📄 যে মজলিসে হারামের আদান-প্রদান হয় এমন মজলিসে অবস্থান করা
যে মজলিসে হারামের আদান-প্রদান হয় এমন মজলিসে অবস্থান করা হারাম। রাসূল ইরশাদ করেন:
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلَا يُدْخِلْ حَلِيْلَتَهُ الْحَمَّامَ ، وَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلا بِمِثْزَرٍ ، وَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَ الْيَوْمِ الآخِرِ فَلَا يَجْلِسُ عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا الْخَمْرُ (তিরমিযী, হাদীس ২৮০১ আল্বানী/আ'দাবুয যিফাফ: ১৩৯)
অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও পরকালে বিশ্বাসী সে যেন তার স্ত্রীকে সাধারণ শৌচাগারে প্রবেশ করতে না দেয়। যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও পরকালে বিশ্বাসী সে যেন নিম্নবসন ছাড়া সাধারণ শৌচাগারে প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও পরকালে বিশ্বাসী সে যেন এমন খাবার টেবিলে না বসে যেখানে মদ বা মাদকদ্রব্য পরিবেশন করা হয়।
📄 বড়ো বড়ো দাঁত বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পশু ও বড়ো বড়ো নখ বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পাখির গোস্ত খাওয়া
বড়ো বড়ো দাঁত বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পশু ও বড়ো বড়ো নখ বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পাখির গোস্ত খাওয়া হারাম। হযরত আবু হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
كُلُّ ذِي نَابِ مِنَ السَّبَاعِ فَأَكْلُهُ حَرَامٌ (মুসলিম, হাদীস ১৯৩৩)
অর্থাৎ প্রত্যেক বড়ো বড়ো দাঁত বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পশুর গোস্ত খাওয়া হারাম। হযরত ‘আব্দুল্লাহ্ বিন্ ‘আব্বাস্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللَّهِ ﷺ عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبَاعِ ، وَ عَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ (মুসলিম, হাদীস ১৯৩৪)
অর্থাৎ রাসূল প্রত্যেক বড়ো বড়ো দাঁত বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পশু ও প্রত্যেক বড়ো বড়ো নখ বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পাখির গোস্ত খেতে নিষেধ করেছেন।
📄 গৃহপালিত গাধার গোস্ত খাওয়া
গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। হযرت আনাস্ থেকে বর্ণিত তিনি বলেন:
لَمَّا فَتَحَ رَسُوْلُ اللهِ ﷺ خَيْبَرَ أَصَبْنَا حُمُرًا خَارِجَ الْقَرْيَةِ ، فَطَبَحْنَا مِنْهَا ، فَنَادَى مُنَادِي رَسُولِ اللهِ : أَلَا إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْهَا ، فَإِنَّهَا رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ ، فَأُكْفَتَتِ الْقُدُورُ بِمَا فِيْهَا ، وَ إِنَّهَا لَتَفُورُ بِمَا فِيهَا (মুসলিম, হাদীস ১৯৪০)
অর্থাৎ যখন রাসূল খাইবার বিজয় করলেন তখন আমরা জনবসতির বাইরে কিছু গাধা পেয়ে যাই। আমরা তা যবাই করে কিছু পাকিয়ে ফেললাম। তখন রাসূল এর পক্ষ থেকে জনৈক ঘোষণাকারী ঘোষণা করেন: তোমরা জেনে রাখো, আল্লাহ্ তা'আলা এবং তদীয় রাসূল তোমাদেরকে গাধার গোস্ত খেতে নিষেধ করছেন। কারণ, তা নাপাক এবং শয়তানের কাজ। তখন সবগুলো পাতিল গোস্তসহ উবু করে ফেলা হয়; অথচ তখনো পাতিলগুলো গোস্তসহ উথলে উঠছিলো।
উক্ত হাদীসে সাহাবায়ে কিরাম যে কতো দ্রুত আল্লাহ্ তা'আলা ও তদীয় রাসূল এর বাণী সমূহ আমলে বাস্তবায়িত করতেন তা খুব সহজেই প্রতীয়মান হয়; অথচ তাঁরা ছিলেন তখন খুবই ক্ষুধার্ত। হযরত ‘আব্দুল্লাহ্ বিন্ ‘উমর (রাবিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللَّهِ عَنْ أَكْلِ الْحِمَارِ الْأَهْلِيِّ يَوْمَ خَيْبَرَ ، وَ كَانَ النَّاسُ احْتَاجُوْا إِلَيْهَا (মুসলিম, হাদীس ৫৬১)
অর্থাৎ রাসূল খাইবারের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন; অথচ তা তখন সবারই খাওয়ার প্রয়োজন ছিলো।
📄 মানুষের মাঝে প্রসিদ্ধি লাভের জন্য যে কোন উন্নত মানের পোশাক পরিধান করা
মানুষের মাঝে প্রসিদ্ধি লাভের জন্য যে কোন উন্নত মানের পোশাক পরিধান করা হারাম ও কবীরা গুনাহ্। হযরত আব্দুল্লাহ্ বিন্ ‘উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةِ أَلْبَسَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ ثَوْبًا مِثْلَهُ ، ثُمَّ تُلَهَبُ فِيْهِ النَّارُ (আবু দাউদ, হাদীস ৪০২৯)
অর্থাৎ যে ব্যক্তি মানুষের মাঝে প্রসিদ্ধি লাভের জন্য যে কোন উন্নত মানের পোশাক পরিধান করলো আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তাকে সে জাতীয় পোশাকই পরাবেন। অতঃপর তাতে আগুন লাগিয়ে দেয়া হবে।