📘 হারাম ও কবীরা গুনাহ > 📄 কোন গুনাহ্'র কাজে মানত করে তা পুরা করা

📄 কোন গুনাহ্'র কাজে মানত করে তা পুরা করা


কোন গুনাহ্'র কাজে মানত করে তা পুরা করা হারাম। তবে এ ক্ষেত্রে তাকে কসমের কাফ্ফারা দিতে হবে।
হযরত ‘আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসুল (ﷺ) ইরশাদ করেন:
مَنْ نَذَرَ أَنْ يُطِيْعَ اللهَ فَلْيُطِعْهُ، وَ مَنْ نَذَرَ أَنْ يَّعْصِىَ اللهَ فَلَا يَعْصِهٖ. (আবু দাউদ, হাদীস ৩২৮৯ তিরমিযী, হাদীস ১৫২৪ ইবনু মাজাহ, হাদীস ২১১৮)
অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার আনুগত্য (ইবাদাত) করবে বলে মানত করেছে সে যেন তাঁর আনুগত্য করে তথা মানত পুরা করে নেয়। আর যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার অবাধ্যতা তথা গুনাহ্'র কাজ করবে বলে মানত করেছে সে যেন তাঁর অবাধ্য না হয় তথা মানত পুরা না করে।
হযরত ‘আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) আরো বলেন: রাসূল ইরশাদ করেন:
لَا نَذْرَ فِي مَعْصِيَةٍ ؛ وَ كَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينِ (আবু দাউদ, হাদীস ৩২৯০, ৩২৯২ তিরমিযী, হাদীস ১৫২৪, ১৫২৫ ইবনু মাজাহ, হাদীস ২১৫৫)
অর্থাৎ কোন গুনাহ্'র ব্যাপারে মানত করা চলবে না। তবে কেউ অজ্ঞতাবশতঃ এ জাতীয় মানত করে ফেললে উহার কাফ্ফারা কসমের কাফ্ফারা হিসেবে দিতে হবে।
হযরত আব্দুল্লাহ্ বিন্ ‘আব্বাস্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: নবী ইরশাদ করেন:
النَّذْرُ نَذْرَانِ : فَمَا كَانَ لِلَّهِ فَكَفَّارَتُهُ الْوَفَاءُ ، وَ مَا كَانَ لِلشَّيْطَانِ فَلَا وَفَاءَ فِيْهِ ، وَ عَلَيْهِ كَفَّارَةٌ يَمِيْنِ (ইব্‌নুল জারুদ/মুন্তাক্বা, হাদীস ৯৩৫ বায়হাক্বী ১০/৭২)
অর্থাৎ মানত দু' প্রকার। তার মধ্যে যা হবে একমাত্র আল্লাহ্ তা'আলারই জন্য তার কাফ্ফারা হবে শুধু তা পুরা করা। আর যা হবে শয়তানের জন্য তথা শরীয়ত বিরোধী তা কখনোই পুরা করতে হবে না। তবে সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কসমের কাফ্ফ্ফারা দিতে হবে।
সুতরাং কেউ যদি তার কোন আত্মীয়ের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে বলে মানত করে কিংবা কোন ওয়াজিব কাজ ছেড়ে দিবে বলে মানত করে অথবা কোন হারাম কাজ করবে বলে মানত করে তা হলে সে এ জাতীয় মানত পুরা করবে না। বরং সে কসমের কাফ্ফারা তথা দশ জন মিসকিনকে খানা খাওয়াবে অথবা তাদেরকে কাপড় কিনে দিবে। আর তা অসম্ভব হলে তিনটি রোযা রাখবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00