📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ইদ্দতপালনকারীর খোরাকপোষ

📄 ইদ্দতপালনকারীর খোরাকপোষ


ফকিহগণ সর্বসম্মতভাবে বলেছেন যে, রজয়ি তালাকপ্রাপ্ত স্ত্রী খোরপোষ ও বাসস্থানের হকদার। বায়েন তালাকপ্রাপ্ত সম্পর্কে তাদের মতভেদ রয়েছে বটে। আবু হানিফা বলেছেন, রজয়ি তালাকপ্রাপ্তের ন্যায় সেও খোরপোষ ও বাসস্থানের হকদার। কেননা স্বামীর বাড়িতে ইদ্দতকাল কাটানো তার উপর ওয়াজিব। কাজেই এই অধিকার আদায় করার সে হকদার। তাই খোরপোষ তার অবশ্য প্রাপ্য। তালাক দেয়ার সময় থেকেই খোরপোষ তার ন্যায্য প্রাপ্য ঋণ হিসেবে গণ্য হবে। এটা কোনো পারস্পরিক সম্মতির উপরও নির্ভরশীল থাকবেনা। আদালতের ফায়সালার উপরও নয়। এই ঋণ শুধু দুই উপায়ে রহিত হবে, পরিশোধ করা অথবা পাওনাদার কর্তৃক মাফ করে দেয়া। ইমাম আহমদ বলেছেন, সে কোনো খোরপোষ পাবেনা, বাসস্থানও পাবেনা। কেননা ফাতেমা বিনতে কায়েসকে যখন তার স্বামী বায়েন তালাক দিলো, তখন রসূলুল্লাহ সা. ফাতেমাকে বললেন, স্বামীর কাছে তুমি কোনো খোরপোষ পাবেনা।” ইমাম শাফেয়ি ও মালেক বলেছেন, সর্বাবস্থায় স্ত্রী বাসস্থান পাওয়ার হকদার। তবে গর্ভবতী না হলে সে বাসস্থান পাবেনা। কেননা আয়েশা ও ইবনুল মুসাইয়াব ফাতেমা বিনতে কায়সের হাদিস গ্রহণ করেনি। ইমাম মালেক বলেছেন, ইবনে শিহাবকে আমি বলতে শুনেছি, বায়েন তালাকপ্রাপ্ত স্ত্রী ইদ্দত না ফুরানো পর্যন্ত নিজের বাসস্থান থেকে বের হতে পারবেনা এবং গর্ভবতী না হলে খোরপোষও পাবেনা। সন্তান প্রসব করা পর্যন্ত তাকে খোরপোষ দিতে হবে। ইমাম মালেক বলেছেন, এটা আমাদের মত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00