📘 ফিকাহুস সুন্নাহ > 📄 চোরের হাত কাটার পর রক্ত বন্ধ ও ক্ষতস্থান নিরাময় করতে হবে

📄 চোরের হাত কাটার পর রক্ত বন্ধ ও ক্ষতস্থান নিরাময় করতে হবে


চোরের হাত কাটার পর এমন ব্যবস্থা করতে হবে যাতে রক্ত বন্ধ হয় এবং সে মারা না যায়। দার কুতনি, হাকেম, বায়হাকি ও ইবনে হিব্বান আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন:
একটা চাদর চুরির দায়ে এক ব্যক্তিকে রসূলুল্লাহ সা. এর নিকট আনা হলো। তিনি বললেন, আমার মনে হয়না সে চুরি করেছে (যাতে সে স্বীকারোক্তি না করে ও স্বীকারোক্তি প্রত্যাহার করে)। চোর বললো, হে রসূলুল্লাহ সা., আমি সত্যিই চুরি করেছি। তখন তিনি বললেন, তোমরা ওকে নিয়ে যাও, হাত কেটে দাও ও রক্ত বন্ধ করার ব্যবস্থা করো। এ দ্বারা প্রমাণিত হয়, রক্ত বন্ধের ব্যবস্থা করার ব্যয় নির্বাহ চোরের নয়, সরকারের দায়িত্ব। তারপর তাকে আমার কাছে নিয়ে এসো। অতপর তার হাত কাটা হলো এবং রসূলুল্লাহ সা. এর নিকট আনা হলো। তিনি বললেন, আল্লাহর কাছে তওবা করো। সে বললো, তওবা করেছি। তিনি বললেন, আল্লাহ তোমাকে মাফ করুন।"

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 চোরের কাটা হাত তার ঘাড়ে ঝুলানো

📄 চোরের কাটা হাত তার ঘাড়ে ঝুলানো


চোরকে শায়েস্তা করা ও অন্যদের সতর্ক করার উদ্দেশ্যে শরিয়ত চোরের কাটা হাত তার ঘাড়ে ঝুলিয়ে রাখার আদেশ দিয়েছে। আবু দাউদ, নাসায়ী ও তিরমিযি বর্ণনা করেন, আব্দুল্লাহ বিন মুহায়রিব বলেছেন, আমি ফুযালাকে জিজ্ঞাসা করলাম, চোরের হাত কেটে তা তার ঘাড়ে ঝুলানো কি সুন্নত? তিনি বললেন, হাঁ, জনৈক চোরকে রসূলুল্লাহ সা. এর নিকট আনা হয়েছিল। তার হাত কাটা হলো। অতপর সে হাত তার ঘাড়ে ঝুলানোর আদেশ দেয়া হলো। (সম্ভবত এটা কোনো পাক্কা চোরের বিষয় ছিলো)।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ক্ষতি পূরণ ও হদ উভয়টির প্রয়োজনীয়তা

📄 ক্ষতি পূরণ ও হদ উভয়টির প্রয়োজনীয়তা


চোরাই মাল যখন অক্ষত থাকে তবে তা তার মালিকের নিকট ফেরত দিতে হবে। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন, "চোর যা চুরি করেছে, তাকে তা ফেরত দিতে হবে।” এটা শাফেয়ী ও ইসহাকের মত। চোরের কাছ থেকে যখন চুরি করা মাল নষ্ট হয় বা খোয়া যায়, তখন তাকে তার বদলা দিতে হবে এবং হাতও কাটা হবে। এ ব্যাপারে একজন অপরজনকে বাধা দিতে পারবেনা। কেননা ক্ষতিপূরণ মানুষের হক। আর হাত কাটা আল্লাহর হক। তাই কেউ কাউকে বাধা দিতে পারেনা যেমন বাধা দিতে পারেনা দিয়ত ও কাফফারা দিতে। আবু হানিফার মতে, চোরাই মাল খোয়া গেলে চোরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবেনা। শুধু হাত কাটা হবে। ইমাম মালেকের মতে, চোর সচ্ছল হলে ক্ষতিপূরণ দেবে, নচেত শুধু হাত কাটা হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00