাতির উপর হুজ্জাত (পক্ষ-বিপক্ষের দলীল) কায়েম করেছেন। আমরা যাদের নাম জেনেছি আর যাদের নাম জানতে পারি নাই সকলের প্রতি ঈমান আনব।
আল্লাহ তায়ালা বলেন- قُولُوا آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوْبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ .
অর্থ : তোমরা বল : আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে তাঁদের পালনকর্তার পক্ষ হতে যা দান করা হয়েছে, তৎসমূদয়ের উপর। আমরা তাঁদের মধ্যে পার্থক্য করি না। আর আমরা তাঁরই আনুগত্যকারী। (সূরা বাকারা- আয়াত : ১৩৬)